কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ভবেশ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইদুল ইসলামের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, স্বজনপ্রীতি ও নানা অনিয়মের অভিযোগ তুলে তাঁর পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার হাতিয়া ইউনিয়নের হাতিয়া ভবেশ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী মো. নজরুল ইসলাম ২০২৪ সালের ৫ ও ৬ আগস্টের পর থেকে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকছেন না। কর্মস্থলে অনুপস্থিত থাকলেও তিনি নিয়মিত বেতন-ভাতা উত্তোলন করছেন বলে অভিযোগ স্থানীয়দের। এ ছাড়া তাঁর বিরুদ্ধে হাজিরা খাতায় স্বাক্ষর জালিয়াতির অভিযোগও তোলা হয়েছে।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দা মো. শাহ আলম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়ে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
অন্যদিকে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইদুল ইসলামের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও স্বজনপ্রীতির অভিযোগ তুলেছেন এলাকাবাসী। তাঁদের দাবি, বিদ্যালয়ের তিনটি পদে নিয়োগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক জমিদাতার কাছ থেকে ৫০ শতাংশ জমি নেওয়া হলেও প্রতিশ্রুতি অনুযায়ী নিয়োগ দেওয়া হয়নি। বরং প্রধান শিক্ষক নিজের ভাগ্নে, ছোট ভাইয়ের স্ত্রীসহ পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ স্বজনদের বিভিন্ন পদে নিয়োগ দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, এসব অনিয়মের কারণে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ও শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। সম্প্রতি বিদ্যালয় পরিদর্শনের সময় শ্রেণিকক্ষগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতিও তুলনামূলক কম দেখা গেছে বলে জানান তাঁরা।
মানববন্ধনে বক্তারা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, বিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে প্রধান শিক্ষক মাইদুল ইসলামের পদত্যাগের দাবিও তোলেন তাঁরা।
তবে প্রধান শিক্ষক মাইদুল ইসলাম তাঁর বিরুদ্ধে ওঠা নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন বিদ্যালয়টি পরিদর্শন ও তদন্ত করেছেন। অভিযোগগুলো যাচাই-বাছাই শেষে প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিদ্যালয়টির বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

মো. কাজল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 



















