সিরাজগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আরও তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে গত ১০ দিনে আ.লীগ ও এর অঙ্গ সংগঠনের ১৭ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানো হলো।
সোমবার (৯ নভেম্বর) রাতভর পৌর এলাকা ও সয়দাবাদ ইউনিয়নে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, শহরের রেলওয়ে কলোনী মহল্লার মৃত বাচ্চু শেখ ওরফে কারেন্টের ছেলে ও ১৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন (২২), সয়দাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সদস্য ও সয়দাবাদ মধ্যপাড়া গ্রামের মৃত নূর হোসেনের ছেলে মো. আশিক হোসেন (৩৯) এবং ইউনিয়ন ছাত্রলীগের সদস্য কড্ডা কৃষ্ণপুর গ্রামের হযরত আলীর ছেলে মো. ইমরুল কায়েস।
সদর থানার ওসি মো. রাকিবুল হাসান এই তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার রাতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাদের সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সহিংসতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সদর থানা পুলিশের ধারাবাহিক অভিযান চলছে। নভেম্বর মাসের শুরু ৯ তারিখ পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করা হয় বলে সদর থানার সূত্র জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম। 



















