স্টেজ শো, টেলিভিশন রিয়েলিটি শোর বিচারকাজ ও নতুন মৌলিক গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। এরই মধ্যে কয়েকটি নতুন গানের রেকর্ডিং শেষ করেছেন তিনি। মিউজিক ভিডিও নির্মাণ শেষে শিগগিরই নিজের ইউটিউব চ্যানেল ‘লিজা’তে গানগুলো প্রকাশ করবেন।
শীতের মৌসুম শুরু হওয়ায় স্টেজ শো নিয়েও ব্যস্ততা বেড়েছে লিজার। গত শনিবার সাভারে একটি স্কুলের অনুষ্ঠানে গান পরিবেশন করেছেন তিনি। আজ যশোর ক্যান্টনমেন্টে এবং আগামী ২১ নভেম্বর সিলেট ক্লাবে সংগীত পরিবেশন করবেন এই শিল্পী। সামনে আরও কয়েকটি শো রয়েছে।
অন্যদিকে, আরটিভির রিয়েলিটি শো ‘লিটল স্টার সিজন ২’ বা ‘আগামীর কণ্ঠস্বর’-এর প্রধান তিন বিচারকের একজন হিসেবে দায়িত্ব পালন করছেন লিজা। এবারের আসরেও বেশ কয়েকজন সম্ভাবনাময় শিল্পী খুঁজে পেয়েছেন বলে জানান তিনি।
একসময় টেলিভিশন উপস্থাপনায় নিয়মিত থাকলেও গানে মনোযোগ দিতে সেই কাজ থেকে সরে আসেন লিজা। তবে ভালো কোনো সংগীতানুষ্ঠান বা বিশেষ টেলিভিশন শোর প্রস্তাব পেলে আবারও উপস্থাপনায় ফেরার কথা ভাববেন তিনি।
নিজের ব্যস্ততা প্রসঙ্গে লিজা বলেন, স্টেজ শো ও অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত আছেন। এ বছর সম্ভব না হলে আগামী বছরের শুরুতে নতুন মৌলিক গান প্রকাশের পরিকল্পনা রয়েছে তাঁর। পাশাপাশি বিচারক হিসেবে নতুন প্রতিভাবান শিল্পী খুঁজে বের করার চেষ্টা করছেন।
জনতার কণ্ঠ/এসএ

বিনোদন ডেস্ক । জনতার কণ্ঠ.কম 

























