সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. স্বাধীন (২০) নামে এক মানসিক ও বাক প্রতিবন্ধী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৬ মে) বিকেলে উপজেলার ব্রহ্মগাছা-ধানগড়া সড়কের চানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বাধীন উপজেলার কয়ড়া উত্তরপাড়া এলাকার মৃত কামাল হোসেনের ছেলে।
তিনি দীর্ঘদিন ধরে তার নানা মো. শুকুর খাঁর বাড়িতে বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে স্বাধীন সড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আকস্মিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং স্বজনদের মাঝে বিরাজ করছে গভীর শোক ও আহাজারি।
দুর্ঘটনার খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক তদন্ত কার্যক্রম শুরু করে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় জড়িত ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 



















