৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি। বর্তমানে পুয়ের্তো রিকোতে প্রতিযোগিতার মূল আসরে অংশ নিতে গিয়ে ভীষণ ব্যস্ত সময় পার করছেন তিনি। এত ব্যস্ততার মাঝেও আন্তর্জাতিক এই মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে পারাকে জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা হিসেবে দেখছেন মাহি।
সম্প্রতি পুয়ের্তো রিকো থেকে নিজের বর্তমান ব্যস্ততা ও অভিজ্ঞতার কথা তুলে ধরে মাহি জানান, মিস ইউনিভার্সের মঞ্চে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে পরিচিত হয়ে তাদের সংস্কৃতি ও জীবনযাত্রা সম্পর্কে অনেক কিছু শিখছেন তিনি। প্রতিযোগিতার পাশাপাশি সবার মধ্যে সুন্দর বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছে।
বর্তমান প্রস্তুতি ও দৈনিক রুটিন সম্পর্কে মাহি জানান, প্রতিদিন ভোর চারটায় ঘুম থেকে উঠতে হয় তাকে। দেড় ঘণ্টায় তৈরি হয়ে সাড়ে পাঁচটার মধ্যে সকালের নাশতা সেরে সাড়ে ছয়টার বাসে উঠতে হয়। এরপর সারা দিন চলে রিহার্সাল, স্টেজ প্র্যাকটিস, ফটোশুট, সাক্ষাৎকার এবং স্পনসরদের নানা কার্যক্রম।
রাতের খাবারের পরও চলে বিভিন্ন আয়োজন। সবকিছু শেষ করে হোটেলে ফিরতে রাত ১২টা বেজে যায়। পরদিনের পোশাক ও প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে ঘুমাতে যেতে রাত দেড়টা হয়ে যায়। ফলে প্রতিদিন মাত্র দুই থেকে তিন ঘণ্টা ঘুমানোর সুযোগ পান তিনি।
মাহি আরও জানান, বিদেশি প্রতিযোগীরা বাংলাদেশের সংস্কৃতি, খাবার, পোশাক ও ভাষা সম্পর্কে বেশ আগ্রহ নিয়ে জানতে চাইছেন। তিনিও দেশের ঐতিহ্য ও আতিথেয়তার গল্প তাদের সামনে তুলে ধরছেন। কঠোর পরিশ্রম ও ঘুমের স্বল্পতা থাকলেও প্রতিটি মুহূর্ত উপভোগ করে দেশের জন্য নিজের সেরাটা দিতে চান এই অভিনেত্রী।
পুয়ের্তো রিকোর সান জুয়ানে অবস্থিত জোসে মিগুয়েল আগরেলট কলিসিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ৭৫তম মিস ইউনিভার্সের এবারের আসর। প্রিলিমিনারি রাউন্ড ও ন্যাশনাল কস্টিউম পর্ব শেষে আগামী ২৮ নভেম্বর জাঁকজমকপূর্ণ গ্র্যান্ড ফিনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই প্রতিযোগিতার। চূড়ান্ত পর্বে বিচারকদের রায়ে ও দর্শকদের ভোটে নির্বাচিত হবেন নতুন মিস ইউনিভার্স, যার মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেবেন গতবারের বিজয়ী।
জনতার কণ্ঠ/এসএ

বিনোদন ডেস্ক । জনতার কণ্ঠ.কম 

























