সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ভোগলমান গ্রামের পাঁচ বছর ধরে শয্যাশায়ী অসহায় অবিরনের পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন হেলথ কেয়ার হসপিটালের প্রতিষ্ঠাতা ফিরোজ মাহমুদ। তাঁর চলাচলের দুর্ভোগ লাঘবে একটি হুইলচেয়ার উপহার দিয়েছেন তিনি।
গত ২৭ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এস এম সুলতান মাহমুদের আইডি থেকে অবিরনের অসহায় জীবনযাপনের চিত্র তুলে ধরে একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি অনেকের নজরে আসে। দীর্ঘ পাঁচ বছর ধরে শয্যাশায়ী থাকা অবিরনের দুর্দশা ও চিকিৎসার অভাবে কষ্টে দিন কাটানোর বিষয়টি জানতে পেরে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসেন ফিরোজ মাহমুদ।
এ সময় তিনি নিজে অবিরনের বাড়িতে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চলাচলের সুবিধার্থে একটি হুইলচেয়ার উপহার দেন। পাশাপাশি তাঁর উন্নত চিকিৎসা ও জীবনযাত্রার মানোন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে শয্যাশায়ী অবিরনের পরিবার আর্থিক সংকটের কারণে তাঁর সুচিকিৎসা তো দূরের কথা, স্বাভাবিক চলাচলের ব্যবস্থাও করতে পারছিল না। এমন পরিস্থিতিতে হেলথ কেয়ার হসপিটালের প্রতিষ্ঠাতা ফিরোজ মাহমুদের পক্ষ থেকে হুইলচেয়ার প্রদান ও সহযোগিতার উদ্যোগ এলাকায় প্রশংসিত হয়েছে।
এ বিষয়ে হেলথ কেয়ার হসপিটালের প্রতিষ্ঠাতা ফিরোজ মাহমুদ বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের কষ্ট তাঁকে সবসময় নাড়া দেয়। সাধ্যমতো অবিরনের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। ভবিষ্যতেও মানবতার সেবায় এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবেন বলে জানান তিনি।

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 



















