হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাত লেগে তিনটি তেলবাহী জাহাজে বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। মঙ্গলবার (২৪ নভেম্বর) সংস্থাটি এ দাবি করে।
ইরানের সামরিক বাহিনীর দাবি, তিনটি জাহাজই নৌমাইনে আঘাত পাওয়ার পর বিস্ফোরণ ও আগুনের শিকার হয়েছে। তবে জাহাজগুলোর নাম, কোন দেশের পতাকাবাহী ছিল কিংবা এতে হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চলছে। এই প্রণালি দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি তেল পরিবহন করা হয়। ফলে সেখানে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হলে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও প্রভাব পড়তে পারে।
ইরান এর আগে জানিয়েছে, তাদের নির্ধারিত পথ ও অনুমতি ছাড়া কোনো জাহাজ এই প্রণালি দিয়ে চলাচল করতে পারবে না। দেশটির দাবি, নিয়ম অমান্য করে চলাচল করা জাহাজের কারণে নিরাপত্তাঝুঁকি তৈরি হচ্ছে।

আন্তর্জাতিক ডেস্ক। জনতার কণ্ঠ.কম। 






















