সিরাজগঞ্জের কামারখন্দে গভীর রাতে বাড়ির উঠানে রাখা একটি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া ঘটনা ঘটেছে। এতে ট্রাকটির ইঞ্জিন, চাকা, চ্যাসিস, কেবিন, ব্যাটারিসহ গুরুত্বপূর্ণ অংশ পুড়ে গেছে। এ ঘটনায় ট্রাকের বিভিন্ন অংশ পুড়ে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ট্রাক সংশ্লিষ্টরা।
রবিবার (৮ নভেম্বর) উপজেলার চর বড়ধুল গ্রামে গিয়ে দেখা যায় পুরে যাওয়া ট্রাকটিকে। স্থানীয় সূত্রে জানা যায় গত শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে দিনাজপুর থেকে আসা ট্রাকটি গ্রামের শাহজাহানের বাড়ির উঠানে পার্কিং করে রাখা হয়। পরে রাত আনুমানিক ২টা ৪০ মিনিটের দিকে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পাশের বাড়ির এক ব্যক্তি জানালা দিয়ে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভান। তবে এর আগেই ট্রাকটির গুরুত্বপূর্ণ অংশ পুড়ে যায়।
ট্রাকের চালক শিহাব উদ্দিন বলেন, শুক্রবার সন্ধ্যায় আমি মহাজনকে সবকিছু বুঝিয়ে গাড়ি পার্কিং করে রেখে যাই। গভীর রাতে শুনি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এসে দেখি, সম্পূর্ণ ইঞ্জিন পুরে গেছে। এই ট্রাক চালিয়ে আমাদের জীবিকা নির্বাহ হয়। অথচ এখন সেই জীবিকা নির্বাহ করার জায়গাটিও আর রইলো না।
ট্রাকের মালিক শফিকুল ইসলাম বলেন, আমাদের এলাকায় বেশকিছু দিন ধরেই মাদক কারবারিরা প্রভাব বিস্তার করছেন। তারা এলাকায় আধিপত্য বিস্তার করতেই আমাদের ট্রাকে আগুন ধরিয়ে দিয়েছে। প্রায় ৮ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমরা বিষয়টি থানা পুলিশকে জানিয়েছে। প্রশাসন সর্বোচ্চ ব্যবস্থা নিয়ে এলাকাসহ আমাদের স্বচ্ছভাবে ব্যবসা করার সুযোগ করে দিবেন, সেটাই প্রত্যাশা করছি। গভীর রাতে আগুন ধরিয়ে দেওয়ায় কাউকে চিহ্নিত করা সম্ভব হয়নি।’
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মিল্টন সরকার বলেন, যে মানুষটির ট্রাক পুড়িয়ে দেয়া হয়েছে তার এলাকার কারো সাথে কোন বিবাদ নেই। আমাদের এলাকায় গত কয়েক দিন ধরে বিভিন্ন জিনিসে আগুন ধরিয়ে দেওয়ার প্রবণতা বেড়েছে। গভীর রাতে এসব কাজ করায়, আমরা আসলে বুঝতে পারছিনা এসব কারা করছে। আমরা তাদের শনাক্ত করার জন্য চেষ্টা করছি।
এ ঘটনায় শনিবার (৭ নভেম্বর) কামারখন্দ থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। কামারখন্দ থানা পুলিশের উপপরিদর্শক মো. বাবুল আক্তার বলেন, ভুক্তভোগীরা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। আমাদের থানা থেকে একটি টিম ঘটনাস্থল পরিদর্শনে যাবে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন রয়েছে।

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 



















