প্রাকৃতিক গ্যাসের সংকট এবং বিদ্যুৎকেন্দ্র ও শিল্পকারখানার চাহিদার কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় পুনরায় গ্যাস সরবরাহ চালু করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপনের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রশ্নে নাদিয়া পাঠান পাপন বলেন, প্রায় ১৯ মাস ধরে আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। অথচ কারখানাটির বছরে প্রায় ৩ হাজার কোটি টাকার সার উৎপাদনের সক্ষমতা রয়েছে।
তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় নতুন খনন করা কূপ থেকে পাওয়া অতিরিক্ত গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। এ অবস্থায় আশুগঞ্জ সার কারখানায় কবে নাগাদ গ্যাস সরবরাহ পুনরায় চালু করা হবে, তা জানতে চান তিনি।
জবাবে শিল্পমন্ত্রী বলেন, গ্যাসের সরবরাহ সীমিত থাকায় সরকার বেশি উৎপাদনক্ষমতা ও আধুনিক যন্ত্রপাতিসম্পন্ন সার কারখানাগুলোকে অগ্রাধিকার দিচ্ছে। তবে গ্যাসের চাপ বাড়লে এবং সরবরাহে অতিরিক্ত সক্ষমতা তৈরি হলে আশুগঞ্জসহ অন্যান্য সার কারখানায় গ্যাস সরবরাহের বিষয়টি বিবেচনা করা হবে।
জনতার কণ্ঠ / কেএম

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 




















