চট্টগ্রামের বোয়ালখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই দিনে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা কিশোর ভঞ্জ (৪৬) ওরফে টিটু মেম্বারকেও গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে বোয়ালখালী থানা এলাকায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে তিন তরুণকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন মো. নুরুল আমিনের ছেলে মো. আদিব আওশাব (২১), আবু হানিফের ছেলে সিকান্দার বাদশা (২৩) এবং মো. খোরশেদ আলমের ছেলে শাহেদুল আলম ওরফে শাহেদ (২১)।
গ্রেপ্তার তিনজনের বাড়ি উপজেলার পশ্চিম শাকপুরা এলাকায়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর বলেন, কিশোর গ্যাংবিরোধী অভিযান চালানোর পর গ্রেপ্তার হওয়া তিনজনের রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়টি জানা যায়। তাঁরা ছাত্রলীগের কর্মী এবং শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে একত্রিত হয়েছিলেন।
তিনি আরও বলেন, একই দিনে পটিয়া থানা পুলিশ কিশোর ভঞ্জ ওরফে টিটু মেম্বারকে গ্রেপ্তার করে। পরে তাঁকে বোয়ালখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
নথি সূত্রে জানা গেছে, কিশোর ভঞ্জ (৪৬) বোয়ালখালী উপজেলার ৬ নম্বর পোপাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি বোয়ালখালী থানায় দায়ের করা একটি বিস্ফোরক মামলার আসামি।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

আরিফুল ইসলাম, বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 



















