চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশের বিশেষ অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গত রাতে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের খিতাপচর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বোয়ালখালী থানার একটি দল রাতের নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, সারোয়াতলী ইউনিয়নের খিতাপচর এলাকার একটি পরিত্যক্ত দোকানে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছেন।
সংবাদের সত্যতা যাচাই করে রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পালানোর চেষ্টাকালে দুজনকে আটক করা হয়। তাঁরা হলেন পূর্ব খিতাপচর এলাকার মৃত জালাল আহমদের ছেলে শাফিউল আলম খোকন (৫২) এবং পশ্চিম খিতাপচর এলাকার মো. মিয়ার ছেলে মো. শাহিন (৪৫)।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে আটক খোকনের পরিহিত প্যান্টের ডান পকেটে থাকা একটি নীল রঙের পলিপ্যাকেট থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা বিভিন্ন উৎস থেকে কম দামে ইয়াবা কিনে এনে এলাকায় বেশি দামে বিক্রির কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বোয়ালখালী থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আরিফুল ইসলাম, বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 



















