দুর্নীতির অভিযোগ ওঠার পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট উখনা খুরেলসুখ। মঙ্গলবার তিনি জানান, দেশটির ক্ষমতাসীন মঙ্গোলিয়ান পিপলস পার্টির (এমপিপি) আরেক নেতার আর্থিক অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
সাত বছর আগে প্রধানমন্ত্রী থাকাকালে একটি সরকারি রেল প্রকল্প থেকে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
গত শনিবার মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরের সাবেক মেয়র নিয়ামবাতার খিশগি অভিযোগ করেন, রেল প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্টতা থেকে খুরেলসুখ ২ কোটি ৫০ লাখ ডলার গ্রহণ করেছিলেন।
সাবেক মেয়র খিশগি ক্ষমতাসীন মঙ্গোলিয়ান পিপলস পার্টির সদস্য হলেও তিনি প্রেসিডেন্টের ভিন্ন একটি রাজনৈতিক গোষ্ঠীর সঙ্গে যুক্ত।
এ অভিযোগ সামনে আসার পর বিরোধী দল ডেমোক্রেটিক পার্টিও খুরেলসুখের পদত্যাগের দাবি জানায়।
তবে তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট খুরেলসুখ। মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, এক মাসেরও বেশি সময় ধরে তার সুনাম ক্ষুণ্ন করতে ধারাবাহিকভাবে আক্রমণ চালানো হচ্ছে।
অভিযোগ অস্বীকার করলেও পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

আন্তর্জাতিক ডেস্ক। জনতার কণ্ঠ.কম। 























