সিরাজগঞ্জের বেলকুচিতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি ও সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন বড়ধুল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আয়নাল হক প্রামানিক। মঙ্গলবার দুপুরে বেলকুচি প্রেসক্লাবে বড়ধুল ইউনিয়ন পরিষদের সদস্যদের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আয়নাল হক প্রামানিক অভিযোগ করেন, গত রোববার বড়ধুল ইউনিয়ন পরিষদের আওতায় দুস্থ ও অসহায় মানুষের মধ্যে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ করা জিআর চাল বিতরণের সময় সাংবাদিক পরিচয়ে ৮-১০ জন ব্যক্তি তাঁর কাছে আসেন। তাঁদের মধ্যে রেজাউল নামের এক ব্যক্তি তাঁকে একজনকে চালের দ্বিগুণ স্লিপ দেওয়ার অভিযোগ করেন।
আয়নাল হক প্রামানিকের দাবি, এ সময় রেজাউল তাঁকে বলেন, ৩০ হাজার টাকা না দিলে তাঁর বিরুদ্ধে পেজ ও ফেসবুকে ভিডিও প্রকাশ করে মানহানি করা হবে।
তিনি বলেন, চাল বিতরণ সরকারের নিযুক্ত ট্যাগ অফিসারের মাধ্যমে হওয়ায় তিনি তাঁদের অভিযোগের বিষয়ে কথা বলেন। তবে রেজাউল টাকা দাবিতে অনড় থাকেন এবং টাকা না দিলে মানহানির হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি।
প্যানেল চেয়ারম্যান আরও বলেন, তিনি কোনো অবৈধ কাজের সঙ্গে জড়িত নন বলে জানানোর পরও তাঁকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়। একপর্যায়ে সামাজিক অবস্থানের কথা বিবেচনা করে রেজাউল ও তাঁর সহযোগী সারোয়ারকে মানুষের কাছ থেকে ধার করে ১০ হাজার টাকা দেন। টাকা নেওয়ার পর তাঁরা ঘটনাস্থল ত্যাগ করেন বলে দাবি করেন তিনি।
আয়নাল হক প্রামানিক বলেন, পরে লোকমুখে জানতে পারেন, রেজাউল টাকা নিয়ে তাঁর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার চালিয়েছেন। বিষয়টি জানার পর তিনি রেজাউলকে ফোন করলে তিনি বলেন, দাবিকৃত টাকা দিলে এমনটি করা হতো না।
সংবাদ সম্মেলনে আয়নাল হক প্রামানিক অভিযুক্ত রেজাউলের শাস্তি দাবি করেন। পাশাপাশি তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের আগে রেজাউল আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন এবং আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মমিন মন্ডলের বাসায় যাতায়াত করতেন। বর্তমানে বিএনপির নাম ব্যবহার করে তিনি চাঁদাবাজি করছেন বলেও অভিযোগ করেন আয়নাল হক।
তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ডে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। বিএনপির নাম ভাঙিয়ে যাতে কেউ চাঁদাবাজি করতে না পারে, সে বিষয়ে সংসদ সদস্য ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে মিথ্যা ও মানহানিকর দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে বড়ধুল ইউনিয়ন বিএনপির সাবেক সদস্যসচিব আবুতাহের লাবলু, বিএনপি নেতা মফিজ উদ্দিন, জেলহক, শাহান তালুকদার, সুমন শেখসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 




















