দোকানের কয়েক প্যাকেট বিস্কুট খাওয়াই কাল হলো মা বিড়ালটির। ফাঁদ পেতে আটকে ফেলার পর গলায় চিকন দড়ি পেঁচিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক বেকারি দোকানির বিরুদ্ধে। দোকানের সামনে পড়ে থাকা নিথর বিড়ালটির রয়েছে দুটি ছানা। এমন নির্মমতা মেনে নিতে পারেননি স্থানীয় প্রাণিপ্রেমী এক যুবক। বিড়াল হত্যার বিচার চেয়ে শেষ পর্যন্ত হাজির হয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে।
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বলগাড়ি বাজারে ঘটেছে এ ঘটনা। রোববার (১৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে বিড়াল হত্যার বিচার চেয়ে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে যান স্থানীয় যুবক মেহেদী হাসান ইমু। এ সময় অভিযুক্ত সারোয়ার হোসেন (৫২) নামে ওই দোকানদারকে তলব করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নিজের দোষ স্বীকার করেন সারোয়ার হোসেন। পরে শাস্তি হিসেবে ছয় মাস বাজারের সব কুকুর-বিড়ালের খাবারের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে তাকে।
মেহেদী হাসান ইমুর অভিযোগ, গত শুক্রবার রাতে বলগাড়ি বাজারের ওই বেকারি দোকানি নিজের দোকানে চিকন নাইলনের দড়ি দিয়ে ফাঁদ পেতে রাখেন। রাতের কোনো একসময় খাবারের সন্ধানে গিয়ে সেই ফাঁদে আটকা পড়ে মা বিড়ালটি। পরে সকালে বিড়ালটিকে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে হত্যা করা হয়। এরপর মরদেহটি ফেলে রাখা হয় দোকানের সামনেই।
জানা গেছে, বিড়ালটি দোকান থেকে কয়েক প্যাকেট বিস্কুট খেয়ে ফেলেছিল। এতে ক্ষুব্ধ হয়েই দোকানি এমন ঘটনা ঘটান বলে অভিযোগ করেন ইমু।
তিনি জানান, নিহত মা বিড়ালটির ছোট ছোট দুটি ছানা রয়েছে। মায়ের এমন পরিণতিতে ছানা দুটি এখন অসহায়। খাবারের সন্ধানে একটি প্রাণীর দোকানে ঢুকে পড়ার কারণে এভাবে তাকে হত্যা করার বিষয়টি মেনে নিতে পারেননি তিনি। তাই ঘটনার প্রতিকার চেয়ে প্রশাসনের দ্বারস্থ হন।
অন্যদিকে, অভিযোগের মুখে নিজের দোষ স্বীকার করেন অভিযুক্ত দোকানদার। তার দাবি, দীর্ঘদিন ধরে দোকান বন্ধ করার পর রাতে বিড়ালটি দোকানের বিস্কুটসহ বিভিন্ন খাবার নষ্ট করছিল। এতে ক্ষুব্ধ হয়ে তিনি ফাঁদ পেতে রাখেন। সেই ফাঁদে আটকা পড়েই বিড়ালটির মৃত্যু হয়। তবে নিজের এমন আচরণকে অন্যায় উল্লেখ করে অনুতপ্ত হন তিনি। ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না বলেও অঙ্গীকার করেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওসার শেখ বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ঘটনাটি নজরে আসার পর বিচারপ্রার্থী যুবক ও সংশ্লিষ্ট দোকানদারকে ডেকে পাঠানো হয়। পরে ওই ব্যক্তি নিজের ভুল স্বীকার করে মুচলেকা দিয়ে ক্ষমা চেয়েছেন।’
তিনি আরও বলেন, ‘শাস্তি হিসেবে তাকে ছয় মাস ওই বাজারের সব কুকুর ও বিড়ালের প্রতিদিনের খাবারের ব্যবস্থা করতে বলা হয়েছে। পাশাপাশি তাকে সতর্ক করা হয়েছে।’
জনতার কণ্ঠ/এসএ

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 
























