হরমুজ প্রণালির পূর্বদিকে সমুদ্রে মাইনে আঘাত লেগে একটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে গেছে বলে জানিয়েছে ইরানের নৌবাহিনী। শনিবার (২১ নভেম্বর) দুপুরের আগে এ ঘটনা ঘটে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি প্রকাশিত এক প্রতিবেদনে নৌবাহিনীর বরাত দিয়ে বলা হয়, ট্যাংকারটি নিষিদ্ধ সামুদ্রিক এলাকায় চলাচল করছিল। এ বিষয়ে আগে থেকেই সতর্ক করা হলেও জাহাজটি তা অমান্য করে।
প্রতিবেদনে আরও বলা হয়, জাহাজটি তার পরিচয় শনাক্তকরণ ও নেভিগেশন ব্যবস্থা বন্ধ করে রেখেছিল। একপর্যায়ে সমুদ্রের মাইনে আঘাত লাগলে ট্যাংকারটিতে আগুন ধরে যায়।
এ ঘটনায় ট্যাংকারের ক্ষয়ক্ষতি বা নাবিকদের হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ইরানের নৌবাহিনী ট্যাংকারের মালিক ও পরিচালনাকারীদের সতর্ক করে বলেছে, নিষিদ্ধ সামুদ্রিক এলাকা ও নির্ধারিত সীমার মধ্যে চলাচল জাহাজের নিরাপত্তা এবং নাবিকদের জীবনের জন্য গুরুতর হুমকি তৈরি করে।
তবে ট্যাংকারটির নাম, মালিকানা এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অন্য কোনো দেশের সম্পৃক্ততার বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

আন্তর্জাতিক ডেস্ক। জনতার কণ্ঠ.কম 























