গাজীপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনে দুর্বৃত্তদের হামলায় নিহত তৌফিক হোসেনের পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এক লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শ্রমিকদের দীর্ঘদিনের দাবি ও ন্যায্য অধিকারকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং শ্রমিকদের বেতন পুনর্নির্ধারণের লক্ষ্যে নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও স্পষ্ট করেছেন তিনি।
বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
এ ছাড়া গাজীপুরে শ্রমিকদের জন্য ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল তৈরির প্রক্রিয়া শুরু করা হয়েছে বলেও জানান তিনি।
আরিফুল হক চৌধুরী বলেন, মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নেওয়ার পরও একটি মহল শ্রমিক অসন্তোষকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছে। দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে রাজনৈতিক সংগঠন কিংবা বহিরাগত কোনো গোষ্ঠী আন্দোলনের পেছনে থেকে উস্কানি দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
শ্রমমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য শিল্পকারখানায় স্বাভাবিক উৎপাদন কার্যক্রম বজায় রাখা এবং মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা। এ জন্য প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে জরুরি বৈঠক হয়েছে। বিশৃঙ্খলা ও সহিংসতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী আন্দোলনরত শ্রমিকদের উদ্দেশে বলেন, সরকার তাদের দাবি ও অধিকার নিয়ে কাজ করছে। তাই রাজপথে আন্দোলন না করে কারখানায় ফিরে উৎপাদন কার্যক্রম চালু রাখার আহ্বান জানান তিনি।
এর আগে বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া এলাকায় তৌফিকের বাড়িতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা। সেখানে তিনি নিহতের স্ত্রী সেতু মনি, ভাই হারুন উর রশিদসহ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের সমবেদনা জানান। পরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পরিবারের হাতে এক লাখ টাকা আর্থিক সহায়তা তুলে দেন তিনি।
এ সময় মুঠোফোনে ভিডিও কলের মাধ্যমে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি পরিবারের প্রতি সমবেদনা জানান এবং সব সময় পাশে থাকার অঙ্গীকার করেন। মন্ত্রী সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি এ ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার কথা জানান।

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 



















