এইচএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৪৮ দশমিক ০৪। পরীক্ষায় মোট ৯২ হাজার ১৬২ জন অংশগ্রহণকারী পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪৪ হাজার ৭২৭ জন। সর্বমোট জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩১৩ জন।
কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শফিকুল ইসলাম জানান, এবার এইচএসসি পরীক্ষার ফলাফল শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে প্রকাশ করা হয়েছে। বোর্ডের অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানগুলো ইআইআইএন ব্যবহার করে ওয়েবসাইটে এবং পরীক্ষার্থীরা মোবাইল এসএমএসের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিজেদের পরীক্ষার ফলাফল জানতে পারছেন।
কুমিল্লা শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার ফলাফল পরিসংখ্যান মোতাবেক এবারও এইচএসসি পরীক্ষায় ছাত্রদের চেয়ে মেয়েদের ফলাফল ভালো হয়েছে।
পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রী ৫৫ হাজার ৪৩৪ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৮ হাজার ৪১৫ জন। এছাড়া ৩৬ হাজার ৭২৮ জন ছাত্রের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৫ হাজার ৮৫৭ পরীক্ষার্থী।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার এইচএসসি পরীক্ষায় শিক্ষা মোট ৪৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাস করেছে ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে এবং কোনো পরীক্ষার্থী পাস করেনি ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে। কুমিল্লা শিক্ষা বোর্ডের এইচএস পরীক্ষায় বিগত বছরের চেয়ে পাসের হার কিছুটা কমেছে। বিগত ২০২৫ সালে পাসের হার ছিল ৪৮ দশমিক ৮৬।

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 






















