নড়াইলের লোহাগড়া পৌরসভার লক্ষ্মীপাশা মোল্যার মাঠের পাশে একটি বাড়ির ছাদ থেকে হাত বাঁধা অবস্থায় আজিবর (৪২) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে স্থানীয়রা ছাদে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, নিহত আজিবর শেখ লোহাগড়া পৌর শহরের সিংগা গ্রামের কুদ্দুস শেখের ছেলে। পেশায় তিনি ভ্যানচালক ছিলেন।
পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, ভ্যানচালক আজিবর শেখ সোমবার সন্ধ্যায় তার ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে রাতে ফিরে না এলে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। রাত দেড়টার দিকে মোল্লার মাঠের কোনায় পরিত্যক্ত অবস্থায় ভ্যানটি পাওয়া যায়। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মোল্লার মাঠের পাশে অবস্থিত একটি বাড়ির ছাদ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু, তা ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের পর জানা যাবে।’
জনতার কণ্ঠ/এসএ

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 






















