বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জের ৬টি আসনে বিএনপির নির্বাচন পরিচালনায় প্রধান সমন্বয়কের দায়িত্বপ্রাপ্ত নেতা সাইদুর রহমান বাচ্চু বলেছেন, যখনই বাংলাদেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে নির্বাচনে সিরাজগঞ্জের ৬টি আসনে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও ৬টি আসনই আমাদের নেতা তারেক রহমানকে উপহার দেব।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরের দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পর জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি দলীয় প্রার্থী ও নেতাকর্মীদের আচরণবিধি মেনে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে কমিশনকে সহায়তা করার আহ্বান জানান।
বাচ্চু বলেন, আমাদের নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান। তারা বাবা মন্ত্রী ছিলেন, তার ভগ্নিপতি মন্ত্রী ছিলেন, তিনি নিজেও মন্ত্রী ছিলেন, তার স্ত্রী এমপি ছিলেন এবং তার ছোট ভাই সিরাজগঞ্জ পৌরসভার জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন।
তিনি সিরাজগঞ্জবাসীর উদ্দেশ্যে বেশ কিছু কমিটমেন্ট দিয়েছেন। তিনি নির্বাচিত হলে অবনতি হওয়া আইন শৃংখলা স্বাভাবিক করবেন, সবুজ অর্থনীতি গড়ে তোলা, শিল্পায়ন, পাড়ায়-মহল্লায় সংঘর্ষ নিয়ন্ত্রণ, শহরকে যানজটমুক্ত, জেলা শহরকে দ্বিখন্ডিত করা কাটাখালির সৌন্দর্য্যবর্ধন এবং সর্বোপরি দুর্নীতিমুক্ত সিরাজগঞ্জ গড়বেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, সিনিয়র যুগ্ম সম্পাদত ভিপি শামীম খান, হারুন-অর-রশিদ খান হাসান, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, জেলা যুবদলের সভাপতি আল আমিন খান, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ প্রমূখ।

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম 



















