চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে মা ইলিশ ধরার অপরাধে সিরাজগঞ্জের চৌহালীতে উপজেলায় ১১ জেলেকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৭ অক্টোবর) সকলে উপজেলার যমুনা নদীর চালুহারা, বড় চৌহালী, বোয়ালকান্দি এলাকায় অভিযান চালিয়ে জেলেদের আটক করার হয়। এ সময় সোয়া দুই লাখ মিটার কারেন্ট জাল, ৪টি ইঞ্জিন চালিত নৌকা ও ৮ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তানভীর হাসান মজুমদার, চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির আইসি মো.ফিরোজ উদ্দিন, মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফি উপস্থিত ছিলেন।
আটককৃত জেলেরা হলেন, চৌহালী উপজেলার মো. মজিদ (২৪), একই উপজেলার কাদের মিয়া(৫০), মো.হাবিবউল্লাহ(২৮), আব্দুল কাফি(৪৫), মো. সোলায়মান(২০), মো. সাইদুল(৩৬), মো. হাফিজুর রহমান(৩৬), মো.হান্নান(৩৫), মো. শাহজালাল (২৬), মো.ইসমাইল(১৫), টাংগাইলের মো. ওহাব আলী (২৮)।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, শুক্রবার মা ইলিশ রক্ষায় যমুনা নদীতে অভিযান চালানো হয়। এ সময় ১১ জন জেলেকে আটক করা হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেন। জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

রিপোর্টার: 



















