কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের চরকাটিহারী গ্রামে বিদ্যুতের মোটর চুরির সন্দেহে জয় নামের এক যুবককে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকা জুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে পার্শ্ববর্তী পাগলা থানার আমাটিয়া এলাকার নিজ বাড়ি থেকে জয়ের বাবার বুকে ছুরি ঠেকিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তাকে তুলে আনা হয়। পরে চরকাটিহারী গ্রামে এনে চুরির অপবাদ দিয়ে হাত-পা বেঁধে অমানুষিক নির্যাতন চালানো হয়। এই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে নাম এসেছে সাবেক জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও বর্তমান জিনারী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শরিফুল আলমের (কাজী শরীফ) বিরুদ্ধে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শরিফুল আলম রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরেই এলাকায় মাদক সেবন, মাদক কারবার, নদীর জমি দখল করে মাছ চাষ এবং সাধারণ মানুষের সাথে মারধরের একাধিক অপকর্ম চালিয়ে আসছেন। এলাকার মানবাধিকার কর্মী ও সচেতন নাগরিকেরা এই অমানবিক নির্যাতনের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, মারধরের ঘটনাটি দুই দিন আগে ঘটলেও শনিবার তিনি প্রথম ভিডিওটি দেখেন। ওসি বলেন, “যাঁকে মারধর করা হয়েছে, তিনি একজন পেশাদার চোর। তাঁকে থানায় সোপর্দ করার পর চুরির মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।” প্রকাশ্যে মারধরের ঘটনায় কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি। ওসি আরও জানান, অভিযুক্ত কাজী শরীফ বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত, তবে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
জনতার কণ্ঠ/এসএ

কিশোরগঞ্জ প্রতিনিধি । জনতার কণ্ঠ.কম 



















