নরসিংদীর শিবপুরে গুলিতে আলম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার বাঘাব ইউনিয়নের বংপুর পশ্চিমপাড়া গ্রামের রইস মেম্বারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
নিহত আলম বংপুর গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীফুলিয়া গ্রামের মৃত মন্তাজ উদ্দিন ওরফে মন্তু মিয়ার ছেলে অনিক (৩০) আলমকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে গুলিটি আলমের ডান কানের পাশে লাগে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে শিবপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ঘটনার আলামত সংগ্রহ করে তদন্ত শুরু করে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অভিযুক্ত অনিকের বিষয়ে এবং হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চালাচ্ছে পুলিশ।

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 


















