নোয়াখালীর বেগমগঞ্জে র্যাব-১১, সিপিসি-৩ এর বিশেষ অভিযানে পাঁচটি মাদক মামলার পলাতক মানিক হোসেন (৪২) কে গ্রেফতার করা হয়েছে। অভিযানের সময় তার হেফাজত থেকে ৪ কেজি গাঁজা ও ৬ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
র্যাব-১১ জানিয়েছে, তাদের মাদকবিরোধী অভিযান সামাজিক ব্যাধি মাদক নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রতিষ্ঠার পর থেকে জঙ্গি, মাদক, অস্ত্রধারী সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত আসামীদের গ্রেফতারের মাধ্যমে আইন-শৃঙ্খলা বজায় রাখতে তারা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
গোপন সংবাদের ভিত্তিতে ১ ডিসেম্বর ২০২৫ তারিখ দুপুর ১টা ২০ মিনিটে, বেগমগঞ্জ থানাধীন জমিদারহাট বাজার এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে মানিক হোসেনকে আটক করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, মানিক দীর্ঘদিন ধরে ফেনীর সীমান্ত এলাকা থেকে গাঁজা ও বিদেশী মদ সংগ্রহ করে লক্ষ্মীপুর জেলার মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিল।
গ্রেফতারকৃত মানিক হোসেন লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার চর জাঙ্গালিয়া এলাকার মোজিবল হক ও মোস্তফা খাতুনের ছেলে। তার বিরুদ্ধে ৫টি মাদক মামলা রয়েছে।
র্যাব-১১ জানায়, মাদকসহ সামাজিক ব্যাধি দমন ও অপরাধীদের আইনের আওতায় আনার জন্য তাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত মানিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


মো. ইসমাইল হোসেন নোয়াখালী ব্যুরো প্রধান। জনতার কণ্ঠ.কম 



















