সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

গজারিয়ায় ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৯:৪৫:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • 28
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গজারিয়া উপজেলায় পৃথক মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে চার মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মোট ১৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (৪ জুন) সকাল থেকে মধ্যরাত পর্যন্ত অভিযান পরিচালনা করে গজারিয়া তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম। অভিযানে নেতৃত্ব দেন গজারিয়া তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু আব্দুল্লাহ।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের একপর্যায়ে দক্ষিণ ফুলদী এলাকায় অভিযান চালিয়ে ৫২ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন— শাহাদাত হোসেন (৩৯), পিতা: আব্দুল বাসেত; মাহিন (২৪), পিতা: মো. মিজান; এবং মেহেদী হাসান রনি (২৫), পিতা: জহিরুল ইসলাম। তারা সবাই দক্ষিণ ফুলদী এলাকার বাসিন্দা।
অপরদিকে, গোয়ালগাঁও এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ১০০ পিস ইয়াবাসহ রোমান ওরফে হোমা (২৪) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। তার পিতা শহর উদ্দিন।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গজারিয়া তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু আব্দুল্লাহ বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন।”
স্থানীয় রাজনৈতিক ও সচেতন মহল পুলিশের এ ধরনের অভিযানের প্রশংসা করে বলেন, মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান ও কঠোর আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি করাও জরুরি। তারা গজারিয়াকে মাদকমুক্ত রাখতে প্রশাসনের ধারাবাহিক কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।

রায়গঞ্জে চায়না-৩ লিচুর আকাশছোঁয়া দাম

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মৌসুমি ফল লিচুর বাজারে এবার দেখা দিয়েছে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। বাগান থেকে শুরু করে খুচরা বাজার—সব জায়গাতেই চড়া দামে বিক্রি হচ্ছে লিচু। বিশেষ করে জনপ্রিয় ‘চায়না-৩’ জাতের লিচুর দাম নিয়ে ক্রেতাদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। বর্তমানে এই জাতের লিচু পিসপ্রতি ৭ থেকে ৮ টাকায় বিক্রি হচ্ছে। ফলে ১০০টি লিচু কিনতে গুনতে হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকা।
ফলন কম ও চাহিদা বেশি থাকায় চায়না-৩ লিচুর দাম এবার রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।
স্থানীয় বাজার ঘুরে দেখা গেছে, চায়না-৩ জাতের পাশাপাশি বোম্বাই, মাদ্রাজি, বেদানা ও কাঠালি জাতের লিচুর সরবরাহও বেড়েছে। তবে এসব জাতের দাম তুলনামূলক কম। বোম্বাই ও মাদ্রাজি লিচু প্রতি ১০০টি ৩০০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে বেদানা ও কাঠালি জাতের লিচুর চাহিদা কম থাকায় প্রতি ১০০টির দাম ২২০ থেকে ২৮০ টাকার মধ্যে রয়েছে।
চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক দফা শিলাবৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে চলতি মৌসুমে লিচুর উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে উচ্চমূল্যের চায়না-৩ জাতের ফলন উল্লেখযোগ্যভাবে কম হয়েছে। সরবরাহ কমে যাওয়ায় বাজারে এর দাম বেড়েছে কয়েক গুণ।
ব্যবসায়ীরা জানান, আকারে বড়, আকর্ষণীয় রং এবং মিষ্টি স্বাদের কারণে চায়না-৩ জাতের লিচুর চাহিদা বরাবরই বেশি। তবে এ বছর ফলন কম হওয়ায় বাজারে এই জাতের লিচুর সংকট তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে দামে।
লিচুর বাড়তি দামে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষ। বাজারে গিয়ে অনেকেই হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। তাদের অভিযোগ, একসময় যে মৌসুমি ফল সহজেই কেনা যেত, এখন তা ধীরে ধীরে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।
স্থানীয় গৃহিণী সাবিনা বলেন, “একসময় অতিথি আপ্যায়নে লিচু রাখা স্বাভাবিক ছিল। এখন ১০০ লিচুর দাম ৫০০ থেকে ৮০০ টাকা। মধ্যবিত্ত পরিবারের জন্য এটি বড় চাপ।”
অটোরিকশাচালক সুইট বলেন, “বাচ্চারা লিচু খেতে চায়, কিন্তু বাজারে এসে দাম শুনে ফিরে যেতে হয়। নিত্যপণ্যের খরচ সামলে মৌসুমি ফল কেনা এখন বিলাসিতা হয়ে গেছে।”
মধ্যবিত্ত ক্রেতা হাসেমের ভাষ্য, “আগে মৌসুমে অন্তত এক-দু’শ লিচু কিনে পরিবার নিয়ে খাওয়া যেত। এখন ১০টা লিচু কিনতেই প্রায় ৫০ থেকে ৮০ টাকা লাগে। সাধারণ মানুষের জন্য এটা কষ্টের।”
নাম প্রকাশে অনিচ্ছুক এক চাকরিজীবী বলেন, “ফলন কমেছে, এটা ঠিক। কিন্তু প্রতি পিস ৭-৮ টাকা সাধারণ মানুষের জন্য অনেক বেশি।
রায়গঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মমিনুল হক জানান, উপজেলায় প্রায় পাঁচ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। চলতি মৌসুমে চায়না-৩ জাতের লিচুর ফলন আশানুরূপ হয়নি। তবে অন্যান্য জাতের লিচুর উৎপাদন ভালো হয়েছে।
তিনি বলেন, “চায়না-৩ লিচুর ফলন কম হওয়ায় এর বাজারমূল্য বেড়েছে।
অন্যদিকে অন্যান্য জাতের ফলন ভালো হলেও অনেক কৃষক গত বছরের তুলনায় কম দাম পেয়েছেন। প্রতিবছরই রায়গঞ্জে লিচুর আবাদ বাড়ছে, যা এ অঞ্চলের কৃষির জন্য ইতিবাচক দিক।”
কৃষি সংশ্লিষ্টদের মতে, জলবায়ুগত পরিবর্তন ও অনিয়মিত আবহাওয়ার কারণে মৌসুমি ফলের উৎপাদন ব্যাহত হচ্ছে। উৎপাদন কমে গেলে বাজারে সরবরাহ সংকুচিত হয় এবং এর সরাসরি প্রভাব পড়ে দামের ওপর।
রায়গঞ্জের লিচুর বাজারেও এবার সেই চিত্রই দেখা যাচ্ছে। ফলে মৌসুমের শুরুতেই লিচুর দাম নিয়ে ক্রেতা-বিক্রেতা উভয় পক্ষের মধ্যেআলোচনা-সমালোচনা চলছে।

বেলকুচিতে বিকল অটোভ্যানকে চাপা দিল বাস, স্বামী-স্ত্রীসহ নিহত ৩

সিরাজগঞ্জের বেলকুচিতে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ ব্যাটারিচালিত অটোভ্যানের তিন যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাদের মেয়ে।

শুক্রবার (৫ জুন) সকাল ৭টা ৫ মিনিটে সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বেলকুচি উপজেলার আজুগড়া হিজলতলা এলাকার মৃত বাছের সরকারের ছেলে মো. মোতালেব সরকার (৪০), তার স্ত্রী ফজিলা খাতুন (৩৫) ও জামতৈল গ্রামের মৃত সোনাউল্লাহ মুদির ছেলে অটোভ্যানের চালক মো. নুরু (৪৫)।

আহত তামান্না খাতুন (১৬) মোতালেব সরকারের মেয়ে।

বেলকুচি থানার ওসি ইমাম জাফর এই তথ্য নিশ্চিত করে জানান, মেঘুল্লা বাসষ্ট্যান্ড এলাকায় একটি ব্যাটারি চালিত অটোভ্যানের এক্সেল ভেঙে বিকল হয়ে পড়ে। এ সময় ঢাকা থেকে এনায়েতপুরগামী ঢাকা এক্সপ্রেস পরিবহণের দ্রুতগামী একটি বাস বিকল হওয়া ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। গুরুতর আহত হন তামান্না খাতুন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। আহত তামান্নাকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশংকাজনক।

তিনি বলেন, বাসটিকে আটক করা হলেও এর চালক-হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বেলকুচিতে বাসচাপায় তিন অটোভ্যানযাত্রী নিহত

সিরাজগঞ্জের বেলকুচিতে বাসচাপায় তিন অটোভ্যানযাত্রী নিহত হয়েছেন।

শুক্রবার (৫ জুন) সকালে সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বেলকুচি থানার ওসি ইমাম জাফর এই তথ্য নিশ্চিত করেছেন।

বিস্তারিত আসছে……

পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ: পদত্যাগ করলেন সিআইডি প্রধান

পদোন্নতি বঞ্চিত এবং বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ তুলে অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ভারপ্রাপ্ত প্রধান ও ডিআইজি (অর্গানাইজড ক্রাইম) আলী আকবর খান।

বৃহস্পতিবার (৪ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর তিনি এ আবেদনপত্র দাখিল করেন।

বৃহস্পতিবার পুলিশের পাঁচ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজিপি করা হয়। যাদের মধ্যে দুজন আলী আকবর খানের ব্যাচের (১৫তম) এবং তিনজন ১৭তম ব্যাচের কর্মকর্তা। সেই পদোন্নতিপ্রাপ্তদের তালিকায় আলী আকবর খানের নাম না থাকায় তার ভবিষ্যৎ দায়িত্ব নিয়ে আলোচনা শুরু হয়। এ অবস্থায় তিনি পিআরএলের আবেদন করেছেন বলে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে।

আবেদনপত্রে আলী আকবর খান উল্লেখ করেন, ১৯৯৫ সালের ১৫ নভেম্বর পুলিশ বাহিনীতে যোগদানের পর থেকে তিনি অত্যন্ত সততা, দক্ষতা ও সম্মানের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তবে কর্মজীবনে তিনি দীর্ঘ সময় বঞ্চনার শিকার হয়েছেন। ২০০৮ সালের নির্বাচনের পর তাকে ওএসডি করা হয় এবং ২০২২ সালের এপ্রিলে তাকে চাকরিচ্যুত করা হয়েছিল। দীর্ঘ বঞ্চনার পর ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর তিনি চাকরিতে পুনর্বহাল হন।

আবেদনে তিনি জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, ফ্যাসিস্ট সরকারের পতনের কারণেই তিনি পুনরায় কাজ করার সুযোগ পেয়েছিলেন। তবে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা পদোন্নতির তালিকায় তার নাম না থাকায় তিনি পুনরায় বৈষম্যের শিকার হয়েছেন বলে মনে করছেন। তাই নিজের অযোগ্যতা নিয়ে সরকারের বোঝা হওয়ার পরিবর্তে তিনি সরকারি চাকরি আইন-২০১৮ এর ৪৪ ধারা অনুযায়ী স্বেচ্ছায় অবসর নিতে ইচ্ছে প্রকাশ করেন তিনি।

আবেদন অনুযায়ী, আগামী ২ জুলাই ২০২৬ থেকে তার এ অবসর কার্যকর করার অনুরোধ জানিয়েছেন তিনি। একই সঙ্গে ওই তারিখ থেকে এক বছরের পিআরএল (অবসরোত্তর ছুটি) মঞ্জুরের জন্যও আবেদন করেছেন এই কর্মকর্তা।

অন্যদিকে একই দিন সিআইডির বিশেষ পুলিশ সুপার (প্রশাসন) এ এ এম হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক পত্রে আলী আকবর খানের আবেদন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে উল্লেখ করা হয়।

পত্রে বলা হয়, আলী আকবর খান স্বেচ্ছায় অবসর গ্রহণ এবং ২ জুলাই ২০২৬ থেকে এক বছরের পিআরএল মঞ্জুরের জন্য আবেদন করেছেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৪ ধারা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।

সূত্র: কালবেলা

আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং করেন হান্নান মাসউদ

এমপি হতে হান্নান মাসউদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুবিধা নিয়েছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান। তিনি বলেছেন, ‘ক্ষমতায় যাওয়ার জন্য কারা শহীদের রক্ত মাড়িয়ে আওয়ামী লীগের পুনর্বাসন শুরু করে?’

বৃহস্পতিবার (৪ জুন) বিকেল ৫টা ৩৯ মিনিটে নিজের ফেসবুক আইডিতে এ-সংক্রান্ত পোস্ট দিয়েছেন তিনি। তার পোস্টটি নিচে হুবহু দেওয়া হলো।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর, ৭ আগস্ট থেকে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক শুরু করে হান্নান মাসউদ। ৭ আগস্ট আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে বেইলি রোডের কেএফসিতে হাতিয়ার আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠক হয় মাসুদের। সেখানে এই ছবির কয়েকজনসহ আরও উপস্থিত ছিলেন, জাহাজমারা ইউনিয়নের চেয়ারম্যান সিরাজ উদ্দিন ও তার ভাতিজা রাজু। ৭ আগস্টের পরে ১২ এবং ১৫ আগস্টেও বাংলামোটরের ওয়াটারফল রেস্টুরেন্টে মিটিং হয়। এই ছবিটি ২২ আগস্ট হোটেল ফার্সে তোলা।

ছবিতে আছেন, (১) আব্দুল হালিম আজাদ ওরফে পিচ্চি আজাদ, চরঈশ্বর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সহসভাপতি; (২) নুরুল ইসলাম মালয়েশিয়া, সোনাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সোনাদিয়া ইউনিয়নের সভাপতি; (৩) মেরাজ উদ্দিন, নিঝুমদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান; (৪) আলাউদ্দিন বাবু, তমরদ্দি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক; (৫) যুবলীগ নেতা মাহতাব উদ্দিন রতন প্রমুখ।

এসব মিটিংয়ের মূল আলোচনার বিষয়বস্তু ছিল, কীভাবে হান্নান মাসউদ হাতিয়ার এমপি হবে। অর্থাৎ শহীদের রক্ত শুকানোর আগেই আওয়ামী লীগের স্থানীয় নেতাদের হাত ধরে এমপি হওয়ার বন্দোবস্ত শুরু হয়। এবার আমারে কন, কারা ক্ষমতায় যাওয়ার জন্য শহীদের রক্ত মাড়িয়ে আওয়ামী লীগের পুনর্বাসন শুরু করে?

তীব্র তাপমাত্রা কবে কমবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

রাজধানীসহ সারা দেশে গত কয়েকদিন ধরে তাপমাত্রা বেড়েছে। ভ্যাপসা গরমে অসুস্থ হয়েছে পড়েছেন অনেকে। শুক্রবার (৫ জুন) থেকে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে এবং তাপমাত্রা ধীরে ধীরে কমে আসবে বলে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (৪ জুন) এ তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবীর।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ঢাকাসহ দেশের ৪৮টি জেলায় বর্তমানে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। চলতি বছরে একসঙ্গে এতগুলো জেলায় তাপপ্রবাহ ছড়িয়ে পড়ার ঘটনা এটিই প্রথম। সাধারণত মে মাসের শেষ দিকে দেশে মৌসুমি বায়ুর প্রবেশ ঘটলেও এবার বর্ষা আসতে দেরি হওয়ায় গরমের তীব্রতা ও বিস্তৃতি দুটোই বেড়েছে।

তরিফুল নেওয়াজ কবীর বলেন, ‘এখন জ্যৈষ্ঠ মাস শেষপর্যায়ে। মৌসুমি বায়ু আসার আগ পর্যন্ত এই সময়ে সবচেয়ে বেশি গরম থাকাটাই স্বাভাবিক। বর্তমানে বাতাস দক্ষিণ দিক থেকে আসার কারণে এতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বা ময়েশ্চার রয়েছে। বাতাসে ময়েশ্চার বেশি থাকলে তা তাপ ধরে রাখে, ফলে চারপাশের বাতাস বেশি উত্তপ্ত হয়ে ওঠে। এ ছাড়া ময়েশ্চার বেশি হওয়ায় শরীর থেকে ঘাম শুকাচ্ছে না, যা চরম অস্বস্তি তৈরি করছে।’

তিনি আরও বলেন, ‘শারীরিক অস্বস্তির আরেকটি বড় কারণ হলো দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে যাওয়া। গত রাতে ঢাকায় তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সাধারণত রাতের তাপমাত্রা ২৭ ডিগ্রির নিচে থাকলে মানুষ আরাম বোধ করে। কিন্তু এখন রাত শেষ হওয়ার আগেই পুনরায় গরম শুরু হয়ে যাচ্ছে। ফলে মানুষের শরীর ঠান্ডা হওয়ার পর্যাপ্ত সময় পাচ্ছে না।’

নরসিংদী মাধবদীতে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ, গ্রেপ্তার-১

নরসিংদীর মাধবদীতে কর্মস্থল হতে ফেরার পথে এক কিশোরীকে জোরপূর্বক অপহরণ করে ধর্ষণ এবং পরে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগ উঠেছে মোশাররফ ও মাহবুব নামের দুই যুবকের বিরদ্ধে।

বুধবার (০৩ জুন) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে মেহেরপাড়া ইউনিয়নের পৌলাণপুর গ্রামে অভিযুক্ত মাহবুবের বাড়িতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ভুক্তভোগী ও তার পরিবার।

অভিযুক্তরা হলেন মেহেরপাড়া এলাকার পৌলাণপুর গ্রামের মৃত মোতালেব মেম্বারের ছেলে মোশাররফ হোসেন (৩০) ও আব্দুল কাদিরের ছেলে মাহবুব। এরমধ্যে মাহবুবকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামাল হোসেন।

টেক্সটাইল শ্রমিক ভুক্তভোগী কিশোরীর অভিযোগ, বুধবার রাতে চৈতাব এলাকার একটি টেক্সটাইল মিলে ডিউটি শেষে বাড়ি ফেরার পথে পৌলাণপুর গ্রামের মোশাররফ ও মাহবুব নামের দুই যুবক তাকে জোর করে মাহবুবের পৌলাণপুরের বাড়িতে নিয়ে যায় এবং সেখানে একটি কক্ষে তার ওপর যৌন নির্যাতন করা হয়। পরে ঘটনাটির ভিডিও ধারণ করে তাকে হুমকি দেওয়া হয়—এ বিষয়ে কাউকে জানালে ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে। এসময় ভিডিও ভাইরালের ভয়ভীতি দেখিয়ে ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে যুবকরা দুই হাজার টাকা আদায় করে।

ভুক্তভোগীর পরিবার জানায়, ঘটনার পর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ দাবি করা হয়। পরে বাধ্য হয়ে তারা দুই হাজার টাকা দিয়ে মেয়েকে উদ্ধার করেন এবং বিষয়টি রাতেই মাধবদী থানায় জানান।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামাল হোসেন বলেন, এ ঘটনায় কিশোরীর বাবা বাদি হয়ে পৌলাণপুর গ্রামের মোশাররফ ও মাহবুব এর নাম উল্লেখ করে মাধবদী থানায় অভিযোগ করেছেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাটির সত্যতা যাচাই করে এবং সকালে অভিযান চালিয়ে অভিযুক্তদের মধ্যে মাহবুব নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত অপরজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিশ্বকাপ ম্যাচের ভবিষ্যদ্বাণী জানিয়ে চমকে দিল হাঙর ‘রিতিনিয়া’

২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর আগেই আলোচনায় এসেছে এক হাঙর। ব্রাজিলের রিও ডি জেনেইরো অ্যাকুয়ারিয়ামের হাঙর ‘রিতিনিয়া’ বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচে সেলেসাওদের জয়ের ভবিষ্যদ্বাণী করে রীতিমতো চমকে দিয়েছে ভক্ত-সমর্থকদের।

বুধবার (৩ জুন) রিও ডি জেনেইরো অ্যাকুয়ারিয়ামে বিশেষ এক আয়োজনের মাধ্যমে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ব্রাজিল ও মরক্কোর মধ্যকার লড়াইয়ের সম্ভাব্য ফলাফল অনুমান করা হয়। এ সময় হাঙর রিতিনিয়ার সামনে দুই দলের প্রতীকসংবলিত বিকল্প রাখা হলে সেটি ব্রাজিলের প্রতীক বেছে নেয়। বিশ্বকাপে ব্রাজিল তাদের অভিযান শুরু করবে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে। শক্তিশালী আফ্রিকান দলটির বিপক্ষে ম্যাচটি গ্রুপ পর্বের অন্যতম আকর্ষণীয় লড়াই হিসেবে বিবেচিত হচ্ছে।

ফুটবল টুর্নামেন্টে প্রাণীদের মাধ্যমে ভবিষ্যদ্বাণীর বিষয়টি নতুন নয়। ২০১০ বিশ্বকাপে জার্মানির বিখ্যাত অক্টোপাস ‘পল’ একাধিক ম্যাচের সঠিক ফলাফল অনুমান করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছিল। সেই স্মৃতি ফিরিয়ে আনতেই এবার রিও অ্যাকুয়ারিয়ামে হাঙর রিতিনিয়াকে নিয়ে এই আয়োজন করা হয়। তবে রিতিনহার ভবিষ্যদ্বাণী শেষ পর্যন্ত কতটা সত্যি হবে, তার উত্তর মিলবে মাঠের লড়াইয়ে।

শুধু দাম বাড়িয়ে জনতার ওপরে বোঝা চাপানো যাবে না

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, ‘সরকার বিদ্যুতের দাম আবারও বাড়িয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। বিদ্যুৎ খাতে নীতি দুর্বলতা, দুর্নীতি ও অদক্ষতার দায় জনগণের ওপরে চাপানো যাবে না।’

বৃহস্পতিবার (৪ জুন) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে গাজী আতাউর রহমান বলেন, ‘সরকার পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ১৯ দশমিক ৮৫ শতাংশ, সঞ্চালন চার্জ ২৩ দশমিক ৯৬ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ বাড়িয়েছে। ইতোমধ্যেই কয়েক দফা জ্বালানির দাম বৃদ্ধি করা হয়েছে। অথচ গত মার্চের শুরুতে সরকারের পক্ষ থেকে বলা হয়, আপাতত বিদ্যুতের দাম বাড়ানো হবে না। মানুষ আশায় বুক বেঁধেছিল। দাম বৃদ্ধি তাদের হতাশ করেছে। মানুষের জীবনযাত্রা ক্রমেই অসহনীয় হয়ে উঠছে।’

তিনি আরও বলেন, ‘বিদ্যুৎ খাতের নীতি ভ্রষ্টতা, দুর্নীতি ও স্বার্থ-বিরুদ্ধ চুক্তি দ্রুত পর্যালোচনা করে যথাযথ সিদ্ধান্ত নিতে হবে। শুধু দাম বাড়িয়ে জনতার ওপরে বোঝা চাপানো যাবে না।’

কিশোরগঞ্জে মাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখার অভিযোগ, ছেলে পলাতক

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় মাকে হত্যার পর নিজ ঘরের মেঝেতে মরদেহ পুঁতে রাখার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ মেঝে খুঁড়ে গলিত মরদেহ উদ্ধার করেছে। অভিযুক্ত ছেলে ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

ঘটনাটি উপজেলার বড়ভিটা ইউনিয়নের উত্তর বড়ভিটা ময়দানপাড়া গ্রামে ঘটেছে। নিহত মারুফা বেগম (৬০) ওই গ্রামের বাসিন্দা। অভিযুক্ত তার ছেলে জুয়েল মিয়া (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ জুনের পর থেকে মারুফা বেগমকে আর এলাকায় দেখা যায়নি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। বুধবার বিকেলে নিহতের ছোট ছেলে লাভিন মিয়ার স্ত্রী ঘরের বিছানার তোষক সরানোর সময় রক্তের দাগ দেখতে পান। পরে বিষয়টি পরিবারের অন্য সদস্য ও প্রতিবেশীদের জানানো হলে তাদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়।

একপর্যায়ে জুয়েল মিয়ার শয়নকক্ষের মেঝের একটি অংশ সম্প্রতি খোঁড়া হয়েছে বলে মনে হলে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে কিশোরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাতেই মেঝে খনন করে একটি গলিত মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি মারুফা বেগমের বলে শনাক্ত করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে নিহতের মাথার বাম পাশে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তদন্তসংশ্লিষ্টরা ধারণা করছেন, ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। এরপর ঘটনাটি গোপন রাখতে মরদেহ ঘরের মেঝেতে পুঁতে রাখা হয়।

বৃহস্পতিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত জুয়েল মিয়া আত্মগোপনে রয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী হাসি বেগম ও ছেলে গোলাম রাব্বীকে থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডে জুয়েল মিয়ার সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া গেছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পলাতক অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মাজারের দানবাক্স খুলে চমকে গেলেন কর্তৃপক্ষ, মিলল ৩৪ লাখ টাকা

বগুড়ার মহাস্থানগড়ে অবস্থিত ঐতিহ্যবাহী হজরত শাহ সুলতান বলখীর (র.) মাজারের ১৫টি দানবাক্স খুলে পাওয়া গেছে প্রায় ৩৪ লাখ ৫৪ হাজার টাকা। নগদ অর্থের পাশাপাশি মিলেছে স্বর্ণালংকার, বৈদেশিক মুদ্রা ও অন্যান্য মূল্যবান সামগ্রী।

মঙ্গলবার (২ জুন) সকালে প্রশাসনের কর্মকর্তা, সরকারি প্রতিনিধি ও মাজার কমিটির সদস্যদের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। পরে ২৫ শিক্ষার্থীর সহায়তায় অর্থ গণনার কাজ শুরু হয়। প্রথম দিনে গণনা শেষ না হওয়ায় বুধবার সকাল থেকে পুনরায় গণনা শুরু করা হয়। বিকেলে গণনা শেষে মোট প্রাপ্ত অর্থের পরিমাণ নির্ধারণ করা হয়।

গণনা কার্যক্রম তদারকির দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজালাল জানান, দুই দিনব্যাপী গণনা শেষে দানবাক্সগুলো থেকে মোট প্রায় ৩৪ লাখ ৫৪ হাজার টাকা পাওয়া গেছে। গণনা শেষে অর্থ মাজারের নির্ধারিত ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়েছে।

মাজার কমিটির সদস্যরা জানান, এবার দানবাক্সের সংখ্যা বেশি থাকায় আগের তুলনায় প্রাপ্ত অর্থের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। নগদ অর্থের পাশাপাশি পাওয়া স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা নিয়ম অনুযায়ী সংরক্ষণ ও তালিকাভুক্ত করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি তিন থেকে চার মাস পরপর মাজারের দানবাক্সগুলো খোলা হয়। দীর্ঘ সময় পর খোলা ১৫টি লোহার সিন্দুক টাকা, পয়সা, বিদেশি মুদ্রা এবং ভক্তদের দেওয়া স্বর্ণ-রৌপ্য অলংকারে পরিপূর্ণ ছিল। দানবাক্স থেকে সংগৃহীত অর্থ প্রথমে বস্তাবন্দি করে মাজার কার্যালয়ে নেওয়া হয়। পরে ব্যাংক কর্মকর্তা ও শিক্ষার্থীদের সহযোগিতায় তা গণনা করা হয়।

দানবাক্সের অর্থ গণনার কাজে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী বলেন, এত বিপুল পরিমাণ অর্থ গণনার কাজে অংশ নেওয়া তাদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা। ভবিষ্যতে এমন কাজে দায়িত্বশীলভাবে অংশ নিতে এ অভিজ্ঞতা কাজে দেবে বলে তারা মনে করেন।

এর আগে প্রায় তিন মাস আগে খোলা পাঁচটি দানবাক্স থেকে প্রায় ১৮ লাখ ৩০ হাজার টাকা পাওয়া গিয়েছিল। মাজার কর্তৃপক্ষের মতে, বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার অনুষ্ঠিত বার্ষিক ওরস মাহফিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক লাখ মানুষের সমাগম হওয়ায় এবার দানের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

মাজার কমিটির সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা রবিউল করিম জানান, প্রতিদিন দেশ-বিদেশ থেকে হাজারো ভক্ত ও দর্শনার্থী মাজারে আসেন এবং দান করেন। দানবাক্স থেকে প্রাপ্ত অর্থ মাজারের উন্নয়ন, এতিমখানা পরিচালনা, ধর্মীয় অনুষ্ঠান আয়োজন এবং স্থানীয় দরিদ্র মানুষের সহায়তায় ব্যয় করা হয়।

নাবিল গ্রুপে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ, বেতন ৩৫ হাজার পর্যন্ত

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান নাবিল গ্রুপ। প্রতিষ্ঠানটি তাদের ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)’ পদে ২০ জনকে নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ১৫ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।

চলুন, একনজরে দেখে নিই নিয়োগ বিজ্ঞপ্তিটি-

প্রতিষ্ঠানের নাম: নাবিল গ্রুপ

বিভাগের নাম: সেলস অ্যান্ড মার্কেটিং

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)

পদসংখ্যা: ২০ জন

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

শিক্ষাগত যোগ্যতা: এমবিএ অথবা স্নাতক/সমমান

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়

বেতন ও অন্যান্য সুবিধা: ৩৫,০০০ টাকা

বয়সসীমা: ২৩ – ৩০ বছর

কর্মস্থল: যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।

আবেদন পদ্ধতি: অনলাইনে

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদন শুরু: ৪ জুন ২০২৬

আবেদনের শেষ তারিখ: ১৫ জুন ২০২৬

সরকারি মালামাল আত্মসাতের পর চুরির নাটক, তদন্তে প্রশাসন

কুড়িগ্রামের রৌমারীতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী তরিকুল ইসলামের বিরুদ্ধে সরকারি মালামাল বিক্রি করে ‘চুরির নাটক’ সাজানোর অভিযোগ উঠেছে। গুদাম থেকে বিপুল পরিমাণ মালামাল চুরি, চোর চিহ্নিত এবং সে মালামাল জব্দ হওয়ার পরও রহস্যজনক কারণে মামলা করেননি এ কর্মকর্তা।

এদিকে আদালতের অনুমতি ছাড়া কেবল মুচলেকা নিয়ে উদ্ধার হওয়া মালামাল থানা থেকে ফেরত আনায় পুলিশের স্বচ্ছতা ও ভূমিকা নিয়েও জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সরকারি মালামালগুলো অভিযুক্ত কর্মকর্তা তরিকুল ইসলাম নিজেই বিক্রি করে চুরির নাটক সাজিয়েছেন। এখন ঘটনাটি ধামাচাপা দেওয়ার পাঁয়তারা করছেন।

জানা যায়, গত ১৬ এপ্রিল রৌমারী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের একটি গুদাম থেকে ইউনিসেফের লোগো সংবলিত ২০ লিটারের ১১০টি বালতি ও ১১০টি ঢাকনা, ১০ লিটারের ২৯০টি জেরিকেন, ৪টি সিলিং ফ্যান, চার শতাধিক হ্যান্ড স্যানিটাইজার ও চার শতাধিক ন্যাপকিনসহ বিপুল পরিমাণ মালামাল গায়েব হয়ে যায়।

চুরির ১৪ দিন পর, গত ১ মে রৌমারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন উপজেলা প্রকৌশলী তরিকুল ইসলাম।

সেই জিডির সূত্র ধরে পুলিশ রৌমারী বাজারের হার্ডওয়্যার ব্যবসায়ী আব্দুস সালাম, আব্দুল মালেক, শহিদুর রহমান, মনজুর আলম ও প্রদীপ চন্দ্রের দোকান থেকে বালতি, জেরিকেন ও কিছু টুল জব্দ করে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন— মালামাল চুরি হওয়ার পর তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা কেন নেয়নি? বাজারে প্রকাশ্যে দোকানে ইউনিসেফের লোগো সংবলিত সরকারি মালামাল ধরা পড়ার পরই কেন কেবল জিডি করা হলো?

এদিকে বৃহস্পতিবার (৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা না করে, মুচলেকার মাধ্যমে থানা থেকে মালামাল ফেরত আনা হলো কার স্বার্থে?

স্থানীয়দের ধারণা, প্রকৌশলী তরিকুল ইসলাম নিজেই এসব মালামাল বিক্রি করেছিলেন। পরে ঘটনা জানাজানি হয়ে যাওয়ায় পরিস্থিতি সামাল দিতে চুরির নাটক সাজান। অবশেষে চুরির ঘটনা ঢাকতে না পেরে লোকদেখানো জিডি করেন এবং পুলিশকে ম্যানেজ করে মালামাল ফেরত এনে পুরো ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছেন।

মামলা না করার বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী তরিকুল ইসলাম দাবি করেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মামলা করতে অনীহা প্রকাশ করেছে।’

সাংবাদিকদের জিডির কপি দেখাতে অস্বীকৃতি জানিয়ে ক্ষুব্ধ কণ্ঠে তিনি কালবেলাকে বলেন, ‘আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে যে নির্দেশনা দেবেন, আমি তাই পালন করতে বাধ্য। আপনারা যা ইচ্ছে লিখতে পারেন।’

তবে তার এই দাবি নাকচ করে দিয়েছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী হারুনুর রশিদ। তিনি কালবেলাকে বলেন, ‘আমি তো মামলা করার স্পষ্ট নির্দেশনা দিয়েছি। সে কেন মামলা করল না, তা আমি তার কাছে জেনে জানাব।’

এদিকে বৃহস্পতিবার থানা থেকে ফেরত আনা মালামালের ছবি তুলতে গেলে সাংবাদিকদের ওপর চড়াও হন প্রকৌশলী তরিকুল ইসলাম। অসৌজন্যমূলক আচরণ করার পাশাপাশি একপর্যায়ে তিনি দৈনিক কালবেলার সাংবাদিক সাখাওয়াত হোসেনের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে উপস্থিত অন্য সাংবাদিকদের বাধার মুখে তিনি ব্যর্থ হন।

আদালতের অনুমতি ছাড়া উদ্ধার হওয়া চুরির মালামাল এভাবে ফেরত দেওয়া যায় কি না— জানতে চাইলে রৌমারী থানার ওসি মো. কাওসার আলী বলেন, ‘জিডিমূলে মুচলেকা নিয়ে পুলিশ জব্দ করা মালামাল জিম্মায় ফেরত দিতে পারে।’

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন কালবেলাকে বলেন, ‘উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের চুরি যাওয়া মালামালের ব্যাপারে কেন মামলা করা হলো না, সেটি আমি সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে জানতে চাইব এবং বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব।’

মাত্র ২০০ টাকায় মাঠে বসে দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

আসন্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য টিকিটের মূল্যতালিকা প্রকাশ করেছে বিসিবি। সর্বনিম্ন ২০০ টাকায় পাওয়া যাবে ওয়ানডে সিরিজের টিকিট। সর্বোচ্চ দাম ২৫০০ টাকা।

এক প্রেস বিজ্ঞপ্তিতে টিকিটের দাম প্রকাশ করেছে বিসিবি। সর্বনিম্ন ২০০ টাকাতে পাওয়া যাবে ইস্টার্ন গ্যালারির টিকিট। একটু বেশি অর্থাৎ ৪০০ টাকা খরচ করলেই মিলবে নর্দার্ন গ্যালারি বা শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের টিকিট। ক্লাব হাউসের টিকিট কিনতে খরচ করতে হবে ৬০০ টাকা। ক্লাব হাউসের উত্তরের শহীদ জুয়েল স্ট্যান্ড এবং দক্ষিণের শহীদ মুশতাক স্ট্যান্ডের টিকিটের দাম একই, ৬০০ করে।

করপোরেট ব্লকে বসে খেলা দেখতে চাইলে আরেকটু বেশি টাকা খরচ করতে হবে। ইন্টারন্যাশনাল লাউঞ্জ দক্ষিণ এবং ইন্টারন্যাশনাল গ্যালারি দক্ষিণের টিকিট কিনতে খরচ করতে হবে ১৫০০ টাকা। এছাড়া মিডিয়া ব্লকের ইন্টারন্যাশনাল গ্যালারি উত্তরের টিকিট পাওয়া যাবে ১৫০০ টাকাতেই।

সবচেয়ে চড়া দাম গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের। আপার এবং লোয়ার দুই ক্ষেত্রেই গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম রাখা হয়েছে ২৫০০ টাকা।

৯, ১১ এবং ১৪ জুন মাঠে গড়াবে সিরিজের তিন ওয়ানডে ম্যাচ।

শাকিবের নতুন লুক আর আত্মবিশ্বাসী উপস্থিতিতে মুগ্ধ মিম

ঢালিউডে যেন বইছে নতুন এক হাওয়া। দীর্ঘ ক্যারিয়ারে একের পর এক রূপান্তরে চমকে দেওয়া সুপারস্টার শাকিব খানকে নিয়ে এবার উচ্ছ্বাস প্রকাশ করলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। শাকিবের সাম্প্রতিক ভোলবদল, পর্দাজুড়ে নতুন নতুন লুক আর আত্মবিশ্বাসী উপস্থিতিতে মুগ্ধ এই নায়িকা। শুধু প্রশংসাতেই থেমে থাকেননি, ইঙ্গিত দিয়েছেন ভবিষ্যতে আবারও বড় পর্দায় এই বদলে যাওয়া তারকার সঙ্গে জুটি বাঁধার সম্ভাবনারও।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিব খানের বর্তমান লুক ও কাজের পরিবর্তনের প্রশংসা করে মিম বলেন, ‘এটা ভালো লাগছে। দিন দিনি উনি নিজেকে পরিবর্তন করছেন।’

শাকিব খানের ফ্যাশন ও লুক নিয়ে নিজের আগের ভাবনার কথা জানিয়ে এই নায়িকা আরও বলেন, ‘উনার সাথে যখন আমার কাজ হতো, আমি সবসময় চাইতাম যে, উনাকে যেন ভিন্ন ভিন্ন লুকে দেখা যায়। সেটা মেইনটেইন করছেন এখন। আমাদের দেখতেও ভালো লাগছে তাকে।’ বিগত কয়েক বছরে পর্দায় শাকিব খানের এই বৈচিত্র্যময় উপস্থিতি দর্শকের পাশাপাশি মিমকেও দারুণভাবে আকৃষ্ট করেছে। শাকিবের সঙ্গে আগামীতে আবারও রূপালি পর্দায় স্ক্রিন শেয়ার করার সম্ভাবনা কতটুকু এমন প্রশ্নের জবাবে মিম বেশ ইতিবাচক সাড়া দেন।

মিম জানান, শাকিব খানের সঙ্গে পুনরায় কাজের ব্যাপারে তাড়াহুড়ো নেই তার। যদি ব্যাটে-বলে সুন্দর কোনো প্রজেক্ট মিলে যায়, তবেই দেখা মিলবে এই জুটির। তার কথায়, ‘যদি কখনও ঠিকঠাক সবকিছু মনে হয়, প্রজেক্ট আসে, সো তখন হয়তো করা হবে।’

উল্লেখ্য, শাকিব খান ও বিদ্যা সিনহা মিম জুটি বেঁধে অতীতে বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। ‘আমার প্রাণের প্রিয়া’, জাকির হোসেন রাজু পরিচালিত এই সিনেমাটি ছিল এই তারকা জুটির সবচেয়ে বড় ব্লকবাস্টার হিট। পাশাপাশি খালিদ মাহমুদ মিঠু পরিচালিত ‘জোনাকির আলো’, উত্তম আকাশ পরিচালিত ‘আমি নেতা হবো’ সিনেমাতেও জুটি বেঁধেছিলেন।

উন্নয়নের স্বার্থে স্বাধীন সাংবাদিকতার প্রয়োজনীয়তা তুলে ধরলেন দুলু

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে হলে স্বাধীন গণমাধ্যম প্রয়োজন।

বৃহস্পতিবার (৪ জুন) বেলা ১১টায় ঐতিহ্যবাহী নাটোর প্রেস ক্লাবের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হুইপ দুলু বলেন, স্বাধীন গণমাধ্যম দেশের গণতন্ত্রের বিকাশে ভূমিকা রাখে। তাই আমাদের উচিত স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করা। সরকার এ ব্যাপারে বদ্ধপরিকর। দেশে গণতন্ত্র সুসংহতকরণ ও উন্নয়নে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালে নাটোর প্রেস ক্লাব নির্মাণে অর্থসহ জায়গার বন্দোবস্ত করে দেন। ঐতিহ্যবাহী নাটোর প্রেস ক্লাব সুবর্ণজয়ন্তির পথ পরিক্রমায় রয়েছে। আগামীতে নাটোর প্রেস ক্লাবের অবস্থান আরও সুসংহত হবে।

সংসদ সদস্য রুহুল কুদ্দুস বলেন, আমরা সবসময় গণমাধ্যমকর্মীদের বিপদে-আপদে তাদের সঙ্গে থাকতে চাই, তাদের আর্থিক অবস্থানকে সুসংহত করতে চাই।

নাটোর প্রেস ক্লাবের সভাপতি যুগান্তর প্রতিনিধি মো. শহীদুল হক সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাংলাভিশন প্রতিনিধি কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন ও পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন— নাটোর জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলাম, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, এনসিপির জেলা যুগ্ম আহ্বায়ক রকিব উদ্দিন, ডেইলি অবজারভারের প্রতিনিধি এস এম সেদরুল হুদা ডেভিড, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মো. আজিজুল হক টুকু, নাটোর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন ও রনেন রায়, সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার হায়দার যোসেফ ও স্থানীয় ইউনাইটেড প্রেস ক্লাবের সভাপতি নাসিম উদ্দিন নাসিম প্রমুখ।

এ সময় নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আজহার আলী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব ও মোস্তাফিজুর রহমান শাহীনসহ বিভিন্ন শিক্ষাবিদ, সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দুলু নাটোরের সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে সব সময়ে তাদের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন।

শ্রীলঙ্কার বৃদ্ধাশ্রমে বিধ্বংসী আগুন, ১২ জনের মর্মান্তিক মৃত্যু

শ্রীলঙ্কার একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন সাতজন। বৃহস্পতিবার (৪ জুন) দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।

পুলিশের তথ্যমতে, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানী কলম্বো থেকে প্রায় ৬৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে কালুতারা জেলার আঙ্গুরুওয়াতোতায় অবস্থিত মাউপিয়া সেভানা এল্ডারলি কেয়ার হোমে আগুনের সূত্রপাত হয়।

অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়। নিহতদের সবাই বৃদ্ধাশ্রমটির বাসিন্দা ছিলেন।

অগ্নিকাণ্ডের সময় প্রতিষ্ঠানটিতে ৭০ জনের বেশি প্রবীণ বাসিন্দা অবস্থান করছিলেন। ঘটনার পর বৃহস্পতিবার ব্যক্তিমালিকানাধীন এই বৃদ্ধাশ্রমের মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কায় অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় এটি সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা।

আগুনের মধ্য থেকে মোট ৫১ বাসিন্দাকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহত সাতজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় বাসিন্দা ও পুলিশের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

হোরানা ম্যাজিস্ট্রেট লক্ষ্মিণী বিদানাগামাগের তত্ত্বাবধানে একটি বিচার বিভাগীয় তদন্ত সম্পন্ন হয়েছে। তদন্তের সময় ধ্বংসস্তূপ থেকে দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। এর মধ্যে একটি বিড়ালের দেহও ছিল বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পেস বোলিং কোচের পর ফিল্ডিং কোচও ছাড়ছেন দায়িত্ব

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের আগে আজ পেস বোলিং কোচের দায়িত্ব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক অজি তারকা শন টেইট। এর মধ্যেই বাংলাদেশের ফিল্ডিং কোচের দায়িত্ব ছাড়তে যাচ্ছেন জেমস প্যামেন্ট। যিনি নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজে বাংলাদেশের ফিল্ডিং কোচের দায়িত্বে ছিলেন। তবে গেল মাসে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর দিন কয়েক আগেই পড়েছিলেন ইনজুরিতে। কোমরের চোটে এরপর থেকে বিশ্রামে রয়েছেন প্যামেন্ট। ফলে পাকিস্তানের পর আসন্ন অস্ট্রেলিয়া সিরিজেও থাকছেন না এই ফিল্ডিং কোচ।

ইনজুরি সারতে বর্তমানে রিহ্যাভ চালিয়ে যাচ্ছেন প্যামেন্ট। কোমরের এই চোট থেকে সেরে উঠতে কতদিন সময় লাগবে সে বিষয়ে অনিশ্চিত। তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এক বছরে তিনবার চোটে পড়ায় ও শারীরিক অবস্থা বিবেচনায় বাংলাদেশের সঙ্গে কাজ করতে চাচ্ছেন না প্যামেন্ট। যদিও ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে বিসিবির চুক্তি রয়েছে।

অস্ট্রেলিয়া সিরিজে প্যামেন্টকে না পাওয়ায় ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করবেন বিসিবির কোচ আশিক মজুমদার। সবশেষ পাকিস্তান সিরিজেও তিনি ফিল্ডিংয়ের দায়িত্ব পালন করেছেন। আগামী ৯ থেকে ২১ জুন পর্যন্ত বাংলাদেশে সাদা বলের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।

সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ ৯, ১১ ও ১৪ জুন ঢাকার শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রামে যাবে উভয় দল। সেখানে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ১৭, ১৯ ও ২১ জুন ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

বিশ্বকাপের অ্যালবামে বাংলাদেশের প্রতিনিধিত্ব সঞ্জয়ের

বিশ্ব ফুটবলের মহামঞ্চে এবার আরও উজ্জ্বল হতে যাচ্ছে বাংলাদেশের নাম। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফরম্যান্সের ঘোষণার রেশ কাটতে না কাটতেই এলো নতুন সুখবর—ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিশিয়াল অ্যালবামেও জায়গা করে নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয়।

নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে এক পোস্টের মাধ্যমে নিজের অনুভূতি জানিয়েছেন সঞ্জয়। দীর্ঘদিনের স্বপ্ন পূরণের কথা উল্লেখ করে তিনি লেখেন, ‘অনেক দিন ধরে এটার অপেক্ষায় ছিলাম। সান হোসেতে (ক্যালিফোর্নিয়ার একটি শহর) দুটি ভিন্ন সংস্কৃতির মাঝে বড় হতে হতে দিনের পর দিন পার করেছি গান তৈরিতে। সবসময় স্বপ্ন দেখতাম, এমন কিছু গান বানানোর, যা বিশ্বের সবচেয়ে বড় মঞ্চ ও সাউন্ডট্র্যাকে জায়গা করে নেবে।’

নিজের এই অবিস্মরণীয় অর্জনকে উৎসর্গ করে সঞ্জয় আরও বলেন, ‘আজ অত্যন্ত গর্বের সাথে জানাচ্ছি, আমি ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিশিয়াল অ্যালবামের একজন তালিকাভুক্ত শিল্পী। আমাদের তৈরি করা একটি গান পৃথিবীর সবচেয়ে বড় ক্রীড়া উৎসবের সাউন্ডট্র্যাক হতে যাচ্ছে, এটা ভাবতেই অন্যরকম লাগছে। এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি।’

এই সাফল্যকে কেবল নিজের মাঝে সীমাবদ্ধ রাখতে চান না শিল্পী। তরুণদের অনুপ্রাণিত করে তিনি লেখেন, ‘এটি কেবল আমার একার জয় নয়। এটি সেই সমস্ত শিশুর জয়, যারা চার দেয়ালের ঘরে বসে আকাশছোঁয়া স্বপ্ন দেখার সাহস বুনে চলে।’

ফিফা বিশ্বকাপের এই বিশেষ অ্যালবামে সঞ্জয়ের গানটির শিরোনাম ‘সির সির’। গানটিতে তার সঙ্গে থাকছেন বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী-অভিনেত্রী নোরা ফাতেহি এবং ফরাসি শিল্পী ভেজেড্রিম।

শিক্ষা খাতে নজিরবিহীন বরাদ্দের ইঙ্গিত: শিক্ষামন্ত্রী

শিক্ষার মান উন্নয়নে আসছে বাজেটে শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ থাকছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে, যা প্রায় ১ লাখ ২৩ হাজার কোটি টাকা। তবে এবারের বাজেটে জিডিপির সাড়ে ৩ শতাংশ বরাদ্দ চেয়েছিল মন্ত্রণালয়৷ সে চাওয়া অনুযায়ী ২ শতাংশ বরাদ্দ রাখার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী৷

প্রধানমন্ত্রী শিক্ষার খোঁজ-খবর নিয়েছেন জানিয়ে তিনি বলেন, ২০২২ সালের পর থেকে শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট ও অবসরের টাকা দেওয়া বন্ধ রয়েছে৷ এখান থেকে কয়েক হাজার কোটি টাকা তছরুপ (আত্মসাৎ) করা হয়েছে। তবে আগামী এক মাসের মধ্যে ‘থোক বরাদ্দ’ থেকে আবারও শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট ও অবসরকালীন ভাতা চালুর কথাও জানান শিক্ষামন্ত্রী৷

One thought on “গজারিয়ায় ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

গজারিয়ায় ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক

আপডেট টাইম : ০৯:৪৫:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬