নরসিংদীর মনোহরদী উপজেলায় তেলবাহী লরির ট্যাংকার থেকে ৯২ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার মইষাকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ নরসিংদী ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—হবিগঞ্জের মাধবপুর উপজেলার শ্রীধরপুর এলাকার মো. আমির আলী (২৫), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা এলাকার ট্রাকচালক মো. আলাল খন্দকার (৩৫) এবং চালকের সহকারী একই এলাকার মো. মনির হোসেন (৩০)।
র্যাব জানায়, সিলেট ও হবিগঞ্জ থেকে মাদকের একটি বড় চালান তেলবাহী লরির ট্যাংকারে করে নরসিংদী হয়ে ঢাকা ও আশপাশের জেলাগুলোতে নেওয়া হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
পরে র্যাব-১১, সিপিএসসি নরসিংদীর একটি অভিযানিক দল মহাসড়কে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি তেলবাহী ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে ট্যাংকারের ভেতর থেকে ৯২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়। এ ছাড়া গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম।
তিনি জানান, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। পরে তাদের মনোহরদী থানায় হস্তান্তর করা হয়।
মাদকের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 




















