বিক্রি বেড়েছে সামান্য। অথচ মুনাফা বেড়েছে প্রায় দ্বিগুণ। এই মুনাফা বৃদ্ধির পেছনে রয়েছে আগের দুই অর্থবছরের কর আয় চলতি বছরের হিসাবে যুক্ত করার বিষয়টি। পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস ২০২৪-২৫ অর্থবছরে ২ কোটি ২৩ লাখ ৭০ হাজার টাকা বিলম্বিত কর আয় দেখিয়েছে। এর মধ্যে ১ কোটি ৬০ লাখ ৯৮ হাজার টাকাই আগের দুই অর্থবছরের। অর্থাৎ অতীতের কর আয় চলতি বছরের হিসাবে যুক্ত করে মুনাফা বাড়ানো হয়েছে। শুধু তা-ই নয়, ৫১৭ কোটি ৫০ লাখ টাকার পুনর্মূল্যায়িত জমির বিপরীতে নতুন আয়কর আইন অনুযায়ী কর দায় হিসাব না করার বিষয়েও আপত্তি জানিয়েছেন নিরীক্ষক। কোম্পানিটির শেয়ারবাজারে বিনিয়োগ থেকেও হয়েছে বড় লোকসান। সব মিলিয়ে কোম্পানিটির আর্থিক প্রতিবেদন ও বিনিয়োগ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে। সোনালী পেপারের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় এসব তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে কোম্পানিটির নিট বিক্রি হয়েছে ২৮২ কোটি ৬৬ লাখ টাকা। আগের অর্থবছরে বিক্রি ছিল ২৭৮ কোটি ৫ লাখ টাকা। অর্থাৎ বিক্রি বেড়েছে মাত্র ১ দশমিক ৬৬ শতাংশ। বিপরীতে কর-পরবর্তী নিট মুনাফা ১২ কোটি ৪৮ লাখ টাকা থেকে বেড়ে হয়েছে ২৩ কোটি ৬১ লাখ টাকা। এক বছরে মুনাফা বেড়েছে ৮৯ দশমিক ১৫ শতাংশ। শেয়ারপ্রতি আয়ও (ইপিএস) ৩ টাকা ৭৯ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭ টাকা ১৭ পয়সায়। মুনাফার এই অস্বাভাবিক বৃদ্ধির পেছনে হিসাবে অসংগতি পেয়েছে বিধিবদ্ধ নিরীক্ষক প্রতিষ্ঠান ম্যাবস অ্যান্ড জে পার্টনার্স। এ কারণে প্রতিষ্ঠানটি কোয়ালিফায়েড ওপিনিয়ন দিয়েছে।
নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, আয়কর আইন, ২০২৩-এর তৃতীয় তফসিল অনুযায়ী অবচয়ের হারে পরিবর্তনের কারণে বিলম্বিত কর আয়ের সৃষ্টি হয়েছে। এই পরিবর্তন ২০২২-২৩ অর্থবছর থেকেই কার্যকর ছিল; কিন্তু কোম্পানিটি আগের দুই অর্থবছরে তা সমন্বয় করেনি। বরং ২০২৪-২৫ অর্থবছরে এককালীন ২ কোটি ২৩ লাখ ৭০ হাজার ২৬৫ টাকা বিলম্বিত কর আয় হিসেবে দেখিয়েছে। এর মধ্যে ২০২২-২৩ ও ২০২৩-২৪ অর্থবছরের আয় ১ কোটি ৬০ লাখ ৯৮ হাজার ৮৮ টাকা। অর্থাৎ আগের দুই অর্থবছরের কর-সংক্রান্ত সুবিধা চলতি অর্থবছরের হিসাবে যুক্ত হয়েছে। এতে চলতি অর্থবছরের মুনাফা বেড়েছে। নিরীক্ষকের আপত্তি মূলত এই হিসাবের সময়কাল ও উপস্থাপন নিয়ে।
সোনালী পেপারের পুনর্মূল্যায়িত জমির বিপরীতে কর হিসাবেও অসংগতি পেয়েছেন নিরীক্ষক। নতুন আয়কর আইন, ২০২৩ অনুযায়ী মূলধনী মুনাফার ওপর করের হার ৪ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে; কিন্তু কোম্পানিটি প্রায় ৫১৭ কোটি ৫০ লাখ টাকার পুনর্মূল্যায়িত জমির বিপরীতে আগের ৪ শতাংশ হারেই কর দায় হিসাব করেছে।
আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, নতুন আইন অনুযায়ী ১৫ শতাংশ হারে কর হিসাব করলে প্রায় ৫৬ কোটি ৯২ লাখ টাকার অতিরিক্ত বিলম্বিত কর দায় তৈরি হতো। আন্তর্জাতিক হিসাবমান আইএএস ১২ অনুযায়ী, এ ধরনের বিলম্বিত কর পুনর্মূল্যায়ন সঞ্চিতির (রিভ্যালুয়েশন রিজার্ভ) বিপরীতে সমন্বয় হওয়ার কথা। ফলে এই দায় হিসাবভুক্ত হলে কোম্পানিটির শেয়ারহোল্ডারদের ইকুইটি ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্যে (এনএভি) প্রভাব পড়ত।
একদিকে আগের দুই বছরের কর আয় চলতি বছরের মুনাফায় যুক্ত হয়েছে, অন্যদিকে জমির বিপরীতে বাড়তি কর দায় হিসাব করা হয়নি। এতে কোম্পানিটির প্রকৃত আর্থিক অবস্থার প্রতিফলন নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
কাগজ উৎপাদনের পাশাপাশি শেয়ারবাজারেও বড় অঙ্কের বিনিয়োগ করেছে সোনালী পেপার। তবে সেই বিনিয়োগ থেকে লাভের বদলে লোকসান গুনতে হয়েছে কোম্পানিটিকে। ২০২৪-২৫ অর্থবছরে বিভিন্ন কোম্পানির শেয়ার কেনাবেচা করে প্রতিষ্ঠানটির প্রকৃত বা রিয়েলাইজড লোকসান হয়েছে ৭ কোটি ১১ লাখ ৩৫ হাজার ১০৮ টাকা। বিভিন্ন মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসে থাকা শেয়ার পোর্টফোলিওর মোট ক্রয়মূল্য ছিল ২০ কোটি ৪৩ লাখ ৫৪ হাজার টাকা। ২০২৫ সালের ৩০ জুন শেষে এসব শেয়ারের বাজারমূল্য কমে দাঁড়ায় ৬ কোটি ৮৬ লাখ ৯১ হাজার টাকায়। এতে পোর্টফোলিওতে অনাদায়ি বা আনরিয়েলাইজড লোকসান দাঁড়িয়েছে ১৩ কোটি ৫৬ লাখ ৬২ হাজার টাকা।
এই লোকসানের বড় অংশই এসেছে আইপিডিসি ফাইন্যান্সে বিনিয়োগ থেকে। কোম্পানিটি প্রতিষ্ঠানটির ২৯ লাখ ১৭ হাজার শেয়ার কিনেছিল। এসব শেয়ারে অনাদায়ি লোকসান হয়েছে ১২ কোটি ৮৪ লাখ টাকা। এ ছাড়া শেয়ার কেনাবেচায় মার্জিন ঋণের বিপরীতে বছরজুড়ে প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা সুদ ও ফি দিতে হয়েছে।
সোনালী পেপারের মালিকানার বড় অংশ একটি পরিবারের নিয়ন্ত্রণে। কোম্পানিটির মোট ৩ কোটি ২৯ লাখ ৪৫ হাজার শেয়ারের মধ্যে ৬৭ দশমিক ৪৯ শতাংশের মালিক চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, তার স্ত্রী ও ব্যবস্থাপনা পরিচালক মাহফুজা ইউনুছ এবং তাদের বড় ছেলে ও পরিচালক মোহাম্মদ জাভেদ নোমান। এর মধ্যে পরিচালক জাভেদ নোমান নিজের মালিকানাধীন ২৫ লাখ ৮৫ হাজার শেয়ার তিনটি ব্যাংকে বন্ধক রেখেছেন। এর মধ্যে মধুমতি ব্যাংকে ৫ লাখ ৮৫ হাজার, এনআরবি ব্যাংকে ৮ লাখ এবং মিডল্যান্ড ব্যাংকে ১২ লাখ শেয়ার লিয়েন রাখা হয়েছে। এসব শেয়ার জামানত রেখে তিনি ব্যক্তিগত ঋণসুবিধা নিয়েছেন।
কর ও গ্যাস বিল নিয়ে দীর্ঘদিন ধরে আইনি বিরোধে রয়েছে সোনালী পেপার। দুই খাতে কোম্পানিটির সম্ভাব্য দায় দাঁড়িয়েছে ৩১ কোটি ৪৭ লাখ টাকা। এর মধ্যে ১৯৯৬ সাল থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে ১৯ কোটি ৯ লাখ টাকার শুল্ক নিয়ে বিরোধ চলছে। অন্যদিকে ২০০৬ সাল থেকে তিতাস গ্যাসের প্রায় ১২ কোটি ৩৮ লাখ টাকা বকেয়া বিল নিয়ে মামলা চলছে। বছরের পর বছর ধরে আদালতে বিচারাধীন এসব দায়ের বিপরীতে কোম্পানিটি কোনো আর্থিক সংস্থান বা প্রভিশন রাখেনি।
সার্বিক বিষয়ে বক্তব্য জানতে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলসের কোম্পানি সচিব মো. রাশেদুল হোসাইনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পরে জানাবেন বলে জানান। এর দুই দিন পর আবার যোগাযোগ করা হলে তিনি কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তার (সিএফও) সঙ্গে কথা বলে এ বিষয়ে জবাব দেবেন বলে জানান এবং এ জন্য এ প্রতিবেদকের কাছে সময় চান। তবে এরপর এক সপ্তাহ পেরিয়ে গেলেও মো. রাশেদুল হোসাইনের কোনো সাড়া মেলেনি।
জনতার কণ্ঠ/এসএ

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 



















