সিরাজগঞ্জে উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ। সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে। বেশিরভাগ কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। নারী ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জ সদর উপজেলার একডালা দক্ষিণ প্রাথমিক বিদ্যালয়, একডালা প্রাথমিক বিদ্যালয়, চিলগাছা উচ্চ বিদ্যালয়, কাজিপুর উপজেলার শুভগাছা প্রাথমিক বিদ্যালয়, চালিতাডাঙ্গা উচ্চ বিদ্যালয়, চর ভানুডাঙ্গা ইছামতি উচ্চ বিদ্যালয়সহ একাধিক ভোট কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা যায়।
চালিতাডাঙ্গা গ্রামের ইউসুফ আলী বলেন, দীর্ঘদিন পর শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে ভালো লাগছে।
বীর শুভগাছার আব্দুল মতিন বলেন, ২০০৮ সালের পর এইবার প্রথমবার সুষ্ঠুভাবে নিজের ভোট নিজে দিতে পেরেছি।
একডালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. আখলাকুর রহমান উজ্জল জানান, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। সকালে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়ছে।
সকাল সাড়ে ১১টা পর্যন্ত ১৮ শতাংশ ভোট পড়েছে তিনি জানান।
চর ভানুডাঙ্গা ইছামতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ফিরোজ হাসান বলেন, এখন সুষ্ঠুভাবে ভোট চলছে। বেলা সাড়ে ১২টা পর্যন্ত ৩৭ শতাংশ ভোট পড়েছে।
অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মো. মশিউর রহমান জানান, বেলা সাড়ে ১২ টা পর্যন্ত জেলার ৬টি আসনে গড়ে ৩৪ শতাংশেরও বেশি ভোট পড়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম 

















