কৃষকদের জন্য নির্ধারিত সরকারি প্রণোদনা ও ভর্তুকিযুক্ত ইউরিয়া সার কালোবাজারে পাচারের চেষ্টা ভেস্তে দিয়েছে পুলিশ। কিশোরগঞ্জের মিঠামইনে অভিযান চালিয়ে ১১১ বস্তা ইউরিয়া সার ও সার বহনে ব্যবহৃত দুটি ট্রলি গাড়ি জব্দ করা হয়েছে।
এ সময় ঘটনাস্থল থেকে হাতেনাতে দুজনকে আটক করা হয়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় সার ডিলারসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২৮ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে মিঠামইন উপজেলার কাটখাল ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। কাটখাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. গাফফারের নেতৃত্বে পুলিশের একটি দল ট্রলি গাড়িতে করে অবৈধভাবে সার স্থানান্তরের সময় শাহিন মিয়া ও জহির মিয়া নামের দুজনকে আটক করে।
পরে ট্রলি দুটিতে তল্লাশি চালিয়ে অবৈধভাবে পাচারকালে ১১১ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। এ ঘটনায় আটক শাহিন ও জহির ছাড়াও সার বিক্রির অনুমোদিত ডিলার মুস্তাফিজুল ইসলাম রতন এবং লিটন নামের আরও একজনকে অভিযুক্ত করে মিঠামইন থানায় বিশেষ ক্ষমতা ও চোরাচালান প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।
মিঠামইন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনোয়ার বলেন, কৃষকদের জন্য বরাদ্দকৃত সার পাচারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জব্দ ১১১ বস্তা ইউরিয়া সার ও দুটি টলি গাড়ি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 



















