রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার ফাঁসির আদেশ বহাল রেখেছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কেএম রাশেদুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
সকাল ১০টা ৩৬ মিনিটে মামলার আপিল ও ডেথ রেফারেন্সের রায় পড়া শুরু করেন বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী। এর আগে গত সোমবার দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্সের ওপর শুনানি শেষ হয়। শুনানি শেষে মঙ্গলবার রায় ঘোষণার দিন ধার্য করেন আদালত।
গত ১৯ মে রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। তদন্ত শেষে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।
গত ১ জুন দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়। পরদিনই মামলায় ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। পরে ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন সোহেল রানা ও স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেন।
একই সঙ্গে সোহেল রানাকে পাঁচ লাখ টাকা এবং স্বপ্না আক্তারকে দুই লাখ টাকা জরিমানা করেন আদালত।
বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলাটি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে আসে। অন্যদিকে দণ্ডের বিরুদ্ধে দুই আসামি জেল আপিল করেন। এসব আবেদনের ওপর শুনানি শেষে মঙ্গলবার রায় ঘোষণা করেন হাইকোর্ট।
জনতার কণ্ঠ / কেএম

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 


















