নওগাঁর রাণীনগর উপজেলায় গ্রামীণ সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর তৎপর হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উপজেলার একডালা ইউনিয়নের পূর্ব কয়া পাড়া থেকে সরদার কয়া ও বড়িয়া পাড়া স্কুল মাঠ পর্যন্ত সড়কের কার্পেটিং কাজে নিম্নমানের খোয়া ও অতিরিক্ত বালু ব্যবহারের অভিযোগ ওঠার পর সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা এলজিইডি কার্যালয়ের কর্মকর্তারা।
স্থানীয়দের দাবি, সংবাদ প্রকাশের পর উপজেলা প্রকৌশলীর নির্দেশনায় কাজের তদারকি জোরদার করা হয়েছে। নিম্নমানের ইটের খোয়া সরিয়ে মানসম্মত খোয়া ব্যবহার করা হচ্ছে এবং বালু-খোয়ার অনুপাত ঠিক রাখা হচ্ছে। এ ছাড়া যেসব স্থানে ঝামা মিশ্রিত খোয়া ব্যবহার করা হয়েছিল, সেগুলো সরিয়ে নতুন করে কাজ করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা নিফল আলী (৪০) বলেন, দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার কারণে তাঁরা ভোগান্তি পোহাচ্ছিলেন। এবার সরকারি উদ্যোগে ভালোভাবে কাজ হতে দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।
আরেক বাসিন্দা সোলাইমান আলী (৬০) বলেন, আগে নিজেরা টাকা তুলে রাস্তা মেরামত করে চলাচল করতে হতো। এখন সরকারিভাবে মানসম্মত কাজ হওয়ায় তাঁরা স্বস্তি পাচ্ছেন। রাস্তার পাশে তাঁর বাড়ি হওয়ায় প্রতিদিন কাজের অগ্রগতি দেখছেন। বর্তমানে কোনো অনিয়ম চোখে পড়ছে না বলেও জানান তিনি।
এ বিষয়ে রাণীনগর উপজেলা এলজিইডির প্রকৌশলী শুভাশীষ রায় বলেন, সংবাদ প্রকাশের পর সরেজমিনে কাজ পরিদর্শন করা হয়েছে। যেসব স্থানে অনিয়ম ছিল, সেগুলো সংশোধন করে মানসম্মতভাবে কাজ করানো হচ্ছে। কাজের মান নিশ্চিত করতে ভবিষ্যতেও নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।
স্থানীয়রা সংবাদমাধ্যমের ভূমিকার প্রশংসা করে বলেন, গণমাধ্যমে অনিয়মের বিষয়টি তুলে ধরার কারণেই দ্রুত প্রতিকার পাওয়া গেছে। বাকি কাজও একইভাবে মান বজায় রেখে সম্পন্ন হবে বলে তাঁরা প্রত্যাশা করছেন।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 




















