দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ কমিয়ে আনতে বহুমুখী ও সমন্বিত উদ্যোগ জোরদার করেছে বাংলাদেশ ব্যাংক। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণের হার ২০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যে বিশেষ এককালীন ঋণ নিষ্পত্তি সুবিধা কার্যকর করা, ঋণ আদায় তৎপরতা বাড়ানো, ব্যাংকগুলোর ওপর তদারকি জোরদার, ঋণঝুঁকি ব্যবস্থাপনার উন্নয়ন ও আইনি সংস্কারের মতো পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে গত ২০ নভেম্বর জারি করা এক সার্কুলারে সব তফসিলি ব্যাংককে বিশেষ এককালীন ঋণ নিষ্পত্তি সুবিধার কার্যকর ব্যবহার নিশ্চিত করে খেলাপি ঋণ আদায়ে গতি আনার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
চলতি বছরের ২৯ জুন চালু হওয়া বিশেষ এ নীতিমালার আওতায় নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে মন্দ ও ক্ষতিজনক, মানে শ্রেণিকৃত ঋণ এককালীন অর্থ পরিশোধের মাধ্যমে নিষ্পত্তির সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদনক্রমে আরোপিত ও অনারোপিত সুদ মওকুফের সুযোগও রয়েছে।
২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত মন্দ ও ক্ষতিজনক মানে শ্রেণিকৃত ঋণ এবং ২০২৪ সালের ৬ আগস্ট থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত পুনঃতফসিল করা নির্দিষ্ট কিছু ঋণ এ সুবিধার আওতাভুক্ত। স্বল্পমেয়াদি কৃষিঋণ এবং কুটির, ক্ষুদ্র ও মাইক্রো উদ্যোগের ঋণকে এ ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ কর্মপরিকল্পনার বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণের হার ২০ শতাংশে ও ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে ১০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক।
তবে গত সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকা, যা মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ।
গত ১৬ নভেম্বর জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য তুলে ধরেন।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘খেলাপি ঋণ কমানো কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম প্রধান অগ্রাধিকার। এ লক্ষ্যে ঋণ আদায় বাড়ানো এবং ব্যাংক খাতে শৃঙ্খলা ও সুশাসন জোরদারে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘বিশেষ করে বিশেষ এককালীন ঋণ নিষ্পত্তি নীতিমালার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে তফসিলি ব্যাংকগুলোর সঙ্গে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি যেসব ব্যাংকে শ্রেণিকৃত ঋণের হার বেশি, সেগুলোর ওপর নজরদারি আরও জোরদার করা হচ্ছে।’
বিশেষ এ সুবিধার মূল উদ্দেশ্য হলো, নির্ধারিত শর্ত পূরণকারী ঋণগ্রহীতাদের দায় নিষ্পত্তির সুযোগ দেওয়া ও দীর্ঘদিন ধরে খেলাপি হিসাবে আটকে থাকা অর্থ ব্যাংকগুলোকে আদায়ে সহায়তা করা। তবে এ সুবিধা পেতে সংশ্লিষ্ট ঋণগ্রহীতাকে নির্ধারিত শর্ত পূরণ করতে হবে এবং সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদন নিতে হবে।
বাংলাদেশ ব্যাংকের স্বল্পমেয়াদি কর্মপরিকল্পনায় ১০ শতাংশের বেশি শ্রেণিকৃত ঋণের হার রয়েছে, এমন ব্যাংকগুলোর জ্যেষ্ঠ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে প্রতি তিন মাসে বৈঠকের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। এসব ব্যাংককে খেলাপি ঋণ আদায় ও সম্পদের মান উন্নয়নে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা জমা দিতে হচ্ছে।
এ ছাড়া প্রতিটি ব্যাংকের শীর্ষ ২০ খেলাপি ঋণগ্রহীতার কাছ থেকে ঋণ আদায়ের অগ্রগতি ব্যাংকার্স সভায় পর্যালোচনা করা হচ্ছে। এর মাধ্যমে ঋণ আদায়ের অগ্রগতি পর্যবেক্ষণের পাশাপাশি ব্যাংকগুলোর জবাবদিহি নিশ্চিত করতে চায় কেন্দ্রীয় ব্যাংক।
সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাইয়ুম চৌধুরী জানান, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে ঋণ আদায় জোরদার এবং ব্যাংকের সম্পদের মান উন্নয়নে কাজ করছে তার ব্যাংক।
তিনি বলেন, ‘বিশেষ এককালীন ঋণ নিষ্পত্তি নীতিমালা যোগ্য ঋণগ্রহীতাদের জন্য একটি কাঠামোবদ্ধ প্রক্রিয়ায় ঋণ পরিশোধের সুযোগ তৈরি করেছে। ফলে দীর্ঘদিন ধরে অনাদায়ি থাকা ঋণের অর্থ আদায় করা ব্যাংকগুলোর জন্য সহজ হতে পারে।’
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার আলোকে ঋণগ্রহীতাদের পরিশোধ সক্ষমতা যাচাই, গ্রাহকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও বকেয়া ঋণ আদায়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়াসহ অন্যান্য উদ্যোগও অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
খেলাপি ঋণ কমানোর পাশাপাশি নতুন করে খেলাপি ঋণ সৃষ্টি ঠেকাতেও ঋণঝুঁকি ব্যবস্থাপনা জোরদারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট গাইডলাইন শক্তিশালী করার পাশাপাশি ২০২৭ সালের মধ্যে আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান (আইএফআরএস-৯) অনুসারে এক্সপেকটেড ক্রেডিট লস (ইসিএল) কাঠামো চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
নতুন এ কাঠামোর মাধ্যমে ব্যাংকগুলো তাদের ঋণ পোর্টফোলিওর সম্ভাব্য ঝুঁকি আগেভাগে মূল্যায়ন করতে পারবে এবং এতে সম্ভাব্য ঋণক্ষতির পূর্বাভাস পাওয়া ও সে অনুযায়ী সময়মতো প্রভিশন বা সঞ্চিতি সংরক্ষণ সহজ হবে। ফলে ঋণঝুঁকি ব্যবস্থাপনায় ব্যাংকগুলো আরও সতর্ক ও কার্যকর ভূমিকা রাখতে পারবে।
জনতার কণ্ঠ/এসএ

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 



















