সিরাজগঞ্জ শহরের হোসেনপুর-মালশাপাড়া মহল্লাবাসীর মধ্যে তিন দিন ধরে চলা সংঘর্ষের রেশ শেষ হতেই এবার সংঘর্ষে জড়িয়ে পড়লো ভাঙ্গাবাড়ি ও দিয়ার ধানগড়াবাসী। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই দুই মহল্লাবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
রোববার (২৩ নভেম্বর) দুপুরে ভাঙ্গাবাড়ী ও দিয়ার ধানগড়া মহল্লাবাসীর মধ্যে এই সংঘর্ষে ঘটনা ঘটে। সংঘর্ষ থানা মোড় হয়ে পাসপোর্ট অফিসের সামনে পর্যন্ত ছড়িয়ে পরে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভাঙ্গাবাড়ি ও দিয়ার ধানগড়া মহল্লাবাসীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। এরই জের ধরে রোববার বেলা ১২টার দিকে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় পাসপোর্ট অফিসের সামনের এলাকা। পরে টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ।
সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. মোখলেসুর রহমান জানান, দুই গ্রামবাসীর সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এখন পর্যন্ত এ বিষয়ে থানায় কেউ কোন অভিযোগ করেননি।
এদিকে সিরাজগঞ্জ শহরের বিভিন্ন মহল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, ঘরবাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের প্রবণতা দিন দিন বেড়েই চলেছে। এতে পুরো শহজুড়েই আতংক ছড়িয়ে পড়েছে। এসব সংঘর্ষ দমন করতে হিমশিম খেয়ে যাচ্ছে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা।
সংঘর্ষের প্রবণতা থেকে শহরবাসীকে বাঁচাতে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য আইন শৃংখলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে সচেতন মহল।

নিজস্ব প্রতিবেদক। জনতার কন্ঠ.কম 



















