দক্ষিণ আফ্রিকান ক্লাব ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ প্রতিযোগিতা কোপা সুদামেরিকানায় চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনার বোকা জুনিয়র্স। ব্রাজিলিয়ান ক্লাব অ্যাতলেটিক মিনেইরোকে ২-০ গোলে হারাল লিয়ান্দ্রো পারেদেসের দল। তবে শিরোপা উৎসবের মধ্যে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় হঠাৎ করেই জ্ঞান হারিয়ে ফেলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই তারকা।
ট্রফি জয়ের পর ‘ডি-স্পোর্টস’-এর সঙ্গে কথা বলার সময় পারেদেস এক পর্যায়ে জ্ঞান হারিয়ে টানেলের ভেতর লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে জরুরি চিকিৎসাসেবা নিতে হয়। হঠাৎ করেই বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডারের হুঁশ হারানোর কারণ হিসেবে কলম্বিয়ার বারানকুইলা শহরের অতিরিক্ত গরমের কথা জানিয়েছে আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।
খানিক বাদেই অবশ্য পারেদেস কোনোমতে উঠে দাঁড়াতে সক্ষম হন এবং নিজেই বোকা জুনিয়র্সের লকার রুমের দিকে এগিয়ে যান। এরপর শারীরিক অবস্থা ভালোভাবে পরীক্ষা করার জন্য অ্যাম্বুলেন্সে করে তাকে নিকটস্থ একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। পারেদেসের হঠাৎ অসুস্থতার কারণেই আর্জেন্টিনার উদ্দেশে বোকা জুনিয়র্স ক্লাবের রওনা দিতে বিলম্ব হয়েছে, কারণ পুরো দলের মনোযোগই তখন ছিল তার দিকে।
কয়েক ঘণ্টা পর ৩২ বছর বয়সী আলবিসেলেস্তে তারকা ইনস্টাগ্রামে দেওয়া একটি স্টোরিতে ভক্তদের তার শারীরিক অবস্থা নিয়ে থাকা সংশয় দূর করেন। স্ট্রেচারে শুয়ে থাকা নিজের একটি ছবির পাশে তিনি লেখেন, ‘আমরা ভালো আছি, এগিয়ে চলো বোকা! আজ এবং সবসময়।’
এর আগে খেলার মাঝে তীব্র গরমে অস্বস্তিতে পড়ার পর বদলি উঠে যাওয়ার ইঙ্গিত দেন পারেদেস। তার এমন মানসিকতার প্রশংসা করে বোকা জুনিয়র্সের কোচ রোদোলফো আরুয়াবারেনা বলেন, ‘প্রথমার্ধের শেষ দিকে তার পারফরম্যান্সে কিছুটা ভাটা পড়েছিল এবং সে ক্লান্ত বোধ করছিল। বিরতির পর কিছুটা ভালো অনুভব করলেও, দশ মিনিটের মাথায় স্পষ্ট হয়ে ওঠে যে বল উইংয়ের দিকে নিয়ে যেতে সে হিমশিম খাচ্ছে। সে খুবই সৎ, তাই নিজেই মাঠ থেকে উঠে যাওয়ার অনুরোধ জানায়।’
জনতার কণ্ঠ/এসএ

ক্রীড়া ডেস্ক। জনতার কণ্ঠ.কম 
























