ফ্যাসিস্ট সরকারের আমলে ‘বনসাই বিশ্ববিদ্যালয়’ হিসেবে গড়ে ওঠা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ ‘বটবৃক্ষ বিশ্ববিদ্যালয়ে’ রূপান্তর করাই নিজের মূল লক্ষ্য বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহ্মিনা আখতার।
বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩-এর অডিটোরিয়ামে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিসর বাড়াতে নতুন ৩০টি বিভাগসহ অর্গানোগ্রাম বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অনুমোদন দিয়েছে। এর মধ্যে চলতি বছর আটটি নতুন বিভাগের অনুমোদন পাওয়া গেছে। বিভাগগুলো হলো—ইংরেজি, সমাজকর্ম, হিসাববিজ্ঞান, আইন, ভূগোল ও পরিবেশবিজ্ঞান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এবং কৃষি ও পশুপালন।
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার ফিজিবিলিটি স্টাডি ও পরিবেশগত ছাড়পত্রের টার্মস অব রেফারেন্স (ToR) অনুমোদিত হয়েছে। প্রকল্পের অর্থ ছাড়ের বিষয়টি বর্তমানে অর্থ মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে।
সভায় উপাচার্য বিশ্ববিদ্যালয়ে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার প্রতিষ্ঠা, ৪০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান, লাইব্রেরি সম্প্রসারণ ও অটোমেশনসহ বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের কথা তুলে ধরেন। আগামী ১০ ও ১১ জানুয়ারি ২০২৭ ইং আন্তর্জাতিক সেমিনার আয়োজন এবং চীনের দুটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগের কথাও জানান তিনি।
এ সময় উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে যৌক্তিক পরামর্শ ও গঠনমূলক সমালোচনা গ্রহণ করা হবে। তবে মিথ্যা তথ্য ও অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সভায় প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আবদুস সোবাহান নতুন বিভাগগুলোর শিক্ষা কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় শ্রেণিকক্ষ ও অবকাঠামো নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। ট্রেজারার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টরিয়াল বডির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কাউছার আলী, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 


















