সিরাজগঞ্জ-বগুড়া রেলসড়কে রায়পুরে জংশনের দাবিতে গণ আন্দোলন গড়ে তুলতে একমত হয়েছে সিরাজগঞ্জ রেল বাঁচাও আন্দোলন কমিটি।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় চেম্বার অব কমার্স ভবনের চতুর্থতলায় সংগঠনের জরুরী সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়।
সিরাজগঞ্জ রেল বাঁচাও আন্দোলনের সভাপতি সাইদুর রহমান বাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব এ খোদা টুটুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, এনজিও কর্মকর্তা, আইনজীবি, সাংবাদিক, কনটেন্ট ক্রিয়েটারসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।
সভায় উপস্থিত ছিলেন, বাসদ নেতা নব কুমার কর্মকার, সিপিবি নেতা ইসমাইল হোসেন, চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট আব্দুল কাদের, লিটন সাহা, পরিচালক আনোয়ার হোসেন তালুকদার, তানভীর মাহমুদ পলাশ, হাজী জুড়ান আলী, মোবারক হোসেন, এনজিও পরিচালক আবু জাফর টিপু, বাসদ নেতা তারিকুজ্জামান টরিক, জনতার কণ্ঠ’র সম্পাদক স্বপন চন্দ্র দাস, আইনজীবি অ্যাডভোকেট মুজাহিদ বিন মিঠুন, শাহ মো. জাহিদুল হাসান লিটু প্রমূখ।
সভায় সাইদুর রহমান বাচ্চু রেল বাঁচাও আন্দোলনের গুরুত্ব তুলে ধরে বলেন, আমাদের সদর উপজেলায় এক সময় ৫টি রেলওয়ে স্টেশন ছিল, এখন নেই। সিরাজগঞ্জে রেল জংশন আমাদের ন্যায্য দাবি। আমাদের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই দাবি আদায় করবো ইনশাল্লাহ। শুধু রেল জংশন নয়, আমাদের এই সংগঠনের পক্ষ থেকে সিরাজগঞ্জের উন্নয়নে যে কোন ন্যায্য দাবির জন্য আমরা আন্দোলনে অংশ নেব।

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম 



















