সাতক্ষীরার আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে সন্ত্রাসবিরোধী আইনের পৃথক দুটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও শোভনালী ইউনিয়নের সরাফপুর গ্রামের মৃত কার্তিক চন্দ্র দাশের ছেলে রাজ্যেশ্বর দাশ (৫৮) এবং বড়দল ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বড়দল গ্রামের হাবিবুর রহমান সানার ছেলে মো. আল নোমান।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের একটি দল বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
এরমধ্যে জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাশকে আশাশুনি থানায় গত ২৩ জুনে দায়ের করা একটি সন্ত্রাসবিরোধী মামলায় (মামলা নং-২৪) গ্রেপ্তার দেখানো হয়েছে।
অন্যদিকে, ছাত্রলীগ নেতা মো. আল নোমানকে একই থানায় গত ২১ জুনে দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের অপর এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর আরিফ বলেন, রাজ্যেশ্বর দাশ একটি নিয়মিত মামলার পলাতক আসামি ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম। 




















