সিরাজগঞ্জের রায়গঞ্জে রাতে জমিজমা নিয়ে পারিবারিক শালিসী বৈঠকের পর নিজ ঘরে ঘুমাতে যান সাইফুল ইসলাম (৩২) নামে এক যুবক। সকালে ঘরের ধর্ণার সঙ্গে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করলো পুলিশ।
শুক্রবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার ঘুড়কা ইউনিয়নের কালিকাপুর এলাকায় ঘটনাটি ঘটে। নিহত সাইফুল ইসলাম (৩২) কালিকাপুর পূর্বপাড়া গ্রামের মৃত খোরশেদ আলীর পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে জমিজমা নিয়ে পারিবারিক একটি শালিস বসে। শালিসে উপস্থিত ছিলেন, গ্রামবাসী গোলবার হোসেন, আব্দুল হামিদ, জহুরুল ইসলামসহ আরও কয়েকজন। শালিসে নিহতের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। শালিস শেষে নিজ ঘরে ঘুমাতে যায় সাইফুল। সকালে ঘরের ধর্ণার সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
নিহতের বড় বোন আকলিমা খাতুন জানান, শালিস শেষে সাইফুল বাসায় ফিরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
সলঙ্গা থানার এসআই শরিফুল ইসলাম বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, বিষয়টি তদন্তাধীন এবং ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সাইফুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত থেকে বলেন, “ঘটনাটি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হলেও শালিস বৈঠকের পর কী ঘটেছিল, কোনো চাপ বা মানসিক নির্যাতনের বিষয় ছিল কি না—সবটিই খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্টের ওপর ভিত্তি করেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 



















