ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃত্যকলা বিভাগের এক শিক্ষাবর্ষের পরীক্ষার ফল প্রকাশে ১৩ মাস বিলম্বের ঘটনায় বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক তামান্না রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে তাকে পরীক্ষা কমিটির সভাপতির দায়িত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় তার কাছে কারণ দর্শানোর সিদ্ধান্তও নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ সিন্ডিকেট।
সোমবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তামান্না রহমানের পরিবর্তে বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আবদুস সালাম।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী জানান, গত অক্টোবরেও সংশ্লিষ্ট পরীক্ষার খাতা জমা দেওয়ার জন্য চেয়ারম্যানকে ছয়বারের মতো স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল। পরে খাতা জমা দেওয়া হলেও ফল প্রকাশ করতে আরও তিন থেকে চার মাস সময়ক্ষেপণ করা হয়।
তিনি বলেন, শিক্ষার্থীরা উপাচার্যের কাছে অভিযোগ জানানোর পর চেয়ারম্যানকে দ্রুত ফল প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সেই নির্দেশ যথাযথভাবে অনুসরণ করেননি। পরবর্তী সময়ে সিন্ডিকেট সভার আগে তাকে লিখিতভাবে কারণ দর্শানোর সুযোগ দেওয়া হয়। তবে তার দেওয়া ব্যাখ্যা কর্তৃপক্ষের কাছে সন্তোষজনক মনে হয়নি।
উপ-উপাচার্য আরও বলেন, দীর্ঘদিনের অবহেলা, উপাচার্যের নির্দেশনা অমান্য এবং শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় তাকে চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে কারণ দর্শানোর সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট।
বিভাগ সূত্রে জানা যায়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ১০ম ব্যাচের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশ নিয়ে এ জটিলতা তৈরি হয়। পরীক্ষা শেষ হওয়ার এক বছরের বেশি সময় পার হলেও ফল না পাওয়ায় শিক্ষার্থীদের পরবর্তী শিক্ষাবর্ষের কার্যক্রম ব্যাহত হচ্ছে।
ওই ব্যাচের এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা শেষ হওয়ার পর এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও তারা ফল পাননি। এর ফলে দ্বিতীয় বর্ষের তৃতীয় সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষাও আটকে রয়েছে। একই শিক্ষাবর্ষের অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা তৃতীয় বর্ষে উঠলেও তারা এখনো দ্বিতীয় বর্ষেই আটকে আছেন।
এর আগে ফল প্রকাশে বিলম্বের বিষয়ে বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক তামান্না রহমান সাংবাদিকদের জানিয়েছিলেন, ফলাফল প্রকাশে দেরি হয়েছে। ফল প্রকাশ এবং শিক্ষার্থীদের ক্লাস পুনরায় শুরুর সম্ভাব্য সময় সম্পর্কে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করা হয়েছে। আগামী সপ্তাহেই ফল প্রকাশ করা হবে বলেও আশ্বাস দিয়েছিলেন তিনি।
তবে চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতির বিষয়ে জানতে চাইলে সে সময় তিনি জানিয়েছিলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাকে এ বিষয়ে কিছু জানানো হয়নি।
জনতার কণ্ঠ/এসএ

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 





















