নওগাঁর রাণীনগরে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শামিম হোসেন (৩৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার রেলগেট সংলগ্ন আত্রাই-রাণীনগর মহাসড়ক থেকে মাদক বিক্রির সময় তাকে আটক করা হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার শামিম হোসেন উপজেলার চকমনু গ্রামের মোকছেদের ছেলে। তিনি উপজেলা বিএনপির বহিষ্কৃত সদস্য। বর্তমানে তিনি নওগাঁ জেলা সাইবার ফোর্সের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।
ওসি জাকারিয়া মন্ডল বলেন, “মাদকবিরোধী অভিযান চলাকালে খবর পাই, রেলগেট এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শামিম হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।”
তিনি আরও জানান, গ্রেপ্তার শামিমের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। উপজেলাজুড়ে মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলেও জানান ওসি।
রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন বলেন, “শামিম হোসেন উপজেলা বিএনপির সদস্য ছিলেন। জাতীয় নির্বাচনের আগে তাকে বহিষ্কার করা হয়েছে। মাদক কিংবা কোনো অন্যায় কাজের সঙ্গে জড়িত কারও স্থান আমার দলে নেই।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 



















