কিশোরগঞ্জের নিকলী উপজেলায় বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খেয়ে ৬০ জনের বেশি মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে কিরণ মিয়া নামের একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলার দামপাড়া ইউনিয়নের বড়কান্দা গ্রামের এক বিয়েতে এ ঘটনা ঘটে।
কিরণ মিয়া (৫০) ওই গ্রামের ইউসুফ আলী মাস্টারের ছেলে। তিনি পেশায় পল্লিচিকিৎসক ছিলেন। অসুস্থ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা গেছে, ওই বিয়ের অনুষ্ঠানে প্রায় ৩০০ জনের খাবারের আয়োজন করা হয়েছিল। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দামপাড়া ইউনিয়নের বড়কান্দা গ্রামের আরজু মিয়ার (৫০) মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল শুক্রবার। অনুষ্ঠানে প্রথমে কনেপক্ষের অতিথিদের খাবার পরিবেশন করা হয়। পরে ওই দিন বিকেলে বরপক্ষের আমন্ত্রিত অতিথিদের খাবার খাওয়ানো হয়।
বিয়ের খাবার খাওয়ার পরপরই অতিথিদের মধ্যে পেটব্যথা, বমি ও ডায়রিয়া শুরু হতে থাকে। অসুস্থ হওয়ার পর তারা নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন।
অসুস্থদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় কিরণ, আকাশ, রুবেল, তুষারসহ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে পাঠানো হয়। তাদের মধ্যে কিরণকে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বিয়ের কনে তাসমিতা বেগম (১৯) বলেন, গত শুক্রবার তার বিয়ের অনুষ্ঠানে কনেপক্ষ ও বরপক্ষের লোকজন খাবার খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আমার স্বামী শেখ স্বাধীন এবং আমি নিজেও হাসপাতালে চিকিৎসাধীন আছি।
এদিকে, বিয়ের অনুষ্ঠানের খাবার খেয়ে পেটব্যথা ও বমিতে আক্রান্ত হয়ে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন বরের মামাতো ভাই সেলিম মিয়া। তিনি বলেন, বিয়ের অনুষ্ঠানে গরুর মাংস ভালোভাবে রান্না করা হয়নি। ওই খাবার খেয়েই তারা অসুস্থ হয়েছেন। তার পরিবারের চারজন এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি।
সিংপুর গ্রামের রুবেল মিয়া (৩৫) বলেন, বিয়ের দাওয়াত খেয়ে অসুস্থ হওয়া ব্যক্তিদের শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে রাতভর একে একে তাদের নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক পরমা দাস বলেন, বিয়ের দাওয়াত খেয়ে অসুস্থ হয়ে এ পর্যন্ত ২২ জন নারী ও ১৮ জন পুরুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজীব ঘোষ বলেন, অসুস্থ রোগীদের নিয়মিত চিকিৎসাসহ প্রয়োজনীয় বিভিন্ন সেবা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে যাদের অবস্থা আশঙ্কাজনক, তাদের উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হচ্ছে। চিকিৎসার সরঞ্জাম ও ওষুধের কোনো সংকট নেই। তবে হাসপাতালে শয্যাসংকট থাকায় রোগীদের মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে।
জনতার কণ্ঠ / কেএম

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 



















