সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সুরমা নদীতে নোঙর করে রাখা বালুভর্তি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। নৌকায় থাকা অপর চার শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও তাদের মধ্যে দুজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার সাচনা বাজার মাছঘাট সংলগ্ন চামারবাড়ী ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ শ্রমিকেরা হলেন- জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের ইনাতনগর গ্রামের আবুল কাশেমের ছেলে মোবাশ্বির (২৬) ও একই গ্রামের পিয়াস উদ্দিনের ছেলে মারুফ (১৯)।
আহতরা হলেন- মোস্তাকিম (২২) ও সুমন (২০)। তাদের জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। অপর দুই শ্রমিক আমিরুল (১৯) ও অনু দাস (২৫) সুস্থ রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইনাতনগর গ্রামের গোবিন্দ দাসের মালিকানাধীন তমা নৌপরিবহনের বালুবাহী নৌকা সাচনা বাজার মাছঘাট সংলগ্ন চামারবাড়ী ঘাট এলাকায় সুরমা নদীতে নোঙর করা ছিল। নৌকাটিতে ছয়জন শ্রমিক অবস্থান করছিলেন। তাদের মধ্যে দুজন নৌকার বিশ্রামকক্ষে ঘুমিয়েছিলেন এবং অন্য চারজন বালুর ওপর বসে ছিলেন। রাত দেড়টার দিকে হঠাৎ নৌকার ভেতরে পানি ঢুকতে শুরু করে। একপর্যায়ে খুঁটির সঙ্গে বাঁধা নোঙরের রশি ছিঁড়ে গেলে নৌকাটি নদীতে ডুবে যায়। এ সময় বিশ্রামকক্ষে ঘুমিয়ে থাকা দুই শ্রমিক পানির নিচে তলিয়ে নিখোঁজ হন। অপর চার শ্রমিক সাঁতরে নদীর তীরে উঠতে সক্ষম হন।
ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ নিখোঁজ দুই শ্রমিককে উদ্ধারে অভিযান চালাচ্ছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি।
জামালগঞ্জ নৌ-পুলিশের পরিদর্শক সজল কানু বলেন, রাতে বালুভর্তি একটি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। তাদের এখনো সন্ধান পাওয়া যায়নি। ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে।
জনতার কণ্ঠ/এসএ

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 


















