
এমআইএসটির সমাবর্তনে শিক্ষামন্ত্রীকে শূন্যে ভাসিয়ে শিক্ষার্থীদের অভিনব উল্লাস
- ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ.কম।
- আপডেট টাইম : ০১:১৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) গ্র্যাজুয়েটরা শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে শূন্যে ভাসিয়ে উচ্ছ্বাসে মেতে উঠতে দেখা গেছে।
বুধবার (১০ জুন) রাতে এমআইএসটি গ্র্যাজুয়েশন নাইট ২০২৬-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত শিক্ষামন্ত্রীকে ঘিরে এই উল্লাস দেখা যায়।
শিক্ষামন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, সমাবর্তন বা কোনো বিশেষ অর্জনের উচ্ছ্বাসে মেতে উঠেছেন গ্র্যাজুয়েটরা। উল্লাসের একপর্যায়ে তারা শিক্ষামন্ত্রীকে শূন্যে ছুড়ে আনন্দ প্রকাশ করছেন। এ সময় মন্ত্রীকেও বেশ হাস্যোজ্জ্বল ও আনন্দিত দেখায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি বেশ সাড়া ফেলেছে এবং অনেকেই তা শেয়ার করছেন এবং মন্তব্যের ঘরে মন্ত্রীর জন্য দোয়া ও ভালবাসা প্রকাশ করেছেন।
ভিডিওটিতে আতিক ইসলাম নামে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘অনেক অনেক ভালোবাসা আপনার জন্য।’
সোহাগ নামে একজন লিখেছেন, ‘জীবনের আনন্দের মুহূর্তের একটি, আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইলো।’
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকারের শিক্ষা মন্ত্রণালয় কোনো ধরনের আমলাতান্ত্রিক জটিলতা প্রশ্রয় দিচ্ছে না। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও শিক্ষার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। সবাইকে নিয়ে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার চেষ্টা চলছে বলেও জানান শিক্ষামন্ত্রী।
পাশাপাশি জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে পাওয়া সুযোগকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন ড. আ ন ম এহছানুল হক মিলন।

জাতির প্রত্যাশা পূরণে সক্ষম হবে এবারের বাজেট: অর্থমন্ত্রী
- ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ.কম।
- আপডেট টাইম : ০১:০৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের প্রতিটি মানুষের কল্যাণের বিষয় বিবেচনায় নিয়েই এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) সংসদে বাজেট অধিবেশনে যোগ দিতে যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আমির খসরু বলেন, জাতিকে সামনে রেখে এবং বাংলাদেশের প্রতিটি মানুষের কল্যাণ ও উন্নয়নকে গুরুত্ব দিয়ে বাজেটের সব বিষয় নির্ধারণ করা হয়েছে। এবারের বাজেটের প্রেক্ষাপটও কিছুটা ভিন্ন। দীর্ঘদিন পর একটি নির্বাচিত সরকারের অধীনে জাতীয় বাজেট উপস্থাপিত হতে যাচ্ছে। ফলে জাতির প্রত্যাশা ও আকাঙ্ক্ষাও অনেক বেশি। সেসব দিক বিবেচনায় রেখেই বাজেট প্রণয়নের চেষ্টা করা হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, যতটুকু সামর্থ্য রয়েছে, তার মধ্যেই বাজেট করতে হয়েছে। একটি বিধ্বস্ত ও ভঙ্গুর অর্থনীতি থেকে দেশকে স্থিতিশীলতার পথে নিয়ে গিয়ে আগামী দিনে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য রয়েছে। সেই লক্ষ্য অর্জনের একটি প্রচেষ্টা এই বাজেটে প্রতিফলিত হয়েছে।
আমির খসরু বলেন, এ বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দেশের সব নাগরিককে এর অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হয়েছে। জাতীয় ও অর্থনৈতিক কার্যক্রমে সবাই যাতে অংশ নিতে পারে এবং অর্থনৈতিক উন্নয়নের সুফল যেন সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছায়, সেদিকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।
তিনি বলেন, একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তিপ্রস্তর স্থাপনের লক্ষ্য নিয়েই এই বাজেট প্রণয়ন করা হয়েছে। সীমিত সম্পদের মধ্যেও সবাইকে সঙ্গে নিয়ে এই বাজেট বাস্তবায়নের চেষ্টা করা হবে।

অ্যাকশনএইড বাংলাদেশে চাকরির সুযোগ, বেতন ৯৯ হাজার টাকা
- ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ.কম।
- আপডেট টাইম : ০১:০১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
৯৯ হাজার টাকা বেতনে কাজের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন প্রতিষ্ঠান অ্যাকশনএইড বাংলাদেশে (এএবি)। প্রতিষ্ঠানটি তাদের ‘প্রজেক্ট ইঞ্জিনিয়ার’ পদে জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
আগ্রহীরা আগামী ১৩ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই বিএসসি/ডিপ্লোমা/স্নাতক ডিগ্রিধারী হতে হবে। কক্সবাজার জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
চলুন, একনজরে দেখে নিই নিয়োগ বিজ্ঞপ্তিটি-
প্রতিষ্ঠানের নাম: অ্যাকশনএইড বাংলাদেশ
পদের নাম: প্রজেক্ট ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: ১ জন
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি/ডিপ্লোমা/স্নাতক (সিভিল ইঞ্জিনিয়ারিং)
অভিজ্ঞতা: ২- ৩ বছর
বেতন: ৯৯,২০৪ টাকা
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: কক্সবাজার
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১৩ জুন ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র: বিডিজবস ডটকম

হজ ব্যবস্থাপনা নিয়ে বাংলাদেশের ভূয়সী প্রশংসা করলো সৌদি আরব
- ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ.কম।
- আপডেট টাইম : ১২:৫৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এর সঙ্গে সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহের এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন) সৌদি আরবের রিয়াদে অবস্থিত দ্য পিলগ্রিমস এক্সপেরিয়েন্স প্রোগ্রাম সেন্টারে অনুষ্ঠিত এ বৈঠকে সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের অসাধারণ দক্ষতা, সুশৃঙ্খলতা এবং সফল সমন্বয়ের ভূয়সী প্রশংসা করেন।
তিনি বলেন, এ বছর বাংলাদেশি হজযাত্রীদের সেবায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় যে দক্ষতা, দায়িত্বশীলতা এবং দূরদর্শিতার পরিচয় দিয়েছে, তা প্রশংসার দাবিদার।
ড. আল-রাবিয়াহ বাংলাদেশের ধর্মমন্ত্রীকে আন্তরিক নেতৃত্বের মাধ্যমে হজযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার জন্য অভিনন্দন জানান। একইসঙ্গে তিনি ধর্মমন্ত্রীর মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সফল হজ ব্যবস্থাপনায় বাংলাদেশ সরকারের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন।
বৈঠকে সৌদি হজ ও উমরাহ মন্ত্রী আগামী বছর হজ ব্যবস্থাপনাকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও যাত্রীবান্ধব করতে সৌদি সরকারের গৃহীত বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগ সম্পর্কে অবহিত করেন। পাশাপাশি ভবিষ্যতে হজ ব্যবস্থাপনার আরও উন্নয়নে বাংলাদেশের অভিজ্ঞতা ও সহযোগিতা কামনা করেন।
এ সময় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) পবিত্র হজের সার্বিক ব্যবস্থাপনায় অভূতপূর্ব উন্নয়ন, আধুনিকায়ন এবং হাজিদের সেবার মানোন্নয়নের জন্য সৌদি সরকারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বিশেষভাবে হজযাত্রীদের নিরাপত্তা, স্মার্ট ভিড় ব্যবস্থাপনা, পরিবহন সমন্বয়, তথ্য-প্রযুক্তির কার্যকর ব্যবহার, মাশায়ের অঞ্চলে সেবার সম্প্রসারণ এবং সামগ্রিক অবকাঠামোগত উন্নয়নের প্রশংসা করেন।
ধর্মমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র হজ সফলভাবে আয়োজন এবং বিশ্বের লাখো হাজির নিরাপদ ও নির্বিঘ্ন ইবাদত নিশ্চিতের জন্য পবিত্র দুই মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ, সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং সৌদি সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।
ধর্মমন্ত্রী বলেন, আল্লাহর মেহমানদের সেবায় সৌদি আরব যে দূরদর্শী নেতৃত্ব, আন্তরিকতা ও বিপুল বিনিয়োগের মাধ্যমে হজ ব্যবস্থাপনাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে, তা সমগ্র মুসলিম বিশ্বের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত। তিনি আশ্বাস দেন যে, হজ ব্যবস্থাপনার ধারাবাহিক উন্নয়ন এবং মুসলিম উম্মাহর কল্যাণে বাংলাদেশ ভবিষ্যতেও সৌদি আরবের পাশে থাকবে।
বৈঠকে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলওয়ার হোসেন, কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম এবং উভয় দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাণীনগরে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান
- রিপোর্টার:
- আপডেট টাইম : ১২:০৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

বিশ্বব্যাংকের সঙ্গে ৪০৪ মিলিয়ন ডলারের অর্থায়ন চুক্তি বাংলাদেশের
- ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ.কম।
- আপডেট টাইম : ১১:৫৪:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
দেশের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা খাতের অগ্রগতির লক্ষ্যে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের মধ্যে ৪০ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের ঋণ ও অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বুধবার (১০ জুন) অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়।
চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং বিশ্বব্যাংকের পক্ষে ঢাকাস্থ কার্যালয়ের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেসমে স্বাক্ষর করেন।
এই চুক্তি অনুযায়ী বিশ্বব্যাংক প্রায় ৩৭৯ মিলিয়ন মার্কিন ডলারের সমমূল্যের ২৮৪ দশমিক ৭০ মিলিয়ন এসডিআর ঋণ দেবে। পাশাপাশি গ্লোবাল ফাইন্যান্সিং ফ্যাসিলিটি থেকে ২৫ মিলিয়ন মার্কিন ডলার অনুদান হিসেবে পাওয়া যাবে।
এই দুই প্রকল্পের মাধ্যমে দেশের স্বাস্থ্যখাতকে আরও কার্যকর ও টেকসই করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট বিভাগে স্বাস্থ্য ও পুষ্টি সেবার মানোন্নয়ন, সেবার প্রাপ্যতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা প্রদানের সুযোগ সম্প্রসারণ এবং প্রজনন স্বাস্থ্য ও জনসংখ্যা সেবায় দক্ষতা ও সমতা নিশ্চিত করতে জলবায়ু সহনশীল কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়িত হবে ‘হেলথ অ্যান্ড নিউট্রিশন সার্ভিসেস ইমপ্রুভমেন্ট অ্যান্ড সিস্টেম স্ট্রেন্থেনিং প্রজেক্ট’ নামের প্রথম প্রকল্পটি।

পুশইন প্রতিরোধে সীমান্তে বিজিবির সঙ্গে জনতার কড়া নজরদারি
- ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ.কম।
- আপডেট টাইম : ১১:৪৮:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইন ঠেকাতে পাহারায় বিজিবি ও স্থানীয়রা। বিএসএফের যে কোনো ধরনের পুশইনের চেষ্টা রুখে দিতে তৎপর তারা।
বুধবার (১০ জুন) রাতে সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার, গ্রাম পুলিশসহ স্থানীয় তরুণ, যুবক ও বয়োজ্যেষ্ঠরা শক্ত অবস্থানে থেকে পাহারা দিচ্ছেন। স্থানীয় ইউপি সদস্য মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সীমান্তের বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, রৌমারী উপজেলার খেওয়ারচর সীমান্তের আন্তর্জাতিক ১০৬৯ নম্বর মেইন পিলারের ২৪টি সাব পিলারের নিকটবর্তী ভারতের সদরটিলা বিএসএফ ক্যাম্পের নিকট কাঁটাতারের বেড়ার কাছে ট্রাকে করে বেশ কিছু ভারতীয় মুসলিম নাগরিককে জড়ো করা হয়েছে।
তাদের অবৈধভাবে বাংলাদেশে পুশইন করার চেষ্টা চালানো হচ্ছে— এমন খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় এলাকায় মাইকিং করা হয়। খবর পেয়ে মুহূর্তের মধ্যে লাঠিসোঁটা নিয়ে সীমান্তের দিকে ছুটে যান হাজারো মানুষ। কোনোভাবেই যেন অনুপ্রবেশ করতে না দেওয়া হয়, সেজন্য পুরো সীমান্তজুড়ে কঠোর পাহারা বসিয়েছেন গ্রামবাসী।
খেওয়ারচর বিজিবি ক্যাম্পের ল্যান্স নায়েক সুমন আলী কালবেলাকে, সীমান্তে পুশইন ঠেকাতে সাধারণ জনগণের পাশাপাশি বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক ও শক্ত অবস্থানে রয়েছেন। কোনো ধরনের পুশইন বরদাশত করা হবে না। এর আগেও বিএসএফ কয়েক দফায় পুশইনের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার থেকে শুরু করে বুধবার রাত পর্যন্ত রৌমারী সীমান্তে পুশইনকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র উত্তেজনা ও গভীর আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সীমান্তজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিজিবি।

শূন্য রানে ৩ উইকেট হারাল অস্ট্রেলিয়া
- ক্রীড়া ডেস্ক। জনতারকণ্ঠ.কম।
- আপডেট টাইম : ১১:৪১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের বোলিং আক্রমণের সামনে শুরুতেই ধসে পড়েছে অস্ট্রেলিয়া। প্রথম দুই ওভারেই কোনো রান না করেই তিন উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে সফরকারীরা।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া অস্ট্রেলিয়ার ইনিংস শুরু থেকেই ছিল দুঃস্বপ্নের মতো। ইনিংসের প্রথম ওভারের চতুর্থ বলেই ম্যাথিউ শর্টকে বোল্ড করে দেন টাইগার পেসার তাসকিন আহমেদ। চার বল খেললেও কোনো রান করতে পারেননি তিনি।
এরপর দ্বিতীয় ওভারে আঘাত হানেন মোস্তাফিজুর রহমান। প্রথম বলেই কুপার কনোলি ব্যাটে লাগিয়ে বল তুলে দেন উইকেটকিপার লিটন দাসের হাতে। গোল্ডেন ডাকের স্বাদ নিয়ে সাজঘরে ফেরেন এই ব্যাটার।
ওভারের শেষ বলেই আবারও আঘাত করেন মোস্তাফিজ। একই ধাঁচে উইকেটের পেছনে ক্যাচ দেন ম্যাট রেনশ। শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ১৭ রান।
এর আগে ম্যাচজুড়ে নাটকীয়তার শুরু হয় তাসকিন আহমেদের দারুণ নতুন বলের স্পেলে। আগের ম্যাচেও ইনিংসের প্রথম বলেই উইকেট পাওয়া এই পেসার এবারও শুরুটা করেন উইকেট দিয়ে। শর্টকে ফেরানোর পর মেডেন ওভার করেন তিনি।
তাসকিনের পর মোস্তাফিজুর রহমানের কাটার-ভিত্তিক বোলিংয়ে আরও ভেঙে পড়ে অস্ট্রেলিয়ার টপ অর্ডার। মাত্র দুই ওভারের মধ্যেই দুই বোলারের তোপে শূন্য রানে তিন উইকেট হারিয়ে বসে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
অস্ট্রেলিয়ার ওয়ানডে ইতিহাসে এটি বিরল একটি ঘটনা। এর আগে ৮৮২ ম্যাচের ইতিহাসে মাত্র দুইবারই দুই ওপেনার শূন্য রানে আউট হয়েছিল দলটির। ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকা ও ২০২২ সালে পাকিস্তানের বিপক্ষে সেই ঘটনা ঘটেছিল। বাংলাদেশ সফরে এবার তৃতীয়বারের মতো এমন লজ্জাজনক সূচনা দেখল অজিরা।
শুরুর এই ধস সামাল দিতে ক্রিজে নেমেছেন জশ ইংলিস ও অ্যালেক্স কেরি। তবে শুরুতেই বড় ধাক্কা খাওয়া অস্ট্রেলিয়া ম্যাচে এখন চরম চাপের মুখে।

ইরানি হামলার শঙ্কায় সাময়িকভাবে আকাশসীমা বন্ধ করল কুয়েত
- আন্তর্জাতিক ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ১০:৫৫:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কুয়েত সাময়িকভাবে দেশের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানি আগ্রাসন ঘিরে নিরাপত্তা ঝুঁকির কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর আলজাজিরার।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কুয়েতের আকাশসীমায় বিমান চলাচল স্থগিত থাকবে। যেসব ফ্লাইট কুয়েতের আকাশসীমা ব্যবহার করার কথা ছিল, সেগুলোকে বিকল্প বিমানবন্দরে অবতরণ বা অন্য রুটে পরিচালিত করা হবে।
বিবৃতিতে আরও বলা হয়, অনুমোদিত আন্তর্জাতিক চুক্তি ও নিরাপত্তা প্রক্রিয়া অনুসরণ করে ফ্লাইটগুলোকে বিকল্প গন্তব্যে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
এদিকে অঞ্চলজুড়ে নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং ইরানকে ঘিরে সাম্প্রতিক সামরিক উত্তেজনার কারণে বেশ কয়েকটি দেশের বিমান চলাচল কর্তৃপক্ষও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সংঘাত আরও বিস্তৃত হলে মধ্যপ্রাচ্যের আকাশপথে আন্তর্জাতিক বিমান চলাচল উল্লেখযোগ্যভাবে ব্যাহত হতে পারে।
কুয়েত কর্তৃপক্ষ পরিস্থিতি স্বাভাবিক হলে আকাশসীমা পুনরায় খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছে।

সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে টাইগাররা, একাদশে থাকছে যেসব পরিবর্তন
- ক্রীড়া ডেস্ক। জনতারকণ্ঠ.কম।
- আপডেট টাইম : ১০:৪৫:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের শুরুটা স্বপ্নের মত রঙিন হয়েছে বাংলাদেশের। ঘরের মাঠে ওয়ানডে ক্রিকেটে বেশ ভালো ছন্দে আছে বাংলাদেশ। এবার অজিদের ধরাশায়ী করে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে টাইগাররা। প্রথম ওয়ানডেতে বৃষ্টি আইনে ৮৬ রানের দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। ফর্মের তুঙ্গে আছে পেস আক্রমণ। তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং মোস্তাফিজুর রহমানকে নিয়ে গড়া পেস ইউনিট বর্তমানে বিশ্বেরই অন্যতম সেরা। সাথে ব্যাটিং ইউনিটও প্রথম ম্যাচে জ্বলে উঠেছিল। আলাদা করে বলতে হবে চার বছর পর দলে ফিরেই বাজিমাত করা মোসাদ্দেক হোসেন সৈকতের কথা। ফিনিশিং রোলে ৭০ বলে ৮৬ রানের হার না মানা ইনিংসে তাক লাগিয়ে দিয়েছেন মোসাদ্দেক। পরে বল হাতে তুলেছেন জোড়া উইকেট। তার কাছে এমন পারফরম্যান্সই ছিল প্রত্যাশিত।
ব্যাটিংয়ে চিন্তার জায়গা কিছুটা আছে যদিও। প্রথম ওয়ানডেতে দুর্দান্ত শুরুর পরেও ৩০০ ছাড়াতে পারেনি বাংলাদেশ। এই জায়গা নিয়ে ম্যাচ শেষেও আক্ষেপ ঝরেছে মোসাদ্দেকের কণ্ঠে। উড়ন্ত শুরুর পর মাঝের ওভারে কিছুটা ধীর হয়ে গিয়েছিল টাইগারদের ইনিংস। যার খেসারতই দিতে হয়েছে ২৮৪ রানে থেমে।
মাঝের ওভারে ব্যাটারদের আরেকটু আগ্রাসী হওয়ার তাই বিকল্প নেই। মিরপুরের সেই চেনা উইকেটের জুজু তো এখন আর নেই। ঘাসের ব্যাটিং সহায়ক উইকেটই থাকছে মিরপুরে। সেই উইকেট কাজে লাগিয়ে বোর্ডে বড় রান তোলার অভ্যাসটা গড়ে তোলা তাই খুবই জরুরি। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আগে নিজেদের ব্যাটিংটা ঝালিয়ে নেওয়া, সাথে দ্রুত রান তোলার অভ্যাস, বড় রান তোলার অভ্যাস সবই দরকার। বাংলাদেশের ব্যাটিং ইউনিটও বেশ ভালোভাবেই জানে এসব। এখন শুধু কাজে লাগানোর পালা।
বাংলাদেশের একাদশে পরিবর্তনের সম্ভাবনা আজ খুব একটা নেই। আগের ম্যাচের একাদশই খেলাতে পারে টাইগাররা। যদিও বদল আনা হয় সাইফ হাসানের পরিবর্তে ঢুকতে পারেন সৌম্য সরকার। এছাড়া পেস ইউনিটে কাউকে বিশ্রাম দেওয়া হলে সেখানে খেলতে পারেন শরিফুল ইসলাম। এছাড়া বাকি সব জায়গায় থাকছেন আগের ম্যাচ খেলা ক্রিকেটাররাই। চেনা সৈনিকদের নিয়েই এক ম্যাচ হাতে রেখে সিরিজ জেতার কাজটা সেরে ফেলতে চাইবে ফিল সিমন্সের দল।
অস্ট্রেলিয়ার একাদশে বদলের সম্ভাবনা কিছুটা আছে। মাত্রই ঢাকায় নেমেছেন মিচেল মার্শ। ওয়ানডেতে তিনি খেলবেন বলে গুঞ্জন থাকলেও তা এখনও নিশ্চিত নয়। ফলে মার্শকে ছাড়াও নামতে হতে পারে অজিদেরকে। প্রথম ম্যাচে হারার পর এবার অবশ্যই সর্বশক্তি দিয়ে ঘুরে দাঁড়াতে চাইবে অস্ট্রেলিয়া। বাড়তি স্পিনার খেলাতে চাইলে হাতে আছে ম্যাথু কুহনেম্যান, পেসার চাইলে খেলানো যেতে পারে বেন ডোয়ারসুইশকে। দেখা যাক কোন পথে আগায় অজিরা।
আজ ১১ জুন মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ। সিরিজে এখন ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।
একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ :
বাংলাদেশ : তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান। অস্ট্রেলিয়া : ম্যাথু শর্ট, কুপার কনোলি, মারনাস লাবুশেন, জশ ইংলিস (অধিনায়ক এবং উইকেটরক্ষক), অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, ম্যাট রেনশ, লিয়াম স্কট, জাভিয়ের বার্টলেট, নাথান এলিস ও অ্যাডাম জাম্পা।

বেগমগঞ্জে ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ‘বুলেট ফারুক’ গ্রেপ্তার
- মো. ইসমাইল হোসেন নোয়াখালী ব্যুরো প্রধান। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ১০:১৪:০৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
নোয়াখালীর বেগমগঞ্জে ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত মো. ওমর ফারুক ওরফে ‘বুলেট ফারুক’ (৪৪) কে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও র্যাব-৭-এর যৌথ অভিযান দল।
বুধবার (১০ জুন ২০২৬) বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বেগমগঞ্জ মডেল থানার জমিদারহাট পূর্ব বাজার এলাকায় ফেনী–চৌমুহনী মহাসড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ডিএনসি জেলা কার্যালয় নোয়াখালী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক মো. সাইফুল ইসলামের নেতৃত্বে র্যাব-৭ ফেনী টিমের সহযোগিতায় অভিযান পরিচালিত হয়। এ সময় তার দেহ তল্লাশি করে কোমরে কস্টেপ দিয়ে লুকানো অবস্থায় ৫ হাজার ৩১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে তার ব্যবহৃত রয়েল এনফিল্ড মোটরসাইকেলের টুলবক্স থেকে আরও ৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
সব মিলিয়ে তার কাছ থেকে ৯ হাজার ৩১০ পিস ইয়াবা, মাদক বিক্রির ১ লাখ ৩০ হাজার টাকা, একটি মোটরসাইকেল এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
ডিএনসি জানায়, গ্রেপ্তারকৃত ওমর ফারুক দীর্ঘদিন ধরে নোয়াখালীর সেনবাগ, বেগমগঞ্জ ও ফেনীর দাগনভূঞা এলাকায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে নোয়াখালী, ফেনী ও চট্টগ্রামের বিভিন্ন থানায় অস্ত্র মামলা ও মাদক আইনে মোট ১১টি মামলা বিচারাধীন রয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, তিনি নিজস্ব মোটরসাইকেল ব্যবহার করে প্রতি সপ্তাহে দুই থেকে তিনবার চট্টগ্রাম থেকে ইয়াবা এনে নোয়াখালীর বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। তার নিয়ন্ত্রণে একাধিক খুচরা মাদক সিন্ডিকেট সক্রিয় ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এর আগে ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর দাগনভূঞা এলাকায় ১১ হাজার পিস ইয়াবাসহ তিনি গ্রেপ্তার হয়েছিলেন। পরে জামিনে মুক্ত হয়ে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন বলে জানিয়েছে ডিএনসি।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী বেগমগঞ্জ মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসি নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ।

মাদকাসক্তি প্রতিরোধে করণীয় তুলে ধরলেন উপপরিচালক আনিছুর রহমান
- নীলফামারী জেলা প্রতিনিধি । জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ১০:০৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬


চাল-ডালসহ ৬০ পণ্যে দাম কমানোর পরিকল্পনা বাজেটে
- ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ.কম।
- আপডেট টাইম : ০৯:৪৪:১১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
২০২৬-২০২৭ অর্থবছরের জন্য সরকার যে বাজেট প্রস্তাব করতে যাচ্ছে, তাতে চাল-ডাল, আলু থেকে সিনেমাটোগ্রাফিক ক্যামেরার মতো ৬০টি প্রযুক্তি ও কৃষি পণ্যের দাম কমতে পারে। এসব পণ্যের ওপর বিদ্যমান উৎসে কর ৫ শতাংশ, ২ শতাংশ ও ১ শতাংশ থেকে কমিয়ে মাত্র ০.৫ শতাংশ করার প্রস্তাব করা হতে পারে। বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট পেশকালে এই প্রস্তাব করতে পারেন।
অর্থমন্ত্রণালয় সূত্র জানা গেছে, সরকার এই ৬০টি পণ্যের তালিকায় মৌলিক কৃষি ও ভোগ্যপণ্যকে প্রাধান্য দিয়েছে। এর মধ্যে রয়েছে— ধান, চাল, গম, আলু, পেঁয়াজ, রসুন, আদা, ভোজ্যতেল, চিনি, লবণ, গবাদিপশু, হাঁস-মুরগি, মাছ এবং বিভিন্ন ধরনের বীজ।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যা জনজীবনে স্বস্তি আনবে বলে আশা করছে সরকার।
নিত্যপণ্যের বাইরেও সাধারণ মানুষের ব্যবহৃত আরও কিছু গুরুত্বপূর্ণ পণ্যের দাম কমার প্রস্তাব করা হচ্ছে বাজেটে। এরমধ্যে শিশুখাদ্য আমদানিতে শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া সব ধরনের মসলা ও খেজুর আমদানিতে ৫ শতাংশ রেগুলেটরি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের ঘোষণা দেওয়া হবে।
এছাড়াও, বাজেটে জীবন রক্ষাকারী হার্টের রিং বা স্টেন্টের দাম প্রায় ২০ হাজার টাকা এবং চোখের ইন্ট্রাওকুলার লেন্সের দাম প্রায় ৫ হাজার টাকা কমতে পারে। কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস ফিল্টার আমদানিতে শুল্ক ও ভ্যাট প্রত্যাহারের ফলে প্রতি ডায়ালাইসিসে খরচ প্রায় ৮০০ টাকা কমবে।
প্রযুক্তি ও যোগাযোগ খাতে প্রতিটি মোবাইল সিমের ওপর থাকা কর সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করা হতে পারে। পাশাপাশি ল্যাপটপ, ডেস্কটপ, প্রিন্টার ও মনিটর আমদানিতে শুল্ক ও ভ্যাট মওকুফ করা হচ্ছে।
বিনোদন ও সংস্কৃতিখাতে তরুণ প্রজন্মের জন্য গিটার, পিয়ানো, ভায়োলিনের মতো বাদ্যযন্ত্র এবং সিনেমাটোগ্রাফিক ক্যামেরার শুল্ক কমানোর প্রস্তাব করা হচ্ছে।
সরকারের এই নতুন রাজস্ব নীতি মূলত করের হার না বাড়িয়ে করের আওতা বাড়ানোর ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। সরকার মনে করছে, এই কর ছাড়ের ফলে উৎপাদন ব্যয় কমবে এবং ভোক্তা পর্যায়ে মূল্যস্ফীতির চাপ প্রশমিত হবে।

জাল দলিলে টাকা তুলতে গিয়ে ধরা, দুজনের কারাদণ্ড
- ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ.কম।
- আপডেট টাইম : ০৮:৩০:৩৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
সিলেটে জাল দলিল ব্যবহার করে জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখা থেকে ক্ষতিপূরণের টাকা উত্তোলন চেষ্টার অভিযোগে দুই দালালকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১০ জুন) সন্ধ্যায় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিহাব বিন আমিন। এর আগে মঙ্গলবার বিকেল ৫টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের অধিগ্রহণ শাখায় এ ঘটনা ঘটে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সিলেটের ওসমানীনগর উপজেলার ওসমানপুর গ্রামের মনির উদ্দিনের ছেলে আতিকুর রহমান (৫৬) এবং জালালাবাদ থানার চাতলীবন্দ গ্রামের আব্দুল্লাহর ছেলে সুজন আলী (৩০)। আতিকুর রহমানকে ৪ মাস এবং সুজন আলীকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে কোতোয়ালি থানা পুলিশের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিহাব বিন আমিন গণমাধ্যমকে বলেন, জাল দলিলের মাধ্যমে টাকা উত্তোলনের চেষ্টা করলে তাদের জালিয়াতি ধরা পড়ে। পরে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সরকারি কাজে বাধা প্রদানসহ হুমকি দেওয়ার অভিযোগে সাজা দেওয়া হয়। পরে রাতে কারাগারে পাঠানো হয়েছে।

হলুদ জার্সিতে সিরাজগঞ্জ শহর মাতালো ব্রাজিল ভক্তরা
- নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৮:০৩:০৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
আর কয়েক ঘণ্টা পরই শুরু হচ্ছে ফুটবলের বৃহত্তম আসর ফিফা বিশ্বকাপ-২০২৬। এই মুহুর্তে সবকিছু ভুলে ফুটবল উন্মাদনায় মেতে উঠেছে যমুনা পাড়ের শহর সিরাজগঞ্জ।
বুধবার (১০ জুন) বিকেলে বিশাল র্যালি করেছে ব্রাজিল ভক্তরা। বিকেল সাড়ে চারটার দিকে শহরের মুজিব সড়কে শহরের বিভিন্ন প্রান্ত থেকে প্রিয় দলের পতাকা হাতে হলুদ জার্সি পড়ে দলে দলে আসতে থাকেন সমর্থকরা।

নারী-পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সের কেউ পায়ে হেঁটে, কেউ বা মোটর সাইকেলযোগ, রিকশায় চেপে র্যালি অংশ নেয়। র্যালির বিশেষ আকর্ষণ ছিল ট্রাকযোগে বিশাল সাউন্ডবক্স নিয়ে ডিজে গানের তালে তালে সমর্থকদের সাম্বা নৃত্য।
ব্রাজিল সমর্থকেরা বলেন, আমরা এবার হেক্সা মিশনে নেমেছি। এবার ব্রাজিল দল দারুণ ফর্মে আছে। ইনশাল্লাহ এবার ৬ নম্বর বিশ্বকাপ ঘরে তুলবো আমরা।
অপর এক সমর্থক আর্জেন্টিনার উদ্দেশ্যে বলেন, আমাদের পাঁচটা আছে তাদের তিনটা। তাদের সঙ্কে আমাদের দলের তূলণাই চলে না।
স্বামী জার্মানী, স্ত্রী ব্রাজিল ও মেয়েকে আর্জেন্টিনার জার্সি পড়িয়ে রিকশাযোগে র্যা লীতে অংশ নেয় একটি পরিবার। জানতে চাইলে জার্মান সমর্থক স্বামী বলেন, স্ত্রী ব্রাজিল সমর্থক তাই তাকে ব্রাজিলের র্যালিতে নিয়ে এসেছি। আমি চাই ব্রাজিল ভালো খেলুক তবে জার্মানি ৫ম বিশ্বকাপ জিতুক। মেয়ে আর্জেন্টিনা সমর্থক বলেন, এবারও আর্জেন্টিনাই কাপ জিতবে। স্ত্রী ব্রাজিল সমর্থক বলেন, আমাদের ঘরে এখন রীতিমোত গৃহযুদ্ধ লেগে গেছে।
র্যালির আয়োজকরা বলেন, আমরা শহরে দেখিয়ে দিতে চাই আর্জেন্টিনার চেয়ে বেশি সমর্থক রয়েছে ব্রাজিলের। আজকে সিরাজগঞ্জ শহর হলুদ জার্সির দোলায় দুলছে।

জুলাইয়ে পুলিশ হত্যাকারী সেই মাহদী আশ্রয় নিলেন থানায়
- ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ.কম।
- আপডেট টাইম : ০৭:৪২:০৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
লাইভে তিনি দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত মতামত প্রকাশের জেরে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে ধাওয়া দিয়ে হামলার চেষ্টা করছেন। তবে ছাত্রদলের দাবি, মাহদীর লাইভ ভিডিওতে তার অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

আদালতে আত্মসমর্পণ উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদকের
- ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ.কম।
- আপডেট টাইম : ০৭:৩৩:২৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু আদালতে আত্মসমর্পণ করেছেন। দীর্ঘদিন পলাতক থাকার পর বুধবার (১০ জুন) বেলা ১১টার দিকে সুনামগঞ্জ আমল গ্রহণকারী ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে তিনি জামিন আবেদন করেন।
তবে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী ও সুনামগঞ্জ জেলা জজ আদালতের অ্যাডভোকেট রুমেল মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, রেজাউল করিম স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন। আদালত জামিন শুনানি শেষে আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
তিনি আরও বলেন, আমরা পরবর্তীতে তাদের জামিনের জন্য উচ্চ আদালতে চেষ্টা করব।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, গত বছরের ১৯ নভেম্বর জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল নূর বাদী হয়ে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানসহ আওয়ামী লীগের ৪৯ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে জগন্নাথপুর থানায় এই মামলাটি করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছিল। চাঞ্চল্যকর এই মামলায় রেজাউল করিম রিজু অন্যতম এজাহারনামীয় আসামি ছিলেন।
পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, এই মামলায় এ পর্যন্ত মোট ১৪ জন আসামিকে গ্রেপ্তার ও আইনের আওতায় আনা হয়েছে।

জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী
সেমিফাইনালে ছিটকে পড়বে আর্জেন্টিনা, বিশ্বকাপ জিতবে ফ্রান্স
- ক্রীড়া ডেস্ক। জনতারকণ্ঠ.কম।
- আপডেট টাইম : ০৬:৪০:৩৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
বিশ্বকাপ ফুটবল ইতিহাসের এক নতুন ঐতিহাসিক এবং রোমাঞ্চকর অধ্যায় রচনা হতে যাচ্ছে। এবার সকল নামিদামী দলকে হারিয়ে সোনালী ট্রফি ছিনিয়ে নিয়ে বিশ্ব জেতার মুকুট মাথায় পরবে ফ্রান্স। এমনই ভবিষ্যত বানী করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন দেশবরেন্য জোতিষী আবদুস ছালাম শিকদার।
মঙ্গলবার বিকাল পাঁচটায় তিনি এ স্ট্যাটাস দেন। এর আগে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার প্রেসিডেন্ট হওয়া নিয়ে ভবিষ্যত বানী এবং ইরান ও ইসরাইল-আমেরিকার যুদ্ধ নিয়ে তার ভবিষ্যত বানী সত্য প্রমানিত হয়েছে।
ফেসবুকে দেয়া এই জ্যোতিষীর পোষ্টটি হুবহু তুলে ধরা হলো। তিনি লেখেন, ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ নিয়ে মাঠের লড়াই শুরু হওয়ার আগেই বিশ্বজুড়ে শুরু হয়েছে এক তুমুল উন্মাদনা। সাধারণ মানুষ যখন দলগুলোর অতীত পরিসংখ্যান আর পারফরমেন্স নিয়ে হিসাব-নিকাশ করতে ব্যস্ত, তখন প্রচলিত সব ধারণাকে পাশ কাটিয়ে এই ফুটবল মহাযজ্ঞের চূড়ান্ত নিয়তি ইতিমধ্যেই নির্ধারিত হয়ে গেছে।
এবারের টুর্নামেন্টে বিশ্ববাসী এমন কিছু অবিশ্বাস্য অঘটন আর চরম ট্র্যাজেডি দেখবে, যা কেউ কল্পনাও করতে পারেনি। কোটি ভক্তের বুকভাঙ্গা কান্না আর মাঠের রক্তক্ষয়ী লড়াই সত্ত্বেও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপের শক্তিশালী দল স্পেনকে বিদায় নিতে হবে সেমিফাইনালের মঞ্চ থেকেই। এক নির্মম সত্যের মুখোমুখি হয়ে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের সূর্যখ্যাত ব্রাজিল এবার ফাইনালের ঠিক আগের মুহূর্তে এসে ফুটবলের আকাশ থেকে অস্তমিত হবে।ফাইনালের সেই ঐতিহাসিক দিনে মেটলাইফ স্টেডিয়ামের রণাঙ্গনে মুখোমুখি হবে ইউরোপের দুই চিরপ্রতিদ্বন্দ্বী পরাশক্তি ইংল্যান্ড এবং ফ্রান্স।একদিকে থাকবে দীর্ঘদিনের শিরোপার খরা কাটিয়ে বিশ্বজয়ে মরিয়া ইংলিশরা, আর অন্যদিকে থাকবে অপ্রতিরোধ্য শক্তির ফরাসিরা।
কিন্তু ট্রফি ছোঁয়ার ঠিক আগের মুহূর্তে, কাপের একদম দ্বারপ্রান্তে গিয়ে এক অদৃশ্য দেওয়ালে ধাক্কা খাবে ইংল্যান্ডের সব স্বপ্ন। এক বুক দীর্ঘশ্বাস আর বীরোচিত পরাজয় সঙ্গী করে মাঠ ছাড়তে হবে তাদের, রানার আপের মর্যাদা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে ইংলিশদের।কারণ, ১৯শে জুলাইয়ের সেই মোক্ষম ক্ষণে এক অনন্য এবং জাদুকরী আশীর্বাদ বর্ষিত হবে ফরাসিদের ওপর। উল্লেখিত সমস্ত পরিস্থিতি আর শক্তির গতিপথকে সামনে রেখে আজ অত্যন্ত স্পষ্ট ও দৃঢ়তার সাথে ঘোষণা করছি- ২০২৬ সালের বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডের দর্প চূর্ণ করে, সোনালী ট্রফি ছিনিয়ে নিয়ে বিশ্ববিজেতার মুকুট মাথায় পরবে ফ্রান্স। এই ভবিষ্যৎবাণী ফুটবল ইতিহাসের এক নতুন ঐতিহাসিক এবং রোমাঞ্চকর অধ্যায় রচনা করতে যাচ্ছে।
তিনি আরও লেখেন, যারা সমসাময়িক খবরের কাগজের বিশ্লেষণ বা গাণিতিক পরিসংখ্যানের বাইরে গিয়েও বাস্তব সত্যকে আগেভাগেই অনুধাবন করতে ভালোবাসেন, এই বার্তাটি মূলত তাঁদের কৌতূহল নিবৃত্তির জন্য। ফুটবল মাঠে বল গড়ানোর পর থেকে প্রতিটি মুহূর্তের ঘটনাপ্রবাহ যখন এই পূর্বাভাসের সাথে অক্ষরে অক্ষরে মিলতে শুরু করবে, তখন সংশয়বাদীদের সমস্ত যুক্তিই ম্লান হয়ে যাবে।
১৯শে জুলাইয়ের ঐতিহাসিক ফাইনাল ম্যাচ শেষে এই প্রতিটি শব্দের বস্তুনিষ্ঠতা ও সত্যতা যাচাইয়ের জন্য সবাইকে অগ্রিম আমন্ত্রণ জানিয়ে রাখলাম। যুক্তিপূর্ণ যেকোনো আলোচনা বা কৌতূহল নিয়ে সরাসরি যোগাযোগের দরজা উন্মুক্ত রইলো।
জ্যোতিষী মো. আবদুছ ছালাম শিকদার কালবেলাকে বলেন, আমি প্রায় দুই সপ্তাহ প্রচেষ্টার পর প্রেডিকশনটি সম্পন্ন করেছি। আল্লাহর রহমতে এর আগেও আমার বিভিন্ন প্রেডিকশন সফল হয়েছিলো। আমি ২০১৪ সালে বাংলাদেশ ইনস্টিটিউট অফ এ্যাস্ট্রোলোজি থেকে জ্যোতিষ ডিগ্রী অর্জন করেছি। মানুষ আমাকে প্রেডিকশন করতে উৎসাহ যোগায় এজন্যই মূলত প্রেডিকশন করি।
জ্যোতিষী আবদুস ছালাম শিকদার ১৯৮২ সালের ২ এপ্রিল পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী গ্রামের সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হাজী মো. জালাল উদ্দিন শিকদার। ছয় ভাই বোনের মধ্যে আবদুস ছালাম জালাল উদ্দিনের দ্বিতীয় সন্তান।
সুত্র: দৈনিক কালবেলা

কৃষক দল নেতাকে হত্যা, জড়িতদের খুঁজছে পুলিশ
- ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ
- আপডেট টাইম : ০৬:৩৬:০৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
বাগেরহাটের ফকিরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা আনিসুর রহমান বাদল (৪০) নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে উপজেলার মূলঘর ইউনিয়নের নিয়তির মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ লাশ উদ্ধার করে বুধবার (১০ জুন) সকালে বাগেরহাট সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছেন। ঘটনার পর ১৭ ঘণ্টা অতিবাহিত হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বেলা সাড়ে ৩টা) থানায় মামলা হয়নি বলে জানিয়েছেন ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম।
নিহত আনিসুর রহমান বাদল মোড়ল বাগেরহাট সদর ইউনিয়নের আড়পাড়া গ্রামের মৃত জাফর মোড়লের ছেলে। তিনি বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি ছিলেন। এছাড়াও এ ঘটনায় গুরুতর আহত হন আব্দুল্লাহ মোড়ল। তিনি একই গ্রামের মৃত নুর ইসলাম মোড়লের ছেলে। তিনি বারুইপাড়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।
কৃষক দলের সভাপতি আনিসুর রহমান বাদল মোড়ল খুনের ঘটনায় স্থানীয় বিএনপি, সহযোগী ও অংগ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
হত্যার প্রতিবাদে বারইপাড়া ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে কালো ব্যাচ ধারণ ও বেলা ১১টায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ আসর স্থানীয় আড়পাড়া স্কুল মাঠে নিহতের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বাগেরহাট সদর উপজেলা থেকে বিএনপি নেতা আনিসুর রহমান বাদল মোড়ল ও আব্দুল্লাহ মোড়ল ভ্যানযোগে ফকিরহাট যাচ্ছিলেন। এ সময় মূলঘর ইউনিয়নের সোনাখালী গ্রামের নিয়তির মাঠ এলাকায় পৌঁছালে অজ্ঞাত ৭/৮ জনের একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের এলোপাথাড়ি কোপ ও ছুরিকাঘাতে ঘটনাস্থলেই বাদল মোড়লের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আব্দুল্লাহ মোড়লকে স্থানীয়রা উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান চিকিৎসক ডা. সুকান্ত ম-ল।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, নিহত মো. বাদল মোড়লের মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান শুরু করেছে।
জেলা বিএনপি নেতা খান মনিরুল ইসলাম বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচন পরবর্তী সময়ে বারুইপাড়া ইউনিয়নে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সে সময় ১১ জন বিএনপি নেতাকর্মী গুরুতর জখম হয়েছিল। আবারও এই হামলা পূর্ব পরিকল্পনার অংশ কিনা তা খতিয়ে দেখতে আমি পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানাই।

হৃদরোগীদের জন্য সুখবর! কমলো হার্টের রিংয়ের দাম
- ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ.কম।
- আপডেট টাইম : ০৬:২৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
হৃদরোগ চিকিৎসায় ব্যবহৃত হার্টের রিং বা করোনারি স্টেন্টের সর্বোচ্চ খুচরা মূল্য পুনর্নির্ধারণ করেছে সরকার। বেশিরভাগ রিংয়ের দাম পূর্বের তুলনায় ৩ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ প্রায় ৪৮ হাজার টাকা কমানো হয়েছে। ট্যাক্স, ভ্যাট, বিভিন্ন চার্জ, কমিশন এবং আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর যুক্তিসংগত মুনাফা বিবেচনা করে এই মূল্য সংশোধন করা হয়েছে।
বুধবার (১০ জুন) ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোাহাম্মদ আলমগীর হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন নির্ধারিত এই মূল্য অবিলম্বে কার্যকর হবে। স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক গঠিত বিশেষজ্ঞ পরামর্শক কমিটির সিদ্ধান্ত ও সুপারিশের আলোকে এই মূল্য পুনর্নির্ধারণ করা হয়।
বিজ্ঞপ্তিতে মোট ২৯টি আমদানিকারক প্রতিষ্ঠানের বিভিন্ন ব্র্যান্ডের হার্টের রিংয়ের পূর্ববর্তী মূল্য এবং নতুন অনুমোদিত মূল্যের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় দেখা যায়, বেশিরভাগ রিংয়ের দাম পূর্বের তুলনায় ৩ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ ৪৭ হাজার ৮০০ টাকা পর্যন্ত কমানো হয়েছে।
হাসপাতালগুলোর জন্য ঔষধ প্রশাসন অধিদপ্তরের ৪ নির্দেশনা নতুন মূল্য তালিকা প্রকাশের পাশাপাশি দেশের সব কার্ডিয়াক চিকিৎসাসেবা প্রদানকারী হাসপাতালের জন্য ৪টি বিশেষ নির্দেশনা জারি করেছে অধিদপ্তর। সেগুলো হলো- ১. স্টেন্টসমূহের হালনাগাদ মূল্য তালিকা সর্বসাধারণের অবগতির জন্য সংশ্লিষ্ট সব হাসপাতালের নোটিশ বোর্ডে উন্মুক্ত স্থানে প্রদর্শন করতে হবে। ২. সর্বোচ্চ খুচরা মূল্য অনুসরণ করে রিং ক্রয়-বিক্রয় করতে হবে। এটি কোনোভাবেই চিকিৎসা প্যাকেজের অন্তর্ভুক্ত করা যাবে না। ৩. স্টেন্টের নাম, সর্বোচ্চ খুচরা মূল্য এবং উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে রোগীকে পৃথক ক্যাশমেমো দিতে হবে। ৪. অস্ত্রোপচারের পর ব্যবহৃত স্টেন্টের খালি প্যাকেট বাধ্যতামূলকভাবে রোগীকে সরবরাহ করতে হবে।
ঔষধ প্রশাসন অধিদপ্তর জানিয়েছে, দেশের সব কার্ডিয়াক হাসপাতালে হার্টের রিং সরবরাহ এবং তা অনুমোদিত সর্বোচ্চ খুচরা মূল্যে বিক্রি হচ্ছে কি না— তা কঠোরভাবে মনিটরিং করা হবে।
বাজারে বিভিন্ন দামের স্টেন্ট পাওয়া যায়। নতুন তালিকায় সর্বনিম্ন ১৪ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৬৫ হাজার টাকা পর্যন্ত দামের স্টেন্টও রয়েছে।
বাংলাদেশে রিং আসে দেশের বাইরে থেকে। সাধারণত ইউরোপ-আমেরিকা থেকে এগুলো আমদানি করেন ব্যবসায়ীরা। যুক্তরাষ্ট্র ছাড়াও জার্মানি, পোল্যান্ড, সুইজারল্যান্ড, ফ্রান্স, ইতালি, স্পেন, নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ড থেকে রিং আসে বাংলাদেশে। এছাড়া জাপান, দক্ষিণ কোরিয়া ও ভারত থেকেও রিং আমদানি করা হয়।

‘টয় স্টোরি ৫’ প্রিমিয়ারে নজর কাড়লেন টেইলর সুইফট
- বিনোদন ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৬:২৩:১৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
হলিউডে যেন বসেছিল তারার মেলা। বহু প্রতীক্ষিত অ্যানিমেশন ফ্র্যাঞ্চাইজি ‘টয় স্টোরি’র পঞ্চম কিস্তির ওয়ার্ল্ড প্রিমিয়ার ঘিরে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসেছিল তারকাদের মহামিলনমেলা। তবে জমকালো এই আয়োজনের সব আলো কেড়ে নেন পপ সম্রাজ্ঞী টেইলর সুইফট। একেবারে আকস্মিক উপস্থিতিতে ভক্তদের বিস্ময়ে ভাসিয়ে দিয়ে তিনি প্রিমিয়ারের সবচেয়ে বড় চমক হয়ে ওঠেন। আর সেই মুহূর্তে ‘টয় স্টোরি ৫’ ঘিরে দর্শকদের উন্মাদনা যেন পৌঁছে যায় নতুন উচ্চতায়।
শুধু লাল গালিচায় হাঁটাই নয়, মঞ্চে উঠে সরাসরি পারফর্মও করেন তিনি। এই সিনেমার সাউন্ডট্র্যাকের জন্য তৈরি নিজের মৌলিক গান ‘আই নিউ ইট, আই নিউ ইউ’ গেয়ে শোনান সুইফট।
পারফরম্যান্সের সময় তার সঙ্গে মঞ্চে যোগ দেন এই ফ্র্যাঞ্চাইজির কিংবদন্তি সংগীত পরিচালক ও অস্কারজয়ী সুরকার র্যান্ডি নিউম্যান। নিউম্যানের পিয়ানোর সুরে সুইফটের কণ্ঠের মেলবন্ধন উপস্থিত সবাইকে মুগ্ধ করে। শুধু নিজের গানই নয়, এই ফ্র্যাঞ্চাইজির চিরচেনা থিম সং ‘ইউ’ভ গট আ ফ্রেন্ড ইন মি’ গেয়েও হলভর্তি দর্শক মাতান টেলর সুইফট।
ডিজনি ও পিক্সারের ‘টয় স্টোরি ৫’ সিনেমার গল্পে এবার থাকছে আধুনিক প্রযুক্তির ছোঁয়া। প্রিয় চরিত্র উডি (টম হ্যাংকস), বাজ লাইটইয়ার (টিম অ্যালেন) এবং জেসি (জোয়ান কিউস্যাক) সহ পুরো খেলনা দলটিকে এবার এক নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। তাদের ছোট্ট বন্ধু বনির ঘরে আগমন ঘটে লিলি প্যাড (গ্রেটা লি) নামের একটি আধুনিক ট্যাবলেট ডিভাইসের। বনির জন্য আসলে কোনটি ভালো—তা নিয়ে খেলনাদের চিরন্তন ভাবনার বিপরীতে একদম নিজস্ব কিছু আইডিয়া নিয়ে হাজির হয় এই ট্যাবলেটটি। আর এ নিয়েই জমজমাট রূপ নেয় সিনেমার গল্প।
সিনেমাটি পরিচালনা করেছেন একাডেমি পুরস্কার বিজয়ী জনপ্রিয় পরিচালক অ্যান্ড্রু স্ট্যান্টন, যার ঝুলিতে রয়েছে ‘ওয়াল-ই’, ‘ফাইন্ডিং নেমো’ এবং ‘ফাইন্ডিং ডোরি’র মতো মাস্টারপিস। সহ-পরিচালক হিসেবে তার সঙ্গে আছেন কেন্না হ্যারিস। সিনেমাটি প্রযোজনা করেছেন লিন্ডসে কলিন্স। বরাবরের মতোই এর আবহ সংগীতের দায়িত্বে আছেন অস্কারজয়ী র্যান্ডি নিউম্যান, এটি টয় স্টোরি ফ্র্যাঞ্চাইজির কোনো সিনেমায় তার পঞ্চম কাজ।
জমকালো এই প্রিমিয়ারে সিনেমার মূল কণ্ঠশিল্পীরা হাজির হয়েছিলেন। লাল গালিচায় দেখা মেলে টম হ্যাংকস, টিম অ্যালেন, জোয়ান কিউস্যাক, কোনান ও’ব্রায়েন, গ্রেটা লি, ক্রেগ রবিনসন, টনি হেল এবং স্কারলেট স্পিয়ার্সের মতো তারকাদের।

প্রযুক্তিনির্ভর শান্তিরক্ষা মিশনের রূপরেখা দিলেন প্রধানমন্ত্রী
- ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ
- আপডেট টাইম : ০৬:১২:১৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের চ্যালেঞ্জ দিন দিন জটিল ও বহুমাত্রিক হয়ে উঠছে। তাই ভবিষ্যতে বাংলাদেশের শান্তিরক্ষা মিশনগুলোকে আরও আধুনিক, দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর হতে হবে।
মঙ্গলবার (১০ জুন) সকালে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কিংবা আন্তর্জাতিক পরিমণ্ডলে দায়িত্ব পালনের জন্য সরকার সশস্ত্র ও পুলিশ বাহিনীর আধুনিকায়নে পর্যায়ক্রমে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।’
এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালন করতে গিয়ে যারা আত্মত্যাগ করেছেন, আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে সারা বিশ্বের সেই সাহসীদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।
তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষাবাহিনীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে ১৯৮৮ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশের ১৭৫ জন শান্তিরক্ষী শহীদ হয়েছেন। অনেকে আহত হয়েছেন। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। শুধু বাংলাদেশের জন্য নয়, জাতিসংঘ শান্তিরক্ষাবাহিনীর সদস্য হিসেবে শহীদদের এই আত্মদান, যুদ্ধবিরোধী ও শান্তিকামী মানুষের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
তিনি আরও বলেন, তাদের এই আত্মত্যাগ প্রমাণ করে, শুধু মাতৃভূমির স্বাধীনতা, সার্বভৌমত্বই নয় জাতিসংঘের পতাকাতলে শান্তিরক্ষা বাহিনীর সদস্যরা বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো মূল্যে শান্তিরক্ষায় বদ্ধপরিকর।
কিন্তু এ পথ বন্ধুর ছিল জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের শান্তিরক্ষীরা বিশ্বমঞ্চে যে গৌরব ও কৃতিত্ব অর্জন করেছেন, তা সহজ ছিলো না। শত প্রতিকূলতা, সীমাবদ্ধতা এবং কঠিন চ্যালেঞ্জের মধ্য দিয়ে এই মহান ও মানবিক দায়িত্ব পালন করতে হয়েছে তাদের।
শান্তিরক্ষীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, পরিবার-পরিজন থেকে দূরে থেকে একটি প্রতিকূল পরিবেশে আপনারা নিষ্ঠা, সাহস ও পেশাদারিত্বের সঙ্গে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় দায়িত্ব পালন করছেন। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় আপনাদের এই অবদানের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।
অনুষ্ঠানের শুরুতেই ভিডিওচিত্রের মাধ্যমে জাতিসংঘের শান্তি মিশনে দেশের সামরিক বাহিনীর অবদান তুলে ধরা হয়। একইসঙ্গে শহীদ হওয়া শান্তিরক্ষীদের পরিবার ও আহতদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, এ পর্যন্ত বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও পুলিশের ২ লাখেরও বেশি শান্তিরক্ষী বিশ্বের ৪৩ টি দেশের প্রায় ৬৩ টি শান্তিরক্ষা মিশনে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে প্রায় ৫ হাজার ৮৬০ বাংলাদেশি বিশ্বের বিভিন্ন প্রান্তে ১০ টি শান্তিরক্ষা মিশনে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে চলেছেন। হাইতিতে নতুন একটি মিশনে যোগ দেয়ারও প্রস্তুতি চলছে।
তিনি বলেন, পুরুষের পাশাপাশি বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও পুলিশের প্রায় ১১ শতাংশ নারী সদস্য সাহসের সঙ্গে যুদ্ধবিধ্বস্ত এলাকায় শান্তি প্রতিষ্ঠায় সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন। কিন্তু বিশ্ব শান্তি রক্ষায় আমাদের এই গৌরবের ইতিহাস একদিনে রচিত হয়নি। প্রায় চার দশক ধরে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সশস্ত্রবাহিনী একটি আস্থা ও নির্ভরতার নাম।
সশস্ত্রবাহিনী একটি দেশের স্বাধীনতা, সম্মান ও সাহসের প্রতীক জানিয়ে তারেক রহমান বলেন, বাংলাদেশের জন্মযুদ্ধে সেনাবাহিনীর ভূমিকা ছিল ঐতিহাসিক। সেনাবাহিনীর একজন মেজর বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই গৌরব ও অহংকার আমাদের সশস্ত্রবাহিনীর জন্য অনন্ত প্রেরণার উৎস। তাই এই গৌরব যেন কোনোভাবেই ম্লান না হয় সেটি রক্ষা করা সশস্ত্রবাহিনীর কর্তব্য।
তিনি বলেন, তবে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে, দেশে সশস্ত্রবাহিনীর কিংবা সশস্ত্র বাহিনীকে নিয়ে কিছু অপতৎপরতা কখনো কখনো জনমনে বিভ্রান্তি সৃষ্টির কারণ হয়েছে। দেশে বিদেশে সশস্ত্রবাহিনীর ইমেজ বিনষ্ট করতে নানা তৎপরতাও বিদ্যমান ছিল। তবে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে ১৯৭৫ এর সাত নভেম্বর স্বাধীনতার ঘোষকের নেতৃত্বে সেনাবাহিনী ঐক্যবদ্ধভাবে ঘুরে দাঁড়িয়েছিল।
তারেক রহমান বলেন, এরপরও বিভিন্ন সময়ে নানারকম ঘটনায় সশস্ত্রবাহিনীর ঐক্য বিনষ্টের তৎপরতা চলেছে। ২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে সশস্ত্রবাহিনীর ওপর সর্বগ্রাসী আঘাতটি এসেছিল। সেই আঘাতের ফলে বাংলাদেশে কি ঘটেছিলো সেটি আমাদের সবার জানা। তাই, ইউনিফর্মধারী বাহিনীর জন্য প্রধান বার্তাটি হলো, ‘প্রফেশনালিজম, ইউনিটি, ডিসিপ্লিন এবং চেইন অফ কমান্ড’ ছাড়া সম্মান ও মর্যাদার সঙ্গে টিকে থাকা কঠিন।
প্রধানমন্ত্রী বলেন, শুধুই অতীত চর্চা নয় বরং অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে বর্তমানে প্রতিটি রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানের সামনে স্বমহিমায় নিজেদের প্রতিষ্ঠিত করার সুযোগ সৃষ্টি হয়েছে। যারা সশস্ত্রবাহিনীতে দায়িত্ব পালন করছেন অথবা সরকারে বা জনপ্রশাসনে রয়েছেন, আমরা সবাই বাংলাদেশের নাগরিক। আমরা দেশে বা বিদেশে যেখানে যে দায়িত্ব পালন করছি, সেই দায়িত্বটি যথাযথভাবে পালন করাই হোক আজকের দিনে আমাদের অঙ্গীকার।
বর্তমান বিশ্ব এক জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে তারেক রহমান বলেন, পরিবর্তিত ভূ-রাজনৈতিক সমীকরণ ও প্রযুক্তির দ্রুত বিবর্তনের ফলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের চ্যালেঞ্জগুলো এখন অনেক বেশি বহুমুখী ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রথাগত যুদ্ধের পাশাপাশি সাইবার যুদ্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার, মিডিয়া অপপ্রচার এবং জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট নিরাপত্তা সংকট বিশ্বশান্তির নতুন অন্তরায়।
বাংলাদেশ সব সময় স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং পারস্পরিক রাষ্ট্রীয় মর্যাদার নীতিতে বিশ্বাসী উল্লেখ করে তিনি বলেন, ‘তাই আমাদের ভবিষ্যৎ মিশনগুলো হতে হবে আরও আধুনিক, দূরদর্শী এবং প্রযুক্তিনির্ভর। এমন পরিস্থিতিতে, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কিংবা আন্তর্জাতিক পরিম-লে দায়িত্ব পালনের জন্য সশস্ত্র ও পুলিশ বাহিনী আধুনিক করতে সরকার পর্যায়ক্রমিকভাবে উদ্যোগ বাস্তবায়ন করছে।’
প্রধানমন্ত্রী বলেন, আমাদের সংবিধানে বিশ্বশান্তি, আন্তর্জাতিক সহাবস্থান ও ন্যায়বিচারের প্রতি যে অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে, আমরা তা বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। বাংলাদেশ যে কোনো আগ্রাসন ও সংঘাতের বিরুদ্ধে একটি নিরাপদ ও শান্তিময় পৃথিবী গড়ে তুলতে বহুপাক্ষিক কূটনীতি ও জাতিসংঘ সনদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল।
তিনি বলেন, বাংলাদেশের শান্তিরক্ষীরা তাদের আন্তরিকতা, কর্তব্যবোধ এবং পেশাদারিত্বের গৌরবোজ্জ¦ল দৃষ্টান্ত বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করেছে। শান্তিরক্ষা মিশনের প্রতিটি সদস্য বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলাদেশের প্রতিনিধি, দেশের মান-সম্মানের বাহক। আশা করি, আগামী দিনেও যারা আন্তর্জাতিক অঙ্গনে দায়িত্ব পালন করতে বিভিন্ন দেশে যাবেন, তারা একইভাবে বিশ্ব দরবারে বাংলাদেশের সুনাম সমুন্নত রাখবেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রমুখ।
অনুষ্ঠানে মন্ত্রী পরিষদের সদস্য, সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানসহ সশস্ত্রবাহিনীর কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং বিভিন্ন দেশের কূটনৈতিকগণ উপস্থিত ছিলেন।
প্রতিবছর বিশ্বব্যাপী ২৯ মে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হয়। কিন্তু এবার বাংলাদেশে পবিত্র ঈদুল আজহার ছুটি থাকায় রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আজ ১০ জুন এটি পালিত হচ্ছে।


ক্রীড়া ডেস্ক। জনতারকণ্ঠ.কম। 



















































2 thoughts on “বাংলাদেশ পেসারদের আগুনঝড়া বোলিংয়ে কাঁপছে টিম অস্ট্রেলিয়া”