কেক কাটা, আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে দিনাজপুরের হিলিতে স্থানীয় সাপ্তাহিক সংবাদপত্র ‘আলোকিত সীমান্ত’-এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ১৫ বছরের পথচলা শেষে ১৬ বছরে পদার্পণ করেছে পত্রিকাটি।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে হিলি বাজারে পত্রিকাটির নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পত্রিকার প্রকাশক ও সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান। বিশেষ অতিথি ছিলেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাদশাহ আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান পারুল নাহার।
এছাড়া বক্তব্য দেন পৌর বিএনপির সহ-সভাপতি ফরিদ খান, হাকিমপুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও গবেষক এস এম হায়দার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মোফা, ছাত্রদলের আহবায় আনোয়ার হোসেন খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হোসেন, সদস্য সচিব সোহেল ইসলাম, উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জামান আলী, হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরামের সভানেত্রী রমেনা আক্তার মনি, সাবেক প্রধান শিক্ষক আনোয়ারুল হক টুকু ও সমাজসেবী হাসান চৌধুরী মধু।
বক্তারা বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ। স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও মানুষের অধিকার তুলে ধরতে সংবাদমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ ১৫ বছর ধরে আলোকিত সীমান্ত এলাকার মানুষের কথা তুলে ধরছে। আগামী দিনেও বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা অব্যাহত রাখার আহ্বান জানান তাঁরা।
সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ বলেন, নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতা পেরিয়ে পত্রিকাটি ১৫ বছর পার করেছে। পাঠক, বিজ্ঞাপনদাতা, সহকর্মী সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসা ও সহযোগিতাই এ পথচলার প্রধান শক্তি। আগামী দিনেও সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ।
পরে অতিথিদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ সময় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, জনপ্রতিনিধি, সমাজসেবী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জনতার কণ্ঠ/এসএ

হাসান আলী, (হাকিমপুর) দিনাজপুর প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 



















