সিরাজগঞ্জের রায়গঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বাী দোলন হোসেন প্রামানিক ও তার বোন সুজনী খাতুনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে উভয়কে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ মো. ইকবাল হোসেন এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত ভাইবোন রায়গঞ্জ উপজেলার ধানগড়া গ্রামের শুকুর আলী প্রামাণিকের সন্তান। নিহত জিয়াছমিন একই গ্রামের ইউছুব আলী প্রামনিকের মেয়ে। মামলার বাকি চার আসামিকে খালাস দেওয়া হয়েছে।
জেলা ও দায়রা জজ আদালতের পেশকার এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, দোলন প্রামানিকের সঙ্গে জিয়াছমিনের বিয়ে হয় ২০১০ সালে। তাদের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে সন্তানের জন্ম হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক নানা বিষয় নিয়ে দ্বন্দ্ব চলছিল। বিভিন্ন সময়ে দোলন প্রামানিক তার স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো। এ বিষয় নিয়ে এলাকার মুরুব্বিরা দফায় দফায় শালিসী বৈঠকও করেছে। এভাবে চলতে থাকার এক পর্যায়ে ২০১৯ সালের ১৩ জুন জিয়াছমিন খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের পিতা মো. ইউছুব আলী প্রামাণিক বাদী হয়ে দোলন প্রামানিকসহ ৭জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় তদন্তকারি কর্মকর্তা। দীর্ঘ শুনানী শেষে আদালত আজ এই রায় প্রদান করেন।

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম 



















