নরসিংদী সদর উপজেলার মাধবদী পৌরসভা এলাকায় অবৈধ গ্যাসসংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৯২টি সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় সাতটি মামলা দায়ের করে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি বকেয়া গ্যাস বিল বাবদ আরও ৩ লাখ ৫০ হাজার টাকা আদায় করা হয়।
বুধবার (৯ সেপ্টেম্বর) মাধবদী পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল।
বাংলাদেশ গ্যাস আইন, ২০১০-এর আওতায় পরিচালিত অভিযানে অবৈধ গ্যাসসংযোগ ব্যবহার ও আইন অমান্যের অভিযোগে মোট সাতটি মামলা করা হয়। এসব মামলায় অভিযুক্তদের কাছ থেকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান চলাকালে অবৈধভাবে নেওয়া ৯২টি গ্যাসসংযোগ তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট গ্রাহকদের বকেয়া গ্যাস বিলের ৩ লাখ ৫০ হাজার টাকা আদায় করা হয়েছে।
অভিযান শেষে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল বলেন, সরকারি সম্পদের অপব্যবহার রোধ এবং রাষ্ট্রীয় রাজস্বের ক্ষতি প্রতিরোধে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 




















