বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, দেশাত্মবোধক গান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিল হোসেন তমাল, বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন মন্টু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান, ওসি (তদন্ত) শতদল মজুমদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা সুনীতি কুমার সাহা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন মোল্লা, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম ও উপজেলা মহিলা দলের নেত্রী নয়ন খানমসহ অনেকে।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপি নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দিন। এ দিনে সৈনিক ও জনতা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হয়েছিল। ৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে দেশের গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠান শেষে দেশাত্মবোধক গান ও পুরস্কার বিতরণ করা হয়।

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 



















