সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

মৌসুমি বায়ুর প্রভাবে ৬ বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা

দেশের ছয় বিভাগে ভারী বৃষ্টিসহ সাত জেলায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২৬ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

খুলনা, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা ও লক্ষ্মীপুর জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এদিকে আজ দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া দেশের অন্যান্য অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম, উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

মেক্সিকোতে বেজক্যাম্প গড়বে ইরান

আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ইরানের বেজক্যাম্প হিসেবে নিজেদের দেশ ব্যবহারের অনুমোদন দিয়েছে মেক্সিকো।

মঙ্গলবার (২৬ মে) প্রকাশিত আন্তর্জাতিক গণমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়, বিশ্বকাপের গ্রুপ পর্বে ইরানের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ওয়াশিংটন টুর্নামেন্ট চলাকালে পুরো ইরানি দলকে দেশে অবস্থানের অনুমতি দিতে আগ্রহ দেখায়নি।

এই পরিস্থিতি সামাল দিতে ফিফা সরাসরি মেক্সিকো সরকারের সঙ্গে যোগাযোগ করে। এ বিষয়ে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেনবাম বলেন, ইরান দলকে মেক্সিকোতে থাকার সুযোগ না দেওয়ার কোনো বাস্তব কারণ নেই।

এরই মধ্যে ইরানের প্রধান মেহদি তাজ জানিয়েছেন, দলের পূর্বনির্ধারিত বেজক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে সরিয়ে সীমান্তবর্তী শহর টিজুয়ানায় নেওয়া হচ্ছে। তার মতে, ভিসা সংক্রান্ত জটিলতা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন পরিকল্পনা অনুযায়ী, ইরানি ফুটবলাররা বিশেষ ফ্লাইটে সরাসরি মেক্সিকোতে পৌঁছাবেন এবং সেখান থেকে ম্যাচ খেলার জন্য যাতায়াত করবেন।

মুসলিম উম্মাহর ঐক্যের আহ্বান হজের খুতবায়

‘লাব্বায়িক আল্লাহুম্মা লাব্বায়িক’ ধ্বনিতে মুখরিত পবিত্র আরাফার ময়দানে লাখো হাজির উপস্থিতিতে হজের মূল খুতবা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) বাংলাদেশ সময় বিকাল ৩টা ২০ মিনিটের দিকে খুতবা পাঠ শুরু করেন মসজিদে নববীর ইমাম শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুদাইফি।

মক্কার মসজিদে নামিরা থেকে প্রদত্ত এই খুতবায় বিশ্ব মুসলিম উম্মাহকে পারস্পরিক ঐক্য, সংহতি এবং ভ্রাতৃত্ব বজায় রাখার উদাত্ত আহ্বান জানান তিনি।

খুতবায় হজের আধ্যাত্মিক ও সামাজিক তাৎপর্য তুলে ধরে শায়খ আলী বিন আবদুর রহমান বলেন, হজ হলো বিশ্বজুড়ে মুসলমানদের মধ্যে পারস্পরিক পরিচয়, সম্প্রীতি এবং সহযোগিতার এক অনন্য প্রতিফলন। মুসলিম উম্মাহকে কঠিন সময়ে ধৈর্য ধারণ করা, ঐক্যবদ্ধ থাকা এবং আল্লাহর প্রতি গভীর আনুগত্য প্রদর্শনের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

জনসমুদ্রের উদ্দেশে ইমাম বলেন, হে মানুষ, আল্লাহকে ভয় করো, কারণ তাকওয়া অর্জনের মাধ্যমেই বান্দা পরকালে মুক্তি লাভ করতে পারে। তিনি আরও বলেন, পরকালের শ্রেষ্ঠ প্রস্তুতি হলো একত্ববাদ (তৌহিদ) এবং শুধুমাত্র আল্লাহর ইবাদত করা। সেই সঙ্গে তিনি হাজিদের সততা বজায় রাখা এবং মিথ্যাচার ও গিবত থেকে দূরে থাকার নসিহত করেন।

এ সময় মুসলিম উম্মাহর সার্বিক অবস্থার উন্নতি এবং হাজিদের ইবাদত কবুল করার জন্য বিশেষ মোনাজাত করা হয়। শেখ হুদাইফি দোয়া করেন, ‘হে আল্লাহ, হাজিদের দোয়া ও ইবাদত কবুল করুন, তাদের জন্য সবকিছু সহজ করে দিন এবং তাদের নিরাপদে নিজ নিজ দেশে ফেরার তৌফিক দান করুন।’

খুতবা সমাপ্ত হওয়ার পর হাজিরা মসজিদে নামিরায় একত্রে জোহর ও আসরের নামাজ আদায় করেন। এরপর হজের পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে তারা মিনার উদ্দেশ্যে যাত্রা করবেন।

উল্লেখ্য, মসজিদে নামিরা ইসলামের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এখানেই বিদায় হজের ভাষণ দিয়েছিলেন প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)।

ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট

ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ বাড়তে থাকায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ধীরগতিতে চলছে যানবাহন, ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।

মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। দুপুর ১২টার পর থেকে যানজট বাড়তে শুরু করেছে। বিশেষ করে এলেঙ্গা পর থেকে যমুনা সেতুর পূর্বপাড় এলাকায় যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যায়।

উত্তরবঙ্গগামী বাস, ট্রাক ও ব্যক্তিগত গাড়ির অতিরিক্ত চাপের কারণে যান চলাচল বারবার থেমে থাকতে হচ্ছে ৩০ মিনিট থেকে ৪০ মিনিট পর্যন্ত।

চালক ও যাত্রীরা জানান, স্বাভাবিক সময়ে যে পথ পাড়ি দিতে এক থেকে দেড় ঘণ্টা সময় লাগে সেখানে কয়েক ঘণ্টা ধরে যানজটে আটকে থাকতে হচ্ছে। ধীরগতি ও যানজটে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন।

সকালে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক পরিদর্শন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক।

তিনি জানান, মহাসড়কে যাতে কোনো যানজটের সৃষ্টি না হয় সেদিকে সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে।

টাঙ্গাইল পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার জানিয়েছেন, যানজট নিরসনে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে প্রায় এক হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে তদারকি জোরদার করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষায় ৮ জেলায় র‌্যাবের কড়া নিরাপত্তা

ঈদুল আজহা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এবং পশুর হাটে চাঁদাবাজি প্রতিরোধে বরিশালসহ দক্ষিণাঞ্চলের ৮ জেলায় নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব-৮। হাটগুলোতে ওয়াচ টাওয়ার, পেট্রোল এবং টহলসহ বিভিন্ন স্তরে নিরাপত্তা জোরদার করেছে তারা।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে বরিশাল নগরীর দপদপিয়া এলাকায় কীর্তনখোলা সেতুর ঢালে অস্থায়ী পশুর হাট পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে বরিশাল র‌্যাব-৮ অধিনায়ক লে. কর্নেল জোবায়ের এসব কথা জানান।

সংবাদ সম্মেলনে লে. কর্নেল জানান, তাদের দায়িত্বপূর্ণ এলাকা বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, মাদারীপুরসহ আটটি জেলার কোরবানীর পশুর হাটে চাঁদাবাজি ও ক্রেতাদের ভোগান্তি রোধে কন্ট্রোলরুম এবং ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। ড্রোনের মাধ্যমে হাট এলাকা মনিটরিং করা হচ্ছে। জাল টাকা প্রতিরোধে কন্ট্রোল রুমে শনাক্তকরণের জন্য অত্যাধুনিক মেশিন স্থাপন করা হয়েছে।

তিনি আরও জানান, বরিশালসহ আট জেলার ঈদগাহে গোয়েন্দা কার্যক্রমসহ পর্যাপ্ত টহল দলের মাধ্যমে ঈদ জামায়াতের নিরাপত্তা নিশ্চিতকল্পে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মোট ২০ টহল টিম কাজ করছে তাদের।

এছাড়াও বাস ও লঞ্চ টার্মিনাল, শপিং মল এবং শহরের আবাসিক এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হচ্ছে। গুরুত্বপূর্ণ স্থানসমূহে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি এবং নদীতে বোট পেট্রোল পরিচালনা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে র‌্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল জোবায়ের ছাড়াও কোম্পানি কমান্ডাররা উপস্থিত ছিলেন। পরে শহরের বিভিন্ন পশুর হাট এবং বাসস্ট্যান্ড এলাকা পরিদর্শন করেন।

রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ওয়ারেন্টভুক্ত আসামি

সিরাজগঞ্জের রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে সিআর-০৩/২৫ মামলার এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মে ) রায়গঞ্জ থানা পুলিশের একটি দল উপজেলার মনোহরপুর গ্রামে অভিযান পরিচালনা করে শাহজামাল (৪৫) নামে ওই আসামিকে গ্রেপ্তার করে। তিনি মনোহরপুর গ্রামের লালচান আকন্দের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত শাহজামাল দীর্ঘদিন ধরে মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান জানান, আদালতের নির্দেশনা বাস্তবায়নে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, “ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে রায়গঞ্জ থানা পুলিশ সর্বোচ্চ তৎপরতা নিয়ে কাজ করছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”

সারাবাংলা কুষ্টিয়া ব্যুরো অফিসের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় দৈনিক সারাবাংলা ও সারাবাংলা ডট নেট-এর কুষ্টিয়া ব্যুরো অফিসের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৬ মে) দুপুরে কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশন এলাকায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও সারাবাংলার কুষ্টিয়া ব্যুরো প্রধান অ্যাডভোকেট শামিম উল হাসান অপু বলেন, সারাদেশের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন কুষ্টিয়ার গর্ব মরহুম কামরুল ইসলাম সিদ্দিক। তারই সুযোগ্য সন্তান আইসিসি কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সারাবাংলার প্রকাশক ও সম্পাদক সাইফুল ইসলাম সিদ্দিক সাহেবের দিকনির্দেশনায় সারাবাংলা আজ দেশের অন্যতম প্রধান সংবাদমাধ্যমে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র চেষ্টা করেছি। সমাজের বিত্তবান ও বিভিন্ন প্রতিষ্ঠান এভাবে এগিয়ে এলে অসহায় মানুষদের মুখে হাসি ফোটানো সম্ভব হবে।

কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মুজিবুল শেখ বলেন, সারাবাংলার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণের মাধ্যমে একটি মানবিক দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে। এ ধরনের কার্যক্রম সমাজের অন্যদেরও উদ্বুদ্ধ করবে।

সারাবাংলার পাঠক ইঞ্জিনিয়ার মাহমুদ আল হাফিজ বলেন, সারাবাংলা কুষ্টিয়া ব্যুরো অফিসের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানাই। সমাজের সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তাহলে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।

ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে কুষ্টিয়া জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

হিলিতে মাদকসহ গ্রেফতার ২

দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশ পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও নিষিদ্ধ ট্যাফেনটাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
আজ মঙ্গলবার (২৬ মে) বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন।
গ্রেফতারকৃত আসামিদের আজই যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৫ মে) গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর থানার ওসির নির্দেশনায় পুলিশের পৃথক দুটি দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
​পৃথক অভিযানে গ্রেফতারকৃতকরা হলেন, মোঃ আরমান আলী (২৬) উপজেলার বলরামপুর এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। সে বলরামপুর গ্রামের মোঃ আমিরুল ইসলামএর ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।
আরেক আসামি, মোঃ আসাদুজ্জামান বুদা (৪৯) উপজেলার দেবখন্ডা এলাকায় অভিযান চালিয়ে ২৮ পিস মাদকজাতীয় ট্যাবলেট ট্যাফেনটাডলসহ তাকে গ্রেফতার করা হয়। সে দেবখন্ডা গ্রামের মৃত কোবাদ হোসেন ও শেফালী বেওয়ার ছেলে। তার বিরুদ্ধেও একই আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক আরেকটি মামলা দায়ের করা হয়েছে।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানান, এলাকাকে সম্পূর্ণ মাদক মুক্ত রাখতে পুলিশের এই মাদকবিরোধী বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

ফুটবল বিশ্বকাপের মাঠে যেসব প্রযুক্তি বদলে দিচ্ছে খেলা

২০২৬ বিশ্বকাপে এই প্রথম ৪৮টি দল অংশ নিচ্ছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬টি শহরে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। বিশ্বকাপ শুরুর আগে চর্চায় ‘ট্রাইওন্ডা’। এটি বিশ্বকাপের জন্য অ্যাডিডাসের তৈরি অফিসিয়াল বল।

তিন আয়োজক দেশকে সম্মান জানিয়ে তৈরি এই বলে রয়েছে ডিপ-সিম প্রযুক্তি ও ৫০০ হার্ৎজ মোশন সেন্সর। ভিএআর সিদ্ধান্তকে নির্ভুল করতে বলের স্থিতিশীলতা বাড়াবে।

এতে ব্যবহার করা হয়েছে তিন দেশের পতাকার রং-নীল, লাল এবং সবুজ। এই বলে উন্নত ট্র্যাকিং ডিভাইস হিসাবেও কাজ করবে।

সবচেয়ে বড় পরিবর্তন এসেছে বলের ভেতরের প্রযুক্তিতে। এতে একটি অত্যাধুনিক মোশন সেন্সর চিপ বসানো হয়েছে, যা প্রতি সেকেন্ডে প্রায় ৫০০ বার ডেটা সংগ্রহ করতে পারে। ফলে বল কখন, কোথায়, কী গতিতে যাচ্ছে বা কোন খেলোয়াড় সেটিকে স্পর্শ করছে, সব তথ্যই সঙ্গে সঙ্গে পাওয়া যাবে।

সেন্সরটির ওজন মাত্র ১৪ গ্রাম। আগেও ফুটবলে প্রযুক্তি ব্যবহার হয়েছে, তবে এবার তাকে আরও উন্নত করা হয়েছে। এমনভাবে সেন্সরটি বসানো হয়েছে যাতে বলের স্বাভাবিক ওজন, গতি বা বাউন্সে কোনও পরিবর্তন না আসে।

আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো পাওয়ার সিস্টেম। বলের ভেতরের সেন্সর চালু রাখতে ম্যাচ শুরুর আগে এটিকে চার্জ করতে হবে। একবার সম্পূর্ণ চার্জ হলে তা থাকবে ৬ ঘণ্টা পর্যন্ত।

গণপরিবহনে ভাড়া নিয়ে কোনো অনিয়ম নেই: দাবি সেতুমন্ত্রীর

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাড়তি ভাড়া আদায় করছে না গণপরিবহনগুলো এবং মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার (২৬ মে) রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

শেখ রবিউল আলম বলেন, যাত্রীর তুলনায় পরিবহনের সংখ্যা কম থাকায় কিছু সীমাবদ্ধতা রয়েছে। এছাড়া অনেক যাত্রীর চলন্ত গাড়িতে ওঠার প্রবণতার কথাও উল্লেখ করেন মন্ত্রী।

তিনি বলেন, ‘যাত্রীদের হ্যাবিট আছে যে তারা চলন্ত পথে গাড়িতে উঠতে চায়। কোনো যাত্রী সচেতন হয়ে অভিযোগ করলে আমরা ব্যবস্থা নিচ্ছি। সড়কের ওপর পশুর হাট বসানোর অভিযোগ পাওয়া গেছে। কিছু হাটে পশু ও মানুষের চাপ বেশি হওয়ায় সড়ক পর্যন্ত হাট ছড়িয়ে পড়েছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের পশু বিক্রি ও ঈদযাত্রা, এই দুটোই নিরাপদ করতে হবে। দুর্ঘটনা রোধে সরকারের কিছু সীমাবদ্ধতা রয়েছে।’ একইসঙ্গে যাত্রীদেরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘কিছু যাত্রী জীবনের নিরাপত্তার কথা ভাবছেন না। তবে যে কোনো বারের চেয়ে স্বস্তিতে ও নির্দিষ্ট ভাড়ায় মানুষ বাড়ি যাচ্ছে।

আরাফার ময়দানে রাসূলুল্লাহ (সা.)-এর সুন্নাহ অনুযায়ী যোহর ও আসর

হজের খুতবা শেষে আরাফার ময়দানে যোহর ও আসরের নামাজ আদায় করেছেন হাজিরা। মঙ্গলবার (২৬ মে) বাংলাদেশ টাইম বিকাল সাড়ে ৩টার দিকে এ নামাজ পড়েন তারা। এর আগে এদিন ৩ টা ২০ মিনিটের দিকে হজের খুতবা শুরু হয়।

আরাফা ময়দানের নামিরাহ মসজিদ থেকে খুতবা পাঠ করেন শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুদাইফি। চলতি বছরও বাংলাসহ ৫০টি ভাষায় পবিত্র হজের খুতবার অনুবাদ সম্প্রচার করা হয়। এ নিয়ে টানা সপ্তম বারের মতো বাংলা ভাষায় হজের খুতবার অনুবাদ সম্প্রচার হলো।

এ বছর খুতবার বাংলা অনুবাদ কার্যক্রমে ছিলেন ড. মুহাম্মদ খলীলুর রহমান, ড. আ ফ ম ওয়াহিদুর রহমান, মুবিনুর রহমান ফারুক ও নাজমুস সাকিব। তারা সবাই মক্কার উম্মুল কুরা ইউনিভার্সিটিতে বিভিন্ন সময়ে পড়াশোনা করেছেন।

আরবি বর্ষপঞ্জি অনুসারে সৌদিতে আজ ৯ জিলহজ। এটি পবিত্র ‘আরাফা দিবস’ হিসেবেও পরিচিত। ঐতিহাসিক এই ময়দানে দিনব্যাপী ইবাদত বন্দেগি আর দোয়া মোনাজাতে মশগুল হাজিরা। এদিন সকাল থেকে তাদের কণ্ঠে উচ্চারিত হচ্ছে, ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হাম্দা, ওয়ান্নি মাতা লাকা ওয়াল্মুল্ক্, লা শারিকা লাকা’।

সাদা দুই টুকরা কাপড়ে শরীর ঢেকে হজযাত্রীরা মঙ্গলবার মিনায় ফজরের নামাজ আদায়ের পর থেকেই পবিত্র আরাফার ময়দানের উদ্দেশে রওনা করেন। এই ময়দানেই মহানবী হজরত মুহাম্মদ (সা.) তার বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। সেই স্মৃতি বুকে ধারণ করে মুসলিমরা সমবেত হন এই পবিত্র প্রান্তরে।

আজ সৌদির স্থানীয় সময় সূর্যাস্তের পর হাজিরা পরবর্তী গন্তব্য মুজদালিফার উদ্দেশে যাত্রা করবেন। বুধবার (স্থানীয় তারিখ ১০ জিলহজ) পশু কোরবানির মধ্য দিয়ে হজের মূল আনুষ্ঠানিকতা শেষ হবে এবং শুরু হবে ঈদুল আজহা। এরপর হাজিরা কাবা শরিফে বিদায়ী তাওয়াফ সম্পন্ন করে নিজ নিজ দেশে ফিরতে শুরু করবেন

দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগ উঠেছে তুলসীগঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুস শহিদ খানের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত চালের একটি অংশ প্রকৃত উপকারভোগীদের মাঝে বিতরণ না করে তা বিক্রির চেষ্টা করা হয়েছে।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ক্ষেতলাল উপজেলায় মোট ৬ হাজার ৫ শত ৮০ জন দরিদ্র মানুষের বিপরীতে বরাদ্দ দেওয়া হয় ৬৫ দশমিক ৮০ মেট্রিক টন চাল। এর মধ্যে তুলসীগঙ্গা ইউনিয়ন পরিষদে ৮৭৮ জনের বিপরীতে বরাদ্দ দেওয়া হয় ৮ দশমিক ৭৮ মেট্রিক টন চাল। এসব চাল বিতরণের জন্য প্রস্তুত করা ৮৭৮টি কার্ডের মধ্যে ৭৬৩ টি কার্ড ইউপি সদস্য ও স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বণ্টন করা হয়। অপরদিকে প্যানেল চেয়ারম্যান আব্দুস শহিদ খান নিজের জন্য ১১৫ টি কার্ড রেখে দেন।

গত শনিবার (২৩ মে) উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার নির্দেশনায় তুলসীগঙ্গা ইউনিয়ন পরিষদে উপকারভোগীদের মাঝে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। এ সময় আব্দুস শহিদ খান তার অংশের ১১৫ টি কার্ডের মধ্যে ৬৪ টি কার্ডের চাল বিতরণ করলেও বাকি ৫১ টি কার্ড নিজের কাছে রেখে দেন। অভিযোগ রয়েছে, তিনি ওই চাল স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিক্রির পরিকল্পনা করেছিলেন।

বিষয়টি জানাজানি হলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার চাপের মুখে চেয়ারম্যান দাবি করেন, বাকি কার্ডধারীরা ওইদিন উপস্থিত হতে পারেননি এবং তারা পরদিন এসে চাল গ্রহণ করবেন। পরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার নির্দেশে অবশিষ্ট চাল ইউনিয়ন পরিষদের সচিবের জিম্মায় রাখা হয়। একইসঙ্গে পরদিন রবিবার পিআইও অফিসের তত্ত্বাবধানে প্রকৃত কার্ডধারীদের মাঝে চাল বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।

পরদিন রবিবার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের কার্যসহকারী সোহেল রানার উপস্থিতিতে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ১৭ জন ব্যক্তি এসে চাল গ্রহণ করেন। তবে স্থানীয়দের অভিযোগ, চাল গ্রহণকারী ওই ১৭ জন প্রকৃত কার্ডধারী ছিলেন না। তালিকাভুক্ত নামের সঙ্গে তাদের কোনো মিল পাওয়া যায়নি। চেয়ারম্যান নিজেই লোক এনে চাল উত্তোলন করান বলে অভিযোগ ওঠে।

দুপুর ১টার পর আর কোনো কার্ডধারী উপস্থিত না হওয়ায় অবশিষ্ট ৩৬টি কার্ডের চাল স্থানীয় একটি এতিমখানা মাদ্রাসায় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযোগ রয়েছে, কার্যসহকারী সোহেল রানা চলে যাওয়ার পর চেয়ারম্যান আব্দুস শহিদ খান স্থানীয় চাল ব্যবসায়ী গোলাম রসুলকে ডেকে তিন বস্তা চাল বিক্রি করে দেন। এ ঘটনার একটি ভিডিও রেকর্ড প্রতিবেদকের হাতে রয়েছে বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ইউপি সদস্য বলেন, প্যানেল চেয়ারম্যান শহিদ খানের ভাগ ছিলো ৪৫ টা, এরপরও তিনি প্রভাব খাটিয়ে আরও ৭০ টা। বাকিগুলো তিনি কৌশলে বিক্রির পরিকল্পনা করেন। পরে সে অনুযায়ি স্থানীয় চাল ব্যবসায়ী গোলাম রসুলের কাছে বিক্রিও করেন।

এবিষয়ে চাল ব্যবসায়ী গোলাম রসুল বলেন, আমার গরুকে খাওয়ানোর জন্য কয়েকজন মেম্বারের কাছ থেকে কার্ড কিনেছিলাম। সেসব চাল নিতে গেছিলাম।

অভিযুক্ত তুলসীগঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুস শহিদ খান বলেন, সেদিন সব লোকজন শনিবারে আসতে পারেনি পরে রবিবার তাদের দেওয়া হয়েছে। এখনও ১৭ টার মত আছেই। চাল ব্যবসায়ী গোলাম রসুলের কাছে চাল বিক্রির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি কারও কাছে চাল বিক্রি করিনি। উনার কিছু কার্ড কিনা ছিলো সে কার্ডের চাল দিয়েছি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের কার্য সহকারী সোহেল রানা বলেন, আমি সকালে পরিষদে গেলে মাত্র ১৭ জন চাল নিয়ে যান। পরে ১ টা পর্যন্ত সেখানে উপস্থিত থাকলেও আর কেউ না আসায় আমি পিআইও স্যারকে বিষয়টি জানালে তিনি সেসব এতিমখানায় দেওয়ার সিদ্ধান্ত দিলে আমি বাকি চাল চেয়ারম্যানের জিম্মায় রেখে চলে আসি। চলে আসার পরে কি হয়েছে তা বলতে পারবো না।

এবিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুল হক বলেন, ৫১ জন কার্ডধারীরা ওইদিন উপস্থিত হতে পারেননি। এজন্য ৫১ জনের অবশিষ্ট চাল তা ইউনিয়ন পরিষদের সচিবের জিম্মায় রাখা হয়। পরদিন ১৭ জনের চাল দেওয়া হয় এবং বাকি চাল এতিমখানায় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কোনো অনিয়ম হয়ে থাকলে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এবিষয়ে জানতে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা চৌধুরীকে একাধিক কল করা হলেও তিনি রিসিভ করেননি।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ঈদের দিন আবহাওয়ার পূর্বাভাস যা বলছে

ঈদের ছুটিকে সামনে রেখে দেশের আবহাওয়ায় বড় পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঈদুল আজহার দিন দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। সেসঙ্গে কয়েকটি বিভাগে ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে।

সোমবার (২৫ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

একইসঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

এদিকে ঈদের দিন বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ভক্তদের নিয়ে ঈদের নামাজ আদায় করলেন পীর

ফরিদপুরের সদরপুর উপজেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন রামচন্দ্রপুর দরবার শরীফের পীর শাহ্ সুফি মো. রবিন হাসান মোস্তাক।

মঙ্গলবার (২৬ মে) সকাল ১০টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের দরবার শরীফ মসজিদে এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

জামাতে দরবার শরীফের ভক্ত ও আশপাশের ৩০টি পরিবারের মানুষ অংশ নেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দরবার সূত্রে জানা যায়, প্রতি বছরের ন্যায় এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সকাল থেকেই দরবার এলাকায় ভক্তদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রামচন্দ্রপুর দরবার শরীফে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ধর্মীয় উৎসব পালন করা হয়ে থাকে। শান্তিপূর্ণ পরিবেশে ঈদের নামাজ ও আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

দরবারের পীর শাহ্ সুফি মো. রবিন হাসান মোস্তাক কালবেলাকে জানান, আমরা প্রতিবছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করে থাকি। ইসলামী শরিয়তের বিধান অনুসরণ করেই আমাদের এ আয়োজন করা হয়। শান্তিপূর্ণ পরিবেশে ভক্তদের অংশগ্রহণে এবারও ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ব্যতীত ৪০ দেশের নাগরিকদের জন্য ফ্রি ভিসা দেবে শ্রীলঙ্কা

পর্যটন খাতকে আরও চাঙা করতে ৪০ দেশের নাগরিকদের জন্য বিনামূল্যে ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কা। সোমবার (২৫ মে) থেকে নতুন এই সুবিধা কার্যকর হয়েছে।

শ্রীলঙ্কার ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) ব্যবস্থার আওতায় পর্যটকরা অন-অ্যারাইভাল ফ্রি ভিসা পাবেন। তবে দেশটিতে ভ্রমণের আগে অনলাইনে ইটিএ অনুমোদন নিতে হবে।

নতুন এই সুবিধার আওতায় ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, সৌদি আরব, মালয়েশিয়াসহ ৪০ দেশের নাগরিকরা ৩০ দিনের ফ্রি ট্যুরিস্ট ভিসা পাবেন। এই ভিসায় ৩০ দিনের মধ্যে দুইবার শ্রীলঙ্কায় প্রবেশ করা যাবে।

শ্রীলঙ্কা সরকার জানিয়েছে, কেউ যদি ৩০ দিনের বেশি থাকতে চান, তাহলে ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করতে হবে এবং নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।

এদিকে মালদ্বীপের নাগরিকরা দ্বিপক্ষীয় চুক্তির আওতায় ৯০ দিনের ট্যুরিস্ট ভিসা সুবিধা পাবেন।

পর্যটক বাড়ানো ও দেশের অর্থনীতি শক্তিশালী করতেই এই উদ্যোগ নিয়েছে শ্রীলঙ্কা।

এই ৪০ দেশের নাগরিকরা এই সুবিধা পাবেন

অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বাহরাইন, বেলারুশ, বেলজিয়াম, কানাডা, চীন, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, ইসরায়েল, ইতালি, জাপান, কাজাখস্তান, কুয়েত, মালয়েশিয়া, নেপাল, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নরওয়ে, ওমান, পাকিস্তান, পোল্যান্ড, কাতার, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, থাইল্যান্ড, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।

সেবার অঙ্গীকারে ভদ্রঘাট ইউনিয়নে আলোচনায় রুহুল আমিন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ১ নং ভদ্রঘাট ইউনিয়নে বইছে নির্বাচনী আমেজ। পরিবর্তন, উন্নয়ন ও জনসেবার প্রত্যাশায় স্থানীয়দের আলোচনায় উঠে এসেছেন বিশিষ্ট ক্রীড়াপ্রেমী ও ক্রীড়াবিদ মোঃ রুহুল আমিন। ক্ষমতার প্রতিযোগিতার চেয়ে মানুষের সেবাকেই তিনি নিজের মূল লক্ষ্য হিসেবে তুলে ধরছেন।
ভদ্রঘাট ইউনিয়নের নান্দিনা কামালিয়া গ্রামের কৃতী সন্তান রুহুল আমিন দীর্ঘদিন ধরে ব্যবসার পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিয়ে আসছেন। একজন ক্রীড়াবিদ হিসেবে এলাকায় তার রয়েছে ব্যাপক পরিচিতি ও সুনাম। সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক এবং বিভিন্ন সামাজিক উদ্যোগে অংশগ্রহণের কারণে ইতোমধ্যেই তিনি ইউনিয়নজুড়ে একটি ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলেছেন।
রাজনৈতিক ও সামাজিক অভিজ্ঞতার অংশ হিসেবে তিনি এর আগে ভদ্রঘাট ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার তিনি ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, উন্নয়ন, স্বচ্ছতা ও জনসেবামূলক কর্মকাণ্ডের প্রতিশ্রুতির কারণে রুহুল আমিন এখন ইউনিয়নের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। অনেকেই মনে করছেন, তিনি নির্বাচিত হলে ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।
এ বিষয়ে মোঃ রুহুল আমিন বলেন, “আমি কোনো ক্ষমতার জন্য নির্বাচন করতে চাই না। আমি চাই ভদ্রঘাট ইউনিয়নের মানুষের পাশে থেকে তাদের একজন সেবক হিসেবে কাজ করতে। মানুষের আস্থা ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। জনগণ সুযোগ দিলে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে একটি আধুনিক ইউনিয়ন গড়ে তুলবো।”

ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূতি হয়েছে। মঙ্গলবার (২৬ মে) বেলা ১১টা ৪১ মিনিটের দিকে এই ভূকম্পন অনুভূত হয়।

ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমসিএস) এরই মধ্যে বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানায়, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৬।

বাংলাদেশ ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের পেশাগত সহকারী নিজাম উদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ময়মনসিংহের ভালুকার আমতলীতে ৩ দশমিক ৪ মাত্রার একটি মৃদু কম্পন হয়েছে। ঢাকা থেকে স্থানটি ৬১ কিমি উত্তরে অবস্থিত।

কোরবানির পশুর হাটে মহিষের আক্রমণে ২ জনের মৃত্যু

জামালপুরের দেওয়ানগঞ্জে কোরবানির পশুর হাটে মহিষের আক্রমণে দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন চারজন।

সোমবার (২৫ মে) রাতে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মজিবুর রহমান নামের এক মারা যান। এর আগে রোববার (২৪ মে) উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী কোরবানির পশুর হাটে একটি মহিষের আক্রমণে রুহুল আমিন নামের আরেকজন মারা যান।

মজিবুর রহমান সানন্দবাড়ী এলাকার চর মাদার গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে। রুহুল আমিন রাজিবপুর উপজেলার জাউনিয়ার কড়াইডাঙ্গীপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার স্থানীয় আকন্দপাড়া গ্রামের এক ব্যক্তি বিক্রির উদ্দেশ্যে কয়েকটি মহিষ নিয়ে সানন্দবাড়ী হাটে আসেন। হাটে আনার পর একটি মহিষ হঠাৎ উত্তেজিত হয়ে ওঠে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একপর্যায়ে মহিষটি হাটজুড়ে ছোটাছুটি শুরু করে এবং সামনে থাকা লোকজনকে আক্রমণ করতে থাকে।

মহিষের আক্রমণ থেকে বাঁচতে হাটে থাকা মানুষজন আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করেন। এ সময় রাজিবপুর উপজেলার জাউনিয়ার কড়াইডাঙ্গীপাড়া গ্রামের রুহুল আমিনসহ অন্তত ছয়জন আহত হন। গুরুতর আহত রুহুল আমিনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

অপরদিকে গুরুতর আহত মজিবুর রহমানকে প্রথমে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় তিনি মারা যান।

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, হঠাৎ মহিষের আক্রমণে আহত মজিবুর রহমান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত দুইজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এছাড়া এই ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। হাট কর্তৃপক্ষ জানিয়েছে, এটা নিতান্তই দুর্ঘটনা। তবে অভিযোগ পেলে আইনগত বিষয় খতিয়ে দেখা হবে।

বৈরী আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

কালবৈশাখী ঝড়, বৈরী আবহাওয়া এবং পদ্মা নদীতে প্রচণ্ড স্রোতের কারণে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সাময়িকভাবে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রেখেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে ঈদে ঘরমুখো মানুষ, চালক, পশুবাহী ট্রাক ও খামারিরা পড়েছেন চরম দুর্ভোগে।

মঙ্গলবার (২৬ মে) সকাল ১১টা ১৫ মিনিট থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। এর আগে এ নৌরুটে ১৫টি ফেরি চলাচল করছিল।

সরেজমিনে দেখা গেছে, হঠাৎ শুরু হওয়া কালবৈশাখী ঝড় ও প্রবল বৃষ্টিতে ঘাট এলাকায় আটকা পড়া যাত্রীদের ভিজতে হয়েছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের নিয়ে বিপাকে পড়েন পরিবারগুলো। অন্যদিকে পশুবাহী ট্রাকের গবাদিপশু এবং খামারিদের বৃষ্টির মধ্যে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায়। এতে চরম ভোগান্তি ও দুর্ভোগের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, দৌলতদিয়া প্রান্তে বর্তমানে ৪টি ফেরি আটকে রয়েছে। এছাড়া দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের নদীর মধ্যে আরও ৩টি ফেরি যানবাহনসহ নোঙর করে রাখা হয়েছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক, মো. সালাহউদ্দিন বলেন, বৈরী আবহাওয়া, কালবৈশাখী ঝড় এবং নদীতে তীব্র স্রোতের কারণে দুর্ঘটনার আশঙ্কা থাকায় সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।

অন্যদিকে একইদিন সকাল ১১টা থেকে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচলও বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। লঞ্চ চলাচল বন্ধের আগে এ নৌপথে ২০টি লঞ্চ চলাচল করছিল।

বিআইডব্লিউটিএ দৌলতদিয়া লঞ্চঘাটের ট্রাফিক সুপারভাইজার মো. শিমুল ইসলাম লঞ্চ চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করে বলেন, নদীতে তীব্র স্রোত ও ঝড়ো আবহাওয়ার কারণে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি অনুকূলে এলে পুনরায় লঞ্চ চলাচল শুরু করা হবে।

ঈদযাত্রার ব্যস্ত সময়ে আকস্মিকভাবে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দৌলতদিয়া ঘাট এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঘরমুখো মানুষদের দুর্ভোগ আরও বেড়ে গেছে।

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু সড়কে ১৩ কিমি যানজট, ভোগান্তিতে যাত্রীরা

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে থেমে থেমে ১৩ কিলোমিটার এলাকায় যানবাহনের ধীরগতি সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ঈদে ঘরমুখো মানুষ। তবে যানজট নিরসনে নিরলসভাবে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী৷

মঙ্গলবার (২৬ মে) ভোর থেকেই যানবাহনের ধীর গতির সৃষ্টি হয়।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরীর বলেন, সেতুতে গাড়ি বিকল ও দুর্ঘটনার ফলে পুংলী পর্যন্ত মহাসড়কের যানবাহনের ধীর গতিতে চলছে। মহাসড়কে যানজট নিরসনে পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করছে৷

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন গণমাধ্যমকে বলেন, ঝড়-বৃষ্টির কারণে গাড়ির দীর্ঘ সারি ছিল৷ এর মধ্যে যমুনা সেতুতে একাধিক গাড়ি বিকল ও সড়ক দুর্ঘটনা ঘটে৷ ফলে মহাসড়কে আরও ধীরগতির তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, সোমবার রাত ১২টা থেকে এখন পর্যন্ত সেতুতে ১১টি গাড়ি বিকলের ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে কিছুক্ষণ আগে আবার সেতুতে উত্তরবঙ্গগামী লেনে এক সঙ্গে চারটি গাড়ির দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার কবলিত গাড়িগুলো রেকারের মাধ্যমে উদ্ধারের চেষ্টা চলছে।

ইরানে আবারও বিমাল হামলা চালাল যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনা আরও তীব্র রূপ নিয়েছে। এবার দক্ষিণ ইরানের কয়েকটি কৌশলগত স্থানে বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) মুখপাত্র টিম হকিন্সের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সেন্টকমের পক্ষ থেকে জানানো হয়েছে, অঞ্চলটিতে অবস্থানরত মার্কিন সেনাদের ওপর ইরানি বাহিনীর সম্ভাব্য হুমকি ও হামলা প্রতিরোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মূলত নিজেদের সেনাদের সুরক্ষায় এটিকে একটি ‘আত্মরক্ষামূলক হামলা’ হিসেবে বর্ণনা করেছে ওয়াশিংটন।

মার্কিন সামরিক বাহিনীর দাবি, হামলার মূল লক্ষ্যবস্তু ছিল ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং পারস্য উপসাগরে মাইন স্থাপনের চেষ্টায় লিপ্ত থাকা ইরানি নৌযানগুলো।

সেন্টকমের মুখপাত্র টিম হকিন্স চলমান পরিস্থিতি নিয়ে বলেন, আঞ্চলিক শান্তি বজায় রাখতে বর্তমানে যুদ্ধবিরতি চললেও যুক্তরাষ্ট্র তার বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে কোনো আপস করবে না। আমাদের সেনারা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে, তবে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় আমরা এখনও সর্বোচ্চ সংযম বজায় রাখছি।

এদিকে এই হামলার ঠিক পূর্বমুহূর্তে ইরানের দক্ষিণাঞ্চলীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দরনগরী ‘বন্দর আব্বাস’-এ বিকট বিস্ফোরণের খবর প্রকাশ করে দেশটির স্থানীয় গণমাধ্যমগুলো। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ‘মেহর নিউজ এজেন্সি’ বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, আকস্মিক বিস্ফোরণের পর বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি এড়ানো গেছে এবং বর্তমানে পরিস্থিতি স্থানীয় প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।

তবে এই সরাসরি মার্কিন হামলার ঘটনায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার দীর্ঘদিনের স্নায়ুযুদ্ধ নতুন মাত্রা পেল। সামরিক বিশ্লেষকদের মতে, পারস্য উপসাগরীয় এই অঞ্চলে মার্কিন হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সামরিক উত্তেজনা এবং সংঘাত ছড়িয়ে পড়ার গভীর আশঙ্কা দেখা দিয়েছে।

যমুনা সেতুতে চললো ৫৩ হাজার গাড়ী, টোল আদায় পৌণে ৪ কোটি

ঈদে ঘরেফেরা মানুষের চাপে গত ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে স্বাভাবিকের চেয়ে চার গুণ বেশি  যানবাহন চলাচল করেছে। টোল আদায় হয়েছে পৌণে ৪ কোটি টাকারও বেশি। অতিরিক্ত গাড়ীর চাপে কিছুটা ধীরগতি থাকলেও সিরাজগঞ্জের কোন মহাসড়কে যানজট ছিল না।

মঙ্গলবার (২৬ মে) সকালে যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, সোমবার (২৫ মে) দিবাগত রাত ১২টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৫৩ হাজার ২৪৬টি যানবাহন চলাচল করেছে। বিপরীতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৭৭ লাখ ৫৮ হাজার ২০০ টাকা।

এর মধ্যে সেতুর পূর্ব টোলপ্লাজায় (উত্তরবঙ্গগামী লেন) ৩২ হাজার ১৮৬টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৯৬ লাখ ৪০ হাজার ৭০০ টাকা। অপরদিকে পশ্চিম টোলপ্লাজায় ২১ হাজার ৬০টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৮২ লাখ ১৭ হাজার ৫০০ টাকা।

তিনি বলেন, যানবাহনের চাপ সামলাতে নিয়মিত ১৪টি বুথের সাথে আরও ৪টি অতিরিক্ত বুথ চালু করা হয়েছে।

এদিকে স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে গণপরিবহণ ছাড়াও ট্রাক, পিকআপ, মোটর সাইকেলযোগে ঘরে ফিরছে হাজার হাজার মানুষ। বিপুল সংখ্যক যানবাহন চলাচল করলেও যমুনা সেতু পশ্চিম মহাসড়কসহ সিরাজগেঞ্জের কোন রুটে যানজট ছিল না। তবে সোমবার রাত ১১টার পর থেকে অতিরিক্ত গাড়ীর চাপে মহাসড়কে কিছুটা ধীরগতি ছিল।

যমুনা সেতু পশ্চিম থানার ওসি মো. আমিরুল ইসলাম জানান, ঈদ উপলক্ষে  মহাসড়কে যানবাহনের সংখ্যা ৪ গুণেরও বেশি বেড়েছে। রাত ১১ টার পর থেকে কিছুটা ধীরগতি ছিল। তবে গাড়ী কোথাও থেমে থাকেনি।

সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সান্তু বলেন, জেলা পুলিশের ৬১৪ জন সদস্য, ৩১ জন অফিসার ও সাদা পোশাকে ১০০ গোয়েন্দা পুলিশসহ মোট ৮ শতাধিক ফোর্স  এবং অফিসার কাজ করবে। আমরা আপ্রাণ চেষ্টা করবো নির্বিঘ্ন ঈদযাত্রা করতে। এই ঈদের সময় দুই দিক থেকে ঘরমুখো মানুষের পাশাপাশি গবাদি পশুর গাড়ীও চলবে। এ কারণে চাপ কিছুটা বেশি থাকবে। তবে আমরা পরিকল্পনা করেছি, আশা করছি শান্তিপূর্ণভাবেই ঈদযাত্রা সম্পন্ন হবে।

নজরুল বুঝেছিলেন জিঞ্জির ভাঙতে হলে আঘাত করতে হয়: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, নজরুল ছিলেন সময়ের কবি, তিনি রাজনীতি বুঝতেন। তিনি বুঝতেন খেলাফত দিয়ে ব্রিটিশ তাড়ানো যাবে না, অসহযোগ আন্দোলন দিয়েও তাড়ানো যাবে না। তিনি লিখলেন কারার ঐ লৌহ কপাট। জিঞ্জির ভাঙতে হলে আঘাত করতে হয়। এটাই ছিল তাঁর আদর্শ।

সোমবার (২৫ মে) রাতে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, নজরুল মূলত বিশ্বাস করতেন মোস্তফা কামাল পাশার আদর্শকে। যে মোস্তফা কামাল পাশা সেই যুগে পিছিয়ে পড়া দেশ তুরস্কে যে বিপ্লব ঘটিয়ে দিলেন। তুরস্কের সমাজ ব্যবস্থায় ছিল নারীদের ঘরে বন্ধ করে, কাপড় দিয়ে আবরিত করে, ভোগের পণ্য হিসেবে ব্যবহার করা। সেইটার বিরুদ্ধে যখন কামাল আতাতুর্ক বিদ্রোহ করলো, রাতারাতি ইউরোপের পথ গ্রহণ করলো তখন এক নতুন তুরস্কের জন্ম হলো। এইটা নজরুলকে খুবই প্রভাবিত করেছে। তার কবিতার মধ্যে আমরা এটা দেখতে পাই। আবার তিনি আবার নজরুল হামদ নাতও লিখেছেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, কাজী নজরুল ইসলামের সবচেয়ে বড় গুণ ভাষার মিশ্রণ ঘটানো। আমার মনে হয় না পৃথিবীতে কোন কবি এভাবে ভাষার মিশ্রন ঘটাতে পারেননি। তার লেখায়, আরবী আছে ফারসীও আছে আবার উর্দু, হিন্দিও আছে। নজরুল গানের সুর আর কারও সাথে মেলানো যায় না।

নজরুল মাটি থেকে উঠে এসেছেন, মেহনতি মানুষের কাছ থেকে এসেছেন। তার লেখায় মেহনতি মানুষের কথাই ফুটে উঠেছে। কখনো মনে হয় নজরুল বিদ্রোহী, কখনো মনে হয় প্রেমিক, আবার কখনো মনে হয় তিনি সাম্যের।

নজরুল ইসলাম মানুষের কবি। তিনি আধপেটা খাওয়া মানুষের পরিবার থেকে তিনি এসেছিলেন। এমন একটি শ্রেণী থেকে এসেছিলেন-যে শ্রেণীতে ওই সময় সবচেয়ে বেশি ছিল। সে জন্যই মানুষের কষ্ট তিনি বেশি বুঝতেন।

জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ও সিরাজগঞ্জ পৌরসভার প্রশাসক মো. কামরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সিরাজগঞ্জ সদর সার্কেল) নাজরান রউফ, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এবং সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর মুহাম্মদ জাহিদুল ইসলাম প্রমূখ।

আলোচনা সভা শেষে শিল্পকলা একাডেমীর শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কালশী বস্তিতে দ্রুত ছড়াচ্ছে আগুন, পানি সংকটে বিপাকে ফায়ার সার্ভিস

রাজধানীর কালশী বস্তিতে ভয়াবহ আগুন লাগার ঘটনায় পানির সংকটে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের।

সোমবার (২৫ মে) ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। আগুন বস্তিতে দ্রুত ছড়িয়ে পড়ছে বলেও জানিয়েছেন তিনি।

তিনি জানান, ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল। আরও ৫ ইউনিট যাচ্ছে ঘটনাস্থলে দিকে যাচ্ছে। এর আগে সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

আনোয়ারুল ইসলাম দোলন জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

সিরাজগঞ্জবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন মির্জা মোস্তফা জামান

সিরাজগঞ্জ জেলাবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছে, প্রয়াত সংসদ সদস্য মির্জা মোরাদুজ্জামানের বড় ছেলে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী মির্জা মোস্তফা জামান।

এক শুভেচ্ছা বার্তায় মির্জা মোস্তফা জামান বলেছেন, পবিত্র ঈদুল আজাহার এই দিনে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সকলের জীবন। মানুষ হোক মানুষের জন্য। ধর্মীয় মূল্যবোধ, মানবিকতা ও একে অপরের প্রতি মমত্ববোধে অটুট থাকুক।

তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ। ভাতৃত্বের বন্ধনে সিরাজগঞ্জবাসী একে অপরের সাথে কাঁধ মিলিয়ে পবিত্র ঈদের উৎসব পালন করুক।

অবহেলিত রাস্তায় চরম দুর্ভোগ: স্বেচ্ছাশ্রমে মেরামতে নামলেন গ্রামবাসী

দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়া সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কুমাল্লু গ্রামের একটি কাঁচা রাস্তা নিজেদের উদ্যোগে মেরামত করছেন গ্রামের বাসিন্দারা। প্রশাসনের কাছে বারবার আবেদন করেও কোনো ফল না পেয়ে বর্ষা মৌসুমে দুর্ভোগ এড়াতে তারা স্বেচ্ছাশ্রমে কাজ শুরু করেছেন।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, গ্রামের এই রাস্তাটি দিয়ে প্রতিদিন শত শত শিক্ষার্থী, কৃষক ও রোগী যাতায়াত করেন। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি কাদা-পানিতে ডুবে যায়। এতে শিশুদের স্কুলে যাওয়া বন্ধ হয়, কৃষিপণ্য বাজারজাত করা কঠিন হয়ে পড়ে এবং জরুরি সময়ে চিকিৎসা সেবা পাওয়া প্রায় অসম্ভব হয়ে ওঠে।

স্থানীয় মনিরুজ্জামান বলেন, “ইউনিয়ন পরিষদ ও উপজেলা অফিসে কয়েকবার গিয়েছি। শুধু আশ্বাস পেয়েছি, কাজ হয়নি। তাই আর অপেক্ষা না করে নিজেরাই চাঁদা তুলে ইট-খোয়া কিনে রাস্তা মেরামত শুরু করেছি”

গ্রামবাসীর এই স্বেচ্ছাশ্রমের উদ্যোগ এলাকায় প্রশংসা কুড়িয়েছে। অনেকে একে ‘দৃষ্টান্তমূলক উদ্যোগ’ বলছেন। তবে গ্রামবাসীর দাবি, এটি স্থায়ী সমাধান নয়। তারা চান সরকার দ্রুত বরাদ্দ দিয়ে রাস্তাটি পাকা করে দিক, যাতে স্থায়ীভাবে দুর্ভোগের অবসান হয়।

এলাকাবাসীর আশা, তাদের এই উদ্যোগ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবে এবং দ্রুত স্থায়ী সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।

শাহজাদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।  এ দুর্ঘটনায় আহত হয়েছে একই পরিবারের আরও তিন সদস্য।

সোমবার (২৫ মে) উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের দিলরুবা বাসস্ট্যান্ড ও মশিপুর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শাহজাদপুর স্বাস্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়।

নিহত শিশুরা হলো, পাবনা জেলার সাথিয়া উপজেলার হলদিঘর গ্রামের সবুজ প্রামানিকের মেয়ে সারা খাতুন (৮), তার মা মিতা খাতুন (৪০) ও শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের মশিপুর গুচ্ছ গ্রামের আলমগীরের ছেলে আহম্মদ (৭)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বেলা ১১টার দিলরুবা বাসস্ট্যান্ড এলাকায় একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার সাথে লবণ বোঝাই ভটভটির (কুত্তাগাড়ি) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী সারা খাতুন (৮) ঘটনাস্থলেই মারা যায়। আহত হন শিশুটির বাবা সবুজ প্রামানিক ও মা স্ত্রী মিতা খাতুন, বোন সন্তান সোহা খাতুন এবং ভাই আয়ান। আশংকাজনক অবস্থায় ঢাকায় নেওয়ার পথে মারা যান মিতা খাতুন।

এদিকে দুপুরের দিকে একই মহাসড়কের মশিপুর এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় মারা যায় ৭ বছর বয়সী শিশু আহম্মদ।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, রাস্তা পারাপারের সময় এক শিশুর মৃত্যু হয়েছে। অপর এ ঘটনায় ভটভটির সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই এক শিশু মারা যায়। এ ঘটনায় তার পরিবাররে ৪ সদস্য গুরুতর আহত হয়। আহতদের মধ্যে তার মা মিতা খাতুন ঢাকায় নেওয়ার পথে মারা যান। এসব ঘটনায় মামলার দায়ের করা হয়েছে। ভটভটি ও ট্রাক জব্দ করা হয়েছে।

ঈদ উপলক্ষে রাসিক পরিচ্ছন্নতাকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) এক হাজার ২৩৭ জন পরিচ্ছন্নতাকর্মীর মাঝে ঈদ অনুদান বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে প্রত্যেক কর্মীকে ৫ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।

সোমবার (২৫ মে) সকাল ১১টায় রাজশাহী সিটি করপোরেশনের গ্রীন প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে অনুদানের চেক বিতরণ করেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে রাসিকের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন ওয়ার্ডে কর্মরত পরিচ্ছন্নতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিচ্ছন্নতাকর্মীদের নিরলস পরিশ্রমের কারণেই রাজশাহী আজ ‘গ্রিন সিটি’ ও ‘হেলদি সিটি’ হিসেবে দেশ-বিদেশে পরিচিতি পেয়েছে। প্রধানমন্ত্রীর এ উদ্যোগ পরিচ্ছন্নতাকর্মীদের শ্রম ও অবদানের স্বীকৃতির অনন্য দৃষ্টান্ত বলেও উল্লেখ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর পরিচ্ছন্নতা ও নাগরিক সেবা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে রাজশাহী সিটি করপোরেশন। কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে এবং নগরীর বিভিন্ন এলাকার বর্জ্য ৬ থেকে ৮ ঘণ্টার মধ্যেই পরিষ্কার করা হবে।

তিনি আরও বলেন, পরিচ্ছন্নতাকর্মীদের অক্লান্ত শ্রমেই রাজশাহী পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে পরিণত হয়েছে। আগামী বছর থেকে পরিচ্ছন্নতাকর্মীদের পাশাপাশি নগরীর সৌন্দর্য রক্ষায় নিয়োজিত ফুল ও গাছের পরিচর্যাকারীদেরও অনুদানের আওতায় আনার চেষ্টা করা হবে।

অনুষ্ঠানে আরও জানানো হয়, এবার প্রথমবারের মতো নগরবাসীর মাঝে কোরবানির মাংস সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনায় পরিবেশবান্ধব ব্যাগ এবং ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে।

এছাড়া কোরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় লবণ সরবরাহ, যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহযোগিতা এবং ঘরমুখো ট্রেনযাত্রীদের সহায়তায়ও বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বক্তারা আশা প্রকাশ করেন, নগরবাসীর সহযোগিতা এবং পরিচ্ছন্নতাকর্মীদের আন্তরিক প্রচেষ্টায় নির্ধারিত সময়ের মধ্যেই কোরবানির সব বর্জ্য অপসারণ করে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নগরী নিশ্চিত করা সম্ভব হবে। অনুষ্ঠানের শেষে উপস্থিত সবাইকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানানো হয়।

নতুন গানের ঝলক প্রকাশ, আলোচনায় ফারিয়া

দীর্ঘ নীরবতার অবসান ঘটিয়ে আবারও আলোচনার কেন্দ্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এবারের ঈদুল আজহায় ভক্তদের জন্য তিনি নিয়ে আসছেন চমক জাগানো নতুন গান ‘লোকে বলে’। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির-এর সংগীতায়োজনে তৈরি এই গানে কণ্ঠ দিয়েছেন ফারিয়া নিজেই, যা ইতোমধ্যেই দর্শকদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে গানটির ২০ সেকেন্ডের টিজার, যা ইতোমধ্যে দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছে।

টিজারের শুরুতেই দেখা যায় জনপ্রিয় সুরকার ফুয়াদ আল মুক্তাদিরের দুর্দান্ত এন্ট্রি। সিন্থেসাইজার ও বাদ্যযন্ত্রের ঝংকারের সাথে সাথে স্ক্রিনে আবির্ভাব ঘটে গ্ল্যামারাস নুসরাত ফারিয়ার। ব্যাকগ্রাউন্ডে শোনা যায় গানের সংলাপ—‘লোকেতে বলে রে, কই থেকে আইলো সে।’

টিজার জুড়েই ফারিয়াকে একাধিক আকর্ষণীয় লুকে তুলে ধরা হয়েছে। একটি দৃশ্যে তাকে কালো রঙের ওয়ান-শোল্ডার পোশাকে রেড কার্পেটে হেঁটে আসতে দেখা যায়, আরেকটি দৃশ্যে চমৎকার দেশীয় ও আধুনিক উৎসবের আবহে ঝলমলে লেহেঙ্গা পরে ব্যাকগ্রাউন্ড ড্যান্সারদের সাথে তাল মিলিয়ে নাচতে দেখা যায়।

টিজারের স্ক্রিনে ভেসে ওঠে ‘ফারিয়া ইজ ব্যাক’ এবং বাংলা লেখা থাকে গানটির নাম ‘লোকে বলে’।

সামাজিক মাধ্যমে টিজারটি শেয়ার করে নুসরাত ফারিয়া লিখেছেন, এই ঈদে আসছি বাড়াতে মনের টেম্পারেচার।

এর আগে গত শুক্রবার রাতে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে ভক্তদের চমকে দিয়েছিলেন ফারিয়া। সেখানে তিনি লিখেছিলেন, কথা দিয়েছিলাম নতুন গান নিয়ে আসব, এবারের ঈদের উদযাপন আরও গ্র্যান্ড হতে যাচ্ছে।

ফোক-পপ ঘরানার এই গানটির কথা লিখেছেন তাহজিব এম বন্ধন এবং সুর ও সংগীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির। গানটি এসভিএফ এবং ব্লিং মিউজিকের ব্যানারে একযোগে প্রকাশিত হতে যাচ্ছে। নির্মাণ করেছেন ভারতের খ্যাতিমান কোরিওগ্রাফার ও চলচ্চিত্র নির্মাতা বাবা যাদব।

আগামী ২৬ মে ফারিয়ার এই বহুল প্রতীক্ষিত নতুন গানটি সম্পূর্ণ আকারে মুক্তি পাবে।

ইনজুরি কতটা গুরুতর, জানালেন গুইমারেস

নিউক্যাসেল ইউনাইটেডের মাঝমাঠের অন্যতম ভরসার নাম ব্রুনো গুইমারেস। দলের খেলার ছন্দ ও গতি অনেকটাই নির্ভর করে তার ওপর। তবে প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে দেখা গেল ক্লান্ত ও নিষ্প্রভ এক গুইমারেসকে। শারীরিক অসুস্থতা ও পায়ের সমস্যার কারণে ম্যাচ চলাকালেই মাঠ ছাড়তে হয় তাকে। বিশ্বকাপ সামনে থাকায় তার চোট নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে সমর্থকদের মাঝেও। তবে শেষ পর্যন্ত স্বস্তির খবরই দিয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের শারীরিক অবস্থার ব্যাখ্যা দেন গুইমারেস। তিনি জানান, সপ্তাহজুড়ে দুই দিন জ্বরে ভুগেছেন তিনি। ম্যাচের সময় দুই পায়ের পেছনের পেশিতেও টান অনুভব করেন। তবে বড় ধরনের কোনো চোট হয়নি বলেই আশ্বস্ত করেছেন তিনি। বিশ্রাম নিয়ে দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফেরার কথাও জানিয়েছেন এই মাঝমাঠের ফুটবলার।

ম্যাচের শুরু থেকেই গুইমারেসকে কিছুটা ধীরগতির মনে হচ্ছিল। কেভিনের দারুণ এক মুক্ত শট থেকে স্বাগতিকদের হয়ে ইসা দিয়োপ মাথা ছুঁইয়ে গোল করলে গুইমারেসকে নিষ্ক্রিয়ভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ম্যাচের ৬৬ মিনিটে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে। মাঝমাঠের লড়াইয়ের একপর্যায়ে তিনি মাঠেই বসে পড়েন। তার শরীরী ভাষাতেই স্পষ্ট ছিল অস্বস্তির ছাপ। এরপর চিকিৎসক দল মাঠে প্রবেশ করলে গুইমারেসকে নিজের পা চেপে ধরে থাকতে দেখা যায়। সেই দৃশ্যেই চোট নিয়ে শঙ্কা বাড়ে। তবে কোনো ঝুঁকি নিতে চাননি কোচ। তাই তাকে উঠিয়ে বদলি হিসেবে নামানো হয় অ্যান্থনি এলাঙ্গাকে।

ভালোবাসার গান গেয়ে শ্রোতাদের নজর কাড়লেন মাদানী

দেশব্যাপী শিশু বক্তা হিসেবে পরিচিত মাওলানা রফিকুল ইসলাম মাদানী আবারও নজর কেড়েছেন নেটিজেনদের। সম্প্রতি ভালোবাসার গান গেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও আলোচনায় তিনি।

রোববার (২৪ মে) রাতে মাহবুবুল হক হাসান নামের ফেসবুক আইডি থেকে রফিকুল ইসলাম মাদানীর এই রোমান্টিক গানের ভিডিওটি পোস্ট করা হয়। এরপর ভিডিও টি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

এর আগে ‘গুনাহ থেকে বেঁচে থাকতেই দ্বিতীয় বিয়ের মতো কঠিন সিদ্ধান্ত’ এমন মন্তব্য করে সামাজিক মাধ্যম ফেসবুকে আলোচিত এই শিশু বক্তাকে নিয়ে হাস্যরস, আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

ভিডিওতে দেখা যায়, রফিকুল ইসলাম মাদানী পুকুর পাড়ে মোবাইল নিয়ে গান গাচ্ছেন। এ সময় মোবাইলে ভিডিও কলে সংযুক্ত এক ব্যক্তিকে গান শোনাতে দেখা যায়। তবে ভিডিও কলে সংযুক্ত ব্যক্তির কোন পরিচয় জানা যায়নি।

রফিক মাদানীর ভাইরাল হওয়া রোমান্টিক গানটি স্বরচিত বা অন্য কোনো শিল্পীর সেই বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

তিনি যে গানটি গেয়েছেন তার লাইনগুলো হলো- ‘ভাল লাগে তোর ভেচকিটাও, ভুল বুঝে তুই কাঁদিস, যখন, ভালো লাগে তোর ভেচকিটাও, অবিরাম এই ভালোবাসার ব্যাকরণে নেই ক্ষমা, ভালো লাগার একটা কারণ তুই যে প্রাণের প্রিয়তমা’।

এদিকে ভাইরাল হওয়া গানের ভিডিওটির কমেন্টে কেউ কেউ মাদানীকে দিচ্ছেন উৎসাহ, আবার কেউ কেউ করেছেন সমালোচনা।

কমেন্টে মুসকান রহমান নামের একজন বলেন,‘ কেউ হাসবি না পাপির দল, হুজুর রোমান্টিক মুডে আছেন’

এছাড়া, সাজ্জাদ চৌধুরী নামের এক ব্যক্তি লেখেন, ‘হুজুর যেহেতু বলেছে তবে এটা গজলই হবে।’

বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল উজবেকিস্তান

প্রথমবারের মতো বিশ্বমঞ্চে খেলতে যাওয়ার অপেক্ষায় থাকা উজবেকিস্তান তাদের ৩০ সদস্যের দল ঘোষণা করেছে। কোচ ফ্যাবিও ক্যানাভারো ইনজুরির কারণে ডিফেন্ডার ইব্রোখিমখাইল যুলদোশেভ এবং ফরোয়ার্ড আলিশার ওদিলোভকে দলে রাখেননি। গ্রুপ পর্বে উজবেকিস্তান খেলবে ‘কে’ গ্রুপে।

উজবেকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড

গোলকিপার: বতিরালি এরগাশেভ, আবদুভোহিদ নেমাতভ এবং উতকির ইউসুপভ।

ডিফেন্ডার: আব্দুল্লাহ আব্দুল্লায়েভ, খোজিয়াকবার আলিজনভ, রুস্তমজন আশুরমাতভ, উমরবেক এশমুরাদভ, বেখরুজ কারিমভ, আবদুকোদির খুসানভ, শেরজদ নাসরুল্লায়েভ, উমারাআলি রাখমোনালিয়েভ, ফারুখ সায়ফিয়েভ, আওয়াজবেক উলমাসালিয়েভ, জাখঙ্গির উরোজভ এবং রুসলানবেক ইয়িয়ানভ

মিডফিল্ডার: শেরজদ এসানভ, আজিজবেক গানিয়েভ, দস্তোনবেক হামদামভ, ওদিলজন হামরোবেকভ, জামশিদ ইস্কান্দারভ, জাশুর জালোলিদ্দিনভ, আকমল মোজগোভয় এবং ওতাবেক শুকুরভ

ফরোয়ার্ড: আজিজবেক আমোনভ, আব্বোসবেক ফায়জুল্লায়েভ, জালোলিদ্দিন মাশারিপভ, এলদোর শওমুরোদভ, ইগোর সের্গেয়েভ, শেরজদ তেমিরভ এবং ওস্টন উরুনভ।

হাকিমপুর থানা পুলিশের অভিযান, ওয়ারেন্টভুক্ত ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

​দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশের বিশেষ অভিযানে একাধিক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আজ সোমবার (২৫ মে) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর থানা পুলিশের একটি চৌকস দল বগুড়া জেলায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানকালে তিনটি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. ডালিম শেখকে (৪৭) গ্রেপ্তার করা হয়। সে মৃত মকবুল শেখের ছেলে এবং হাকিমপুর থানার মধ্য বাসুদেবপুর মাঠপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, ডালিম শেখের বিরুদ্ধে একটি মাদক মামলায় সাজা (দণ্ডাদেশ) ও দুইটি মামলায় ওয়ারেন্টসহ মোট তিনটি ওয়ারেন্ট ইস্যু ছিল।
পৃথক আরেকটি অভিযানে জিআর-৩১২/২০ মামলার ওয়ারেন্টমূলে মো. আলম (৪৫) নামের আরও এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। সে একই থানার মধ্য বাসুদেবপুর এলাকার মৃত ইছার উদ্দিনের ছেলে।
​হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণার অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। অপরাধ দমনে পুলিশের এই মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চাপ বাড়লেও যানজট নেই উত্তরের মহাসড়কে

ছয় লেন জাতীয় মহাসড়ক ও হাটিকুমরুল ইন্টারচেইঞ্জ সিরাজগঞ্জের মহাসড়কের চিরচেনা চিত্র বদলে দিয়েছে। উত্তরাঞ্চলবাসীর ঈদযাত্রায় এনে দিয়েছে স্বস্তি। এক সময়ের গলার কাঁটা হিসেবে পরিচিত এ মহাসড়কে এবার নির্ঝঞ্ঝাট যাত্রায় উচ্ছ্বসিত যাত্রীরা।

সোমবার (২৫ মে) ঈদযাত্রার দ্বিতীয় দিনে যমুনা সেতু পশ্চিম মহাসড়ক ও হাটিকুমরুল গোলচত্বর থেকে রাজশাহী, পাবনা এবং রংপুর সড়ক চারটি মহাসড়কেই স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে। তবে গাড়ির চাপ ক্রমশই বাড়ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

যমুনা সেতু মহাসড়কের মুলিবাড়ি, কড্ডার মোড়, নলকা, পাঁচলিয়া ও হাটিকুমরুল গোলচত্বর এলাকায় গিয়ে দেখা যায়, স্বজনদের সঙ্গে ঈদ উদ্‌যাপন করতে বাস, ট্রাক, পিকআপ, মাইক্রোবাস, প্রাইভেটকার ও মোটর সাইকেলযোগে হাজার হাজার মানুষ ঘরে ফিরছে। ফলে মহাসড়কে ক্রমশ যানবাহনের চাপ বাড়ছে। সেই সঙ্গে কোরবানির পশুবাহী ট্রাকের সংখ্যাও অনেক। গাড়ির যথেষ্ট চাপ থাকা স্বত্বেও কোথাও যানজট বা ধীরগতি নেই। তবে যমুনা সেতুর পূর্বপারের যানজট থাকায় কিছুটা ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে যাত্রীদের।

হাটিকুমরুল হাইওয়ে পুলিশের ওসি ইসমাইল হোসেন বলেন, গাড়ির চাপ বাড়লেও একদম স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে। কোথাও কোনো গাড়ি থেমে নেই।

সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) মো. মোফাখখারুল ইসলাম বলেন, এবারের ঈদযাত্রায় এখন পর্যন্ত কোনো ভোগান্তির খবর পাওয়া যায়নি। বিপুলসংখ্যক গাড়ি স্বাভাবিকভাবে চলাচল করছে।

হাটিকুমরুল ইন্টারচেইঞ্জ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ফিরোজ আক্তার বলেন, ইন্টারচেইঞ্জেরর গুরুত্বপূর্ণ লেন সাময়িকভাবে খুলে দেওয়ার ফলে মহাসড়ক স্বাভাবিক রয়েছে। আশা করছি ঈদযাত্রা সম্পূর্ণ শান্তিপূর্ণ হবে।

সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সান্তু বলেন, জেলা পুলিশের ৬১৪ জন সদস্য, ৩১ জন অফিসার ও সাদা পোশাকে ১০০ গোয়েন্দা পুলিশসহ মোট ৮ শতাধিক ফোর্স এবং অফিসার কাজ করবে। আমরা আপ্রাণ চেষ্টা করব নির্বিঘ্ন ঈদযাত্রা করতে। এ ঈদের সময় দুই দিক থেকে ঘরমুখো মানুষের পাশাপাশি গবাদি পশুর গাড়িও চলবে। এ কারণে চাপ কিছুটা বেশি থাকবে। তবে আমরা পরিকল্পনা করেছি, আশা করছি শান্তিপূর্ণভাবেই ঈদযাত্রা সম্পন্ন হবে।

কুয়াকাটায় মৃত অবস্থায় পাওয়া গেল ইরাবতী ডলফিন

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে একটি মৃত ইরাবতী প্রজাতির ডলফিন ভেসে এসেছে।

সোমবার (২৫ মে) দুপুরে কুয়াকাটা সমুদ্র সৈকতের পূর্ব পাশে ট্যুরিজম পার্ক সংলগ্ন এলাকায় প্রায় ১০ ফুট দীর্ঘ ডলফিনটিকে দেখতে পান স্থানীয়রা।

ধারণা করা হচ্ছে, ডলফিনটি পাঁচ থেকে সাত দিন আগে মারা গেছে। খবর পেয়ে উপকূলীয় পরিবেশ রক্ষা স্বেচ্ছাসেবী সংগঠন (উপরা) বন বিভাগ ও উপজেলা প্রশাসনের নির্দেশনায় মৃত ডলফিনটি মাটি চাপা দেওয়া হয়।

উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের আহ্বায়ক কে এম বাচ্চু বলেন, আগের তুলনায় ডলফিনের মৃত্যুর সংখ্যা কিছুটা কমলেও এখনও নিয়মিত এমন ঘটনা ঘটছে। আমরা চাই সরকার ও সংশ্লিষ্ট গবেষণা সংস্থাগুলো এসব মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে গভীর অনুসন্ধান করুক।

ওয়ার্ল্ডফিশ বাংলাদেশ সুস্থ সাগর প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, ডলফিন শুধু সামুদ্রিক প্রাণী নয়, এটি সমুদ্র পরিবেশের স্বাস্থ্য ও ভারসাম্যের একটি গুরুত্বপূর্ণ সূচক। ডলফিনের উপস্থিতি সমুদ্রের ইকোসিস্টেম সুস্থ রাখতে সহায়তা করে, মাছ ও অন্যান্য সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় ভূমিকা রাখে এবং স্থানীয় পর্যটন ও জীবিকার ক্ষেত্রেও অবদান রাখে।

তিনি আরও বলেন, মৃত প্রাণীটি ইরাবতী প্রজাতির ডলফিন। শরীরে রক্তাক্ত দাগের উপস্থিতি থেকে ধারণা করা হচ্ছে, নৌযানের আঘাত, মাছ ধরার জাল বা জেলেদের কার্যক্রম ডলফিনটির মৃত্যুর কারণ হতে পারে। এছাড়া নদী ও মোহনার দূষিত পানি, শিল্পবর্জ্য, প্লাস্টিক ও তেলজাতীয় বর্জ্যও সামুদ্রিক প্রাণীর জন্য বড় হুমকি সৃষ্টি করছে।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, আমরা উপকূলজুড়ে ডলফিন সংরক্ষণে কাজ করছি। এসব মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করছি।

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে টিম পাঠানো হয়েছে। মৃত ডলফিনটি যাতে দুর্গন্ধ ছড়াতে না পারে, সে জন্য মাটি চাপা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।

জাতীয় ঈদগাহ প্রস্তুত, ঢাকায় ঈদের জামাতের সময়সূচি প্রকাশ

বরাবরের মতো এবারও রাজধানীতে ঈদুল ফিতরের প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায়। এছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে হবে ঈদের ৫টি জামাত।

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মন্ত্রী পরিষদের সদস্য, বিচারপতি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও বিদেশি কূটনীতিকরা জাতীয় ঈদগাহ ময়দানের এই প্রধান জামাতে অংশ নেবেন। জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এক ব্রিফিংয়ে জানান, আধুনিক সুযোগ-সুবিধা, নিরাপত্তা ব্যবস্থা এবং নারী-পুরুষের জন্য পৃথক ব্যবস্থাপনার মাধ্যমে ঈদ জামায়াতকে সুশৃঙ্খল ও আরামদায়ক করতে ব্যাপক আয়োজন করা হয়েছে। ১২১টি কাতারে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি এখানে নামাজ আদায় করতে পারবেন। এর মধ্যে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ (ভিআইপি) পুরুষ ২৫০ জন এবং নারী ৮০ জনের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া সাধারণ মুসল্লিদের মধ্যে প্রায় ৩১ হাজার পুরুষ এবং প্রায় সাড়ে ৩ হাজার ৫০০ নারী মুসল্লির জন্য পৃথক নামাজের ব্যবস্থা রাখা হয়েছে।

ভিআইপি পুরুষদের জন্য ৫টি ও নারীদের জন্য ১টি কাতার, সাধারণ পুরুষ মুসল্লিদের জন্য ৬৫টি বড় আকারের কাতার এবং নারী মুসল্লিদের জন্য ৫০টি ছোট আকারের কাতার থাকবে। অজুখানায় একসঙ্গে প্রায় ১৪০ জন মুসল্লি অজু করতে পারবেন। এর মধ্যে পুরুষদের জন্য ১১৩ জন এবং নারীদের জন্য ২৭ জনের পৃথক ব্যবস্থা রাখা হয়েছে।

ঈদগাহ ময়দানে প্রবেশের জন্য মোট ৪টি ফটকের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে ভিআইপিদের জন্য ১টি, সাধারণ পুরুষ মুসল্লিদের জন্য ২টি এবং নারী মুসল্লিদের জন্য ১টি আলাদা প্রবেশ ফটক থাকবে। অন্যদিকে বহির্গমনের জন্য মোট ৭টি ফটক রাখা হয়েছে। এর মধ্যে ভিআইপিদের জন্য ১টি, সাধারণ পুরুষ মুসল্লিদের জন্য ৫টি এবং নারীদের জন্য ১টি পৃথক বহির্গমন ফটক নির্ধারণ করা হয়েছে।

মুসল্লিদের সুবিধার্থে ঈদগাহ ময়দানে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, পর্যাপ্ত ফ্যান ও আলোর ব্যবস্থা, নিরাপদ খাবার পানি, নামাজের জন্য কার্পেট এবং ভিআইপি কাতারে জায়নামাজ সরবরাহ করা হবে। এছাড়া নারীদের জন্য পৃথক প্রবেশ পথ ও নামাজ আদায়ের বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে। ঈদ জামায়াতকে কেন্দ্র করে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি প্রাথমিক চিকিৎসা সেবা, ভ্রাম্যমাণ টয়লেট, বৃষ্টির পানি নিষ্কাশন ব্যবস্থা এবং বৃষ্টির পানি নিরোধক সামিয়ানার ব্যবস্থা করা হয়েছে।

এছাড়া মুসল্লিদের আকর্ষণ করতে ঈদগাহে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন ৩টি ফটক। মুসল্লিদের নিরাপদ, স্বস্তিদায়ক ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে ঈদের নামাজ আদায়ের জন্য সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এবারও পর্যায়ক্রমে পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত শুরু হবে সকাল ৭টায়।

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ জানিয়েছে, ঈদের এসব জামাতে ইমামতি ও মুকাব্বিরের দায়িত্বে থাকা আলেম ও সংশ্লিষ্ট ব্যক্তিদের তালিকা চূড়ান্ত করা হয়েছে। এর আগে ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগ এই তালিকা প্রস্তুত করে।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত পাঁচটি জামাতের সময়সূচি ও দায়িত্বপ্রাপ্তরা হলেন- প্রথম জামাত সকাল ৭টায় ইমামতি করবেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. মিযানুর রহমান, মুকাব্বির ক্বারি ইসহাক।

দ্বিতীয় জামাত সকাল ৮টায় ইমামতি করবেন ইমাম ড. মাওলানা ওয়ালীয়ূর রহমান খান, মুকাব্বির মো. নাসির উল্লাহ, তৃতীয় জামাত সকাল ৯টায় ইমামতি করবেন ইমাম মুফতি মো. আব্দুল্লাহ, মুকাব্বির মো. রুহুল আমিন, চতুর্থ জামাত সকাল ১০টাম ইমামতি করবেন ইমাম মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন, মুকাব্বির মো. আব্দুল হাদী এবং পঞ্চম জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে ইমামতি করবেন ইমাম জুবাইর আহাম্মদ আল-আযহারী, মুকাব্বির মো. আমির হোসেন।

কোনো জামাতে নির্ধারিত ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মো. শহিদুল ইসলাম দায়িত্ব পালন করবেন। একইভাবে বিকল্প মুকাব্বির হিসেবে দায়িত্বে থাকবেন মো. শামসুল হক।

ইসলামিক ফাউন্ডেশন সংশ্লিষ্ট সব ইমাম, মুকাব্বির ও দায়িত্বপ্রাপ্তদের নির্ধারিত সময়ের আগেই জাতীয় মসজিদে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে

সাম্রাজ্য টিকিয়ে রাখতে শেষ ঝাঁকুনি দিল সন্ত্রাসীরা

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে হামলার ঘটনায় কঠোর অবস্থানের কথা জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম। তিনি বলেছেন, সন্ত্রাসী মো. ইয়াসিনসহ এখানে যেই সন্ত্রাসীরা বসবাস করে তাদের এখানে একটি বড় ধরনের স্বার্থ আছে। তাদের যখন বিশাল সাম্রাজ্য হাতছাড়া হয়ে যাচ্ছে শেষ মুহূর্তে তারা একটু ঝাঁকুনি দিল।

এর আগে জঙ্গল সলিমপুরে গভীর রাতে সন্ত্রাসীরা অতর্কিত হামলা ও গুলি চালায়। এ সময় তারা র‍্যাবের ক্যাম্প ও বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় ক্যাম্পের দেয়ালসহ বিভিন্ন স্থাপনা।

সন্ত্রাসীদের পূর্বপরিকল্পনা অনুযায়ী হামলার ঘটনা ঘটানোর পরে যেন কোনো আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে আসতে না পারে সেজন্য রাস্তার চার স্থানে কেটে ফেলা হয়। যার কারণে সেখানে বিশাল বিশাল গর্ত করা হয়েছে।

রোববার (২৪ মে) রাত ১টার দিকে জঙ্গল সলিমপুরের আলিনগরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে বেশ কয়েকজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

‎র‍্যাবের দাবি, ‘সন্ত্রাসী’ ইয়াসিন বাহিনীর সদস্যরা এ হামলার সঙ্গে জড়িত। র‍্যাব জানিয়েছে, রাস্তা কেটে দেওয়াসহ নানা বাধার মুখে পড়েও গভীর রাতে আমরা ঘটনাস্থলে পৌঁছায়।

‎সীতাকুণ্ড থানা সূত্রে জানা যায়, অভিযান শেষে ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে পাহাড় কাটার সরঞ্জামসহ সাতটি গাড়ি। গ্রেপ্তার করা হয়েছে চার জনকে।

‎প্রত্যক্ষদর্শী বেলাল নামের এক যুবক বলেন, গভীর রাতে ইয়াসিন বাহিনীর লোকজন ভারী অস্ত্র নিয়ে রাস্তার মধ্যখানে গর্তগুলো খুঁড়তে থাকে। একপর্যায়ে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। এ সময় ইয়াসিন বাহিনীর সঙ্গে র‍্যাব ও পুলিশের সঙ্গে গোলাগুলি হয়। একপর্যায়ে তারা পালিয়ে যায়।

‎নাজমা আক্তার নামের আরেক বৃদ্ধ মহিলা বলেন, আমার ঘরের সামনেই ইয়াসিন বাহিনীর লোকরা রাস্তার মধ্যে গর্ত করেছেন। আমার ঘর দোয়ার সব ইয়াসিন বাহিনীর লোকরা মাটি দিয়ে ভরাট করে দিয়েছে। আমরা কোনো বাহিনীর কাছে জিম্মি থাকতে চাই না। আমরা সাধারণভাবে বাঁচতে চাই।

‎র‍্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, পরিকল্পিতভাবে সন্ত্রাসী ইয়াসিন বাহিনীর সদস্যরা র‍্যাবের ক্যাম্পে হামলা চালিয়েছে। সন্ত্রাসীরা ক্যাম্প লক্ষ্য করে গুলি ছুড়তে থাকলে র‍্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে।

তিনি বলেন, ঘটনাস্থলে যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বাড়তি ফোর্স যেতে না পারে সে লক্ষ্যে বিভিন্ন স্থানে রাস্তা কেটে দেয় সন্ত্রাসীরা। এরপরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে পৌঁছে সন্ত্রাসীদের প্রতিরোধ করেছে। ঘটনাস্থল থেকে একপর্যায়ে কিছু সন্ত্রাসী পালিয়ে গেছে, কয়েকজনকে আটক করা হয়েছে।

গরুর হাটে অতিরিক্ত খাজনা আদায় করায় ইজারাদারকে জরিমানা

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় সমেশপুর গরুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগে ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে উপজেলার রাজাপুর ইউনিয়নে সমেশপুর গরুর হাটের ইজারারাদার হাফিজুলকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান।

তিনি জানান, সমেশপুর গরুর হাটে সরকার নির্ধারিত রেট অনুযায়ী হাসিল আদায় করা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা হয়। রশিদে হাসিলের টাকার পরিমাণ উল্লেখ না করায় প্রথমে সতর্ক করা হয়। এরপরেও হাসিলের রশিদে টাকার পরিমাণ না লেখা এবং নির্ধারিত রেটের চেয়ে ৮শত টাকা অধিক হারে হাসিল আদায় করার অভিযোগে জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ট্রেনে নারীদের জন্য পৃথক কোচ চালুর পরিকল্পনা রেলমন্ত্রীর

ঈদের ছুটি শেষে কর্মক্ষেত্রে ফিরতে প্রতিটি আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।

সোমবার (২৫ মে) রাজধানীর ফার্মগেটে ৬৫ বছরের বেশি বয়সী নাগরিক, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য মেট্রোরেলে ২৫ শতাংশ ভাড়া ছাড়ের বিশেষ কার্ড উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

রেলমন্ত্রী বলেন, রোববার (২৪ মে) রাতে প্রধানমন্ত্রী ফোন কলের মাধ্যমে ঈদের সময় নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার নির্দেশ দিয়েছেন। চট্টগ্রাম ও সিলেটের ২টি কোচে আজ থেকে নারীরা আলাদা যাত্রা করতে পারবেন। আর ঈদের পর প্রতিটি আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

শেখ রবিউল আলম বলেন, সাড়ে ৪ মিনিট পরপর পর চলছে মেট্রোরেল। নতুন কোচ কেনা সম্ভব হলে আরও সময় কমানো যাবে। ‘মেট্রোরেলে যাত্রায় বয়স্ক ও প্রতিবন্ধীদের মতো শিক্ষার্থীদেরও কার্ড দেয়ার পরিকল্পনা আছে। ২৫ শতাংশ ছাড়ে বিশেষ কার্ড মেট্রোরেল ও আন্তঃনগর রেলে দেয়া হবে’, যোগ করেন মন্ত্রী।

ঈদুল আজহা ঘিরে দুদিনে দেড় কোটির ওপর লোক ঢাকা ছাড়বে জানিয়ে তিনি বলেন, টিকিট কেটে যাবেন বা গাড়ির জন্য অপেক্ষা করবেন, সেই অপেক্ষা করেন না যাত্রী। এই প্রক্রিয়া নিরুৎসাহিত করি। ফিটনেস গাড়ি পর্যাপ্ত নেই। তবে পর্যায়ক্রমে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ করা হবে।

হাটের বাইরে থাকা পশু অপসারণে ডিএনসিসি প্রশাসকের নির্দেশ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন দিয়াবাড়ি পশুর হাটে নির্ধারিত সীমানার বাইরে প্রধান সড়কে থাকা সব কোরবানির পশু সরিয়ে দিয়েছেন প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

সোমবার (২৫ মে) সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ডিএনসিসির আওতাধীন স্থায়ী এবং অস্থায়ী পশুর হাট পরিদর্শনে গিয়ে এ পদক্ষেপ নিয়েছেন তিনি।

পরিদর্শনে দেখা যায়, উত্তরা সেন্টার মেট্রোরেল স্টেশনের নিচে সড়কে ডাইভারশন দিয়ে পশু বেঁধে রাখা হয়েছে। বিষয়টি দেখে প্রশাসক ক্ষোভ প্রকাশ করেন এবং কোনোভাবেই যেন রাস্তায় পশুর হাট বিস্তৃত না হয়, সে বিষয়ে কঠোর নির্দেশনা দেন।

এসময় সংশ্লিষ্ট পশুর হাটের ইজারাদারকে তাৎক্ষণিক ফোন করে ঘটনাস্থলে আসতে বলেন প্রশাসক। পরে ইজারাদারকে সড়কে হাট না বসানোর নির্দেশ দেন। নির্দেশনা অমান্য করা হলে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা করারও নির্দেশ দেন তিনি।

এ বিষয়ে ইজারাদারের পক্ষ থেকে জানানো হয়, সকালে বৃষ্টির কারণে কিছু পশুর মালিক সাময়িক সময়ের জন্য মেট্রোরেল স্টেশনের নিচে পশু রেখেছিলেন। তারা ডিএনসিসির নির্দেশনা মেনে চলছেন এবং রাস্তায় যেন কোনোভাবেই পশু না রাখা হয়, সে ব্যবস্থা নিচ্ছেন।

এর আগে সকালে রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শন করেন ডিএনসিসি প্রশাসক। এসময় তিনি হাসিলের অতিরিক্ত কোনো ধরনের অর্থ আদায় না করার জন্য কঠোর নির্দেশনা দেন। পাশাপাশি পশুর হাটের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দায়িত্বরত নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন।

পরে ডিএনসিসি প্রশাসক রাজধানীর ৩০০ ফিট, বেরাইদ ও স্বদেশ প্রপার্টিজের খালি জায়গায় স্থাপিত অস্থায়ী পশুর হাট পরিদর্শন করেন। এ সময় ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের যাতায়াতে যেন কোনো ধরনের যানজট বা দুর্ভোগ সৃষ্টি না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পশুর হাট পরিদর্শন কার্যক্রমে ডিএনসিসি প্রশাসকের সঙ্গে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রকিবুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতিবন্ধী ছাত্রকে মারধরের ঘটনায় ঢাবিতে ছাত্রদলের তিন নেতার পদচ্যুতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের একটি দোকানে পা তুলে বসাকে কেন্দ্র করে এক প্রতিবন্ধী শিক্ষার্থীকে মারধরের অভিযোগের ঘটনায় অভিযুক্ত চারজনের মধ্যে তিনজন ছাত্রদলের পদধারী নেতা ছিলেন। ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার পর অভিযুক্ত ওই তিন নেতাকে সংগঠন থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

সোমবার (২৫ মে) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) মল্লিক ওয়াসী উদ্দিন তামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত মোতাবেক দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল শাখার যুগ্ম-আহবায়ক চন্দন দাস, যুগ্ম-আহ্বায়ক ঝলক দাস এবং যুগ্ম-আহ্বায়ক রিপন চন্দ্র সরকারকে তাদের সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

এর আগে রোববার জগন্নাথ হলের দোকানে বসা নিয়ে প্রতিবন্ধী এক শিক্ষার্থীর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান ছাত্রদল নেতারা। পরে সেখান থেকে রুমে ফিরলে সেই প্রতিবন্ধী শিক্ষার্থীকে মারধর করার অভিযোগ ওঠে।

বিদ্যুৎ বিপর্যয়ে ভোগান্তিতে ৫ ইউনিয়নের মানুষ

রংপুরের বদরগঞ্জ উপজেলার ওপর দিয়ে টানা দুই দফা কালবৈশাখীতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

রোববার (২৪ মে) ভোরে বয়ে যাওয়া ঝড়ে চার শতাধিক ঘরবাড়ির টিনের চালা উড়ে গেছে। উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ১৫টি বৈদ্যুতিক খুঁটি ও তার। এতে পাঁচটি ইউনিয়নে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।

এর আগে বৃহস্পতিবার ভোরেও একই ধরনের ঝড়ে উপজেলার চার শতাধিক ঘরবাড়ি ও ৩৫টি বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হয়। দুই দফা ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় আট শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দারা জানিয়েছেন।

এলাকাবাসী, উপজেলা প্রশাসন, বিদ্যুৎ বিভাগ ও ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, রোববার ভোর ৪টার দিকে হঠাৎ প্রবল বেগে ঝড়, বজ্রপাত ও ভারী বৃষ্টি শুরু হয়। ঝড়ের তাণ্ডবে ঘুমন্ত মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। মুহূর্তেই অনেক ঘরের চালা উড়ে যায় এবং গাছপালা ভেঙে পড়ে।

ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দামোদরপুর ও মধুপুরে। দামোদরপুর ইউপি চেয়ারম্যান শেখ আবুবক্কর সিদ্দিক জানান, কালাপানি, ইন্দিরাপাড়া, আমরুলবাড়ি, সিংহিমারীসহ কয়েকটি গ্রাম ঘুরে ব্যাপক ক্ষয়ক্ষতি দেখতে পেয়েছেন। তিন শতাধিক ঘরবাড়ির টিনের চালা উড়ে গেছে। শত শত গাছ উপড়ে পড়েছে। বৈদ্যুতিক খুঁটি ও তার ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।

মধুপুর ইউপি চেয়ারম্যান নুর আলম ভুট্টু বলেন, বৃহস্পতিবার ও রোববারের ঝড়ে আমার ইউনিয়নের চার শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর বদরগঞ্জ জোনাল কার্যালয়ের উপমহাব্যবস্থাপক বিপ্লব কুমার পাল জানান, দুই দফা ঝড়ে বিভিন্ন এলাকায় অন্তত ৪৫টি বৈদ্যুতিক খুঁটি ও সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। পাঁচটি ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। কর্মীরা মাঠে কাজ করছেন। তবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে।’

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান বলেন, এখন পর্যন্ত দেড় শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য আমরা পেয়েছি। সব ইউনিয়নের তথ্য হাতে পেলে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে

চাকরির প্রলোভনে প্রতারণা, চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ২

উচ্চপদস্থ কর্মকর্তার ভুয়া পরিচয়ে চাকরি দেওয়ার নামে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চক্রের প্রধানসহ ২ প্রতারককে গ্রেপ্তার করেছে র‍্যাব। তাদের মধ্যে একজন চাকরিচ্যুত সেনাসদস্য।

সোমবার (২৫ মে) সকালে রাজধানীর কেরানীগঞ্জের র‍্যাব ১০-এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সংস্থাটির অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান।

মোহাম্মদ কামরুজ্জামান জানান, নরসিংদী সদর থেকে মো. তারেক সরকার ও তার সহযোগী মো. পলাশ কবিরকে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা ও সামরিক বাহিনীর সদস্যদের পরিচয় ব্যবহার করে গত ৬ বছর ধরে প্রতারণা করে আসছিল চক্রটি। এসময় হোয়াটসঅ্যাপে ভুয়া পরিচয়ে অ্যাকাউন্ট খুলে সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে চাকরি দেওয়ার নামে হাতিয়ে নিয়েছেন এক থেকে দেড় কোটি টাকা।’

ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘরমুখো মানুষের ভিড়

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে সরকারি ছুটির প্রথম দিনেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। বাড়ি ফেরা মানুষের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে দেশের অন্যতম ব্যস্ত এই মহাসড়কের কুমিল্লা অংশজুড়ে বেড়েছে যানবাহনের চাপও।

ঢাকা থেকে চট্টগ্রাম ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার উদ্দেশে ছেড়ে যাওয়া পরিবহনগুলোতে ছিল অতিরিক্ত যাত্রীর চাপ।

সোমবার (২৫ মে) সকাল থেকে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে স্বাভাবিক সময়ের তুলনায় কয়েকগুণ বেশি যানবাহন চলাচল করতে দেখা যায়। দূরপাল্লার বাস, ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস, মোটরসাইকেল ও পণ্যবাহী যানবাহনের চাপ একসঙ্গে বেড়ে যাওয়ায় কোথাও কোথাও ধীরগতির সৃষ্টি হলেও এখন পর্যন্ত বড় ধরনের যানজটের খবর পাওয়া যায়নি।

ঢাকা থেকে চট্টগ্রাম ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার উদ্দেশে ছেড়ে যাওয়া পরিবহনগুলোতে ছিল অতিরিক্ত যাত্রীর চাপ। অনেককে পরিবার-পরিজন নিয়ে ভোর থেকেই বাড়ির পথে রওনা হতে দেখা গেছে। মহাসড়কের বিভিন্ন বাসস্ট্যান্ড ও গুরুত্বপূর্ণ পয়েন্টে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা থেকে চৌদ্দগ্রামের পদুয়া পর্যন্ত প্রায় ১০৫ কিলোমিটার এলাকায় যানবাহন চলাচল তুলনামূলক স্বাভাবিক থাকলেও অতিরিক্ত চাপের কারণে যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা বেশি সময় লাগছে।

বিশেষ করে গৌরীপুর, মাধাইয়া, চান্দিনা, ক্যান্টনমেন্ট, আলেখারচর, পদুয়ারবাজার, মিয়াবাজার, চৌদ্দগ্রাম ও পদুয়া এলাকায় যানবাহনের অনিয়ন্ত্রিত যাত্রী ওঠানামা এবং সড়কের পাশে বাস থামানোর কারণে চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। অনেক চালক নির্ধারিত স্টপেজের বাইরে যাত্রী ওঠানামা করানোর ফলে এসব এলাকায় সাময়িক ধীরগতির সৃষ্টি হচ্ছে।

এ ছাড়াও মহাসড়কের পাশে বিভিন্ন স্থানে বসা অস্থায়ী পশুর হাটকে কেন্দ্র করে গরুবাহী ট্রাক ও অন্যান্য যানবাহনের চাপ বেড়েছে। বিশেষ করে কোরবানির পশু পরিবহনকারী ট্রাক মহাসড়কের পাশে থামানো ও ধীরগতিতে চলাচলের কারণে কয়েকটি এলাকায় যান চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে। ফলে কোথাও কোথাও যানবাহনের দীর্ঘ সারিও দেখা গেছে।

এদিকে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হাইওয়ে পুলিশকে সতর্ক অবস্থানে দেখা গেছে। দাউদকান্দি হাইওয়ে পুলিশের উপপরিদর্শক শাহজাহান জানান, ঈদকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহনের চাপ উল্লেখযোগ্য হারে বেড়েছে। তবে যান চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশ নিয়মিত টহল ও তদারকি কার্যক্রম পরিচালনা করছে। পুলিশের পাশাপাশি রোভার স্কাউটস সদস্যরাও সড়ক শৃঙ্খলায় নিয়োজিত রয়েছে।

তিনি আরও জানান, মহাসড়কের বিভিন্ন স্থানে যাতে যানজট সৃষ্টি না হয় এবং যাত্রীরা নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন, সেজন্য পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তুলেছে কুমিল্লা জেলা পুলিশ। ঈদে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা, কেনাকাটায় নিরাপত্তা, ছিনতাই প্রতিরোধ এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা কোরবানির পশুবাহী গাড়ির নিরাপত্তা নিশ্চিতে জেলাজুড়ে জোরদার করা হয়েছে বিশেষ অভিযান।

গত এক মাসে পরিচালিত সাঁড়াশি অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের যৌথ অভিযানে মোট ১২৫ জন চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এককভাবে ৪৬ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। একইসঙ্গে উদ্ধার করা হয়েছে বিদেশি অস্ত্র ও বিপুল মাদক।

পুলিশ সূত্র জানায়, দীর্ঘ সীমান্ত এলাকা, গুরুত্বপূর্ণ মহাসড়ক ও নদীপথ বেষ্টিত হওয়ায় কুমিল্লায় দীর্ঘদিন ধরে চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদক পাচারের প্রবণতা রয়েছে। বর্তমান পুলিশ সুপার দায়িত্ব গ্রহণের পর অপরাধের ধরন বিশ্লেষণ করে তা দমনে আধুনিক ও অভিনব কৌশল গ্রহণ করেন। তার নির্দেশনায় থানা পুলিশের কার্যক্রমের পাশাপাশি জেলা গোয়েন্দা শাখাকে আরও গতিশীল ও কৌশলী করা হয়েছে।

জানা গেছে, ঈদের আগে ছিনতাইকারী ও চোর চক্রের বিরুদ্ধে চিরুনি অভিযান চালিয়ে উল্লেখযোগ্য সফলতা পেয়েছে জেলা পুলিশ। অভিযানে কোতোয়ালি থানা ৩৮ জন, সদর দক্ষিণ থানা ২০ জন, ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ি ১৭ জন এবং বুড়িচং থানা ৪ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পাশাপাশি জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, চোর চক্রের একাধিক সদস্য এবং একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এ ছাড়া সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা, ইস্কাফ, ফেয়ারডিল, বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা ও সংশ্লিষ্ট থানা পুলিশ।

কুমিল্লা পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, ঈদুল আজহা উপলক্ষে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, মহাসড়কে পশুবাহী গাড়ি ও যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং অপরাধ দমনে জেলা পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কুড়িগ্রামে ট্রাক্টরসহ ব্রিজ ধস, নিহত ১ আহত ৫

কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সিতাইঝাড় এলাকায় ট্রাক্টরসহ একটি ব্রিজ ধসে পড়ে ১ জনের মৃত্যুর ও ৫ জনের আহতের ঘটনা ঘটেছে।
রবিবার ২৪ মে দুপুর ১২ টার সময় এ ঘটনা ঘটেছে। ঘটনার পর পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে নিহত এবং আহতদের উদ্ধার করেন। প্রাথমিক উদ্ধার কাজ শেষে তাদের কে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়া হয়। গুরুতর আহত হওয়ায় একজনকে রংপুরে রেফার করা হলে, যাত্রা পথে তার মৃত্যু হয় বলে জানা গেছে। এবং বাকিদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক।
সেতুটি ভেঙ্গে যাওয়ায় যোগাযোগের চরম দুর্ভোগ হয়েছে ৩ থেকে ৪ টি ইউনিয়নের মানুষের। চলাচল করতে পারছে না প্রায় অর্ধলাখ মানুষ। যোগাযোগ অচল হওয়ার ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে ব্যবসা, শিক্ষা এবং চিকিৎসা খাতে বলে মনে করছেন স্থানীয়রা।
স্থানীয়দের দাবি নিম্নমানের কাজ এবং কাজে অনিয়ম দুর্নীতির ফলে ব্রিজটি ভেঙ্গে যায়। ব্রিজটি ২০০৩ সালে নির্মাণ করা হয় এবং ২০ বছরের মাথায় ব্রিজ ভেঙ্গে যাওয়ার ঘটনায় ক্ষিপ্ত স্থানীয়রা।
স্থানীয়দের ভাষ্যমতে, একটি ব্রিজ নির্মাণের পর কমপক্ষে ৫০ থেকে ১০০ বছর পর সেই ব্রিজ যাতায়াতের অনুপযোগী হয়। কিন্তু এই ব্রিজটি খালি একটি ট্রাক্টরের ভার বহন করতে না পেয়ে ধসে পড়ে যায়। ব্রিজ নির্মাণের বয়সও তেমন হয় নেই। মাত্র ২০ (বিশ) বছরের মাথায় ব্রিজটি ভেঙ্গে গেল। এখানে নিশ্চয়ই কাজের গাফলতি আছে বলে দাবি করেন স্থানীয়রা।
স্থানীয়রা আরও বলেন, বর্তমান সরকারের কাছে আমাদের অনুরোধ তারা যেন দ্রুত এই ব্রিজের কাজের তদারকি করেন। এবং ৩-৪ টি ইউনিয়নের মানুষের চলাচলের জন্য দ্রুত কোন একটা বিকল্প ব্যবস্থা করে দেন।
ঘটনার পর পাঁচগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন বলেন, সেতুটি ভেঙ্গে যাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে অবগত করেছি। তারা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিবে বলে কথা দিয়েছে।

তিন দফা পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন তৌহিদ হোসেন

নিজ মন্ত্রণালয়ে একাধিক উপদেষ্টার প্রভাব ছিল জানিয়ে তিনবার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন এম তৌহিদ হোসেন। তিনি সাবেক অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুল আলোচিত বাণিজ্য চুক্তি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কিছুই জানতো। এর নেপথ্যে ছিলেন বাণিজ্য উপদেষ্টা ও নিরাপত্তা উপদেষ্টা।

তিনি জানান, সাত সদস্যের কিচেন ক্যাবিনেটে অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত হতো। প্রতি মঙ্গলবার নিয়মিত বৈঠক করতেন তারা। পররাষ্ট্র মন্ত্রণালয়ে একাধিক উপদেষ্টার প্রভাব ছিল। তাই তিনবার পদত্যাগের সিদ্ধান্ত নেন, তবে তা গৃহীত হয়নি।

তিনি বলেন, আমি ৩ বার কুইট করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে তারা বলে যে, এটা অন্তর্বর্তী সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করবে।

ক্ষমতায় থাকাকালে কয়েকজন উপদেষ্টার সমন্বয়ে কিচেন কেবিনেট সব সিদ্ধান্ত নিত দাবি করে তিনি বলেন, কোনো এক উপলক্ষে এই কিচেন ক্যাবিনেটের একটা মিটিংয়ে আমাকে যেতে হয়েছিল। যমুনাতেই এটি হতো এবং আমি পরে জেনেছি যে প্রতি মঙ্গলবারে তারা বসেন। সিদ্ধান্ত নেয় কেউ কেউ; এ ধরনের কথাবার্তা শোনা যেত। আমার কানেও আসতো। কিন্তু এর বাইরে আসলে আমার জানা ছিল না যে, এরকম একটা গ্রুপ আছে যারা নিয়মিত বসে, সিদ্ধান্ত নেওয়ার জন্য।

ভোটের মাত্র তিন দিন আগে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি করেছে তার বিষয়ে সাবেক এই উপদেষ্টা বলেন, পররাষ্ট্রমন্ত্রী অথবা পররাষ্ট্র মন্ত্রণালয় সামান্যতম ইনভলভ ছিল না এটাতে। এটাতে ইনভলভ ছিল কমার্স মিনিস্ট্রি এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে একই পরিবারের আরও চারজন।

নিহত শিশুরা হলো, পাবনা জেলার সাথিয়া উপজেলার হলদিঘর গ্রামের সবুজ প্রামানিকের মেয়ে সারা খাতুন (৮) ও শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের মশিপুর গুচ্ছ গ্রামের আলমগীরের ছেলে আহম্মদ (৭)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বেলা ১১টার দিলরুবা বাসস্ট্যান্ড এলাকায় একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার সাথে লবণ বোঝাই ভটভটির (কুত্তাগাড়ি) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী সারা খাতুন (৮) ঘটনাস্থলেই মারা যায়। আহত হন শিশুটির বাবা সবুজ প্রামানিক ও মা স্ত্রী মিতা খাতুন, বোন সন্তান সোহা খাতুন এবং ভাই আয়ান।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক এবং ভটভটি আটক করা হয়েছে। এসব ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

তাড়াশে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ

পবিত্র ঈদ-উল আযহা-২০২৬ উপলক্ষে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় দুস্থ ও গরীব জনসাধারণের মাঝে মানবিক সহায়তা হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত অর্থ বিতরণ করা হয়েছে।
সোমবার (২৫ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ অর্থ বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দকৃত অর্থ *প্রত্যেক উপকারভোগীকে জনপ্রতি ১০ টাকা* করে নগদে প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থ ও গরীব পরিবারের মাঝে সহায়তার অর্থ তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার জনাব নুসরাত জাহান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স ম আফসার আলী, সাবেক সাধারণ সম্পাদক এ টি এম আমিনুর রহমান টুটুল, সাবেক সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক প্রফেসর দুলাল হোসেন,সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সাইদুর রহমান সবুজ।
এছাড়াও উপস্থিত ছিলেন তাড়াশ পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম খন্দকার,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার শাহাদত হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. হাসান মির্জা এবং সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা প্রমুখ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বলেন, “অত্যন্ত স্বচ্ছতার সাথে প্রকৃত দুস্থ ও অসহায় মানুষের তালিকা তৈরি করে এই অর্থ বিতরণ করা হচ্ছে। জনপ্রতি ১০০০ টাকার এই সহায়তা তাদের ঈদ উদযাপনে সহায়ক হবে।”
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ এবং সুবিধাভোগী জনসাধারণ উপস্থিত ছিলেন। অর্থ সহায়তা পেয়ে উপস্থিত সাধারণ ও দুস্থ মানুষের মুখে হাসির ঝিলিক দেখা যায়।

জেলে আওয়ামী লীগ নেতার মৃত্যু

তিনটি হত্যা মামলায় কারাবন্দি সাতক্ষীরা জেলা জজকোর্টের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতা আব্দুল লতিফ মারা গেছেন। সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছিল বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়, সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

সাতক্ষীরা জেলা কারাগারের জেলার দুলাল কর্মকার জানান, এদিন রাত ৩টার দিকে কারাগারের ভেতরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আব্দুল লতিফ। পরে দ্রুত তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টার দিকে তিনি মারা যান।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আব্দুর রহমান জানান, রাত ৩টা ৩৫ মিনিটে বুকে ব্যথাজনিত সমস্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালে রাত ৪টার দিকে তার মৃত্যু হয়।

আব্দুল লতিফ সাতক্ষীরা সদর উপজেলার কামার বায়সা গ্রামের মৃত মুনসুর সরদারের ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের জেলা কমিটির উপদেষ্টা এবং বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সাবেক এই পিপি ও সাতক্ষীরা বারের সাবেক সাধারণ সম্পাদক সম্পর্কে অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে সাতক্ষীরা-২ আসনের সাবেক সংসদ সদস্য মীর মোস্তাক আহম্মেদ রবির সুপারিশে তিনি জেলা জজ আদালতের পিপি হিসেবে নিয়োগ পান। ওই সময় তার বিরুদ্ধে আইনজীবীদের লাগাতার কর্মসূচিও চলেছিল।

অভিযোগ রয়েছে, দায়িত্ব পালনকালে আদালতপাড়া নিয়ন্ত্রণ, ভারতীয় গরুর খাটাল ব্যবস্থাপনাসহ বিভিন্ন খাত থেকে তিনি বিপুল অবৈধ সম্পদের মালিক হন। তবে তার মৃত্যুতে সাতক্ষীরা আইনজীবী সমিতিতে শোকের ছায়া নেমে এসেছে।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আব্দুল লতিফের বিরুদ্ধে আটটি হত্যা ও নাশকতার মামলা করা হয়। এছাড়া তার ছেলে রাসেলের বিরুদ্ধেও তিনটি মামলা হয়। মামলা দায়েরের পর তারা খুলনায় আত্মগোপনে ছিলেন।

নিহতের মেয়ে শাম্মি জানান, আত্মগোপনে থাকা অবস্থায় ২০২৫ সালের ১৩ ডিসেম্বর খুলনার বয়রা এলাকা থেকে পুলিশ তার বাবা আব্দুল লতিফ ও ভাই রাসেলকে গ্রেপ্তার করে। এরপর থেকেই তিনি তিনটি হত্যা মামলায় কারাগারে বন্দি ছিলেন।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হবে। পরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

১৮০০ টাকা সাশ্রয় পেতে ৯ বন্ধুর ট্রাকে চড়ে ঈদযাত্রা, শেষ হলো মর্মান্তিক দুর্ঘটনায়

পরিবারের সঙ্গে ঈদ আনন্দে যোগ দিতে কর্মস্থল নোয়াখালী থেকে বাড়ি ফিরছিলেন একই এলাকার ৯ বন্ধু। বাসভাড়া ১৮০০ টাকা বেশি হওয়ায় উঠেছিলেন ট্রাকে। কিন্তু সেই সাশ্রয়ের টাকায় ট্রাকে করে তাদের যাত্রা যে জীবনের শেষযাত্রা হবে, তা কে জানতো!

টাঙ্গাইলের বঙ্গবন্ধু যমুনা সেতুর পূর্ব পাড়ে এক ভয়াবহ ট্রাক দুর্ঘটনায় ঝরে গেছে ১৫টি তাজা প্রাণ, যার মধ্যে রয়েছেন সেই ৯ বন্ধু। নওগাঁর মান্দা উপজেলার এই ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে স্তব্ধতা আর শোকের ছায়া।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নোয়াখালী থেকে ছেড়ে আসা একটি রডবোঝাই ট্রাক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতুর পূর্ব দিকে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারায়। মুহূর্তের মধ্যেই রডবোঝাই ট্রাকটি উল্টে গিয়ে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থল ও হাসপাতালে মিলিয়ে মোট ১৫ জন নিহত এবং ১০ জন গুরুতর আহত হন। এই মর্মান্তিক দুর্ঘটনায় নওগাঁর মান্দা উপজেলার ১ নম্বর ভারশোঁ ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৯ জন বাসিন্দা প্রাণ হারিয়েছেন।

নিহতদের মধ্যে রাজেন্দ্রবাটি গ্রামের বাসিন্দা হলেন মো. সুলতানের ছেলে মোহাম্মদ তারেক, মো. আব্দুর রশিদের ছেলে মো. আব্দুল বারেক, মো. আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ বাদশা, একাব্বরের ছেলে মো. সোহাগ, মো. শহিদুলের ছেলে মোহাম্মদ রবিউল এবং মোহাম্মদ সাকিমের ছেলে মোহাম্মদ সাগর।

এছাড়া মুর্শিদপুর গ্রামের মৃত জাফর আলীর ছেলে মোহাম্মদ মইনুর ইসলাম এবং পাকুড়িয়া গ্রামের আব্দুর রশিদের দুই ছেলে মোহাম্মদ মাইনুল ও মোহাম্মদ গিয়াসও এই দুর্ঘটনায় নিহত হয়েছেন।

নিহত তারেকের বাবা সুলতান হোসেন জানান, তারা নোয়াখালী এলাকায় ফেরি করে মানুষের ফেলে দেওয়া চুল, ভাঙা মোবাইল ও ছোট ছোট প্লাস্টিকের খেলনা বেচাকেনা করতো। ঈদের ছুটিতে বন্ধুবান্ধব মিলে সবাই একসঙ্গে বাড়ি আসছিলেন। বাসে ১৮০০ টাকা ভাড়া বেশি চাচ্ছিল, তাই একটু টাকা বাঁচাতে সবাই মিলে ট্রাকে উঠে। ফেনী থেকে তারা ট্রাকে যাত্রা শুরু করে। কিন্তু এই সামান্য টাকার জন্য তাদের সব শেষ হয়ে গেল।

একই ইউনিয়নের ৯ যুবকের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে ভারশোঁ ইউনিয়নসহ পুরো মান্দা উপজেলায় কান্নার রোল পড়েছে। নিহতদের পরিবারে চলছে চরম আহাজারি। উপার্জনক্ষম সন্তানদের হারিয়ে দিশেহারা বাবা-মা ও স্বজনেরা। স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী নিহতদের মরদেহ নিজ নিজ গ্রামে আনার প্রস্তুতি নিচ্ছেন।

হোসেনপুরের ঐতিহ্যবাহী রিইউনিয়ন ক্লাবের পূর্ণমিলনী ৩০ মে

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ক্রিকেটারদের মিলনমেলায় পরিণত হতে যাচ্ছে “রিইউনিয়ন ক্লাব” এর পুনর্মিলনী আয়োজন।
‎আগামী শনিবার( ৩০ মে) হোসেনপুর স্টেডিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে।
‎২০১৭ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি প্রতিষ্ঠাকাল থেকেই প্রতি কুরবানির ঈদের পর সাবেক ও বর্তমান ক্রিকেটারদের নিয়ে পুনর্মিলনী আয়োজন করে আসছে। এবারের আয়োজনে অংশ নেবেন হোসেনপুরের প্রায় ৮০ জনেরও বেশি ক্রিকেটার ও সদস্য।
‎অনুষ্ঠানটি পরিচালনা করবেন আহমেদ আরফিন। আয়োজনে থাকছে ক্রিকেট টুর্নামেন্ট, আড্ডা, সৌহার্দ্য বিনিময় ও কাচ্চি ভোজনের বিশেষ আয়োজন।
‎প্লেয়ার সংখ্যা বেশি হওয়ায় এবারের টুর্নামেন্টে চারটি দলে ভাগ হয়ে অংশ নেবেন ক্রিকেটাররা। দলগুলো হলো—
‎Reunion Thunder XI
‎Reunion Blaze Warriors
‎Reunion Royal Strikers
‎Reunion Shadow Titans
‎চার দলের মধ্যে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
‎ক্লাব সংশ্লিষ্টরা জানান, “রিইউনিয়ন” শব্দের অর্থই হচ্ছে একত্রিত হওয়া। ক্লাবের মূল উদ্দেশ্য হলো নিজেদের মধ্যে সম্পর্ক আরও মজবুত করা এবং এমন একটি সুন্দর কমিউনিটি গড়ে তোলা, যেখানে সবাই সবার শারীরিক, মানসিক ও আর্থিক বিপদে পাশে দাঁড়াতে পারে।
‎অনুষ্ঠানে রিইউনিয়ন ক্লাবের সম্মানিত অতিথি ও উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা উপস্থিত থাকবেন। উপদেষ্টাদের মধ্যে রয়েছেন সাফায়াতুল হাসান সম্রাট, শরিফ আহমেদ, আল আমিন অপু, মো: বদরুল আলম কিরণ, বিপুল আলম চৌধুরী, টুটুল মৃধা, ও আনোয়ারুল হক সোহাগ।
‎ক্রিকেটপ্রেমীদের কাছে এই আয়োজন শুধু একটি খেলা নয়, বরং পুরনো সম্পর্ককে নতুন করে ঝালিয়ে নেওয়া এবং ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় করার এক অনন্য মিলনমেলা হিসেবে বিবেচিত হচ্ছে।

বিক্ষোভে উত্তাল জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক

জামালপুর পৌরশহরে দীর্ঘ বছরের জলাবদ্ধতা নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় কয়েকজনকে আন্দোলনকারীদের মহাসড়কের ওপর ব্যাট-বল হাতে ক্রিকেট খেলতেও দেখা যায়। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যাতে ঈদে ঘরমুখো যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

সোমবার (২৫ মে) বেলা সাড়ে ১১টায় শহরের বাইপাস এলাকায় মহাসড়ক অবরোধ করেন বাসিন্দারা।

আন্দোলনকারীরা জানান, পৌরসভার দাপুনিয়া, জঙ্গলপাড়া, দড়িপাড়া, পূর্ব ফুলবাড়ীয়া, শাহাপুর ও বিসিক শিল্প এলাকায় দীর্ঘ ১৯ বছর ধরে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়ে আসছে। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও চরম আকার ধারণ করে। ঘরবাড়ি ও রাস্তাঘাট পানিতে তলিয়ে গিয়ে চরম ভোগান্তিতে পড়তে হয়।

তারা আরও জানান, অনেক বছর ধরে পৌর কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বাধ্য হয়েই তারা সড়ক অবরোধ করেছেন।

জলাবদ্ধতার সমস্যাকে কেন্দ্র করে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এলাকাবাসী কিছুটা উত্তেজিত অবস্থায় রয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। তাদের সঙ্গে আলোচনা চলছে এবং যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা অব্যাহত আছে।

সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাত, অংশগ্রহণ করবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। এতে অংশ নেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।

তবে আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে।

সোমবার (২৫ মে) সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে এসব তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম।

তিনি জানান, জাতীয় ঈদগাহ ময়দানে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মুসল্লিদের প্রবেশের জন্য রাখা হবে ৪টি এবং বের হওয়ার জন্য ৭টি গেট।

এছাড়া কোরবানির বর্জ্য ৮ ঘণ্টার মধ্যে অপসারণের পরিকল্পনার কথাও জানান তিনি। নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, পশুর বর্জ্য ড্রেনে না ফেলে নির্ধারিত স্থানে ফেলতে হবে, যাতে নগর পরিচ্ছন্ন রাখা যায়।

সততা ও নিষ্ঠার স্বীকৃতি, ৩ চিঠিতে ধন্যবাদ ইউনুসকে

প্রধানমন্ত্রীর চাঁদপুর জেলা সফরে অর্পিত সরকারি দায়িত্ব পালনে নিষ্ঠা, আন্তরিকতা, দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দেওয়ায় ধন্যবাদ পেলেন সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলী।

চিঠিগুলো দিয়েছেন চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক এবং জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

মোহা. ইউনুস আলী জানান, গত ১৬ মে প্রধানমন্ত্রীর চাঁদপুর আগমন উপলক্ষে জেলার গুরুত্বপূর্ণ সড়কসমূহ মেরামত, সংস্কার, সাইন-সিগন্যাল স্থাপন, সেতু-কালভার্ট সৌন্দর্যবর্ধনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে সম্পন্ন করায় ৩ পৃথক চিঠিতে ধন্যবাদ জানানো হয়েছে।

এছাড়াও চিঠিতে তার নিবিড় তত্ত্বাবধানে প্রধানমন্ত্রীর সফরকালীন যান চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন হওয়ায় কৃতজ্ঞতা জানানো হয়।

মোহা. ইউনুস আলী আরও বলেন, ‘চিঠিতে বলা হয়—ভবিষ্যতেও আমি যেন রাষ্ট্র ও জনগণের কল্যাণে একইভাবে গুরুত্বপূর্ণ অবদান রেখে কাজ করি। তারা আমার ও আমার পরিবারের সর্বাঙ্গীণ মঙ্গল, সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।’

আর এ চিঠিগুলো পেয়ে নিজের কাছেও ভালো লাগছে উল্লেখ করে এ নির্বাহী প্রকৌশলী বলেন, ‘প্রকৃতপক্ষে এভাবেই যেন সবসময় ভালো কাজের মূল্যায়ন করা হয় সে প্রত্যাশাই রাখছি।’

এ বিষয়ে চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, প্রধানমন্ত্রীর সফরে সংশ্লিষ্ট কাজে ভালো দক্ষতা দেখানোর জন্য এ চিঠি দিয়েছি।

কবি নজরুল

  • রিপোর্টার:
  •  আপডেট টাইম : ১১:৪৬:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
 
মহসিন আলম মুহিন

দুই বাংলার প্রাণের কবি
যেন গোলাপ ফুল,
তুমি সবার নয়নের মনি
প্রিয় কবি নজরুল।।
পশ্চিম বাংলায় জন্ম তোমার
গ্রামের নাম চুরুলিয়া,
গরীব ঘর অভাবের সংসার
ডাক নাম দুখু মিয়া।।
দুরন্ত স্বভাব পয়সার অভাব
জীবন বাঁচাতে নিয়া,
রুটির দোকানে কাজের প্রস্তাব
লেটোর দলেও গিয়া।।
অভাব যে কত ছিল অবিরত
কহিতে অশ্রু  ঝরে,
কড়ির কারণেই কবি আহত
বুলবুল, অকালেই ঝরে পড়ে।।
বুলবুল শান্ত ঘুমায় দুয়ারে-
কাফনের হয় না যোগাড়,
মেলে না অর্থ ঘুরে দ্বারে দ্বারে
বলে-কবিকে, গান গাহিবার।।
গান গেয়ে কবি টাকা আনে-
তাতে হয় দাফনের সমাধান,
অথচ কবির রচিত গানে-
‘কতজন হয় ধনবান।।
পুত্রের শোক বসে যায় বুকে
বলিতে পারে না কথা,
বড় অসুখে ধরে কবিকে
মাথাতে চরম ব্যথা।।
সাম্যের কবি দ্রোহের কবি
কণ্ঠ মাঝে শত সুর,
শিকল ভাঙ্গার জলন্ত রবি
প্রেম ভালবাসায় ভরপুর।।
ঘুমন্তরে কবি জাগ্রত করে
ভাঙ্গা দেহে আনে প্রাণ,
অসি নিয়ে কবি সম্মুখ সমরে
মসিতে তোলে স্বাধীনতার গান।।
নবী প্রিয় কবি বিশ্ব ভুবনে
কে তার সমতুল্য,
হামদ-নাত-ইসলামি গানে
তারই লেখা অমুল্য।।
হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান-
সকলের কাছে কবি প্রিয়,
সাহিত্যঙ্গনে কবির অবদান
তুলনার বাহিরে অতুলনীয়।।
অল্প সময় কবিত্ব জীবন
কত কিছু তার লেখা,
পক্ষাঘাতে কবি, কবির ‘ভুবন-
থেমে গেলো কথামালার রেখা।।
তোমার স্তুতি কি গাহিব লিখে
আমি জ্ঞানহীন নাদান,
দোয়া করি, প্রভু রাখুন মহাসুখে-
জান্নাত করুন দান।।

গজারিয়ায় কাভার্ডভ্যান-লরি সংঘর্ষে হেলপার নিহত, চালক আহত

মুন্সীগঞ্জের গজারিয়া অংশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান ও লরির মুখোমুখি সংঘর্ষে এক লরি হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন কাভার্ডভ্যানের চালক। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

রোববার (২৪ মে) রাত আনুমানিক সোয়া ২টার দিকে গজারিয়া থানার দড়ি বাউশিয়া এলাকার মানাবে ওয়াটার পার্কের সামনের ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম অন্তর দাস (১৮)। তিনি নোয়াখালীর সেনবাগ উপজেলার চাঁদপুর গ্রামের মানিক দাসের ছেলে এবং লরির হেলপার হিসেবে কর্মরত ছিলেন। আহত কাভার্ডভ্যান চালকের নাম নুরুল আলম (৪০)।

স্থানীয় সূত্র ও হাইওয়ে পুলিশ জানায়, একটি কাভার্ডভ্যান ঢাকাগামী লেন থেকে ইউটার্ন নিয়ে চট্টগ্রামমুখী লেনে প্রবেশ করছিল। এ সময় চট্টগ্রামমুখী দ্রুতগতির একটি লরি কাভার্ডভ্যানটির ডান পাশে সজোরে ধাক্কা দেয়। এতে দুটি গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালক নুরুল আলম ও লরির হেলপার অন্তর দাস কেবিনের ভেতরে আটকা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক অন্তর দাসকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে গুরুতর আহত নুরুল আলমকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ভবেরচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ জানান, দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

২৪ ঘণ্টায় যমুনা সেতু পার হলো ৪০ হাজার যানবাহন

স্বজনের সঙ্গে ঈদ উদযাপন করতে ঘরে ফিরছে উত্তরাঞ্চলের মানুষ। ফলে যমুনা সেতুতে যানবাহনের চাপ ক্রমশ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় স্বাভাবিক দিনের আড়াই গুণ বেশি যানবাহন চলাচল করেছে। টোল আদায় হায়েছে প্রায় সোয়া তিন কোটি টাকা।

সোমবার (২৫ মে) সকালে যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, রোববার (২৪ মে) দিবাগত রাত ১২টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৩৯ হাজার ৯১৯টি যানবাহন চলাচল করেছে। বিপরীতে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৫ লাখ ১৫ হাজার ৬৫০ টাকা।

এর মধ্যে সেতুর পূর্ব টোলপ্লাজায় (উত্তরবঙ্গগামী লেন) ২২ হাজার ১১২টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৬২ লাখ ৩৫ হাজার ২৫০ টাকা। অপরদিকে পশ্চিম টোলপ্লাজায় ১৭ হাজার ৮০৭ টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৬২ লাখ ৮০ হাজার ৪০০ টাকা।

ঈদের সরকারি ছুটি সোমবার থেকে হলেও শুক্রবার (২২ মে) বিকেল থেকে যানবাহনের চাপ বেড়েছে যমুনা সেতুতে। যানবাহনের চাপ সামলাতে নিয়মিত ১৪টি বুথের সাথে আরও ৪টি অতিরিক্ত বুথ চালু করা হয়েছে।

টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে প্রাণ গেল ১৭ জনের

  • রিপোর্টার:
  •  আপডেট টাইম : ১০:০৬:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
 
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় রডবোঝাই ট্রাক উল্টে ১৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।

সোমবার (২৫ মে) সকালে যমুনা সেতুর পূর্বপাড়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যায়, রডসহ যাত্রীবোঝাই করে একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। ট্রাকটি ভোর ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায় ।

ট্রাকটিতে কয়েকজন যাত্রীও অবস্থান করছিলেন। দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রী ঘুমিয়ে থাকায় হতাহতের সংখ্যা বেশি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ট্রাকটি খাদে পড়ে দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই অনেকের মৃত্যু হয়।

খবর পেয়ে এলেঙ্গা ফায়ার সার্ভিস, যমুনা সেতু পূর্ব থানা পুলিশ ও যমুনা সেতু কর্তৃপক্ষের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। এসময় ঘটনাস্থল থেকে ১৭ জনের মরদেহ উদ্ধার এবং আহত ৬ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

এদিকে উদ্ধার কাজের কারণে ভোর ৪টা ২৫ মিনিট থেকে ৫টা ২০ মিনিট পর্যন্ত মহাসড়কের ঢাকামুখী লেনে যান চলাচল সাময়িক বন্ধ ছিল। পরে সেতু পূর্ব ভূঞাপুর লিংক রোড দিয়ে ঢাকাগামী এবং পুরাতন সড়ক ব্যবহার করে উত্তরবঙ্গগামী যানবাহন চলাচলের ব্যবস্থা করা হলে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। এতে বড় ধরনের যানজট সৃষ্টি হয়নি বলে জানা গেছে।

যমুনা সেতু পূর্ব থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানি জানান, বর্তমানে মহাসড়কে যান চলাচল আগের তুলনায় স্বাভাবিক রয়েছে। উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম তদারকি করেন। পুলিশের প্রাথমিক ধারণা, চালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

সোনাতলায় বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির-অনিয়মের অভিযোগ

গৃহবধূর রহস্যজনক মৃত্যু, কবর থেকে তোলা হলো লাশ

ঢাকার ধামরাইয়ে গৃহবধূ রূপা আক্তারের (২৫) রহস্যজনক মৃত্যুর ঘটনায় নতুন মোড় নিয়েছে। দাফনের দীর্ঘ ৫ মাস পর আদালতের নির্দেশে গৃহবধূর মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (২৪ মে) বিকেলে ধামরাইয়ের যাদবপুর ইউনিয়নের আমড়াইল রাঙ্গাপাড়া সামাজিক কবরস্থান থেকে লাশটি উত্তোলন করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

নিহত রূপা আক্তার ওই এলাকার মো. জাকির হোসেনের স্ত্রী ছিলেন।

পুলিশ ও মামলার বিবরণী থেকে জানা যায়, গত বছরের ২৮ নভেম্বর রাতে ধামরাই উপজেলার ইসমাইল হোসেনের মালিকানাধীন একটি টিনশেড বাসা থেকে রূপা আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটিকে ‘আত্মহত্যা’ বলে মনে করা হলেও পরবর্তীতে নিহতের পরিবার একে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করে।

এ ঘটনায় রূপা আক্তারের পরিবার বাদী হয়ে আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে আদালত মামলাটির তদন্তের ভার দেয় পিবিআই-কে। মামলার সুষ্ঠু তদন্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের স্বার্থে আদালত মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশ দেন।

আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে রোববার বিকেলে রাঙ্গাপাড়া কবরস্থানে খনন কাজ শুরু হয়। মরদেহ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন- ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রিদওয়ান আহমেদ রাফি, ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আকিব হোসাইন এবং মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই এর পুলিশ পরিদর্শক মো. খালেদ।

মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই’র পুলিশ পরিদর্শক মো. খালেদ জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী সম্পূর্ণ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে রোববার বিকেলে গৃহবধূর মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মরদেহটি ময়নাতদন্তের উদ্দেশ্যে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাতের মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের আশঙ্কা

ঢাকাসহ দেশের ৬ অঞ্চলের ওপর দিয়ে রোববার (২৪ মে) রাতের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

রোববার (২৪ মে) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়, রোববার রাত ১টার মধ্যে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া, বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় দমকা হাওয়া ও বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

অন্যদিকে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, চাঁদপুর, লক্ষ্মীপুর ও পটুয়াখালীসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

জামায়াতের মনোনয়ন পেলেন আ. লীগের সাবেক সেক্রেটারি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতের মনোনয়ন পেলেন আওয়ামী লীগ নেতা আবু হানিফ। তিনি উপজেলার বাঙালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

শনিবার (২৩ মে) আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে উল্লাপাড়ার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার দলীয় প্রার্থীর নাম ঘোষণা করে জামায়াত। এ সময় সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মওলানা রফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

সভায় বাঙালা ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আবু হানিফের নাম ঘোষণা করা হয়। তবে সভার শুরুতে আবু হানিফ আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

আবু হানিফ দীর্ঘদিন বাঙালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চেয়ে বঞ্চিত হন। পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে আওয়ামী লীগ প্রার্থীর কাছে পরাজিত হন। ওই সময়ই তাকে আওয়ামী লীগ থেকে বহিস্কার করা হয়।

উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, আবু হানিফ ২০২১ সালে আওয়ামী লীগ থেকে বহিস্কৃত হওয়ার পর নির্দলীয় ছিলেন। এক বছর আগে থেকে তিনি জামায়াতের সাথে রয়েছেন। ত্রয়োদশ নির্বাচনেও জামায়াত প্রার্থীর পক্ষে কাজ করেছেন। দলীয় নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে।

আবু হানিফ জানান, আওয়ামী লীগ আমাকে বহিস্কার করেছে। ২০২১ সালের ইউপি নির্বাচনে আমার বিজয় ছিনিয়ে নিয়েছে। তখন থেকেই আমি আওয়ামী লীগের সঙ্গে নেই। আমি জামায়াতে যোগ দিয়েছি। দল তাই আমাকেই মনোনয়ন দিয়েছে।

এদিকে আওয়ামী লীগ নেতাকে জামায়াতের মনোনয়ন দেওয়ার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিভিন্ন রাজনৈতিক সচেতন ব্যক্তিরা পক্ষে-বিপক্ষে ফেসবুকে পোস্ট দিচ্ছেন।

আবু হানিফ ছাড়াও সাদ্দাম হোসেন নামে এক বহিস্কৃত যুবদল নেতাকে উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়ন দিয়েছে জামায়াত। অপরদিকে দীর্ঘদিন আওয়ামী লীগের সহযোগী হিসেবে কাজ করা সলঙ্গা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুলকে হাটিকুমরুল ও অধ্যক্ষ মঞ্জিল ইসলামকে উধুনিয়া ইউনিয়নের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমত আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।

জেলা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬

টানা তিনবার বরিশাল জেলায় শ্রেষ্ঠ আগৈলঝাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ বরিশাল জেলায় শ্রেষ্ঠ ১২ ক্যাটাগরীর মধ্যে ৩টি বিষয়ে আগৈলঝাড়ায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, শ্রেষ্ঠ ইনস্ট্রাক্টর ও শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় মনোনীত হয়েছে।

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ যাচাই-বাছাই কমিটির সভাপতি বরিশাল জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনের সভাপতিত্বে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ ঘোষনা করা হয়। আরো উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ যাচাই-বাছাই কমিটির সদস্য সচিব ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তফা কামালসহ অন্যান্য কর্মকর্তারা।

বরিশাল জেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মনোনীত হয়েছেন রাজিহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদ হোসেন খান ও শ্রেষ্ঠ ইনস্ট্রাক্টর (ইউপিইটিসি) মনোনীত হয়েছেন বিপুল চন্দ্র মজুমদার ও শ্রেষ্ঠ সরকারী প্রাথমিক বিদ্যালয় মনোনীত হয়েছে উপজেলা সদরের আগৈলঝাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়।

আগৈলঝাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান জানান, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি ধারাবাহিকভাবে পরপর তিন বার বরিশাল জেলায় শ্রেষ্ঠ সরকারী প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে। এর পূর্বেও তিনবার জেলায় শ্রেষ্ঠ ও বিভাগে ১ বার শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছিল।

সহকারী শিক্ষিকা নিপা রানী সাহা বলেন, এই ঐতিহাসিক সাফল্যের জন্য আমি আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক, সহকর্মী শিক্ষকমণ্ডলী, প্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকদের আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলের এই সম্মিলিত প্রচেষ্টাকে সাথে নিয়ে আমাদের বিদ্যালয়টি আগামীতেও শিক্ষার মানোন্নয়নে এবং দেশসেরা প্রতিষ্ঠান হিসেবে গৌরব ধরে রাখতে অগ্রণী ভূমিকা পালন করবে, এটাই আমার প্রত্যাশা।

রাজধানীর মোহাম্মদপুরে বহুতল ভবনে ভয়াবহ আগুন

রাজধানীর মোহাম্মদপুরে কৃষিমার্কেট সংলগ্ন একটি ১০ তলা ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আরও দুইটি ইউনিট পথে রয়েছে।

রোববার (২৪ মে) সন্ধ্যা ৭টা ৩ মিনিটে জাপান গার্ডেন সিটির বিপরীতে একটি ১০ তলা ভবনের ১০ তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

পরে মোহাম্মদপুরে ফায়ার স্টেশনের দুইটি ও কল্যাণপুর ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। এর মধ্যে দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান।

তিনি জানান, রাস্তায় ব্যাপক যানজটের কারণে অগ্নিকাণ্ডের স্থানে পৌঁছাতে ইউনিটগুলোর বেগ পেতে হয়েছে। দুইটি ইউনিট ইতোমধ্যে পৌঁছেছে। আরও দুইটি ইউনিট পথে রয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে ভবনটি আবাসিক নাকি বাণিজ্যিক তা জানাতে পারেননি তিনি।

রাণীনগরে পারিবারিক কলহের জেরে যুবককে কুপিয়ে জখম

নওগাঁর রাণীনগরে পারিবারিক কলহের জের ধরে মো. উজ্জল মন্ডল (৪৫) নামে এক যুবককে ধারালো অস্ত্র হাসুয়া দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। এই অভিযোগ তার চাচাতো ভাই মাসুম মন্ডলের বিরুদ্ধে। ভুক্তভোগীর পরিবারের দাবি- মাসুম মন্ডল ধারালো অস্ত্র হাসুয়া দিয়ে উজ্জলকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে।
শনিবার রাত ৮টার দিকে উপজেলা সদরের পূর্ব বালুভরা গ্রামে এই ঘটনাটি ঘটে। হামলার শিকার উজ্জল গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উজ্জল উপজেলা সদরের পূর্ব বালুভরা গ্রামের মৃত মালেক মন্ডলের ছেলে। আর অভিযুক্ত মাসুম মন্ডল (৩৫) একই গ্রামের মৃত মনছের মন্ডলের ছেলে।
এ ঘটনায় রাতেই উজ্জলের মা বাদি হয়ে মাসুম মন্ডলকে প্রধান আসামি করে দুইজনের নাম উল্লেখ করে রাণীনগর মামলা দায়ের করেছেন।
ভুক্তভোগীর পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উজ্জল মন্ডল ও মাসুম মন্ডল তারা চাচাতো ভাই। দীর্ঘদিন ধরে তাদের দু’জনের মধ্যে পারিবারিক বিরোধ (কলহ) চলে আসছে। শনিবার রাতে উজ্জল পেট্রোল পাম্পে চাকরির ডিউটি শেষে বাড়ি ফিরছিলেন। পথে রাত ৮টার দিকে বাড়ির পাশে রাস্তায় পৌঁছালে মাসুম মন্ডল পথরোধ করে উজ্জলের উপর হামলা চালিয়ে হাসুয়া দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে পরিবারের ও স্থানীয় লোকজন উজ্জলকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে রাণীনগর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় নওগাঁ সদর হাসপাতালে হস্তান্তর করা হয়।
উজ্জলের মা মোছা. জুলেখার দাবি- হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে উজ্জলকে হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করা হয়। উজ্জলের বাম হাত, পিঠে ও গালে কোপ দেওয়া হয়েছে। উজ্জল গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। দ্রুত মামলার আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন তিনি।
অভিযুক্ত মাসুম মন্ডলের মুঠোফোন বন্ধ এবং তিনি পলাতক থাকায় অভিযোগের বিষয়ে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।
এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে

৫শ টাকা চাঁদা নেওয়ায় হাটিকুমরুল হাইওয়ে থানার ৫ পুলিশ প্রত্যাহার

মোটর সাইকেল চালকের কাছে ৫শ টাকা চাঁদাবাজির অভিযোগে সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার দুই কর্মকর্তাসহ ৫ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আনা চাঁদাবাজির অভিযোগও তদন্ত করা হচ্ছে।

রোববার (২৪ মে) বিকেলে হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওনের পুলিশ সুপার আবু তোরাব মো. শামসুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন, হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) সোহেল রানা, কনস্টেবল ফজলুর রহমান, কনস্টেবল আব্দুর রউফ ও পিকআপ ড্রাইভার লিটন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, বৃহস্পতিবার ( ২১ মে) হাটিকুমরুল গোলচত্বর এলাকায় দায়িত্ব পালনকালে একজন মোটর সাইকেল চালকের কাছ থেকে ৫শ টাকা নিয়েছিলেন বলে অভিযোগ করা হয়। ওই অভিযোগের বিষয়টি হাইওয়ে পুলিশ সুপার মহোদয়কেকে জানানো হয়। পুলিশ সুপার তাদেরকে প্রত্যাহারের নির্দেশ দেন।

হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওনের পুলিশ সুপার আবু তোরাব মো. শামসুর রহমান বলেন, চাঁদাবাজির অভিযোগ আসার পর ওই ৫ পুলিশকে প্রত্যাহার করে বগুড়া রিজিওনে সংযুক্ত করা হয়েছে। চাঁদাবাজির অভিযোগটি তদন্ত চলছে।

সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২০২৫-২০২৬ অর্থবছরের ভিজিএফ খাদ্যশস্য সহায়তা বিতরণে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভায় ব্যাপক অনিয়ম ও ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে। পৌরসভার প্রায় ১ হাজার ৫০০ হতদরিদ্র মানুষের মাঝে এ খাদ্য সহায়তা বিতরণ করা হচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, রোববার সকাল থেকেই উপজেলা অডিটোরিয়ামে চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করছে পৌরসভা কর্তৃপক্ষ। বিতরণকৃত চালের বস্তা মেপে দেখা গেছে, ৩০ কেজি থাকার কথা থাকলেও অনেক বস্তায় রয়েছে মাত্র ২৫, ২৬ কিংবা ২৮ কেজি চাল। প্রায় প্রতিটি বস্তাতেই ২ থেকে ৫ কেজি পর্যন্ত ওজনে কম পাওয়া গেছে বলে অভিযোগ উঠেছে।

এদিকে সকাল থেকেই শত শত উপকারভোগী নারী দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ১০ কেজি চাল পাওয়ার আশায় অপেক্ষা করতে দেখা যায়। কিন্তু সরকারি বরাদ্দ অনুযায়ী ১০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও বাস্তবে কাউকে ৮ কেজি, আবার কাউকে ৯ কেজি করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তারা। ওজনে কম চাল পাওয়ায় উপকারভোগীদের মাঝে তীব্র অসন্তোষ ও ক্ষোভ দেখা দেয়। অনেকেই অভিযোগ করেন, গরিব মানুষের জন্য সরকারের দেওয়া সহায়তা থেকেও কাটছাঁট করা হচ্ছে।

চাল বিতরণে কোনো নির্ধারিত ওজন পরিমাপের মেশিন ব্যবহার না করে বালতি দিয়ে অনুমাননির্ভরভাবে চাল মেপে বিতরণ করছে পৌর কর্তৃপক্ষ। এতে সঠিক ওজন নিয়ে আরও বেশি প্রশ্ন ও সন্দেহ তৈরি হয়েছে সাধারণ মানুষের মাঝে।

নাম প্রকাশে কয়েকজন উপকারভোগী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমাদেরকে দুই কেজি করে কম দেওয়া হচ্ছে। গরিবের চাল খেয়ে কি হেরা বড়লোক হইতে পারবো। আমরা গরিব মানুষ এজন্য আমগোরে ঠকাচ্ছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন নারী বলেন, ‘সবাইরে ওই ২ কেজি, ১ কেজি করে কম দিচ্ছে, সকাল ৭টা, ৮টা বাজে এনে কম দিতাছে।’

এ বিষয়ে দায়িত্বরত পৌরসভার কয়েকজন স্টাফের সঙ্গে কথা হলে তারা জানান, প্রতি বস্তায় ৫ কেজি করে চাল কম আসে। এজন্য সবারটা সমন্বয় করে কম দিতে হচ্ছে।

দায়িত্বরত ট্যাগ অফিসার মানিক মিয়া বলেন, প্রতিটি বস্তায়ই কম দেওয়া আছে। আমার কিছু করার নেই। এসিল্যান্ড এটার দায়িত্বে। উনি প্রশাসক আমি ওনাকে নির্দেশনা দিতে পারি না। আমি বিষয়টি ইউএনওকে বলেছি।

এ বিষয়ে বক্তব্য জানতে বাঞ্ছারামপুর পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রবিউল হাসান ভূইয়াকে একাধিকবার ফোন করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, বিষয়টি আমি দেখছি। খাদ্য কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। বিষয়টি আমি সমাধান করে দিচ্ছি।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, আমার জানা নেই, আমি ইউএনওকে বলেছি।

আলী জুলফিকার জাহেদীর ‘রক্তছায়া’ আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত

  • রিপোর্টার:
  •  আপডেট টাইম : ০৭:২৫:৪১ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র রক্তছায়া আন্তর্জাতিক অঙ্গনে নতুন একটি স্বীকৃতি অর্জন করেছে। যুক্তরাষ্ট্রের অ্যাকোলেড গ্লোবাল ফিল্ম কম্পিটিশনের মে ২০২৬ আসরে চলচ্চিত্রটির জন্য নির্মাতা আলী জুলফিকার জাহেদী অ্যাওয়ার্ড অব রিকগনিশন সম্মাননা লাভ করেছেন।

আয়োজকদের প্রকাশিত ফলাফল অনুযায়ী ‘রক্তছায়া’ চলচ্চিত্রের জন্য তিনি ডিরেকশন এবং ফিল্ম শর্ট বিভাগে এই স্বীকৃতি অর্জন করেন। প্রতিযোগিতার বিজয়ীদের তালিকায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবেও তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার ‘রক্তছায়া’ চলচ্চিত্রটির গল্প চিত্রনাট্য পরিচালনা ও প্রযোজনা করেছেন আলী জুলফিকার জাহেদী। এই সাইকোলজিক্যাল থ্রিলার চলচ্চিত্রে অভিনয় করেছেন রুনা খান, আমান রেজা, নানজেবা তোর্ষা, সঞ্চিতা দত্ত ও আফফান মিতুল। সিনেমাটোগ্রাফিতে ছিলেন কাওসার আহমেদ এবং সম্পাদনায় অনয় সোহাগ।

চলচ্চিত্রটি এর আগেও আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসব ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করে স্বীকৃতি অর্জন করেছে। পাকিস্তানে অনুষ্ঠিত পেশোয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৬ আসরেও রক্তছায়া পুরস্কার লাভ করে। এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে চলচ্চিত্রটি প্রদর্শিত ও মনোনীত হয়েছে।

নির্মাতা আলী জুলফিকার জাহেদী বলেন “একজন স্বাধীন নির্মাতা হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারা আনন্দের। ‘রক্তছায়া’ নির্মাণের সময় আমরা মানব মনের অন্ধকার ভয় এবং মানসিক দ্বন্দ্বকে তুলে ধরার চেষ্টা করেছি। এই স্বীকৃতি পুরো টিমের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”

অ্যাকোলেড গ্লোবাল ফিল্ম কম্পিটিশন মূলত চলচ্চিত্র টেলিভিশন এবং নতুন মিডিয়া নির্মাতাদের সৃজনশীলতা ও কারিগরি দক্ষতার স্বীকৃতি দিয়ে থাকে। বিশ্বের বিভিন্ন দেশের নির্মাতারা মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

চীনে ডাকসু প্রতিনিধি দলকে প্রবাসী বাংলাদেশিদের জাঁকজমকপূর্ণ নাগরিক সংবর্ধনা

গণপ্রজাতন্ত্রী চীনে সফররত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর প্রতিনিধি দলকে এক জমকালো নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।

গত শুক্রবার সন্ধ্যায় সাংহাইয়ের স্থানীয় একটি হোটেলে চীনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে এই অরাজনৈতিক ও উৎসবমুখর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে ডাকসু প্রতিনিধি দলকে বিশেষ ক্রেস্ট, স্মারক উপহার ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

ব্যতিক্রমী ও সৌহার্দ্যপূর্ণ এই অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনে সার্বিক সহযোগিতা করেন মো. রেদওয়ানুল হক, মো. হুজ্জাতুল্লাহ, মো. মিল্টন, আমিনুল ইসলাম, আশিকুল ইসলাম শাওন, মো. মুহাইমিনুল ইসলাম এবং এ বি সিদ্দিকসহ আরও অনেকে।

সপ্তাহব্যাপী সফরকালে প্রতিনিধিদলটি চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ছাত্রসংসদ, শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান, বিজ্ঞান ও প্রযুক্তি কেন্দ্র এবং অর্থনৈতিক প্রতিষ্ঠান পরিদর্শন করছেন। পাশাপাশি দেশটির ঐতিহ্যবাহী, সাংস্কৃতিক ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানও ঘুরে দেখছেন তারা।

সংবর্ধনা অনুষ্ঠানে সাংহাই ও এর পার্শ্ববর্তী বিভিন্ন শহরে কর্মরত বাংলাদেশি শিক্ষক, গবেষক, পেশাজীবী, ব্যবসায়ী এবং চীনের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়নরত বিপুল সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তারা ডাকসু প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নেন।

সুদূর প্রবাসে দেশের শীর্ষ ছাত্র নেতৃত্বের এমন পদচারণায় পুরো প্রবাসী কমিউনিটির মাঝে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

আয়োজকরা জানান, এই ধরনের আয়োজন দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা এবং মানবিক যোগাযোগ বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সৌহার্দ্য, সংস্কৃতি ও পারস্পরিক বন্ধুত্বের আবহে আয়োজিত এ অনুষ্ঠান চীন ও বাংলাদেশের মধ্যকার শিক্ষা, যুবসম্পর্ক এবং সাংস্কৃতিক বিনিময়কে আগামী দিনে আরও জোরদার করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা, মরদেহ উদ্ধার পুকুর থেকে

ঝালকাঠির নলছিটি উপজেলায় আমিনুল ইসলাম বাবু (২৮) নামের এক যুবদলের কর্মীকে কুপিয়ে হত্যার পর মরদেহ ডোবায় ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৩ মে) রাতে উপজেলার নাচনমহল ইউনিয়নের নাচনমহল গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে রোববার (২৪ মে) দুপুরে স্থানীয় একটি ডোবা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আমিনুল ইসলাম বাবু নাচনমহল ইউনিয়নের কুরালিয়া এলাকার আলমগীর তালুকদারের ছেলে ও নাচনমহল ইউনিয়ন যুবদলের কর্মী ছিলেন তিনি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা আমিনুল ইসলাম বাবুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এরপর হত্যাকাণ্ড ধামাচাপা দিতে মরদেহ পার্শ্ববর্তী একটি ডোবায় ফেলে রেখে পালিয়ে যায়। রোববার দুপুরে স্থানীয় বাসিন্দারা ডোবায় মরদেহটি ভাসতে দেখে নলছিটি থানা-পুলিশকে খবর দেন। তথ্য পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডটির পেছনে কী কারণ রয়েছে, তা উদ্ঘাটনে পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান চলছে।

আগৈলঝাড়ায় ৩৬ ড্রাম চিংড়ি রেনু জব্দ, ৫ জনকে কারাদন্ড

বরিশালের আগৈলঝাড়ায় অবৈধভাবে শিকার করা ৩৬ ড্রাম গলদা চিংড়ি রেনু পাচারকালে ৫ জনকে দুই মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এছাড়াও উদ্ধার করা চিংড়ি রেনু অবমুক্ত করা হয়েছে।

রোববার (২৪-মে) সকালে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক এ আদেশ দেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক জানান, ভোলার দৌলতখান থেকে খুলনা যাওয়ার পথে আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের ডিএসবি ছয়গ্রাম সড়কের দত্তেরাবাদ এলাকায় ভোর সাড়ে সাতটায় বরিশাল কোষ্টগার্ড এর পিওমেট আমজাদ হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৩৬টি ড্রামে চিংড়ি রেনু পোনা বোঝাই একটি ট্রাক আটক করা হয়।

এ সময় পাচারকারী ভোলা সদরের রমজানপুর গ্রামের সুলতান বেপারীর ছেলে আলামিন বেপারী (২৫), ধনিয়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে আমির হোসেন (৫০), দৌলতখান এলাকার ছিন্টু হোসেনের ছেলে বিল্লাল হোসেন (৪৫), চরমনসা এলাকার জামাল উদ্দিন জোমাদ্দারের ছেলে তাহিন জোমাদ্দার (২৮) ও রামদাসপুর এলাকার সাহাবুদ্দিন বেপারীর ছেলে কালু বেপারী ৩৫) কে আটকের পর প্রত্যেককে দুই মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। জব্দ করা ৩৬ ড্রাম ভর্তি চিংড়ি রেনু উপজেলার বিভিন্ন খাল ও নদীতে অবমুক্ত করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া থানার এসআই সমীরসহ মৎস্য অফিসের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। গতকাল রোববার দুপুরে কারাদন্ডপ্রাপ্ত ৫ জনকে বরিশাল জেল হাজতে প্রেরন করা হয়েছে।

ভ্রাম্যমান আদালতের রায়ে ধুনটে মাদকসেবীর ২০ দিনের কারাদণ্ড

বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের নাইন্দার পাড়া গ্ৰামের বাবু ফকিরের ছেলে নাহিদুল ইসলাম ( ৩০) নামের এক মাদক সেবনকারীরে  মাদক দ্রব্য গাঁজা সেবন করার অপরাধে দুই হাজার টাকা অর্থ দন্ড এবং ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালতে।
(২৪ মে) রবিবার দুপুরে উপজেলার নাইন্দার পাড়া গ্ৰামে এই ঘটনাটি ঘটে।
মাদক দ্রব্য সেবনকারী নাহিদুল ইসলামকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই হাজার টাকা অর্থ দন্ড ও ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন। উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল মামুন।

বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে কোন শহরে ঘাঁটি গড়বে দলগুলো

ক্রীড়ার মহাযজ্ঞ ফিফা ফুটবল বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের আসর। আগামী ১১ জুন মেক্সিকোতে জমকালো উদ্বোধনের মাধ্যমে পর্দা উঠবে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় এই মহাযজ্ঞের। ইতোমধ্যে অংশ নিতে যাওয়া ৪৮টি দেশের প্রায় সব ধরণের প্রস্তুতি সম্পন্ন। এখন দলগুলোর চলছে বেস ক্যাম্পে যাওয়ার চূড়ান্ত প্রস্তুতি।

গ্রুপ পর্বের খেলা চলবে ১১ থেকে ২৭ জুন পর্যন্ত। টুর্নামেন্টের শুরুতেই দলগুলো যাতে মানিয়ে নিতে পারে, সে জন্য আয়োজক তিন দেশের বিভিন্ন শহরে অত্যাধুনিক সুবিধাসম্পন্ন ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক ২০২৬ বিশ্বকাপের দলগুলো কোন শহরে থাকছে এবং কোথায় তাদের অনুশীলন চলবে:

ক্যালিফোর্নিয়া ও পশ্চিম উপকূল (যুক্তরাষ্ট্র)

যুক্তরাষ্ট্র: স্বাগতিকরা আস্তানা গাড়ছে ক্যালিফোর্নিয়ার আরভাইনে। সাবেক সামরিক বিমানঘাঁটিতে তৈরি ‘গ্রেট পার্ক স্পোর্টস কমপ্লেক্স’-এ অনুশীলন করবে তারা।
আর্জেন্টিনা: বর্তমান চ্যাম্পিয়নরা থাকবে মিসৌরির কানসাস সিটিতে। ‘স্পোর্টিং কেসি পারফরম্যান্স সেন্টার’-এ কঠোর নিরাপত্তার মধ্যে অনুশীলন করবে লিওনেল মেসির দল। কাতারের মতো এবারও তাদের জন্য থাকছে ঐতিহ্যবাহী বারবিকিউ রান্নার বিশেষ ব্যবস্থা।

অস্ট্রিয়া: ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারার ‘রিটজ-কার্লটন’-এ থাকবে এবং ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার মাঠে অনুশীলন করবে।

বেলজিয়াম: ওয়াশিংটনের রেন্টনে থাকবে এবং এমএলএস ক্লাব ‘সিয়াটল সাউন্ডার্স’-এর মাঠে অনুশীলন করবে।

মিশর: মোহামেদ সালাহর দল ওয়াশিংটনের স্পোকেনে ‘গনজাগা বিশ্ববিদ্যালয়’-এ অনুশীলন করবে।

ইরান: অ্যারিজোনার তুকসনে ‘কিনো স্পোর্টস কমপ্লেক্স’-এ প্রস্তুতি নেবে তারা।

জর্ডান: ওরেগনের পোর্টল্যান্ডে ‘পোর্টল্যান্ড বিশ্ববিদ্যালয়’-এর মাঠে অনুশীলন করবে।

নিউজিল্যান্ড: ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে ‘ইউনিভার্সিটি অব সান দিয়েগো’-র স্টেডিয়ামে অনুশীলন করবে।

প্যারাকুয়ে: দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপে ফেরা দলটি ক্যালিফোর্নিয়ার সান হোসে স্টেট ইউনিভার্সিটির মাঠে অনুশীলন করবে।

কাতার: ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারার ‘ওয়েস্টমন্ট কলেজ’-এ অনুশীলন করবে গতবারের স্বাগতিকরা।

সুইজারল্যান্ড: ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে ‘সান দিয়েগো জুইশ একাডেমি’-তে অনুশীলন করবে সুইসেরা।

তুরস্ক: অ্যারিজোনার মেসায় ‘অ্যারিজোনা অ্যাথলেটিক গ্রাউন্ডস’-এ অনুশীলন করবে তারা।

টেক্সাস ও মধ্য অঞ্চল (যুক্তরাষ্ট্র)

আলজেরিয়া: প্রথম দল হিসেবে কানসাসে ক্যাম্প নিশ্চিত করেছে তারা। কানসাস বিশ্ববিদ্যালয়ের ‘রক চক পার্ক’-এ অনুশীলন করবে দলটি।

বসনিয়া ও হার্জেগোভিনা: ১০ বছর পর বিশ্বকাপে ফেরা দলটি সেন্ট লুইসের ‘ওয়াশিংটন ইউনিভার্সিটি’-র হাই পারফরম্যান্স সেন্টারে অনুশীলন করবে। এই শহরে ইউরোপের বাইরে সবচেয়ে বড় বসনিয়ান জনগোষ্ঠীর বাস।

চেকিয়া: ২০ বছর পর বিশ্বকাপে ফিরেছে তারা। টেক্সাসের ম্যান্সফিল্ড মাল্টিপারপাস স্টেডিয়ামে অনুশীলন করবে চেক দল।

ডিআর কঙ্গো: ৫২ বছর পর (১৯৭৪ সালে জায়ার নামে খেলেছিল) বিশ্বকাপে ফিরছে তারা। টেক্সাসের ‘হিউস্টন স্পোর্টস পার্ক’-এ অনুশীলন করবে দলটি।

ইকুয়েডর: ওহাইওর কলম্বাসে ‘কলম্বাস ক্রু পারফরম্যান্স সেন্টার’-এ অনুশীলন করবে এই তরুণ দলটি।

ইংল্যান্ড: হ্যারি কেনের দল থাকবে মিসৌরির কানসাস সিটির ‘দ্য ইন অ্যাট মেডোব্রুক’-এ এবং অনুশীলন করবে ‘সোপ সকার সেন্টার’-এ।

জাপান: তেনেসির অ্যান্টিয়কে ‘ন্যাশভিল এসসি’-র সেন্টারে অনুশীলন করবে ব্লু সামুরাইরা। এই মাঠটি ২০২৮ অলিম্পিকের ভেন্যু হিসেবেও ব্যবহার হবে।

নেদারল্যান্ডস: কানসাস সিটির ‘কেসি কারেন্ট ট্রেনিং সেন্টার’-এ অনুশীলন করবে ডাচরা। ইতোমধ্যে তাদের ঐতিহ্যবাহী কমলা রঙের ডাবল-ডেকার বাসটি টেক্সাসে পৌঁছে গেছে।

সৌদি আরব: টেক্সাসের অস্টিনে ‘অস্টিন এফসি স্টেডিয়াম’-এ অনুশীলন করবে গ্রিন ফ্যালকনসরা।

সুইডেন: কোচ গ্রাহাম পটারের দল টেক্সাসের ফ্রিসকোতে ‘এফসি ডালাস স্টেডিয়াম’-এ অনুশীলন করবে।

নিউইয়র্ক ও পূর্ব উপকূল (যুক্তরাষ্ট্র)

ব্রাজিল: পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ঘাঁটি গাড়ছে নিউইয়র্ক সিটিতে। তবে নেইমার-ভিনিসিউসদের অনুশীলন হবে নিউজার্সির ‘কলম্বিয়া পার্ক ট্রেনিং ফ্যাসিলিটি’-তে।

ক্রোয়েশিয়া: গত বিশ্বকাপের তৃতীয় স্থান অধিকারীরা কোনো ভেন্যু শহরে না থেকে ভার্জিনিয়ার আলেক্সান্দ্রিয়ার ‘এপিস্কোপাল হাই স্কুল কমপ্লেক্স’-এ ক্যাম্প করছে।

কেপ ভার্দে: বিশ্বকাপে প্রথমবারের মতো সুযোগ পাওয়া দলটি ফ্লোরিডার ট্যাম্পায় ‘ওয়াটার্স স্পোর্টসপ্লেক্স’-এ অনুশীলন করবে।

কুরাসাও: কেপ ভার্দের মতো ওলন্দাজ অঞ্চলের এই দ্বীপদেশটিরও এটি প্রথম বিশ্বকাপ। তারা ফ্লোরিডার ‘ফ্লোরিডা আটলান্টিক বিশ্ববিদ্যালয়’-এ অনুশীলন করবে।

ফ্রান্স: ম্যাসাচুসেটসের ওয়ালথ্যামে ‘বেন্টলি বিশ্ববিদ্যালয়’-এর মাঠে কড়া নিরাপত্তায় অনুশীলন করবে এমবাপেরা।

জার্মানি: নর্থ ক্যারোলিনার ‘ওয়েক ফরেস্ট বিশ্ববিদ্যালয়’-এর মাঠে অনুশীলন করবে চারবারের চ্যাম্পিয়নরা। দলটির গোপনীয়তা বজায় রাখতে ক্যাম্পের চারপাশে কড়া নিরাপত্তা থাকবে।

ঘানা: রোড আইল্যান্ডের ‘ব্রায়ান্ট বিশ্ববিদ্যালয়’-এর মাঠে অনুশীলন করবে ব্ল্যাক স্টারসরা।

হাইতি: ৫০ বছর পর (শেষ ১৯৭৪) বিশ্বকাপে ফেরা দলটি নিউজার্সির ‘স্টকটন বিশ্ববিদ্যালয়’-এ অনুশীলন করবে।

ইরাক: ৪০ বছর পর বিশ্বকাপে ফেরা ইরাক দল থাকবে ওয়েস্ট ভার্জিনিয়ার রাজকীয় ‘দ্য গ্রিনব্রায়ার রিসোর্ট’-এ, যেখানে আমেরিকার ২৮ জন প্রেসিডেন্ট বিভিন্ন সময়ে অতিথি হিসেবে থেকেছেন।

আইভরি কোস্ট: পেনসিলভানিয়ার চেস্টারে ‘ফিলাডেলফিয়া ইউনিয়ন সুবারু পার্ক’-এ অনুশীলন করবে আফ্রিকা কাপজয়ীরা।

মরক্কো: নিউজার্সির বাস্কিং রিজের ‘পিংরি স্কুল’ মাঠে অনুশীলন করবে আশরাফ হাকিমিরা। ১৯৯৪ বিশ্বকাপেও মরক্কো এই মাঠটি ব্যবহার করেছিল।

নরওয়ে: নর্থ ক্যারোলিনার ‘ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলিনা গ্রিনসবোরো’-তে অনুশীলন করবে ওডেগার্ড-হালান্দরা।

পর্তুগাল: ক্রিশ্চিয়ানো রোনালদোর দল ফ্লোরিডার পাম বিচ কাউন্টির ‘গার্ডেন নর্থ কাউন্টি ডিস্ট্রিক্টস পার্ক’-এ ঘাঁটি গাড়ছে।

স্কটল্যান্ড: নর্থ ক্যারোলিনার শার্লটে ‘অ্যাট্রিয়াম হেলথ পারফরম্যান্স পার্ক’-এ অনুশীলন করবে তারা।

সেনেগাল: নিউজার্সির ‘রাটগার্স বিশ্ববিদ্যালয়’-এ অনুশীলন করবে সাদিও মানের দল।

উজবেকিস্তান: বিশ্বকাপে অভিষেক ঘটা এই দলটি জর্জিয়ার ম্যারিয়েটায় সদ্য উদ্বোধন হওয়া ‘আটলান্টা ইউনাইটেড ট্রেনিং সেন্টার’-এ অনুশীলন করবে।

মেক্সিকো ও কানাডা ক্যাম্প

মেক্সিকো (স্বাগতিক): মেক্সিকো তাদের নিজেদের রাজধানী মেক্সিকো সিটির ‘সেন্ত্রো দে আলতো রেন্দিমিয়েন্তো’-তেই ক্যাম্প করছে। উচ্চ-উচ্চতার আবহাওয়ার সুবিধা নিতেই তাদের এই সিদ্ধান্ত।

কানাডা (স্বাগতিক): ঘরের মাঠের সুবিধা নিতে কানাডা দল ভ্যাংকুভারের ‘ন্যাশনাল সকার ডেভেলপমেন্ট সেন্টার’-এ অনুশীলন করবে।

কলম্বিয়া: মেক্সিকোর গুয়াদালাহারার সর্বাধুনিক সুবিধাসম্পন্ন ‘আটলাস এজিএ একাডেমি’-তে অনুশীলন করবে তারা।

পানামা: স্বাগতিক কানাডা ছাড়া পানামাই একমাত্র দল যারা কানাডায় বেস ক্যাম্প করছে। ওন্টারিওর ‘নোটাওয়াসাগা ট্রেনিং সেন্টার’-এ থাকবে তারা।

দক্ষিণ আফ্রিকা: মেক্সিকোর পাচুকার ‘ইউনিভার্সিদাদ দেল ফুতবোল’-এ অনুশীলন করবে বাফানা বাফানারা। উদ্বোধনী ম্যাচেই তারা স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হবে।

দক্ষিণ কোরিয়া: মেক্সিকোর গুয়াদালাহারার ‘চিভাস ভার্দে ভায়ে’-তে অনুশীলন করবে এশিয়ার পরাশক্তিরা।

স্পেন: মেক্সিকোর গুয়াদালাহারায় ম্যাচ থাকলেও তারা ক্যাম্প করছে যুক্তরাষ্ট্রের টেনেসির ‘বেলর স্কুল’-এ। দলের কৌশল গোপন রাখতে এই স্কুলের মাঠের চারপাশে ১০ ফুট উঁচু কালো পর্দা দেওয়া হচ্ছে।

তিউনিসিয়া: মেক্সিকোর মন্টেরেতে ‘এল বারিয়াল ট্রেনিং সেন্টার’-এ অনুশীলন করবে তিউনিসিয়ানরা।

উরুগুয়ে: মেক্সিকোর সমুদ্রসৈকত ঘেরা বিখ্যাত রিসোর্ট শহর প্লায়া দেল কার্মেনের ‘মায়াকোবা ট্রেনিং সেন্টার’-এ অনুশীলন করবে সুয়ারেজ-ভালভার্দের দল।

বান্দরবানে সীমান্তবর্তী এলাকায় মাইন বিস্ফোরণে নিহত ৩

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছেন। রোববার (২৪ মে) দুপুরে মিয়ানমার সীমান্তের জিরো পয়েন্টের ৪১ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সুনইয়ং চাকমার ছেলে লেয়ারা (৪১), নিওমং চাকমার ছেলে অংকেমং (৫০), অইমং চাকমার ছেলে চিংকা অং (৪০)। তাদের সবার বাড়ি নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভালুকিয়াপাড়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিস্ফোরণের বিকট শব্দের পর সীমান্ত এলাকায় তিনজন গুরুতর আহত হওয়ার খবর ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

স্থানীয়রা জানান, নিহতরা সকালে সীমান্তসংলগ্ন একটি কলাবাগানে কাজ করতে গিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, সেখানে আগে থেকে পুঁতে রাখা স্থলমাইনের বিস্ফোরণে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তবে কীভাবে ওই এলাকায় স্থলমাইন পোঁতা হয়েছিল, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনার পর পুরো সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি সীমান্তের বিভিন্ন এলাকায় বিস্ফোরক ও মাইন থাকার গুঞ্জন রয়েছে। ফলে সীমান্তবর্তী সাধারণ মানুষ চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। বিশেষ করে সীমান্তঘেঁষা পাহাড়ি এলাকা ও কৃষিজমিতে চলাচল নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল সীমান্তবর্তী ঝুঁকিপূর্ণ এলাকায় জনসাধারণকে সতর্কতার সঙ্গে চলাচলের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার ও সম্ভাব্য বিস্ফোরক শনাক্তে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, ‘ঘুমধুম সীমান্ত এলাকায় বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।’

ধুনটে আশীষ কুমার সাহার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে মানববন্ধন

বগুড়ার ধুনট কেন্দ্রীয় পৌর মহাশশ্মান কমিটির সকল সদস্য বৃন্দের আয়োজনে  সনাতন ধর্মাবলম্বীদের ঐক্য ও শান্তি বিনষ্ট করতে শ্রী আশীষ কুমার সাহা কর্তৃক বিভিন্ন ষড়যন্ত্র হয়রানী অপপ্রচার ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২৪ মে রবিবার সকাল ১১ ঘটিকার সময় কেন্দ্রীয় বারোয়ারী মন্দিরে সামনের সড়কে।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন ধুনট উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিনয় কুমার সরকার, সাধারণ সম্পাদক স্বপন কুমার সরকার , সদর রাধা গোবিন্দ মন্দিরের সভাপতি পলান চন্দ্র দাস, সাধারণ সম্পাদক বিমল  সাহা , গোবিন্দ কুমার ঘোষ।
সভাপতি বানেশ্বর হালদার, সাধারণ সম্পাদক উত্তম কুমার, অমিত কুমার হালদার, মনোরঞ্জন সরকার ( কুড়ান) ,ধুনট সদর  দূর্গা মন্দিরের সভাপতি অপু সাহা, সাধারণ সম্পাদক লিখন সাহাসহ মহাশশ্মান কমিটির সদস্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কুড়িগ্রামে এনসিপির মুখ্য সমন্বয়ক নারিরউদ্দীন পাটোয়ারীর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ঝিনাইদহে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটোয়ারী উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কুড়িগ্রাম জেলা এনসিপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল।
শনিবার ২৩ মে দুপুর ৩ টায় কুড়িগ্রাম জেলার এনসিপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কুড়িগ্রাম জেলার বিজয় স্তম্ভ থেকে বের করা হয়। এবং জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে, শাপলা চত্বরে নেতাকর্মীরা সমবেত হয়ে বক্তব্য দেন।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া, সদস্য সচিব মাসুম রানা, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হাফিজুর রহমান জুয়েল, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাবু, ছাত্র শক্তির সদস্য সচিব সাদিকুর রহমান প্রমুখ।
বক্তব্যে বক্তারা বলেন, স্বাধীন দেশে বাক স্বাধীনতা কেড়ে নিয়ে এক তরফা ভাবে দেশ পরিচালনা করতে চাচ্ছে একটা দল। দেশে এমন উদ্দেশ্যেপ্রণোদিত সন্ত্রাসী হামলা ২৪ – এর আন্দোলনের পর কাম্য নয়। ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর দেশ ছিলো স্বৈরাচারীদের হাতে বন্দি। কিন্তু ২৪ – এর আন্দোলনের পর দেশে থেকে স্বৈরাচার চলে গেলেও নতুন ভাবে স্বৈরাচার হওয়া প্রচেষ্টা চালাচ্ছে একটি বড় দল। ২৪ এর আন্দোলনের মূল লক্ষ্য ছিলো দেশের মানুষের স্বাধীনতা ফিরে দেওয়া। কিন্তু বর্তমান তা বিদ্যমান নেই।
বক্তব্যে সদস্য সচিব মাসুম রানা বলেন, দেশের আইনশৃঙ্খলা নষ্ট হচ্ছে। দেশের মানুষের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে। সঠিক বিচার পেতে বিড়ম্বনার শিকার হচ্ছে জনগণ। দেশে সঠিক আইন প্রয়োগ হচ্ছে না। এমন যদি হয় তাহলে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করাতে বাধ্য করব।
সমাপনী বক্তব্যে জেলা আহ্বায়ক মুকুল মিয়া বলেন, ৫২, ৭১, ২৪ এর আন্দোলনের মূল লক্ষ্য ছিলো দেশ স্বৈরাচার মুক্ত করে দেশের মানুষের স্বাধীনতা দেওয়া। কিন্তু আমরা লক্ষ্য করছি জুলাই আন্দোলনের সম্মুখসারির যারা যোদ্ধা। যাদের অবদানের ফলে আজ সবাই নতুন এবং স্বৈরাচার মুক্ত দেশ পেয়েছে। তাদের উপরই হামলা করা হচ্ছে। দেশে হামলা মামলা করার জন্য আন্দোলন করা হয়নি। দেশ থেকে এক স্বৈরশাসক চলে গেলেও নতুন স্বৈরশাসকের আবির্ভাব দেখা যাচ্ছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাচ্ছি। যদি নতুন করে স্বৈরাচারী হওয়া চেষ্টা করেন তাহলে আপনাদের কেও একইভাবে পতন করাবে এদেশের জনগণ।

হিলিতে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ কর্মশালা

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনা, সঠিক উপায়ে পশু জবাই, চামড়া ছাড়ানো এবং লবণ প্রয়োগ বিষয়ে এক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২৪ মে ) দুপুরে দিনাজপুরের হাকিমপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও স্থানীয় কসাইরা অংশ নেন।
হাকিমপুর উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মোনতাসির মামুন কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে পশু জবাই ও চামড়া সংরক্ষণের নানাবিধ কারিগরি দিক তুলে ধরেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন এবং উপজেলা সমাজসেবা অফিসার মাসুদ রানা।
কর্মশালায় বক্তারা বলেন, পশুর চামড়া আমাদের দেশের একটি অন্যতম জাতীয় সম্পদ। অসচেতনতা ও সঠিক পদ্ধতির অভাবে প্রতি বছর প্রচুর চামড়া নষ্ট হয়। এই অপচয় রোধে পশুর কাঁচা চামড়া সঠিকভাবে সংরক্ষণ করা জরুরি।
প্রশিক্ষণে মূলত তিনটি বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়, পশুকে শান্ত রাখা এবং উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা। ​চামড়ায় যেন কোনো ধরনের কাটার দাগ না লাগে, সেভাবে সতর্কতার সাথে চামড়া ছাড়ানো। চামড়া ছাড়ানোর পর দ্রুততম সময়ের মধ্যে পরিমাণমতো লবণ প্রয়োগ করে তা সংরক্ষণের ব্যবস্থা করা।
উপস্থিত প্রশিক্ষণার্থীরা এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং মাঠপর্যায়ে এই শিক্ষার সঠিক প্রয়োগের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

নরসিংদীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা

নরসিংদীর রায়পুরা উপজেলা এলাকায় ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে রফিকুল ইসলাম মুন্সি (৪৫) নামের এক ব্যবসায়ীকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মির্জানগর ইউনিয়নের হাঁটুভাঙ্গা রেলগেট–সংলগ্ন ভাই ভাই স্টোরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম মুন্সি স্থানীয় সাহারাজ খলিফার ছেলে। তিনি দোকানটিতে টাইলস, স্যানিটারি ও হার্ডওয়্যার পণ্যের ব্যবসা করতেন।

পরিবারের সদস্যরা জানান, প্রতিদিন রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যেই দোকান বন্ধ করে বাড়ি ফিরতেন রফিকুল। তবে শনিবার রাত ১০টার পরও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাঁর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন। কোনো সাড়া না পেয়ে দোকানে গিয়ে দেখেন শাটার নামানো থাকলেও তালাবদ্ধ ছিল না। পরে দোকানের ভেতরে ঢুকে তাঁরা রক্তাক্ত অবস্থায় রফিকুলের মরদেহ পড়ে থাকতে দেখেন।

স্বজনদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, নিহতের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল রক্তে ভেসে যায়।

আজ রোববার সকাল থেকে ঘটনাস্থলে তদন্ত শুর করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

স্থানীয় বাসিন্দারা জানান, হত্যাকারে সময় আশপাশের সব দোকান বন্ধ ছিল এবং এলাকায় বিদ্যুৎ না থাকায় ঘটনাটি কেউ টের পাননি।

বাংলাদেশ পুলিশ–এর প্রবীর কুমার ঘোষ বলেন, হত্যাকারে কারণ ও জড়িতদের বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। দ্রত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

 সারাদেশে রামিসাসহ নারী-শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে রায়গঞ্জে মানববন্ধন

রামিসাসহ সারা দেশে শিশু ও নারী ধর্ষণ এবং হত্যার ঘটনার প্রতিবাদে সিরাজগঞ্জের রায়গঞ্জে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
রোববার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ধানগড়া বাজার এলাকায় ভূমিহীন সংগঠন, ধানগড়ার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘নিজেরা করি’।
মানববন্ধনে নারী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় তারা শিশু ও নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।
কর্মসূচিতে বক্তব্য দেন ধানগড়া ইউনিয়ন ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক মো. আবু হাসেম, সহসম্পাদক রিনা বেগম, ভূমিহীন সাংস্কৃতিক দলের সভাপতি মো. কবির হোসেন এবং ‘নিজেরা করি’ সংস্থার রায়গঞ্জ উপজেলার অঞ্চল সমন্বয়ক মো. আছাবুর রহমান।
বক্তারা বলেন, দেশে শিশু ও নারীর প্রতি সহিংসতা উদ্বেগজনকভাবে বেড়ে যাচ্ছে। ধর্ষণ ও হত্যার ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত না হওয়ায় অপরাধীরা বারবার এমন অপরাধ করার সাহস পাচ্ছে। এসব অপরাধ বন্ধে দ্রুত বিচার ও কঠোর শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা।
বক্তারা নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের আরও কার্যকর ভূমিকা কামনা করেন। অনুষ্ঠান শেষে ধর্ষণকারীদের বিচার দাবিতে একটি প্রতিবাদী গান পরিবেশন করা হয়।

রায়গঞ্জে ইয়াবা সেবনের দায়ে দুই যুবক আটক

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় রায়গঞ্জ থানা পুলিশের অভিযানে তাদের আটক করা হয়। পরে স্বাস্থ্য পরীক্ষায় ইয়াবা সেবনের প্রমাণ মিললে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রায়গঞ্জ থানার এসআই (নিঃ) মো. শাহীন আলম সঙ্গীয় ফোর্সসহ এলাকায় গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। এসময় সন্ধ্যা প্রায় ৬টা ৫ মিনিটে ধানগড়া বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, ধানগড়া উপজেলা বনবিভাগ অফিস সংলগ্ন পাঠান ফিলিং স্টেশনের সামনে রাস্তার পূর্ব পাশে দুই ব্যক্তি মাদক সেবন করছেন।
সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই যুবককে আটক করে। আটককৃতরা হলেন— ধানগড়া ডাক্তারপাড়ার আব্বাস আলীর ছেলে মো. আদিলুজ্জামান (২৪) এবং রনতিথা কবরস্থান এলাকার শাহাজামালের ছেলে মো. সাইমুন সিয়াম (১৯)।
পুলিশ জানায়, আটক দুই যুবকের আচরণ সন্দেহজনক হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তারা ইয়াবা সেবনের কথা স্বীকার করেন। পরে তাদের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে মাদক সেবন সংক্রান্ত পরীক্ষা করানো হলে কর্তব্যরত চিকিৎসক ইয়াবা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আটক দুই যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
এ ঘটনায় রায়গঞ্জ থানায় মাদক সেবনের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে।

রামিসা হত্যা মামলার বিচার ৭ দিনের মধ্যে শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় বিচার প্রক্রিয়া আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করেছে এবং কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।

রোববার (২৪ মে) রাজধানীতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে রামিসা হত্যা মামলার অগ্রগতি তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, রামিসার ঘটনায় চার্জশিট আজই। বিশেষ এই আদালতে ৫ থেকে ৭ দিনের মধ্যে বিচার কাজ সম্পন্ন করা হবে। যদিও আদালতের বিষয় এটি। আশা করছি আদালত সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবেন।

তিনি বলেন, সরকার হিসেবে আমরা করতে পারি যে তার আইনানুগ ব্যবস্থা এবং বিচারের ব্যবস্থাটা নিশ্চিত করা। আমরা সবচাইতে মনোযোগ এখানেই দিয়েছি যে দ্রুততম সময়ে যাতে অভিযুক্ত বা অপরাধীরা গ্রেপ্তার হয়। সেই জায়গায় এই তিন মাসে প্রত্যেকটি ঘটনায় আমরা সফল হয়েছি, ইনশাআল্লাহ। আর আল্লাহর রহমতে ভবিষ্যতেও আমরা এই জাতীয় যে কোনো ঘৃণ্য অপরাধের, ঘৃণ্য অপরাধের অভিযুক্ত বা অপরাধীদের কোনোভাবেই ছাড় দেবো না।

এটি একটি বিশেষ আদালতে বিচারাধীন হবে এবং দ্রুততম সময়ের মধ্যে বিচার শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনার মাত্র সাত ঘণ্টার মধ্যেই প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ওই জবানবন্দিতে তার স্ত্রীর সংশ্লিষ্টতার তথ্যও উঠে এসেছে। পরে তাকেও গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, তদন্তের অংশ হিসেবে দ্রুত ডিএনএ পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। সাধারণত এ ধরনের পরীক্ষার ফল পেতে কয়েকদিন সময় লাগলেও তিন দিনের মধ্যেই প্রতিবেদন পাওয়া গেছে। এর পাশাপাশি ময়নাতদন্তের প্রতিবেদনও হাতে এসেছে। সব তথ্য-প্রমাণ একত্র করে চার্জশিট প্রস্তুত করা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, আদালত এর মধ্যে ছুটিতে যাবে আপনারা অনেকে জানেন। কিন্তু এই বিশেষ আদালতের ছুটি চিফ জাস্টিস বাতিল করার চিন্তা করছেন; এখনো হয়েছে কি না আমি জানি না, এটা আইন মন্ত্রণালয় ডিল করছে।

এ মামলার জন্য একজন স্পেশাল পিপি নিয়োগ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, সবকিছু বিবেচনায় আমরা আশা করছি যে আজকের মধ্যে তো চার্জশিট দেওয়া হবেই এবং খুব সম্ভবত পাঁচ থেকে সাত দিনের ভিতরে এই বিচার কার্য সমাপ্ত হবে।

মহিবুল্লাহ খোকন-এর এনসিপিতে যোগদান

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মহিবুল্লাহ খোকন।

শুক্রবার (২২ মে) বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের কবি কাজী নজরুল অডিটোরিয়ামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আয়োজিত যোগদান অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন তিনি। এ সময় দলের কেন্দ্রীয় নেতারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

মহিবুল্লাহ খোকন বলেন, ‘রাজনৈতিক দল ছাড়া একা জনগণের অধিকার সুরক্ষা রাখা যায় না। রাষ্ট্র মেরামতে এনসিপির মতো দলের যোগদান সময়োপযোগী মনে করছি, জুলাইকে তারা ধারণ করে বলে বোধ করছি।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সারজিস আলম, আকিফ ইসলাম আদিব ও মোহাম্মদ ইসহাক সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলী আহসান জুনায়েদ এবং সঞ্চালনা করেন শাহীন ইভা।

অ্যাডভোকেট মহিবুল্লাহ খোকনের এনসিপিতে যোগদানকে কেন্দ্র করে ভোলা-২ আসনের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি হয়েছে। তার সমর্থক ও অনুসারীদের মধ্যেও দেখা গেছে উৎসাহ-উদ্দীপনা।

ঈদ উপলক্ষে ৪ বন্দির সাজা মাফ, মুক্তির নির্দেশ সরকারের

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন কারাগারে থাকা চার বন্দির সাজা মওকুফের মাধ্যমে তাদের মুক্তির আদেশ দিয়েছে সরকার। খুব শিগগিরই এসব বন্দিকে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

রোববার (২৪ মে) বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন ও মিডিয়া) মো. জান্নাত-উল ফরহাদ।

মুক্তির আদেশ পাওয়া বন্দিরা হলেন–খুলনা জেলা কারাগারের কয়েদি মো. ইসলাম শেখ, ফরিদপুর জেলা কারাগারের কয়েদি নাঈম শিকদার, চুয়াডাঙ্গা জেলা কারাগারের কয়েদি আব্দুল মালেক এবং রাঙ্গামাটি জেলা কারাগারের কয়েদি পলাশ বড়ুয়া।

কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশেষ বিবেচনায় তাদের সাজা মওকুফ করা হয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে সংশ্লিষ্ট কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হবে।

ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত ৫

ফরিদপুরের নগরকান্দায় বিআরটিসির একটি যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন।

রোববার (২৪ মে) ভাঙ্গা-বরিশাল মহাসড়কের শংকরপাশা বাসস্ট্যান্ড এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার ওসি হেলাল উদ্দিন। তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদপুর থেকে ঢাকাগামী বিআরটিসির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ভাঙ্গা থেকে ফরিদপুরগামী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এতে থাকা পাঁচজন নিহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধারকাজে এগিয়ে আসেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

এ ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হচ্ছে। পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে।

আন্তর্জাতিক গবেষণা ও উচ্চশিক্ষার অভিজ্ঞতা নিয়ে নতুন দায়িত্বে তরুণ শিক্ষাবিদ

সৈয়দপুরের কৃতি সন্তান শাহিনুর পারভীন এখন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক

নীলফামারীর সৈয়দপুরের কৃতি শিক্ষার্থী শাহিনুর পারভীন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) Jashore University of Science and Technology নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্স বিভাগে লেকচারার হিসেবে যোগদান করেছেন। তার এ নিয়োগে পরিবার, সহকর্মী, শিক্ষার্থী ও এলাকার মানুষের মধ্যে আনন্দের সাড়া পড়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ছোট শহর সৈয়দপুর থেকে শিক্ষাজীবন শুরু করা শাহিনুর পারভীন অধ্যবসায় ও মেধার মাধ্যমে উচ্চশিক্ষার বিভিন্ন ধাপ সফলভাবে অতিক্রম করেছেন। তিনি চীনের সরকারি মর্যাদাপূর্ণ MOFCOM Scholarship অর্জন করে Xi’an Jiaotong University থেকে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। বর্তমানে তিনি Zhengzhou University-এ প্রেসিডেনশিয়াল স্কলারশিপের আওতায় পিএইচডি গবেষণায় নিয়োজিত রয়েছেন।

জনস্বাস্থ্য, নার্সিং শিক্ষা, স্বাস্থ্যসচেতনতা ও বৈশ্বিক স্বাস্থ্যঝুঁকি বিষয়ক গবেষণায় তার একাধিক কাজ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে বলে জানা গেছে। গবেষণার পাশাপাশি তিনি বিভিন্ন আন্তর্জাতিক একাডেমিক সম্মেলন, বৈজ্ঞানিক সেমিনার ও স্বাস্থ্যবিষয়ক প্রদর্শনীতে অংশ নিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।

শিক্ষা ও গবেষণার পাশাপাশি উচ্চশিক্ষা এবং আন্তর্জাতিক স্কলারশিপ বিষয়ে তরুণ শিক্ষার্থীদের উৎসাহিত করতেও সক্রিয় ভূমিকা পালন করছেন শাহিনুর পারভীন। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন শিক্ষামূলক প্ল্যাটফর্মে তার পরামর্শ ও অভিজ্ঞতা অনেক শিক্ষার্থীর জন্য দিকনির্দেশনা হিসেবে কাজ করছে।

স্থানীয় শিক্ষাবিদরা মনে করেন, মফস্বল শহর থেকে উঠে এসে আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষা ও গবেষণায় নিজের অবস্থান তৈরি করা শাহিনুর পারভীনের এই অর্জন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় উদাহরণ। বিশেষ করে নারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণায় এগিয়ে যেতে তার সাফল্য গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হয়ে উঠবে।

যবিপ্রবির নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্স বিভাগে নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে শিক্ষা ও গবেষণাক্ষেত্রে তিনি আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। তার ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য ও উত্তরোত্তর অগ্রগতি কামনা করেছেন শুভানুধ্যায়ীরা।

এবছর সৌদিতে হজ করতে গিয়ে এপর্যন্ত মারা গেছেন ২৭ বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র সৌদি আরবে পবিত্র হজ পালনে গিয়ে এ পর্যন্ত ২৭ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৮ জন পুরুষ ও ৯ জন নারী রয়েছেন।

মৃতদের মধ্যে মক্কায় ১৮ জন এবং মদিনায় ৯ জন ইন্তেকাল করেছেন।

রোববার (২৪ মে) এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস এ তথ্য নিশ্চিত করেছে।

তথ্য মতে, এ বছর এখন পর্যন্ত মোট ৭৯ হাজার ১৬৪ জন বাংলাদেশী হজযাত্রী ও ব্যবস্থাপনা সদস্য সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন চার হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯২৬ জন।

এছাড়া হজ এজেন্সি, হাব প্রতিনিধি ও বিভিন্ন টিমের ব্যবস্থাপনা সদস্য রয়েছেন ৭৭৪ জন।

হজযাত্রী পরিবহনে মোট ২০১টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৯৮টি, সৌদি এয়ারলাইন্স ৭৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৩০টি ফ্লাইট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে গেছেন ৩৮ হাজার ৭০২ জন, সৌদি এয়ারলাইন্সে ২৭ হাজার ৩৪০ জন এবং ফ্লাইনাসে ১২ হাজার ১৫৭ জন হজযাত্রী।

চলতি বছর পবিত্র হজ অনুষ্ঠিত হবে আগামী ২৬ মে। বাংলাদেশ থেকে হজযাত্রীদের সৌদি আরবে যাত্রা শুরু হয়েছিল গত ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট গিয়েছে ২১ মে। হজ শেষে ফিরতি ফ্লাইট আগামী ৩০ মে শুরু হয়ে আগামী ৩০ জুন শেষ হবে।

মৃত্যুর আগে ধর্ষণের শিকার হন রামিসা: ফরেনসিক রিপোর্ট

রাজধানীর মিরপুরের পল্লবীতে ৭ বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় ফরেনসিক রিপোর্ট প্রস্তত হয়েছে। ফরেনসিক রিপোর্টে মৃত্যুর আগে রামিসাকে ধর্ষণেরও প্রমাণ মিলেছে।

রোববার (২৪ মে) ফরেনসিক রিপোর্ট বিশ্লেষণ ও পর্যালোচনার পর এ তথ্য পাওয়া গেছে।

ফরেনসিক রিপোর্ট অনুযায়ী, ঘটনার দিন শিশু রামিসাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। এরপর ধর্ষণ শেষে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরবর্তীতে তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করা হয়। এ ঘটনায় প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে রোববার আদালতে চার্জশিট দেওয়া হবে।

এদিকে শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় শনিবার (২৩ মে) তদন্তকারী কর্মকর্তার কাছে ডিএনএ রিপোর্ট হস্তান্তর করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শনিবার মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান বলেন, ‘আমরা চার্জশিট প্রস্তুত করছি। আগামীকালই (রোববার) আদালতে চার্জশিট জমা দেওয়া হবে।’

মামলার তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঘটনার পরপরই বিভিন্ন আলামত সংগ্রহ এবং জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা বলেন, অভিযোগপত্রে ঘটনার বিস্তারিত বিবরণ ও সাক্ষ্য-প্রমাণ এবং সংশ্লিষ্টদের ভূমিকা উল্লেখ করা হয়েছে। আদালতে অভিযোগপত্র জমা দেওয়ার পর মামলার বিচারিক কার্যক্রম দ্রুত শুরু হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে মামলার বাদী শিশুটির বাবা আব্দুল হান্নান বলেন, ‘আমি চাই এ হত্যার সুষ্ঠু বিচার হোক; যাতে ভবিষ্যতে আর কোনো পরিবারকে এমন মর্মান্তিক ঘটনার শিকার হতে না হয়।’

রামিসা হত্যার ঘটনায় দায়ী ব্যক্তির সর্বোচ্চ শাস্তি আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিশু রামিসা হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, এই নৃশংস ঘটনায় গোটা জাতি স্তম্ভিত। দ্রুততম সময়ের মধ্যে এই অপরাধীকে সাজার আওতায় আনতে সরকার সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। শনিবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শেরেবাংলা এ কে ফজলুল হক ফাউন্ডেশনের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।

গজারিয়ার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাড়ানো হয়েছে অতিরিক্ত পুলিশ মোতায়েন

ঈদে নিরাপত্তা নিশ্চিতে হাইওয়ে পুলিশের একগুচ্ছ নির্দেশনা

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে বিভিন্ন সচেতনতামূলক পরামর্শ দিয়েছে ভবেরচর হাইওয়ে পুলিশ। রবিবার (২৪ মে) ভবেরচর হাইওয়ে পুলিশ কার্যালয় থেকে এসব নির্দেশনা দেওয়া হয়।

পুলিশ জানায়, ঈদে বাড়ি ফেরা যাত্রীরা যেন আগে থেকেই ভ্রমণ পরিকল্পনা করেন এবং পর্যাপ্ত সময় হাতে নিয়ে যাত্রা শুরু করেন। এতে বাস ও বাসস্ট্যান্ডে শেষ মুহূর্তের অতিরিক্ত ভিড় এড়ানো সম্ভব হবে। একই সঙ্গে জীবনের ঝুঁকি নিয়ে বাসের ছাদে কিংবা ট্রাক, পিকআপ ও অন্যান্য পণ্যবাহী যানবাহনে যাতায়াত না করার আহ্বান জানানো হয়।

এ বিষয়ে মো. শাহ কামাল আকন্দ বলেন, গজারিয়া অংশের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন।

তিনি আরও বলেন, “বর্তমানে মহাসড়কে গরুবাহী যানবাহনের চাপ বেশি থাকায় পুলিশ নিয়মিত টহল ও দায়িত্ব পালন করছে। আশা করছি, এবার মানুষ নির্বিঘ্নে বাড়ি গিয়ে ঈদ উদযাপন করতে পারবে।”

যাত্রাপথে অজ্ঞান পার্টি, মলম পার্টি ও বিভিন্ন প্রতারক চক্র সম্পর্কে সতর্ক থাকারও পরামর্শ দিয়েছে পুলিশ। কোনো সন্দেহভাজন ব্যক্তিকে দেখলে দ্রুত নিকটস্থ পুলিশ সদস্যকে জানানো বা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করার অনুরোধ করা হয়েছে। এছাড়া অপরিচিত ব্যক্তির দেওয়া খাবার বা পানীয় গ্রহণ না করার আহ্বান জানানো হয়।

রায়গঞ্জে ঝড়ের তাণ্ডবে উপড়ে পড়া গাছে চরম ভোগান্তিতে পথচারী

ঝড়ের তাণ্ডবে উপড়ে পড়ে আছে বিশাল আকৃতির এক গাছ। কয়েক দিন পার হয়ে গেলেও তা অপসারণের কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। ফলে রায়গঞ্জ- ধানগড়া-সিরাজগঞ্জ সড়কের বৈকন্ঠপুর এলাকায় যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সামনেই পবিত্র ঈদুল আযহা। ঘরমুখী মানুষ ও কোরবানির পশুবাহী যানবাহনের চাপ বাড়ায় এই এক গাছের কারণেই সড়কটিতে এখন সৃষ্টি হচ্ছে যানজট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। ভোগান্তির শিকার সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন— “কে সরাবে এই গাছ?”
সরেজমিনে বৈকন্ঠপুর এলাকায় গিয়ে দেখা যায়, দিন কয়েক আগের রাতে কালবৈশাখী ঝড়ে সড়কের পাশের একটি বিশাল আকৃতির গাছ উপড়ে একদম রাস্তার ওপর পড়ে রয়েছে। বিশাল এই গাছটির কারণে সড়কের একপাশের পুরো অংশই বন্ধ হয়ে গেছে। ফলে দুই লেনের এই ব্যস্ততম সড়কে এখন এক লেনে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে গাড়ি। দূরপাল্লার বাস, ট্রাক থেকে শুরু করে স্থানীয় সিএনজি, অটোরিকশা পার হতে গিয়ে প্রতিনিয়ত মুখোমুখি সংঘর্ষের পরিস্থিতি তৈরি হচ্ছে। রাতের আঁধারে এই স্থানটি যেন একেকটি “মরণফাঁদে” পরিণত হচ্ছে।
এই মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলো দিয়ে উত্তরবঙ্গের বিভিন্ন রুটের পশুবাহী ট্রাক এবং ঘরমুখী মানুষের যাতায়াত শুরু হয়েছে। স্বাভাবিক সময়ের চেয়ে যানবাহনের চাপ কয়েক গুণ বেশি বৃদ্ধি পেয়েছে। এমন সময়ে রাস্তার মাঝে এই প্রতিবন্ধকতার কারণে বৈকন্ঠপুর এলাকায় যানজটের সৃষ্টি হচ্ছে। সিএনজি চালিত অটোরিকশা  চালক আব্দুল খালেক ক্ষোভ প্রকাশ করে বলেন, “এমনিতেই ঈদের সময় রাস্তায় গাড়ির চাপ থাকে। তার ওপর রাস্তার মাঝখানে এই বিশাল গাছ। পাশ কাটাতে গিয়ে  জ্যামে আটকে থাকতে হচ্ছে। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে।” দায়িত্ব এড়ানোর চাদর, প্রশ্ন— গাছ সরাবে কে?
গাছটি পড়ে থাকার এতদিন পরও কেন তা সরানো হলো না— এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখা গেছে সংশ্লিষ্ট দপ্তরগুলোর চরম উদাসীনতা ও সমন্বয়হীনতা। স্থানীয়দের অভিযোগ, গাছটি সরকারি হওয়ায় সাধারণ মানুষ অপসারণের  সাহস পাচ্ছে না। অথচ সড়ক ও জনপথ বিভাগ (সওজ) কিংবা বন বিভাগ— কোনো পক্ষই রাস্তা পরিষ্কার করার কোনো উদ্যোগ নেয়নি।
সাধারণত সড়ক ও জনপথ বিভাগের রাস্তায় গাছ পড়লে তা দ্রুত অপসারণের দায়িত্ব তাদের। তবে অনেক সময় গাছের মালিকানা বন বিভাগের হওয়ায় আইনি জটিলতা বা নিলামের অজুহাতে গাছ সরাতে দেরি করা হয়। কিন্তু ঈদের এই জরুরি মুহূর্তে প্রশাসনের এমন “উদাসীনতা” কোনোভাবেই মেনে নিতে পারছেন না ভুক্তভোগীরা। অতি দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি বৈকন্ঠপুর এলাকার বাসিন্দা এবং সাধারণ পথচারীদের দাবি, ঈদের আনন্দ যেন এই অব্যবস্থাপনার কারণে বিষাদে পরিণত না হয়।
আমলাতান্ত্রিক জটিলতা কিংবা দায়িত্ব ঠেলাঠেলির উর্ধ্বে উঠে, ঈদুল আযহার যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে জরুরি ভিত্তিতে গাছটি অপসারণ করা প্রয়োজন। সামাজিক-বন বিভাগ রায়গঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান শহীদুজ্জামান বলেন, উপরে পড়া গাছটি জেলা পরিষদের। তাদেরকে এই ব্যবস্থা নিতে হবে।
বন বিভাগের সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা রিজিয়া পারভিন মিষ্টির মুঠোফোনে যোগাযোগ করলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ এর নির্বাহী প্রকৌশলী মোঃ ইমরান ফারহান সুমেল বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। খুব শীঘ্রই গাছটি অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।

আগামীকাল সোমবার থেকে টানা ৭ দিন ঈদের ছুটি, পাবেন না যারা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ইতোমধ্যে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছেন লাখো মানুষ। এরই মধ্যে আগামীকাল সোমবার (২৫ মে) থেকে শুরু হচ্ছে ঈদের টানা সাত দিনের সরকারি ছুটি। চলবে ৩১ মে (রোববার) পর্যন্ত।

তবে উৎসবের এই দীর্ঘ অবকাশেও ছুটি মিলছে না অনেকের। নাগরিক জীবন সচল রাখা, নিরাপত্তা নিশ্চিত করা এবং জরুরি সেবা অব্যাহত রাখতে ঈদের ছুটিতেও দায়িত্ব পালন করবেন বিভিন্ন খাতের লাখো কর্মী।

গত ১৪ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে টানা সাত দিনের এই ছুটির বিষয়টি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সাধারণ মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন রাখা এবং জরুরি রাষ্ট্রীয় সেবা সচল রাখতে বেশ কিছু গুরুত্বপূর্ণ খাতকে ছুটির আওতার বাইরে রাখা হয়েছে।

এর মধ্যে বিদ্যুৎ, পানি, গ্যাস ও জ্বালানি সরবরাহ খাতের কর্মীরা ঈদের ছুটিতেও দায়িত্বে থাকবেন। একই সঙ্গে ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, ডাক, টেলিফোন ও ইন্টারনেট সেবা সংশ্লিষ্ট কর্মী ও যানবাহনও চলমান থাকবে। দেশের বন্দরগুলোর কার্যক্রম সচল রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদেরও ছুটি মিলছে না।

এদিকে ঈদের পুরো সময়জুড়েই খোলা থাকবে হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবা। ফলে চিকিৎসক, নার্স, হাসপাতাল কর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ছুটিতে যাওয়ার সুযোগ থাকছে না।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, জরুরি দায়িত্বে নিয়োজিত অন্যান্য সরকারি অফিসও সাধারণ ছুটির বাইরে থাকবে। পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ খাতের জন্য আলাদা নির্দেশনাও দেওয়া হয়েছে।

ব্যাংকিং খাতে গ্রাহকসেবা ও এটিএম কার্যক্রম সচল রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক। অন্যদিকে বিচারিক কার্যক্রম চালু রাখতে সুপ্রিম কোর্ট পৃথক নির্দেশনা জারি করবে।

এ ছাড়া তৈরি পোশাক খাতসহ বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান ও কলকারখানার ছুটির বিষয়ে শ্রম আইন অনুযায়ী ব্যবস্থা নেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

উল্লেখ্য, এবারের ঈদের ছুটি সমন্বয়ের জন্য ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে সরকার। টানা সাত দিনের ছুটির বিপরীতে গত ২৩ মে শনিবার এবং আজ ২৪ মে রোববার সরকারি অফিস খোলা রাখা হয়েছে। ফলে আজ অফিস শেষ হওয়ার মধ্য দিয়েই কার্যত শুরু হচ্ছে এবারের ঈদযাত্রা ও দীর্ঘ ছুটির আমেজ।

দেশজুড়ে নানা আয়োজনে বিদ্রোহী কবিকে স্মরণ

আজ জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মবার্ষিকী

বাংলা সাহিত্য, সংগীত ও সাম্যের চেতনায় যিনি আজও অনুপ্রেরণার প্রতীক, সেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী আজ। বিদ্রোহ, মানবতা ও অসাম্প্রদায়িকতার কবিকে স্মরণ করতে রাজধানী ঢাকা থেকে শুরু করে ময়মনসিংহের ত্রিশাল, কুমিল্লা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি, নজরুলসংগীত পরিবেশনা ও স্মরণানুষ্ঠান।

এবারের জন্মবার্ষিকীকে ঘিরে সরকারিভাবেও নেওয়া হয়েছে নানা কর্মসূচি, আর প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ হিসেবে।

জাতীয় পর্যায়ের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে ময়মনসিংহের ত্রিশালে, যেখানে কবির স্মৃতিবিজড়িত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও নজরুল একাডেমি প্রাঙ্গণে দিনব্যাপী সাংস্কৃতিক আয়োজন, আলোচনা সভা ও নজরুলসংগীত পরিবেশনার ব্যবস্থা করা হয়েছে। গতকাল শনিবার (২৩ মে) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেন।

রোববার (২৪ মে) রাজধানী ঢাকায় বাংলা একাডেমি জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনার, নজরুল পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। এ উপলক্ষে বাংলা একাডেমিতে সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক আলোচনা এবং নজরুলসংগীত পরিবেশিত হচ্ছে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে “দ্রোহের কবি, প্রাণের কবি” শিরোনামে তিন দিনব্যাপী বিশেষ আয়োজনের শেষ দিন আজ। জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে দেশের খ্যাতিমান শিল্পীরা নজরুলসংগীত, আবৃত্তি ও নৃত্যনাট্য পরিবেশন করছেন।

এ ছাড়া নজরুল ইনস্টিটিউটের উদ্যোগে রাজধানীতে আলোচনা সভা, কবির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও দিনটি উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করছে।

মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতায়, যেখানে কবির স্ত্রী প্রমিলা নজরুলের স্মৃতি জড়িয়ে আছে, সেখানেও জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

অন্যদিকে কক্সবাজারসহ বিভিন্ন জেলায় সরকারি গণগ্রন্থাগার ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো বইপাঠ, রচনা প্রতিযোগিতা, পুস্তক প্রদর্শনী ও শিশু-কিশোরদের অংশগ্রহণে নানা আয়োজন করছে।

উল্লেখ্য, ১৮৯৯ সালের ২৪ মে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়ায় জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। বাংলা সাহিত্য ও সংগীতে তাঁর অসামান্য অবদানের পাশাপাশি সাম্য, মানবতা ও বিদ্রোহের বাণী আজও বাঙালির চেতনায় অমলিন হয়ে আছে।

ঈদে জননিরাপত্তায় মাঠে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান

পবিত্র ঈদুল আযহাকে কেন্দ্র করে সাধারণ মানুষকে স্বস্তিতে রাখতে এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সিরাজগঞ্জের রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান। পশুর হাট, মহাসড়ক, গুরুত্বপূর্ণ বিপণনী বিতান থেকে শুরু করে সরকারি-বেসরকারি ব্যাংক চত্বর—সর্বত্রই তার নেতৃত্বাধীন পুলিশ বাহিনীর কঠোর নজরদারি ও সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আসন্ন ঈদকে সামনে রেখে রায়গঞ্জ ও সলঙ্গা থানা এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড রোধ এবং যানজটমুক্ত মহাসড়ক নিশ্চিত করতে তিনি নিজে মাঠে নেমে তদারকি করছেন।
পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তা ও জাল টাকা রোধ ঈদের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু পশুর হাটগুলোতে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে। পুলিশ সুপার, সিরাজগঞ্জ জনাব সাইফুল ইসলাম সানতু, বিপিএম(বার) এর নির্দেশনায় প্রতিটি প্রধান পশুর হাটে পুলিশি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। হাটে পকেটমার, অজ্ঞান পার্টি ও মলম পার্টির তৎপরতা রোধে সাদা পোশাকে পুলিশ মোতায়েনের পাশাপাশি জাল টাকা শনাক্তকরণ মেশিনের ব্যবহার নিশ্চিত করা হয়েছে। হাসিল আদায় নিয়ে যেন কোনো ধরনের চাঁদাবাজি বা বিশৃঙ্খলা না হয়, সে ব্যাপারে তিনি নিজে হাটগুলো পরিদর্শন করে ইজারাদার ও ব্যবসায়ীদের সতর্ক বার্তা দিচ্ছেন।
যানজটমুক্ত মহাসড়ক ও নিরাপদ যাত্রা রায়গঞ্জ সার্কেলের ওপর দিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ মহাসড়কে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে অতিরিক্ত পুলিশ সুপারের ভূমিকা প্রশংসিত হচ্ছে। ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ, যত্রতত্র গাড়ি পার্কিং রোধ এবং মহাসড়কে ডাকাতি বা ছিনতাই রুখতে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশের টহল জোরদার করা হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে তার সার্বক্ষণিক মনিটরিং ব্যবস্থা চালু রয়েছে, যার ফলে মহাসড়কে অন্যান্য বছরের তুলনায় এবার অনেকটাই স্বস্তিতে যাতায়াত করতে পারছে মানুষ।
বিপণনী বিতান ও ব্যাংক চত্বরে বিশেষ নজরদারি ঈদের কেনাকাটাকে কেন্দ্র করে পৌর এলাকা ও উপজেলার গুরুত্বপূর্ণ বিপণনী বিতানগুলোতে নারীদের নিরাপত্তা এবং ছিনতাই রোধে বিশেষ পুলিশি পাহারা বসানো হয়েছে। এছাড়া, ঈদের আগে ব্যাংকগুলোতে বিপুল অঙ্কের আর্থিক লেনদেন হওয়ায় সরকারি ও বেসরকারি ব্যাংক চত্বর এবং এটিএম বুথগুলোর আশপাশে নজরদারি বহুগুণ বাড়ানো হয়েছে। গ্রাহকরা যাতে নিরাপদে টাকা উত্তোলন ও জমা দিয়ে বাড়ি ফিরতে পারেন, সেজন্য পোশাকি পুলিশ সদস্যরাও মাঠে কাজ করছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দিন কিংবা রাত—যখনই প্রয়োজন হচ্ছে, রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খানকে মাঠ পর্যায়ে দেখা যাচ্ছে। নিজের ঈদ আনন্দকে বিসর্জন দিয়ে সাধারণ মানুষের মুখে স্বস্তির হাসি ফোটাতে তার এই অক্লান্ত পরিশ্রম সর্বমহলে প্রশংসিত হচ্ছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান জানান, “জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং পবিত্র ঈদুল আযহায় মানুষের মনে স্বস্তি বজায় রাখাই আমাদের মূল লক্ষ্য। পুলিশ সুপার স্যার এর নির্দেশনায় রায়গঞ্জ সার্কেল সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারেন, সেজন্য পুলিশ বাহিনী সর্বদা তৎপর রয়েছে।” ঈদের ছুটি শেষ না হওয়া পর্যন্ত এবং মানুষের কর্মস্থলে ফেরার সময় পর্যন্ত পুলিশের এই বিশেষ নিরাপত্তা ও জনবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

শাহজাদপুরে রামিসা সহ সকল শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে প্রতীকী লাশ নিয়ে বিক্ষোভ মিছিল

রামিসা, আসিয়া সহ দেশব্যাপী শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতীকী লাশ নিয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) দুপুর ২টার দিকে শাহজাদপুর উপজেলার পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কে এই মিছিল অনুষ্ঠিত হয়।

শাহজাদপুরের সর্বস্তরের জনগণের পক্ষে সামাজিক সংগঠন রূপান্তর এ মিছিলের আয়োজন করে। এ মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মিছিলে অংশগ্রহণকারীরারামিসা আসিয়া সহ সকল শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দোষীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান। একই সাথে ভবিষ্যতে এ ধরনের নৃশংস ঘটনা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে একসাথে কাজ করতে হবে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না গেলে এ ধরনের অপরাধ বন্ধ হবে না বলেও মন্তব্য করেন তারা। প্রতীকী লাশ নিয়ে আয়োজিত এই ব্যতিক্রমধর্মী মিছিলটি শাহজাদপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং পথচারীদের মাঝে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেয়। মিছিলটি শাহজাদপুর সরকারি কলেজ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাহজাদপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।এরপর সেখানে এই সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, জিদান হোসেন, রাতুল বিন হোসেন, আরাফ রহমান, বাসার খন্দকার, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৩ বছরের বৃদ্ধকে গ্রেপ্তার

আট বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৩ বছরের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে রাজধানীর কলাবাগান থানার পুলিশ। শুক্রবার (২২ মে) কলাবাগান নর্থ সার্কুলার সড়কের একটি বাড়িতে চকলেট খাওয়ানোর প্রলোভনে ভুক্তভোগী শিশুকে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন আলমগীর হুদা রুবেল নামের ওই বৃদ্ধ।

ধর্ষণ মামলায় তাকে শনিবার (২৩ মে) আদালতে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক। তিনি বলেন, ‘ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে ঘটনার দিনই একটি মামলা করা হয়েছে। সেই মামলায় রুবেলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত রুবেলের বাড়ি নর্থ সার্কুলার রোডে। তার স্ত্রী-সন্তান না থাকায় ভাইয়ের পরিবারের সঙ্গে বসবাস করেন। ভুক্তভোগী শিশুটি তার প্রতিবেশীর সন্তান। ঘটনার দিন ফাঁকা বাড়ি পেয়ে ভুক্তভোগীকে চকলেট দেওয়ার প্রলোভনে ঘরে ডেকে নেয়। এরপর আশপাশের লোকজন বিষয়টি বুঝতে পারে অভিযুক্ত রুবেলকে আটক করে এবং থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে ভুক্তভোগী ও অভিযুক্তকে থানা হেফাজতে নেয়।

মামলাটির তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক দুলাল হক কালবেলাকে বলেন, ‘ভুক্তভোগীর অভিযোগ সত্য বলে স্বীকার করেছেন অভিযুক্ত রুবেল। আমরা আইনি প্রক্রিয়া মেনে তাকে আদালতে পাঠিয়েছি। আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।’

এদিকে, সম্প্রতি রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী শিশু রামিসা আক্তার (৭) ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটে। এ ঘটনার পর রাজধানীসহ দেশব্যাপী তীব্র নিন্দার ঝড় উঠে।

সিরাজগঞ্জে গুড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা: ১৩ লাখ টাকা জরিমানা

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে ইট প্রস্তুতের দায়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুটি ভাটার কিলন ও চিমনি গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালত। এছাড়াও ওই দুটিসহ মোট ৬টি ইটভাটাকে ১৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৩ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত উল্লাপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযান পরিচালনা করে এসব দণ্ড দেন।

সহকারি কমিশনার ও জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রুহুল আমিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক মো. শাহীন আলম।

অভিযানে কয়ড়া চরপাড়া এলাকার মেসার্স স্মৃতি ব্রিকস ম্যানুফ্যাকচারকে ২ লাখ টাকা জরিমানা ও ভাটার কিলন গুড়িয়ে দেওয়া হয় এবং ব্রহ্মকাপালিয়ার মেসার্স সাফওয়ান রিসান ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা ও চিমনী গুড়িয়ে দেওয়া হয়।

এছাড়াও গজারিয়া এলাকার মেসার্স পিবিসি ব্রিকস ও পুকুরপাড় এলাকার মেসার্স বেঙ্গল ব্রিকসকে ৩ লাখ টাকা করে এবং দাদপুর এলাকার মেসার্স এইচএন্ডকে ব্রিকস, চড়ুইমুড়ি এলাকার মেসার্স বিআরবি ব্রিকসবে ২ লাখ টাকা করে জরিমানা করা হয়।

সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক তুহিন আলম এসব তথ্য নিশ্চিত করে জানান, উল্লাপাড়ার বিভিন্ন এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

আওয়ামী লীগ নেতার মেয়েকে বিয়ে করল ছাত্রদল নেতা: অতিথি জামায়াতের এমপি

ঝিনাইদহের কালীগঞ্জে আওয়ামী লীগের এক নেতার মেয়ের সঙ্গে ছাত্রদল নেতার বিয়ে টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। বিয়েতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের জামায়াত মনোনীত এমপি আবু তালিব।

বিয়ে বাড়িতে আরও উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে বিএনপির পরাজিত প্রার্থী রাশেদ খান, সাবেক এমপি আনারের কন্যা ডরিন ও কালীগঞ্জ বিএনপির নেতা হামিদুল ইসলাম হামিদ।

এ সময় শিবির কর্মী হত্যা মামলার আসামি ও রাখালগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম মন্টুকে অতিথিদের আপ্যায়ন করতে দেখা যায়।

জানা গেছে, বৃহস্পতিবার (২১ মে) কালীগঞ্জ উপজেলার বগেরগাছি গ্রামের নিজ বাড়িতে রাখালগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মহিদুল ইসলাম মন্টুর মেয়ে মেহেজাবিন ইসলাম তুলির সঙ্গে কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মারুফ বিল্লাহর বিয়ে হয়।

বিয়েতে তিন দলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তবিবুর রহমান মিনি, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান ওদু, আওয়ামী লীগ নেতা রাশেদ শমসের, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সুমন হোসেনসহ আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের অনেক নেতৃবৃন্দ।

নাম প্রকাশ না করার শর্তে জামায়াতের এক কর্মী বলেন, শিবির কর্মী হত্যা মামলার আসামির মেয়ের বিয়ের দাওয়াতে গেলেন। এটা একদমই লজ্জার বিষয়।

স্থানীয় ছাত্রদলের একাধিক নেতা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময় মন্টু চেয়ারম্যানের বিরুদ্ধে বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীদের ওপর দমন-পীড়নের অভিযোগ রয়েছে। সেই পরিবারের সঙ্গে রাজনৈতিক ও পারিবারিক সম্পর্ক গড়ে তোলাকে তারা ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছেন।

১১ নং রাখালগাছী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রিয়াদুল ইসলাম বলেন, যে মন্টুর জন্য আমরা বছরের পর বছর বাড়িতে ঘুমাতে পারিনি, মামলা খেয়েছি, হামলার শিকার হয়েছি। সেই মন্টু চেয়ারম্যানের মেয়েকে আজ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বিয়ে করছেন। এটা আমাদের জন্য চরম কষ্টের এবং লজ্জার।

তিনি আরও অভিযোগ করেন, মারুফ বিল্লাহ দীর্ঘদিন রাজনীতির বাইরে ছিলেন এবং আন্দোলন-সংগ্রামে তাকে পাওয়া যায়নি। ২২ সালের দিক থেকে তিনি আমাদের কোনো খোঁজখবর রাখতেন না। মারুফ বিল্লাহ বলতেন বিএনপি আর ক্ষমতায় আসবে না, তিনি বিদেশে চলে যাবেন।

ঝিনাইদহ-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য আবু তালিব বলেন, ওই ইউনিয়নে আমার গ্রামের বাড়ি। সমাজ সামাজিকতার কারণে গিয়েছি। ওই হত্যা মামলায় আমিই সাবেক চেয়ারম্যান মন্টুর নাম দিয়েছি। এই মামলায় যাতে ভুক্তভোগী পরিবার সঠিক বিচার পাই সেই ব্যবস্থাও করা হবে।

জলঢাকায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত মোছাঃ সাইয়াতুন নেছা

নীলফামারীর জলঢাকা উপজেলায় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এর আওতায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা হিসেবে নির্বাচিত হয়েছেন মোছাঃ সাইয়াতুন নেছা।

জানা যায়, গত ১৮ মে ২০২৬ তারিখে প্রাথমিক শিক্ষা পদকের উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠান নির্বাচন করা হয়। এরই ধারাবাহিকতায় জলঢাকা উপজেলার পূর্ব কাঠালি ডাঙ্গাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছাঃ সাইয়াতুন নেছাকে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা হিসেবে ঘোষণা করা হয়।

এ বিষয়ে মোছাঃ সাইয়াতুন নেছা বলেন, “শিক্ষা শুধুমাত্র একটি পেশা নয়, এটি একটি মহান ব্রত। এই প্রাপ্তি আমার দায়িত্বকে আরও বাড়িয়ে দিয়েছে। আমার এই অর্জনের পেছনে আমার ছাত্র-ছাত্রী ও সহকর্মীদের নিঃস্বার্থ ভালোবাসা ও সহযোগিতা রয়েছে। পাশাপাশি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুপ্রেরণা ও দিকনির্দেশনা আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে। তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ।”

স্থানীয় শিক্ষাঙ্গনে তার এ অর্জনে আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন সহকর্মী ও শিক্ষার্থীরা।

রামিসার ডিএনএ টেস্ট রিপোর্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর

রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর গলা কেটে হত্যার শিকার শিশু রামিসার ডিএনএ রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শনিবার (২৩ মে) বিকেলে এ রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) অহিদুজ্জামান আগামী রবিবার (২৪ মে) আদালতে চার্জশিট জমা দেওয়া সম্ভব হতে পারে বলে গণমাধ্যমকে জানান।

গত ১৯ মে পল্লবী থানার মিল্লাত ক্যাম্পসংলগ্ন একটি বাসায় পপুলার মডেল হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা করা হয়। পরদিন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আসামি করা হয়। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে। গত বুধবার (২০ মে) আদালতে তোলা হয়ে সোহেল নিজের দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। এও জানান, ঘটনার আগে তিনি ইয়াবা সেবন করেছিলেন।

একইদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসামির জবানবন্দি রেকর্ড করেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

একটি গোষ্ঠীর কার্যকলাপে পতিত স্বৈরাচারের প্রতিচ্ছবি দেখা যায়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ৫ আগস্ট পতিত স্বৈরাচার বিদায় নিয়ে যেভাবে ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠীকে তাদের সঙ্গে মিল দেখা যায়। গোপনে তাদের সঙ্গে যোগাযোগও রয়েছে। এসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।

শনিবার (২৩ মে) দুপুরে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বইলরে চার কিলোমিটার দীর্ঘ ধরার খালের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ময়মনসিংহের ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ময়মনসিংহ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ত্রিশাল উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া।

প্রধানমন্ত্রী বলেন, জনগণ ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার পর আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী পরিবারের সুবিধার জন্য ফ্যামিলি কার্ড, কৃষকের সুবিধার জন্য কৃষি কার্ড, কোমলমতি শিশুদের জন্য স্কুল ব্যাগ, পোশাক, খাবার, মসজিদের ইমামদের জন্য ভাতা কার্যক্রম শুরু করেছি। সম্প্রতি রামিসা হত্যার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, আইনে যে অপরাধী তার শাস্তি নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না। তবে আইনেরও নিয়ম-নীতিমালা আছে। এর বাইরে যাওয়ার সুযোগ নেই। কিন্তু একটি শ্রেণি এই বিষয়কে ইস্যু তৈরি করে অরাজগতা সৃষ্টি করতে চায়। কিন্তু তারা জনগণের ভাগ্য উন্নয়নে কোনো কথা বলে না।

তারেক রহমান আরও বলেন, বিএনপির সরকার গঠন করায় তাদের জ্বালা ধরেছে। অন্তর্বর্তী সরকারের সময় যেসব ঘটনা ঘটেছে আপনারা তাদের সেসব বিষয়ে কিছু বলতে দেখেছেন? প্রতিবাদ করতে দেখেছেন? দেখেননি। কারণ তারা বিএনপি সরকারের উন্নয়ন পরিকল্পনা নস্যাৎ করতে চায়। বিএনপির সরকারের উন্নয়ন পরিকল্পনা নষ্ট হলে জনগণের ক্ষতি হবে। আপনাদের ক্ষতি। তাই এদের আপনাদেরও প্রতিহত করতে হবে।

বিএনপি সরকার কর্মমুখী শিক্ষাকে গুরুত্ব দিয়ে সারা দেশে ভোকেশনাল শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে। যাতে আগামী প্রজন্ম কর্মমুখী হয়ে গড়ে উঠতে পারে।

এর আগে দুপুর ২টায় মুষলধারে বৃষ্টির মধ্যে অনুষ্ঠানস্থলে এসে পৌঁছলে বৃষ্টি মাথায় নিয়ে খাল খনন কর্মসূচি ফলকের উদ্বোধন ও খালে নেমে শ্রমিকদের সঙ্গে নিজে মাটি কাটায় অংশগ্রহণ করেন। এ সময় হাজারো জনতা প্রধানমন্ত্রীর এই সরলতা দেখে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

ঘোড়াঘাটে পুকুরে বেলুন তুলতে গিয়ে প্রাণ হারাল শিশু নিরব

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় পুকুরের পানিতে বেলুন তুলতে গিয়ে ডুবে  নিরব চন্দ্র বর্মন নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ শনিবার (২৩ মে) দুপুরে উপজেলার দেওগ্রাম পশ্চিমপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত নিরব চন্দ্র বর্মন পিতা অনন্ত চন্দ্র বর্মনের একমাত্র ছেলে। আদরের শিশুকে হারিয়ে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির সামনে একাই খেলছিল নিরব। একপর্যায়ে তার হাতে থাকা বেলুনটি পাশের পুকুরে গিয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, বেলুনটি তুলতে গিয়েই পানিতে পড়ে যায় সে।
নিরবের প্রতিবেশী দাদি ললিতা চন্দ্র রায় বলেন, দুপুর প্রায় দেড়টার দিকে পুকুরে কিছু একটা ভাসতে দেখি। কাছে গিয়ে বুঝতে পারি, ওটা নিরব। তখন চিৎকার দিলে নিরবের মা দৌড়ে এসে তাকে পুকুর থেকে তুলে আনে। পরে স্থানীয় লোকজন দ্রুত শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে তাঁর মৃত হয়। এতে ধারণা করা হচ্ছে বেলুন তুলতে গিয়ে পানিতে ডুবে প্রান হারায় নিরব। স্মৃতি হিসেবে রেখে যায় বেলুন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শহিদুল ইসলাম বলেন,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেলুন নিয়ে খেলতে গিয়ে শিশুটি পুকুরে পড়ে যায়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

সিরাজগঞ্জে ঈদকে ঘিরে পশুর হাট গুলোতে নিরাপত্তা জোরদার, মাঠে র‌্যাব-১২

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিরাজগঞ্জের চান্দাইকোনা পশুর হাটসহ বিভিন্ন হাটে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২। হাটকেন্দ্রিক অপরাধ দমন, জাল টাকার লেনদেন প্রতিরোধ এবং ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে মাঠে সক্রিয় রয়েছে র‌্যাব সদস্যরা।
শনিবার বিকেল ৪টার দিকে চান্দাইকোনা পশুর হাট পরিদর্শন করেন র‌্যাব-১২ সদর কোম্পানির কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ। পরিদর্শনকালে তিনি হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বরত সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
র‌্যাব সূত্র জানায়, ঈদুল আজহাকে সামনে রেখে সিরাজগঞ্জসহ র‌্যাব-১২-এর আওতাধীন বিভিন্ন জেলার পশুর হাটে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হাটে চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও জাল টাকার লেনদেন ঠেকাতে সদস্যরা সার্বক্ষণিক টহল ও নজরদারিতে নিয়োজিত রয়েছেন।
এদিকে হাট এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে গোয়েন্দা নজরদারির পাশাপাশি ড্রোন ক্যামেরার মাধ্যমেও হাটের আশপাশ পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে জাল টাকা শনাক্ত ও প্রতিরোধে সাদা পোশাকে র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।
র‌্যাব আরও জানায়, এক হাটের পশু অন্য হাটে জোরপূর্বক সরিয়ে নেওয়া, হাটকেন্দ্রিক আধিপত্য বিস্তার কিংবা চাঁদাবাজির মতো ঘটনা প্রতিরোধেও কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।
র‌্যাব-১২ কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদকে কেন্দ্র করে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের বিশেষ অভিযান, টহল ও গোয়েন্দা কার্যক্রম ঈদের আগ পর্যন্ত চলমান থাকবে।

আগৈলঝাড়ার বাকাল ইউনিয়নে দুঃস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ১৩ হাজার ২৩৮টি অতিদরিদ্র, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে সরকারি মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (২৩ মে) সকালে উপজেলার বাকাল ইউনিয়ন পরিষদ চত্বরে এই চাল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বনিক।

বাকাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপুল দাসের সভাপতিত্বে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে কোনো দরিদ্র পরিবার যেন উৎসবের আনন্দ থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতেই এই মানবিক সহায়তা দেওয়া হচ্ছে। সম্পূর্ণ স্বচ্ছতার সাথে প্রকৃত দুঃস্থদের মাঝেই এই চাল বিতরণ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন বাকাল ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার সুরেশ সরকার, ইউনিয়ন পরিষদের সচিব সুবর্ণা মন্ডল, হিসাব সহকারী নাইম ইসলাম, সংশ্লিষ্ট ইউপি সদস্যবৃন্দ এবং গ্রাম পুলিশ সদস্যগণ। বাকাল ইউনিয়নে মোট ২ হাজার ২৯৮ জন কার্ডধারীর প্রত্যেকাকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার ৫টি ইউনিয়নে মোট ১৩ হাজার ২৩৮টি পরিবারের মাঝে এই ভিজিএফ চাল বিতরণ করা হচ্ছে। তার মধ্যে রাজিহার ইউনিয়ন: ২,৬৯৪ পরিবার, বাকাল ইউনিয়ন: ২,২৯৮ পরিবার, বাগধা ইউনিয়ন: ২,৬৭৮ পরিবার, গৈলা ইউনিয়ন: ২,৮৭৪ পরিবার, রতœপুর ইউনিয়ন: ২,৬৯৪ পরিবার। উপজেলার ৫টি ইউনিয়নেই পর্যায়ক্রমে শতভাগ স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রেখে পবিত্র ঈদুল আযহার আগেই এই চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হবে ।

রায়গঞ্জে ব্র্যাক সিড এন্ড এগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে হাইব্রিড ধান চাষের আধুনিক কলাকৌশল প্রয়োগে অধিক ফলন নিশ্চিতকরণ শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) উপজেলার ধানগড়া বাজারে স্থানীয় কৃষকদের হাইব্রিড ধান চাষের আধুনিক প্রযুক্তি ও রোগবালাই দমনে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

ডিলার মোঃ জাকির হোসেন আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: মমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সিড এন্ড এগ্রো এন্টারপ্রাইজের বগুড়া রিজিওনাল সেলস্ ম্যানেজার মানিক রাহা, ডিলার মোঃ মামুনুল হক( পাপ্পু)। এছাড়াও আরও উপস্থিত ছিলেন মনিটরিং অফিসার মোসা, সানোয়ারা বেগম, এএসও সবজি এবং বায়োপেষ্টিসাইড মো, জাহেদুল ইসলাম, উল্লাপাড়া টেরিটোরি সেলস অফিসার আল আমিন প্রমুখ।

কর্মশালায় বক্তারা গুণগত মানসম্পন্ন হাইব্রিড ধানের উৎপাদন ও ফলন বৃদ্ধিতে ব্র্যাকের বীজের গুরুত্ব তুলে ধরেন। চাষাবাদের আধুনিক পদ্ধতি হিসেবে মাটি নির্বাচন, মাটির পিএইচ পরীক্ষা ও নিয়ন্ত্রণ, জমি শোধন এবং সঠিক দূরত্বে বীজ রোপণের উপর বিস্তারিত আলোচনা করেন। এছাড়া মাটির গুণাগুণ অনুযায়ী সারের সঠিক ব্যবহার এবং সেচ প্রয়োগের সময়সূচী মেনে চলার পরামর্শ দেন।

অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে হাইব্রিড ধানের মড়ক বা ধানের শিষ ব্লাষ্ট রোগসহ কাণ্ডপচা রোগের আধুনিক প্রতিকার নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। বিশেষ করে ভাইরাসজনিত রোগ নিয়ন্ত্রণে জাব পোকা (এফিড) দমনের রাসায়নিক ও ম্যানুয়াল পদ্ধতিগুলো কৃষকদের হাতে-কলমে শিখিয়ে দেওয়া হয়।

ব্র্যাক সিডের পক্ষ থেকে জানানো হয়, দেশব্যাপী কৃষক পর্যায়ে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে কৃষকরা আধুনিক কৃষি ব্যবস্থাপনায় আরও দক্ষ হয়ে উঠবে। এর ফলে হাইব্রিড ধান চাষে ঝুঁকি কমবে এবং হাইব্রিড জাতের কাঙ্ক্ষিত ফলন নিশ্চিত করা সম্ভব হবে।

অনুষ্ঠান শেষে ব্র্যাক সিডের হাইব্রিড ধান রাজা কৃষকদের মাঝে বিতরণ করা হয় ।

শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি লিগে একই দলে দেখা যাবে সাকিব ও তাসকিনকে

২০২৬ লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) শুরু হতে এখনো বাকি দেড় মাস। শুক্রবার থেকেই ফ্র্যাঞ্চাইজিগুলো তারকা ক্রিকেটারদের দলে ভেড়াতে শুরু করেছে। এখন পর্যন্ত দুই বাংলাদেশি ক্রিকেটার দল পেয়েছেন এবারের এলপিএলে। শ্রীলঙ্কার এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সাকিব আল হাসান, তাসকিন আহমেদ খেলবেন একই দলে।

গত রাতে সাকিবকে সরাসরি চুক্তিতে নিয়েছে জাফনা কিংস। আজ ফ্র্যাঞ্চাইজিটি তাসকিনকে দলে ভিড়িয়েছে। এলপিএল নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে বাংলাদেশের তারকা পেসারের দল পাওয়ার কথা নিশ্চিত করেছে। তাসকিনকে নিয়ে এলপিএল লিখেছে, ‘জাফনার বোলিং আক্রমণে যোগ হলো এক ভয়ংকর ফাস্ট-বোলিং শক্তি। তাসকিন আহমেদকে নিয়ে ২০২৬ এলপিএলের আগে বোলিংয়ে শক্তি বাড়াল জাফনা কিংস। গতি রয়েছে অনেক। পাশাপাশি আগ্রাসন ও বড় ম্যাচের চাপ সামলানোর ক্ষমতা রয়েছে তার।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বাইরে বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত মুখ এখন তাসকিন। জিম্বাবুয়ে, সংযুক্ত আরব আমিরাতের টি-টেনের পাশাপাশি খেলেছেন এলপিএলেও। সবশেষ ২০২৪ এলপিএলে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে ৩ ম্যাচে ১০.২৭ ইকোনমিতে নিয়েছেন ৪ উইকেট। এই একবারই তিনি এলপিএলে খেলেছেন।

আন্তর্জাতিক ক্রিকেটেও সময়টা দারুণ কাটছে তাসকিনের। পাকিস্তান-নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ানডে সিরিজ, পাকিস্তানকে টেস্ট সিরিজে ধবলধোলাই—এ বছর বাংলাদেশের সাফল্যে অসাধারণ অবদান রেখেছেন তিনি। ৫ ওয়ানডে খেলে এ বছর ৫.২৮ ইকোনমিতে নিয়েছেন ৫ উইকেট। আর সদ্য শেষ হওয়া পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে পেয়েছেন ৬ উইকেট।

২ বছর পর মাঠে গড়াচ্ছে এলপিএল। সবশেষ ২০২৪ সালে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল জাফনা কিংস। এবার এলপিএল শুরু হচ্ছে ১৭ জুলাই থেকে। ফাইনাল ৮ মার্চ। কলম্বো ক্যাপস, ক্যান্ডি রয়্যালস, জাফনা কিংস, ডাম্বুলা সিক্সার্স, গল গ্যালান্টস—এই পাঁচ দল অংশ নিচ্ছে এবার। এবার পঞ্চমবারের মতো হচ্ছে এলপিএল।

প্রধানমন্ত্রীর উদ্বোধনের আগেই ঝড়ে লণ্ডভণ্ড বইমেলা প্রাঙ্গণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে ময়মনসিংহের ত্রিশালে তিন দিনব্যাপী অনুষ্ঠান এবং খাল পুনঃখনন কাজের উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। তবে তিনি উদ্বোধনের আগেই ঝড় ও বৈরী আবহাওয়ায় ভেঙে গেছে বইমেলার কয়েকটি স্টল। এতে আয়োজক ও প্রকাশকদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ ও হতাশা।

শনিবার (২৩ মে) দুপুর ২টা ২০ মিনিটের দিকে হঠাৎ কালো মেঘে আকাশ ঢেকে যায়। পরে শুরু হয় দমকা হাওয়া ও ঝড়। এতে মেলার মাঠে নির্মাণাধীন ও অস্থায়ীভাবে প্রস্তুত করা কয়েকটি স্টল ক্ষতিগ্রস্ত হয়। কিছু স্টলের টিন ও ত্রিপল উড়ে যায় এবং বাঁশের কাঠামো ভেঙে পড়ে।

জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রিশাল সফরকে কেন্দ্র করে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত এলাকায় আয়োজন করা হয়েছিল বিশেষ বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উদ্বোধনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে থাকলেও আকস্মিক ঝড়ে মেলার পরিবেশে বিঘ্ন ঘটে।

মেলার কয়েকজন স্টল মালিক জানান, অনেক কষ্ট ও ব্যয় করে স্টল প্রস্তুত করা হয়েছিল। তবে ঝড়ে মুহূর্তেই ক্ষতি হয়ে গেছে। এখন দ্রুত সংস্কার কাজ চালিয়ে উদ্বোধনের আগেই সবকিছু প্রস্তুত করার চেষ্টা চলছে।

আয়োজকরা জানান, ক্ষতিগ্রস্ত স্টলগুলো দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে নির্ধারিত সময়েই অনুষ্ঠান ও বইমেলার কার্যক্রম শুরু হবে বলে আশা প্রকাশ করেন তারা।

পারমাণবিক অস্ত্র ইস্যুতে সমঝোতা না হওয়ায় হতাশ জাতিসংঘ

পারমাণবিক অস্ত্র বিস্তাররোধ চুক্তি (এনপিটি) পর্যালোচনা সম্মেলন কোনো ঐকমত্য ছাড়াই শেষ হওয়ায় হতাশা প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি এটিকে বিশ্বকে আরও নিরাপদ করার একটি হারানো সুযোগ বলে উল্লেখ করেছেন।

শনিবার আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিকের মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে গুতেরেস এ উদ্বেগ জানান। তিনি বলেন, সদস্য রাষ্ট্রগুলোর সক্রিয় অংশগ্রহণ তিনি স্বাগত জানালেও সম্মেলনটি প্রত্যাশা পূরণ করতে পারেনি।

তিনি বলেন, আন্তর্জাতিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে এমন কঠিন সময়ের মধ্যে সম্মেলনের ব্যর্থতা বিশেষভাবে হতাশাজনক।

গুতেরেস সব দেশকে উত্তেজনা কমানো এবং পারমাণবিক ঝুঁকি হ্রাসে সংলাপ ও কূটনীতির সব পথ ব্যবহার করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গঠনই জাতিসংঘের সর্বোচ্চ নিরস্ত্রীকরণ অগ্রাধিকার।

মামলার কাগজ গায়েব করে চাঁদাবাজি, শেষ পর্যন্ত ধরা

নওগাঁয় যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে রায়ের জন্য অপেক্ষমাণ একটি মামলার গুরুত্বপূর্ণ নথি চুরি করে চাঁদা দাবির অভিযোগে দুই কর্মচারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালত থেকে চুরি হওয়া নথি তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৩ মে) দুপুর ১টার দিকে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত বৃহস্পতিবার (২১ মে) নওগাঁ যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত থেকে মামলার ওই নথিগুলো হারিয়ে যায়। এরপর শুক্রবার (২২ মে) দিনব্যাপী রাজশাহী, নওগাঁ ও বগুড়া জেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, নওগাঁ সদর উপজেলার সিংবাচা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে এস এম আকাশ (২৬), খয়রাবাদ গ্রামের করিম সরদারের ছেলে পলাশ। তিনি যুগ্ম জেলা ও দায়রা আদালত-২ এর পিয়ন ও পলাশের ভাই আরিফ সাপাহার সাব জজ আদালতের পিয়ন এবং শহরের বকুল তলা এলাকার আমজাদের ছেলে সবুজ (৪০)। তিনি কোর্টের মুহুরি হিসেবে কাজ করতেন।

পুলিশ সুপারের তত্ত্বাবধানে শুক্রবার ডিবির অফিসার ইনচার্জ হাসিবুল্লাহ হাবিবের নেতৃত্বে একটি দল দিনব্যাপী এই অভিযান পরিচালনা করেন।

পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২ এর ৯০৪/২০২২ নং মামলাটির রায় ঘোষণা হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই ওই মামলার নথি চুরি হয়ে যায়। সেই সঙ্গে চুরি হওয়া নথিটি ফেরত দেওয়ার বিনিময়ে একটি অজ্ঞাত নাম্বার থেকে আদালতের এক কর্মচারীর নিকট ফোন করে ত্রিশ হাজার টাকা চাঁদা দাবি করা হয়।

বিষয়টি গত বৃহস্পতিবার সন্ধ্যায় নওগাঁ জেলা ও দায়রা জজ আমাকে অবগত করেন। বিচারক বলেন, যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত ২ নওগাঁ হতে রায়ের জন্য অপেক্ষমাণ একটি গুরুত্বপূর্ণ মামলার নথি চুরি হয়ে গেছে। বিষয়টি জানার পর ডিবি পুলিশকে চোর শনাক্তসহ মামলার নথি উদ্ধারের জন্য নির্দেশনা দেওয়া হয়। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে অল্প সময়ের মধ্যেই মূল চোরকে শনাক্ত করা হয়। এ জন্য প্রথমে রাজশাহীর বাগমারায় অভিযান পরিচালনা করা হয়। পরে নওগাঁ সদর উপজেলার শৈলগাছি ইউনিয়নের সিংবাচা বাজার থেকে এস এম আকাশকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আকাশ তার বাড়ির আঙিনায় একটি খড়ের পালা থেকে নথিটা বের করে দেয়।

এসপি বলেন, পরবর্তীতে আকাশের দেওয়া তথ্যমতে নওগাঁ সদর ও বগুড়া জেলার আদমদিঘি উপজেলায় অভিযান চালিয়ে যুগ্ম জেলা ও দায়রা আদালত-২ এর পিয়ন পলাশকে ও পলাশের ভাই সাপাহার সাব জজ আদালতের পিয়ন আরিফ এবং সর্বশেষ কোর্টের মুহুরি সবুজকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার আরও বলেন, আসামি এস এম আকাশ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা আদালতে স্বীকার করে তিনজনের নামসহ অজ্ঞাতনামা কয়েকজন জড়িত থাকার কথা উল্লেখ করেন। আর এর পিছনে কী উদ্দেশ্য আছে তা উদ্‌ঘাটন করার জন্য তদন্ত কার্যক্রম অব্যাহত এবং আইনগত প্রক্রিয়া চলমান আছে।

ঈদুল আযহা উপলক্ষে আগৈলঝাড়ায় দুঃস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ

উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার ৫টি ইউনিয়নে মোট ১৩ হাজার ২৩৮টি পরিবারের মাঝে এই ভিজিএফ চাল বিতরণ করা হচ্ছে। তার মধ্যে রাজিহার ইউনিয়ন: ২,৬৯৪ পরিবার, বাকাল ইউনিয়ন: ২,২৯৮ পরিবার, বাগধা ইউনিয়ন: ২,৬৭৮ পরিবার, গৈলা ইউনিয়ন: ২,৮৭৪ পরিবার, রত্নপুর ইউনিয়ন: ২,৬৯৪ পরিবার। উপজেলার ৫টি ইউনিয়নেই পর্যায়ক্রমে শতভাগ স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রেখে পবিত্র ঈদুল আযহার আগেই এই চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হবে ।

২০২৬ বিশ্বকাপের পথে প্রথম আর্জেন্টাইন ফুটবলার

২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না, সে বিষয়ে ধোঁয়াশাটা অনেক আগে থেকেই রেখেছিলেন লিওনেল মেসি। তিনি জানিয়েছিলেন, এ বিষয়ে চূড়ান্ত বার্তাটা তিনিই দেবেন। বিশ্বকাপের আর ২০ দিন বাকি থাকলেও এই বিষয়ে জনসম্মুখে কিছুই জানাননি তিনি। ফলে প্রশ্নটা ক্রমেই বাড়ছিল।

এবার মেসির কোচ রবার্তো আয়ালা বিষয়টি খোলাসা করলেন। বিশ্বকাপে লিওনেল মেসির অংশগ্রহণ নিশ্চিত করলেন আর্জেন্টিনার কোচিং স্টাফের এই সদস্য। রেডিও লা রেদকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মেসি ইতোমধ্যে নিশ্চিত। সে-ই প্রথম যে যাচ্ছে।’

বিশ্বকাপের দল নিয়েও কথা বলেছেন আয়ালা। তবে চূড়ান্ত তালিকা নিয়ে এখনই কিছু বলতে রাজি হননি তিনি। রসিকতা করে বলেছেন, ‘আমরা তালিকা তৈরি করছি মুছে ফেলা যায় এমন কলম দিয়ে। শেষ পর্যন্ত অপেক্ষা করুন, তারপর তালিকা দেব।’

সম্প্রতি ৩৭ বছর বয়সী মেসির অবসরের গুজব ছড়িয়ে পড়েছিল। এই নিয়ে কোচ লিওনেল স্কালোনি আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন বলেও জানা গেছে। তবে আয়ালার এই মন্তব্য আর্জেন্টিনার কোটি কোটি সমর্থকের মনে বড় স্বস্তি এনে দিয়েছে।

আর্জেন্টিনা তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৬ জুন অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে। এবারের বিশ্বকাপ আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার মিশন। ২০২২ বিশ্বকাপে মেসির হাত ধরে ৩৬ বছর পর এই শিরোপা ঘরে তোলে দলটি। সেই একই কাণ্ডারীর হাত ধরে আবারও বিশ্বকাপটা ঘরে তুলতে চাইবে আলবিসেলেস্তেরা।

রামিসা হত্যা মামলায় আজ আসছে ডিএনএ রিপোর্ট, রোববারের মধ্যেই চার্জশিট

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড (ডিএনএ) টেস্ট সম্পন্ন হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) অহিদুজ্জামান জানিয়েছেন, ডিএনএ পরীক্ষার প্রতিবেদন শনিবার (২৩ মে) পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেটি হাতে পেলে আগামীকাল রোববারের (২৪ মে) মধ্যেই মামলার চার্জশিট দেওয়া হবে।

শনিবার গণমধ্যমের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলার সময় এসআই অহিদুজ্জামান বলেন, রামিসার ডিএনএ টেস্ট হয়েছে। আজ রিপোর্ট হাতে পেলে মামলার চার্জশিট আগামীকালই আদালতে জমা দিতে পারব।

জাতীয় প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতা ও পদক বিতরণ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা জাতীয় প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতা ও পদক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৩ মে শনিবার ধানগড়া উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় শিক্ষা পদক ২০২৬ অনুষ্ঠিত হয়।

অত্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল খালেক পাটোয়ারী। সহকারী শিক্ষা অফিসার এস এম আবু জুবায়ের ও সহকারী শিক্ষক আলমগীর হোসেনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, এমপি ভিপি আয়নুল হক। স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বেলাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলাঙ বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম।উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি হাবিবুর রহমান খান। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম, রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি হাতেম আলী সুজন, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম মিরর,উপজেলা বিএনপির সাবেক  সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ,আব্দুল কুদ্দুস মন্ডল, ঘুরকা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী মন্ডল, উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা,ধানঘড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোনাতন কুমার।

উপজেলার ১৮৫ টি স্কুলের ইউনিয়ন পর্যায়ের প্রাথমিক ভাবে বিজয়ী ছাত্র ছাত্রীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

এছাড়া বিএনপির নেতৃবৃন্দ শিক্ষা অফিসের কর্মকর্তা উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ প্রমুখ। এমপি ভিপি আয়নুল হক অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করে বলেন,প্রাথমিক শিক্ষা ব্যবস্থা সময় উপযোগী করতে সরকার সকল ধরনের সহযোগিতা করবে। খেলাধূলার মাধ্যমে কোমলমতি শিশুরা মাদক থেকে দূরে থাকবে।

কুড়িগ্রামে মহানবী (সাঃ) ও আয়েশা (রাঃ) কে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের পর আটক

ফেসবুকে হযরত মুহাম্মদ (সাঃ) এবং আয়েশা (রাঃ) কে নিয়ে আপত্তিকর পোস্ট করায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশের হাতে আটক হয় পোস্ট ধারী।
কুড়িগ্রাম রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের নওদাবস বড়বাড়ি গ্রাম থেকে আটক হয় অভিযুক্ত যুবক মাইদুল ইসলাম (মানিক)। তিনি ওই গ্রামের বকশা মিয়ার ছেলে।
জানা যায়, অভিযুক্ত ব্যক্তি তার নিজের ফেসবুক আইডিতে হযরত মোহাম্মদ (সাঃ) এবং হযরত আয়েশা (রাঃ) কে নিয়ে আপত্তিকর পোস্ট করেন। পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে শুরু হয় তীব্র ক্ষোভ ও উত্তেজনা।
পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক করতে স্থানীয়রা রাজারহাট উপজেলার থানা পুলিশ কে খবর দেয়। খবর পেয়ে দ্রুত ওই ব্যক্তিকে আটক করে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ মে শুক্রবার অভিযুক্ত ব্যক্তি মাইদুল ইসলাম কে আটক করা হয়। এর আগে মাইদুল ইসলাম তার নিজের ফেসবুক আইডিতে মহানবী (সাঃ) ও আয়েশা (রাঃ) নিয়ে আপত্তিকর পোস্ট করেন। পোস্টটি করার পর স্থানীয়দের মধ্যে তিব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এরপর স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মাইদুল ইসলাম (মানিক) কে ওই গ্রাম থেকে আটক করা হয়।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ বলেন, ফেসবুকে ধর্ম অবমাননার দায়ে একজন কে আটক করা হয়েছে। এ বিষয় মামলার প্রস্তুতি চলমান রয়েছে। আগামীকাল তাকে জেলহাজতে পাঠানো হবে।

ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ সহায়তা পেল দরিদ্র পরিবার

বগুড়ার ধুনট উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ তহবিল থেকে ও বগুড়া-০৫ আসন( শেরপুর – ধুনট নির্বাচনী) এলাকার মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মাদ সিরাজের প্রচেষ্টায় গরীব, দুঃখী  ও অসহায় প্রায় ২০০ শত পরিবারের মাঝে ঈদ উপহার ২ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। (২৩মে)  শনিবার  দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আরিফ উল্লাহ নিজামী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরিদুল ইসলাম, এমপির পিএস আতিকুর রহমান আতিক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আলীমুদ্দীন হারুন মন্ডল,  উপজেলা  বিএনপির সাবেক সাধারণ রফিকুল ইসলাম শাহীন, সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ছানোয়ার হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোখফিজুর রহমান বাচ্চু,বিএনপির নেতা আব্দুল কাইয়ুম টগর,নিয়ামুল আলম তালুকদার, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মধু, সাংগঠনিক সম্পাদক মনিবুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলম হাসান সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশে শিশুদের ওপর বর্বরতায় ইউনিসেফের উদ্বেগ

সম্প্রতি বাংলাদেশে শিশুদের ওপর সংগঠিত বর্বরতায় গভীর উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফ বলেছে এই ধরনের নির্মমতা দেখে তারা গভীরভাবে ‘মর্মাহত ও স্তম্ভিত’। একইসঙ্গে শিশুর প্রতি সহিংসতা বন্ধে অপরাধীদের পার পেয়ে যাওয়ার সংস্কৃতি বন্ধ করার আহ্বান জানিয়েছে ইউনিসেফ।

বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স এক বিবৃতিতে এ কথা বলেন। শুক্রবার ইউনিসেফের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, চলতি বছর এ পর্যন্ত বাংলাদেশে নারী এবং শিশুদের ওপর নির্মম ও যৌন সহিংসতার খবর যেভাবে বাড়ছে, তাতে দেশব্যাপী শিশু ও জেন্ডারভিত্তিক সহিংসতা (জিবিভি) প্রতিরোধব্যবস্থা জোরদার করা জরুরি।

প্রতিরোধ, অভিযোগ দায়ের, প্রাতিষ্ঠানিক সুরক্ষা, শিশুবান্ধব পুলিশ ও বিচারব্যবস্থা এবং সামাজিক সেবার ঘাটতিগুলো দ্রুত দূর করতে হবে।
শিশু, নারী, পরিবার ও সমাজের যেকোনো সহিংসতা বা নির্যাতনের বিরুদ্ধে সবাইকে মুখ খোলার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, সমাজে নীরবতা বজায় থাকলে সহিংসতা আরও ছড়িয়ে পড়ে।

এই ধরনের পরিস্থিতিতে তাৎক্ষণিক সহায়তা ও প্রয়োজনীয় সেবা পেতে চাইল্ড হেল্পলাইন ১০৯৮-এ যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। এ ছাড়া নির্যাতনের শিকার নারী ও শিশুদের মর্যাদার প্রতি সম্মান জানিয়ে তাদের ছবি ও ভিডিও শেয়ার না করার আহ্বান জানিয়েছে ইউনিসেফ।

বিবৃতিতে বলা হয়, নির্যাতনের শিকার নারী ও শিশুদের ছবি, ভিডিও বা ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা একধরনের নতুন নির্যাতন। যারা এগুলো শেয়ার করেন, তারা মূলত ভুক্তভোগী ও তাদের পরিবারের মানসিক কষ্ট আরও বাড়িয়ে দেন এবং ভুক্তভোগীদের প্রতি চরম অসম্মান প্রদর্শন করেন।

চীনের কয়ালখনিতে গ্যাস বিস্ফোরণ: ৯০ জনের লাশ উদ্ধার

চীনের উত্তরাঞ্চলে একটি কয়লাখনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনায় অন্তত ৯০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও ৯ জন।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এখনও উদ্ধার অভিযান চলছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।  চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানায়, আরও অন্তত ৯ জন নিখোঁজ রয়েছেন। খনিটির ভেতরে কতজন আটকা পড়ে আছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

খনি এলাকার কিনইউয়ান কাউন্টির জরুরি ব্যবস্থাপনা ব্যুরো জানিয়েছে, ৪০০ থেকে ৫০০ জনের একটি দল মাটির নিচে উদ্ধার কাজ চালাচ্ছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, শানসি প্রদেশের চাংঝি শহরের লিউশেনইউ কয়লাখনির ভেতরে কার্বন মনোক্সাইডের মাত্রা বিপজ্জনকভাবে বেড়ে গিয়েছিল।

সাম্প্রতিক বছরগুলোতে এই জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে আনার প্রচেষ্টা সত্ত্বেও কয়লা চীনের শক্তির একটি প্রধান উৎস। শানসি হলো সর্বোচ্চ উৎপাদনকারী একটি প্রদেশ। এখান থেকে চীনের মোট কয়লার এক-চতুর্থাংশের বেশি সরবরাহ করা হয়। 

স্থানীয় সময় শুক্রবার (২২ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিস্ফোরণটি ঘটে। তখন খনির ভেতরে ২৪৭ শ্রমিক কাজ করছিলেন। শনিবার সকাল পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল।

বিশ্বের অন্যতম বৃহৎ কয়লা উৎপাদনকারী অঞ্চল শানসি দীর্ঘদিন ধরেই খনি দুর্ঘটনার জন্য কুখ্যাত। নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার কারণে অতীতেও সেখানে বহু প্রাণহানির ঘটনা ঘটেছে।

চীনের মোট জ্বালানি ব্যবহারের অর্ধেকের বেশি এখনো কয়লার ওপর নির্ভরশীল, যদিও সাম্প্রতিক বছরগুলোতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর চেষ্টা চলছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের কারণ তদন্ত করা হচ্ছে। ঘটনাটি প্রেসিডেন্ট শি জিনপিংকে অবহিত করা হয়েছে। তিনি দ্রুত সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

বাস-ট্রাক মুখোমুখী সংঘর্ষে ৩ জন নিহত

কুষ্টিয়ার খোকসা উপজেলায় কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষে ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।  এ দুর্ঘটনায় আরও ২৫/৩০ জন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

শনিবার (২৩ মে) দুপুরে উপজেলার শিমুলিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

বিস্তারিত আসছে…

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আরও দুই বাংলাদেশির মৃত্যু, সংখ্যা বেড়ে ৩৯

রাশিয়ায় উন্নত জীবনের আশায় গিয়ে যুদ্ধে জড়িয়ে আরও দুই বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। এতে ইউক্রেনের বিরুদ্ধে রুশ বাহিনীর হয়ে যুদ্ধে নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে অন্তত ৩৯ জনে দাঁড়িয়েছে।

নিহতরা হলেন মাদারীপুরের সুরুজ কাজী (৩৫) এবং কিশোরগঞ্জের জাহাঙ্গীর হোসেন (২৪)। এর বাইরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও বার্তায় কুমিল্লার ইউসুফ খান নামের আরেক বাংলাদেশির মৃত্যুর খবরও পাওয়া গেছে বলে দাবি করা হচ্ছে।

মাদারীপুর সদর উপজেলার দক্ষিণ খাগড়াছড়া এলাকার বাসিন্দা সুরুজ কাজী জীবিকার খোঁজে রাশিয়া গিয়েছিলেন বলে পরিবারের দাবি। পরে যুদ্ধক্ষেত্র থেকেই তার মৃত্যুর খবর আসে। গত বুধবার রাতে বিষয়টি নিশ্চিত হওয়ার পর পরিবারে শোকের ছায়া নেমে আসে।

সুরুজ তিন ভাই ও এক বোনের মধ্যে সবার বড় ছিলেন। তার বাবা শাহাবুদ্দিন কাজী বলেন, ছেলেটা ভালো থাকার আশায় বিদেশে গিয়েছিল, এখন সব শেষ হয়ে গেল। তিনি ছেলের মরদেহ শেষবারের মতো দেখতে চান বলে জানান।

পরিবার জানায়, মাত্র তিন মাস আগে ঠান্ডাজনিত রোগে সুরুজের দুই বছরের ছেলে মারা যায়। সন্তান হারানোর শোক কাটতে না কাটতেই স্বামীকে হারিয়ে দিশেহারা স্ত্রী সুমাইয়া আক্তার।

অন্যদিকে, কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের বাগপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেন কয়েকদিন আগে যুদ্ধক্ষেত্রে নিহত হন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এর আগে চলতি মাসেই একই জেলার আরেক যুবক রিয়াদ রশিদ ড্রোন হামলায় নিহত হন।

অভিযোগ রয়েছে, ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন রিক্রুটিং এজেন্সি ও দালাল চক্র বাংলাদেশি যুবকদের রাশিয়া পাঠাচ্ছে। পরে সেখানে পৌঁছানোর পর অনেককে সরাসরি যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ্ছে।

গোপালগঞ্জ জেলার কয়েকটি পরিবারের অভিযোগ, নির্মাণ খাতে চাকরির আশ্বাস দিয়ে তাদের স্বজনদের রাশিয়ায় নেওয়া হলেও পরে যুদ্ধ করতে বাধ্য করা হয়েছে। এ ঘটনায় একটি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে থানায় অভিযোগও করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও বার্তায় রাশিয়ায় অবস্থানরত এক বাংলাদেশি তরুণ দাবি করেন, চাকরির কথা বলে তাদের সাতজনকে নেওয়া হয়েছিল। পরে তাদের যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়। তার ভাষ্য অনুযায়ী, তাদের মধ্যে তিনজন ইতোমধ্যে মাইন ও ড্রোন বিস্ফোরণে নিহত হয়েছেন।

তিনি আরও অভিযোগ করেন, একজনকে রাশিয়ায় পাঠাতে পারলে দালাল চক্র বিপুল অর্থ আয় করে। নাগরিকত্ব ও উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে অনলাইনের মাধ্যমে লোক সংগ্রহ করা হচ্ছে এবং পরে তাদের একটি অংশকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ্ছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, কেউ যেন যুদ্ধের উদ্দেশ্যে রাশিয়া বা ইউক্রেনে যেতে না পারে, সে বিষয়ে নজরদারি বাড়ানো হয়েছে। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিষয়টি নিয়ে কাজ করছে বলে জানানো হয়েছে।

সরকার বলছে, বিদেশে কর্মসংস্থানের নামে প্রতারণা ও মানবপাচার ঠেকাতে নজরদারি আরও জোরদার করা হবে।

আজ থেকে দেশের প্রাথমিক বিদ্যালয়ে টানা ১৫ দিনের ছুটি শুরু

নানা আলোচনা-সমালোচনা ও সিদ্ধান্ত পরিবর্তনের পর অবশেষে আজ শনিবার (২৩ মে) থেকেই দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ঈদুল আজহার ছুটি শুরু হয়েছে। ফলে সাড়ে ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টানা ১৫ দিনের ছুটি কার্যকর হলো।

শুক্রবার (২২ মে) রাত ৯টার পর বিষয়টি নিশ্চিত করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. তানভীর মিয়া।

তিনি জানান, ‘শনিবার থেকেই সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ঈদের ছুটি শুরু হবে। এদিন সব বিদ্যালয় বন্ধ থাকবে। আগামী ৬ জুন পর্যন্ত ছুটি চলবে।’

এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সিদ্ধান্ত নিয়েছিল, ঈদের আগের এই শনিবার বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চলবে। সে অনুযায়ী শিক্ষার্থীদের উপস্থিত থাকার নির্দেশনাও দেওয়া হয়েছিল।

মূলত রমজান মাসজুড়ে বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে গত ২৪ মার্চ জারি করা এক নির্দেশনায় ঈদের ছুটির পর টানা ১০টি শনিবার বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানান শিক্ষকরা। প্রাথমিক শিক্ষকদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শনিবার স্কুল বন্ধ রাখার জন্য অধিদপ্তরে লিখিত আবেদনও করা হয়।

শিক্ষকদের সেই দাবির পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন করে সরকার। ফলে ঈদের আগে শনিবার থেকেই ছুটিতে গেল দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো।

যুক্তরাষ্ট্রের বিশ্বাসঘাতকতাই আলোচনার পথে মূল বাধা

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের বারবার বিশ্বাসঘাতকতা, পরস্পরবিরোধী অবস্থান ও অতিরিক্ত দাবির কারণেই পাকিস্তানের মধ্যস্থতায় চলমান আলোচনায় অচলাবস্থা তৈরি হয়েছে।

শুক্রবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আরাগচি বলেন, কূটনীতিতে যুক্তরাষ্ট্রের বারবার প্রতিশ্রুতি ভঙ্গ, ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন ও আলোচনায় অতিরিক্ত শর্ত চাপিয়ে দেওয়াই বর্তমান সংকটের মূল কারণ।

তিনি অভিযোগ করেন, ওয়াশিংটন একদিকে কূটনৈতিক আলোচনা চালিয়েছে, অন্যদিকে ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিয়েছে। এ ছাড়া আলোচনার সময় যুক্তরাষ্ট্র বিভিন্ন সময়ে অবস্থান পরিবর্তন করেছে এবং ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি ও প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধের মতো দাবি তুলেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের প্রতি গভীর অবিশ্বাস থাকা সত্ত্বেও তেহরান দায়িত্বশীলভাবে আলোচনায় অংশ নিচ্ছে এবং একটি ন্যায়সঙ্গত ও যুক্তিসংগত সমাধানে পৌঁছাতে চেষ্টা করছে।

অন্যদিকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সব দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে শক্তি প্রয়োগের বিরোধিতা করেন। তিনি জাতিসংঘ সনদের নীতিমালা মেনে কূটনৈতিক উপায়ে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার আহ্বান জানান।

এদিকে শুক্রবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় এখনো কোনো চূড়ান্ত অগ্রগতি হয়নি।

টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মতপার্থক্য অত্যন্ত গভীর, বিশেষ করে গত কয়েক মাসের ঘটনাগুলোর পর।

তবে পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের তেহরান সফরের প্রসঙ্গ তুলে তিনি জানান, আলোচনাটি এখন একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। সূত্র : প্রেস টিভি

হামলার ঘটনায় যাদের আসামি করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা, ইট-পাটকেল নিক্ষেপ ও ছিনতাইয়ের অভিযোগে মামলা করা হয়েছে।

শুক্রবার (২২ মে) রাতে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা বাদী হয়ে ছাত্রদলের ৮ নেতার নামসহ অজ্ঞাতনামা আরও ১১০ থেকে ১১৫ জনকে আসামি করে এ মামলা করেন।

মামলায় আসামি করা হয়েছে ইসলামী ইউনিভার্সিটি শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদ, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাবেক সভাপতি এসএম সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, সাবেক সহসভাপতি নয়ন হাওলাদার, পৌর ছাত্রদলের সভাপতি মোবারেক হোসেন ইমন, সাবেক যুগ্ম সম্পাদক হাদুসহ ৮ জনকে।

এজাহারে উল্লেখ করা হয়, শুক্রবার জুমার নামাজ শেষে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদ থেকে বের হওয়ার সময় এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারীসহ নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

এ সময় হামলাকারীরা ঘুসি, ইটপাটকেল, জিআই পাইপ, বেসবল ব্যাট ও ধারালো অস্ত্র নিয়ে হামলা করে বলে অভিযোগ করা হয়।

হামলায় নাসীরুদ্দীন পাটোয়ারী, তানাইম, আসিফ, আলামিন, হাসিবুর রহমান, নাহিয়ান খান নিয়াজ ও অয়ন রহমান খানসহ কয়েকজন আহত হন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এছাড়া হামলার সময় একটি ডিএসএলআর ক্যামেরা, কয়েকটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগও আনা হয়েছে। ছিনতাই হওয়া মালামালের মধ্যে একটি সনি আলফা এ৬৪০০ ক্যামেরা, ট্যামরন লেন্স ও মেমোরি কার্ড রয়েছে, যার মূল্য প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা বলে দাবি করা হয়েছে।

মামলায় আরও বলা হয়, স্থানীয় এনসিপি নেতাকর্মী ও সাধারণ মানুষ এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে মামলার পর ঝিনাইদহ সদর থানার প্রধান গেটে ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নেন। এ সময় তারা ছাত্রদল নেতাদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানামূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।

ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মাসুদ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ০৮ নং দেশীগ্রাম ইউনিয়নের সর্বস্তরের মুসল্লি ও এলাকাবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মোয়াজ্জেম হোসেন মাসুদ।
শুক্রবার (২৩’শে মে) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগ ও কোরবানির মহান আদর্শে উদ্ভাসিত পবিত্র ঈদুল আযহা আমাদের মাঝে ধৈর্য, ত্যাগ ও মানবিকতার শিক্ষা নিয়ে আসে। এই পবিত্র দিনে দেশীগ্রাম ইউনিয়নের প্রতিটি ঘরে শান্তি, সুখ ও সমৃদ্ধি ফিরে আসুক।”
মোঃ মোয়াজ্জেম হোসেন মাসুদ দীর্ঘদিন ধরে ০৮ নং দেশীগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। রাজনৈতিক জীবনে তিনি এলাকার উন্নয়ন, গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রেখেছেন।
তিনি আরও বলেন, “আমি চাই দেশীগ্রাম হোক মাদকমুক্ত, শিক্ষিত ও উন্নত ইউনিয়ন। আপনাদের ভালোবাসা ও দোয়া নিয়ে আগামী দিনে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই।”
শুভেচ্ছা বার্তার শেষে তিনি সকলকে পরিবার-পরিজন নিয়ে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার আহ্বান জানান এবং দেশীগ্রাম ইউনিয়নের উন্নয়ন ও শান্তির জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, মোঃ মোয়াজ্জেম হোসেন মাসুদের জনসম্পৃক্ততা ও সাংগঠনিক দক্ষতার কারণে তিনি দেশীগ্রাম ইউনিয়নে ব্যাপক জনপ্রিয়। আসন্ন নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করলে এলাকাবাসীর কাছ থেকে ব্যাপক সাড়া পাবেন বলে আশা করছেন তারা।
চাপ বেড়েছে যমুনা সেতুতে

২৪ ঘণ্টায় সোয়া তিন কোটি টাকা টোল আদায়

স্বজনদের সঙ্গে ঈদ করতে ঘরে ফিরছে কর্মজীবি মানুষ। আগামি সোমবার থেকে ঈদের সরকারি ছুটি শুরু হলেও দুদিন আগে থেকেই ঘরমুখো মানুষের চাপ বেড়েছে উত্তরের মহাসড়কে। ফলে যমুনা সেতুতে যানবাহনের চাপ দিগুন বেড়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩৪ হাজারেরও বেশি যানবাহন চলাচল করেছে। বিপরীতে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৪ লাখ টাকারও বেশি। এদিকে যানবাহনের চাপ বাড়লেও কোথায় কোন যানজট বা ধীরগতির খবর পাওয়া যায়নি।

শনিবার (২৩ মে) সকালে যমুনা সেতু কর্তৃপক্ষ সূত্র জানায়, শুক্রবার (২২ মে) দিবাগত রাত ১২টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৩৪ হাজার ৯৬৬টি যানবাহন চলাচল করেছে। বিপরীতে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৪ লাখ ৩৩ হাজার ৪০০ টাকা ।

এর মধ্যে সেতুর পূর্ব টোলপ্লাজায় (উত্তরবঙ্গগামী লেন) ১৮ হাজার ৮৫৯টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৭০ লাখ ২১ হাজার ৪৫০ টাকা। অপরদিকে পশ্চিম টোলপ্লাজায় ১৬ হাজার ১০৭ টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৪ লাখ ১১হাজার ৯৫০ টাকা।

যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, শুক্রবার বিকেল থেকে এই মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। গতকাল পর্যন্তও ১৪টি বুথে টোল আদায় করা হয়েছে। যানবাহনের চাপ সামলাতে আজ থেকে আরও ৪টি অতিরিক্ত বুথ চালু করা হবে।

সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সান্তু জানান, ঈদে ঘরেফেরা মানুষের নিরাপত্তা ও যানজট নিরসনে ৬ শতাধিক পুলিশ ফোর্স নিয়োজিত রয়েছে। আশা করছি এবারের ঈদযাত্রাও হবে শান্তিপূর্ণ।

সিরাজগঞ্জে সাড়ে তিন হাজার কোটি টাকার পশু কেনাবেচার আশা

সিরাজগঞ্জে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে প্রায় সোয়া ৬ লাখ গবাদি পশু। জেলার বিভিন্ন উপজেলায় কয়েক হাজার খামার ও গৃহস্তের বাড়ি বাড়ি এসব পশু উৎপাদন করা হয়েছে। উৎপাদিত পশু জেলার মোট চাহিদার দিগুণ। অতিরিক্ত গরু-ছাগল রাজধানী ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হবে। আর এসব পশু থেকে সাড়ে তিন হাজার কোটি টাকারও বেশি লেনদেন হওয়ার কথা জানিয়েছে প্রাণি সম্পদ বিভাগ।

জানা যায়, মৎস্য ও শস্যের পাশাপাশি গবাদিপশু পালনেও দেশের অন্যতম জেলা সিরাজগঞ্জ। এ জেলাতেই রয়েছে দেশের বৃহৎ দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মিল্কভিটা। যমুনার চরাঞ্চলে রয়েছে বিস্তৃর্ণ গো-চারণ ভূমি। যে কারণে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের ঘরে ঘরে পালিত হয় গরু, মহিষ, ছাগল ও ভেড়া। এছাড়াও জেলার বিভিন্ন অঞ্চলে সহস্রাধিক গো খামার রয়েছে। খামারগুলোতে গাভীর পাশাপাশি ষাড় পালন করা হয়।

প্রতি বছর কোরবানির ঈদকে সামনে রেখে ৬ মাস আগে থেকে ষাড়সহ গবাদিপশু পালনের প্রস্তুতি চলতে থাকে। খামারিরা সন্তানের মতো করে পশুগুলোকে লালন-পালন করে। ঈদকে কেন্দ্র করে বসা স্থায়ী ও অস্থায়ী হাটে এসব গবাদি পশু বিক্রি করা হয়।

সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর কোরবানির জন্য এ বছর গরু, মহিষ, ছাগল ও ভেড়া মিলে মোট ৬ লাখ ১৭ হাজার ৭২৩টি গবাদি পশু প্রস্তুত করা হয়েছে। জেলার মোট চাহিদা ২ লাখ ৯৩ হাজার পশু। উদ্বৃত্ত ৩ লাখ ২৪ হাজার ৭২৩টি গবাদি পশু ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, নারায়নগঞ্জসহ বিভিন্ন জেলায় যাবে।

জেলায় স্থায়ী ও অস্থায়ী মিলে ৪৭টি পশুর হাট বসছে। এর মধ্যে রতনকান্দি, কান্দাপাড়া, শালুয়াভিটা, তালগাছি, এনায়েতপুর, বোয়ালিয়া, চান্দাইকোনা, সলঙ্গা, সমেশপুর, চান্দাইকোনা, উল্লাপাড়া গ্যাসলাইন, সমেশপুর ও সোহাগপুর গুরুত্বপূর্ণ।  এসব হাটে সিরাজগঞ্জ ছাড়াও আশপাশের জেলাগুলো থেকে ক্রেতারা আসেন।

ইতিমধ্যে কোরবানির পশুর হাটগুলো জমে উঠেছে। সপ্তাহের প্রতিদিনই একাধিক অঞ্চলে বসছে গরু-ছাগলের হাট। এসব হাটে হাজার হাজার ক্রেতা-বিক্রেতার সমাগমে মুখরিত হয়ে উঠছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে বেপারীরা এসে পশু কিনে ট্রাক-পিকআপযোগে নিয়ে যাচ্ছেনা।

তবে গো-খাদ্যের বেশি দামের তুলণায় পশুর দাম কম হওয়ায় হতাশ খামারীরা। উৎপাদন খরচের চেয়েও কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা।

বোয়ালিয়া হাটে আসা বিক্রেতা মো. ছানোয়ার হোসেন বলেন, সকাল ৯টায় গরু নিয়ে এসেছি। দুপুর ১টা পর্যন্ত বসে আছি। গ্রাহকেরা যে দাম বলে তাতে ১০ হাজার টাকা লোকশান হবে।

ইউনুস নামে অপর এক বিক্রেতা বলেন, আমার গরু উৎপাদনে খরচ ১ লাখ ৫০ হাজার টাকা। গাড়ীভাড়া করে এনে ১০ হাজার টাকা লস দিয়ে ১ লাখ ৪০ হাজার টাকায় বিক্রি করলাম।

আব্দুল হাকিম নামে এক গৃহস্ত বলেন, তিন বছর ধরে গরু পালন করে যে খরচ হয়েছে সেই চালান দামও কেউ বলছে না।

সোলায়ামান হোসেন নামে এক বিক্রেতা বলেন, ৯ মাস আগে ১ লাখ ৪ হাজার টাকায় গরু কিনেছি। ৯ মাসে আরও ৮০ হাজার টাকা খরচ হয়েছে। এখন হাটে সেই গরুর দাম ১ লাখ ৪০ হাজার টাকা বলছে। এ দামে বেঁচলে ৫০ হাজার টাকা লোকসান হবে।

নুরনবী নামে এক ক্রেতা বলেন, অনেকটা কম দামে পছন্দমতো গরু কিনতে পেরেছি। গরুর আমদানি অনেক।

আব্দুল হাই নামে এক বেপারী বলেন, এবার তুলণামুলক কম দামেই গরু কিনতে পেরেছি। এখন পর্যন্ত ১২টি গরু কিনেছেন বলে তিনি জানান। এসব গরু তিনি ঢাকার গাবতলী হাটে বিক্রি করবেন বলে জানান।

বোয়ালিয়া হাটের ইজারাদার শাহাদত হোসেন বলেন, ঈদ উপলক্ষে এই হাটে প্রায় ২০ হাজার গরুর আমদানি হয়। এর মধ্যে আনুমানিক ৬/৭ হাজার গরু বিক্রি হয়।

সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ কে এম আনোয়ারুল হক বলেন, এ বছর কোরবানির জন্য ৬ লাখ ১৭ হাজার ৭২৩টি গবাদি পশু প্রস্তুত হয়েছে। এসব পশু বিক্রির মাধ্যমে জেলায় অর্থনৈতিক ট্রানজেকশন হবে সাড়ে ৩ হাজার কোটি টাকা।  প্রাণি সম্পদ বিভাগ থেকে খামারিদের প্রয়োজনীয় পরামর্শ ও ওষুধ সরবরাহ করা হচ্ছে।

তিনি বলেন, জেলায় স্থায়ী-অস্থায়ী ৪৭টি হাটে এসব পশু বিক্রি হচ্ছে। বড় হাটগুলোতে দুটি ও ছোট হাটে একটি করে মোট ৩৯টি ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করছে। আমি হাটগুলোতে ঘুরে ইন্ডিয়ান গরুর আমদানি দেখি নাই। এতে খামারিরা ন্যয্যমূল্য পাবে।

One thought on “মৌসুমি বায়ুর প্রভাবে ৬ বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

মৌসুমি বায়ুর প্রভাবে ৬ বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা

আপডেট টাইম : ০৫:৪৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬