নোয়াখালীতে ১৫ মাস বয়সী এক শিশুকে ব্যবহার করে ইয়াবা পাচারের সময় কক্সবাজারের দুই নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), র্যাব ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের যৌথ দল।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) দুপুর ১২টা থেকে দেড়টার মধ্যে সুধারাম মডেল থানাধীন মাইজদী এলাকায় নোয়াখালী-চট্টগ্রাম মহাসড়কের পাশে মেসার্স আবদুল হক ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— তানিয়া আক্তার (৩৩) ও জুলেখা (২২)। তারা উভয়েই কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বাসিন্দা।
অভিযানে তাদের কাছ থেকে মোট ৩,৭১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার ওজন প্রায় ৩৫২ গ্রাম। এছাড়া একটি বাটন মোবাইল ফোন ও একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি ও ডিবির একটি দল নোয়াখালীতে অবস্থান নেয়। একই সময় র্যাব-৭, সিপিসি-১, ফেনী টিম দাগনভূঞা এলাকা থেকে আসামিদের অনুসরণ করতে থাকে। পরে তারা মাইজদীতে পৌঁছালে যৌথ টিম অভিযান চালিয়ে তাদের আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন, তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে নোয়াখালীতে ইয়াবা পাচার করে আসছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে তারা ১৫ মাস বয়সী শিশুকে সঙ্গে রাখতেন। প্রতি চালানে তারা ৩০ থেকে ৪০ হাজার টাকা পারিশ্রমিক পেতেন বলেও জানিয়েছেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় সুধারাম মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ডিএনসি নোয়াখালীর উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে মাদক পাচারচক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

মো. ইসমাইল হোসেন নোয়াখালী ব্যুরো প্রধান। জনতার কণ্ঠ.কম 



















