মৌলভীবাজারের রাজনগরে ইউনিয়ন ভূমি অফিসের পাশে একটি গাছের ডাল থেকে পিন্টু কর (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার মনসুরনগর ইউনিয়ন ভূমি অফিসের পাশে এ ঘটনা ঘটে।
নিহত পিন্টু কর মনসুরনগর ইউনিয়নের হাসানপুর গ্রামের সুকিন্দ্র করের ছেলে। তিনি মৌলভীবাজার শহরের একটি বেকারিতে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। তবে ফোনে সাড়া না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরদিন সকালে স্থানীয়রা ভূমি অফিসের পাশের গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠায়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়েরসহ রাজনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এদিকে মরদেহের অবস্থান নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন নিহতের স্বজনেরা। তাদের দাবি, পিন্টুর শরীর গাছের সঙ্গে ঝুলন্ত থাকলেও হাঁটু সেপটিক ট্যাংকের ঢালাইয়ের সঙ্গে লাগানো ছিল। এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, তা নিয়ে তাদের মনে প্রশ্ন দেখা দিয়েছে।
নিহতের ফুফাতো ভাই উজ্জ্বল বলেন, পিন্টু খুব ভালো ছেলে ছিল। পরিবারের সঙ্গে তার কোনো ঝগড়া-বিবাদ ছিল না। আত্মহত্যা করার মতো কোনো কারণও আমাদের জানা নেই। কারও সঙ্গে তার শত্রুতাও ছিল না। এটি আত্মহত্যা, নাকি পরিকল্পিত হত্যা, তা সঠিক তদন্তের মাধ্যমে বের করার দাবি জানাচ্ছি।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়ের বলেন, পিন্টু গত কয়েক দিনে পরিবার ও পরিচিত কয়েকজনের কাছ থেকে প্রায় আড়াই লাখ টাকা ঋণ করেছিলেন। বিভিন্ন আলামত ও প্রাথমিক তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, ঋণগ্রস্ত হয়ে তিনি হতাশায় ভুগছিলেন। এ কারণে এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
জনতার কণ্ঠ/জেডএইচ

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 



















