শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় জেলা শহরের কাছাকাছি পূর্বনির্ধারিত স্থানে প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন জেলার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন শরীয়তপুর-ঢাকা মহাসড়কে ‘জাগো শরীয়তপুর’-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সদর, নড়িয়া ও জাজিরাসহ জেলার বিভিন্ন উপজেলার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় জেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা। বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের পাশাপাশি কৃষি গবেষণা ও জেলার অর্থনৈতিক উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি হবে। তাই শিক্ষার্থীদের যাতায়াত, আবাসন, চিকিৎসা ও নিরাপত্তাসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে জেলা শহরের কাছাকাছি শরীয়তপুর-ঢাকা মহাসড়কের পাশে পূর্বনির্ধারিত স্থানেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রতিষ্ঠা করা প্রয়োজন।
বক্তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তাবিত নতুন স্থানটি ডামুড্যা ও গোসাইরহাট উপজেলার সীমান্তবর্তী চরাঞ্চলে হওয়ায় শিক্ষার্থী ও শিক্ষকসহ সংশ্লিষ্টদের যাতায়াত এবং প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করা কঠিন হতে পারে। তাই কোনো নির্দিষ্ট এলাকার স্বার্থ বিবেচনা না করে পুরো জেলার যোগাযোগব্যবস্থা, নাগরিক সুবিধা ও দীর্ঘমেয়াদি উন্নয়নের বিষয়টি গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণ করতে হবে।
মানববন্ধনে ‘জাগো শরীয়তপুর’-এর আহ্বায়ক আমিন মাহমুদ জিতু বলেন, শরীয়তপুরে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। সেই দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে যখন আলোচনা হয়েছিল, তখন শরীয়তপুর সদরসংলগ্ন কোটাপাড়া ব্রিজের ওপারে একটি স্থান নির্ধারণ করা হয়েছিল। শিক্ষার্থীদের যাতায়াত, আবাসনসহ সার্বিক বিষয় বিবেচনা করেই স্থানটি নির্ধারণ করা হয়েছিল।
তিনি আরও বলেন, ইদানীং আমরা শুনতে পাচ্ছি, শরীয়তপুর সদর থেকে দূরে ডামুড্যায় বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। সেখানে হলে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে পারেন। আমরা চাই, শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় জেলা সদরের কাছাকাছি কোনো সুবিধাজনক স্থানে প্রতিষ্ঠা করা হোক।
মানববন্ধন শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিশ্ববিদ্যালয়টি পূর্বনির্ধারিত স্থানে প্রতিষ্ঠার দাবিতে স্মারকলিপি দেওয়া হয়।

শরীয়তপুর প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 



















